সরকারই চায় না দেশের মানুষ ব্যাংকে টাকা জমা রাখুক: মওদুদ আহমদ
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৩ জুন শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সরকারই চায় না দেশের মানুষ ব্যাংকে টাকা জমা রাখুক : মওদুদ আহমদ-ইত্তেফাক
- রাঙামাটির লংগদুতে ৩০০ জনকে আসামি করে মামলা-প্রথম আলো
- বাধ্যতামূলক হচ্ছে ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাইজেশন-কালের কণ্ঠ
- ব্যাংকে আবগারি শুল্ক -ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ-যুগান্তর
- ব্যাংকে চুরি সব দেশেই হয়-অর্থমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
- নারায়ণগঞ্জে ২৩ বোমা নিষ্ক্রিয় -এনটিভিবিডি অনলাইন
- খুলনায় ইসলামী আন্দোলন নেতাকে গুলি করে হত্যা-মানবজমিন
- ক্ষমতাসীনরা ইফতার মাহফিলেও বাধা দিচ্ছে : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গিলানির বিরুদ্ধে এফআইআর, এনআইএ তল্লাশি কাশ্মীর, দিল্লিতে-আনন্দবাজার- দুর্নীতির দায়ে সিবিআইয়ের জালে ভারতীয় সেনা কর্মকর্তা-সংবাদ প্রতিদিন
- ভারতে ৩ বছরে ৩৬৮ জঙ্গি খতম: রাজনাথ–আজকাল
- আজকালের অন্য একটি খবর- কাশ্মিরে জঙ্গি হামলায় ২ সেনা জওয়ান নিহত
- গিলানির বিরুদ্ধে এফআইআর, এনআইএ তল্লাশি কাশ্মীর, দিল্লিতে-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পক্ষে বিপক্ষে নানামুখী প্রতিক্রিয়া আজকের জাতীয় দৈনিক এবং অনলাইন পার্টালগুলোতে ছাপা হয়েছে।
এ সম্পর্কে দৈনিক ইত্তেফাকের খবরের শিরোনাম-সরকারই চায় না দেশের মানুষ ব্যাংকে টাকা জমা রাখুক: মওদুদ আহমদ
বিস্তারিত খবরে বলা হয়েছে, জাতীয় সংসদে প্রস্তাবিত ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেটকে বড় বেলুন আখ্যায়িত করে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বড় বাজেট হচ্ছে বড় দুর্নীতি করার মাধ্যম। ব্যাংকের আমানতের ওপর কর আরোপ করে সরকার একটি দুরভিসন্ধিমূলক পদক্ষেপ নিয়েছে। গত দুই বছর এমনিতেই ৩৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এতে বুঝা যাচ্ছে সরকারই বিদেশে টাকা পাচার করার জন্য ব্যবস্থা করেছে। এর চাইতে বড় আত্মঘাতী প্রস্তাব আর কিচুই হতে পারে না। বিএনপির অপর নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের লোকদের লুটপাটের সুযোগ করে দিতেই আগামী অর্থ বছরের বাজেট দেয়া হয়েছে
আর যুগান্তরের খবরে বলা হয়েছে, ব্যাংক লেনদেনে নতুন করে আরোপিত আবগারি শুল্কের নামে সাধারণ মানুষের পকেট থেকে অর্থ কেড়ে নেয়ার আয়োজন করায় সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। তারা বলছেন, এটা জালিয়াতি, প্রয়োজনে ব্যাংক লেনদেন বন্ধ করে দেব। বাংলাদেশ প্রতিদিনের খবর ওয়ার্কার্স পার্টি বলেছে, মানুষ ব্যাংকে আর টাকা রাখবে না।
দৈনিকটির অন্য একটি খবর-এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেছেন। তিনি বলেন-ব্যাংকে চুরি সব দেশেই হয়। আশাবাদ নিয়ে অর্থমন্ত্রী বললেন, শ্রেষ্ঠতম বাজেট এটি। যাদের লাখ টাকার বেশি আছে তারা সম্পদশালী। এ জন্যই আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী বলেন, নতুন ভ্যাট আইন-২০১২ বাস্তবায়ন হলেও দ্রব্যমূল্য কোনোভাবেই বাড়বে না; বরং কমবে। কেননা নিত্যপণ্যে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।
‘রাঙামাটির লংগদুতে ৩০০ জনকে আসামি করে মামলা’
প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা বলা হয়েছে, রাঙামাটির দুর্গম লংগদু উপজেলা সদরের চারটি গ্রামের অন্তত ২০০ পাহাড়িদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় অজ্ঞাতনামা তিন শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। আটক করা হয়েছে সাতজনকে। ইউনিয়ন যুবলীগের এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে গতকাল ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হলেও তা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ নিরুপণে কমিটি গঠন করা হয়েছে বলে আজকের অনলাইনগুলো খবর দিয়েছে ।
এদিকে ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, আজ সকাল ১০ টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জে মসজিদের সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১ জন নিহত এবং আহত কমপক্ষে ৫ জন।
নারায়ণগঞ্জে ২৩ বোমা নিষ্ক্রিয় –এনটিভিবিডি অনলাইন
খবরটিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের পাঁচ নম্বর সেক্টরে দ্বিতীয় দিনের মতো অস্ত্র উদ্ধার কার্যক্রম চালিয়েছে জেলা পুলিশ। আজ দুপুর ১টা পর্যন্ত উদ্ধার করা ২৩টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। গতকাল সেখান থেকে ৬২টি চায়নিজ রাইফেল, ৪০টি এসএমজি, দুটি রকেট লঞ্চার, পাঁচটি পিস্তল, ২২টি হ্যান্ডগ্রেনেড, ৪৯টি মর্টার শেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গিলানির বিরুদ্ধে এফআইআর, এনআইএ তল্লাশি কাশ্মীর, দিল্লিতে-আনন্দবাজার
কাশ্মিরে অশান্তি ছড়াতে পাক জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ বহু দিনের। সেই অভিযোগের ভিত্তিতে আজ জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)-র একটি বিশেষ দল কাশ্মীরের ১৪টি জায়গায় অভিযানে নামে। পাশাপাশি দিল্লির গ্রেটার কৈলাস, পীতমপুরা, বাল্লিমারান এবং চাঁদনি চক-সহ আটটি জায়গায় তল্লাশি চালায় তদন্তকারী দলটি। এনআইএ সূত্রে খবর, কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
ভারতে ৩ বছরে ৩৬৮ জঙ্গি খতম: রাজনাথ-আজকাল
২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে ৩৬৮ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী। একইসঙ্গে ৯০ জনেরও বেশি আইএস জঙ্গিকেও নিকেষ করেছে সেনা। আজ সকালে সংবাদ সম্মেলনে এ দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর দাবি, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি আগের থেকে অনেক শুধরেছে। খুব শিগগিরি কেন্দ্র পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফেলবে। কারণ কোনও মতেই সন্ত্রাসে মদতদাতাদের ছাড় দেয়া হবে না।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩