‘সুন্দরবনের ক্ষতি না করেই হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প’-প্রধানমন্ত্রী
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৪ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ‘সুন্দরবনের ক্ষতি না করেই হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প’-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ইমরান-খুশী কবিরের বিরুদ্ধে মামলা-কালের কণ্ঠ
- গুলশানের বাড়ি ছাড়তেই হচ্ছে মওদুদকে-যুগান্তর
- লংগদুর ঘটনায় শাস্তি নিশ্চিত করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
- গুম হওয়াদের পরিবারের মানববন্ধন-মানবজমিন
ভারতের শিরোনাম:
- ৩২ মেডিক্যাল কলেজে ভর্তিতে নিষেধাজ্ঞা, তালিকায় এরাজ্যের এক কলেজও-আনন্দবাজার
- কাশ্মীর ভারতের অধিকৃত’, কংগ্রেসের বুকলেট ঘিরে বিতর্ক-সংবাদ প্রতিদিন
- কাশ্মীরে ব্যর্থ মোদি সরকার: রাহুল গান্ধী–আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
‘সুন্দরবনের ক্ষতি না করেই হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প- প্রধানমন্ত্রী-ইত্তেফাক
বিস্তারিত খবরে বলা হয়েছে, আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুন্দরবনের কোনো ক্ষতি না করেই বাস্তবায়িত হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প। আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা
আর এনটিভিবিডি অনলাইনের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমরা যে পদক্ষেপই নিই না কেন, সব সময়ই সুন্দরবনকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। যাতে করে এই ম্যানগ্রোভ বনের কোনো ক্ষতি না হয়। সব প্রকল্পের ক্ষেত্রেই এই বিষয়টি মাথায় রাখা হয়।
গুলশানের বাড়ি ছাড়তেই হচ্ছে মওদুদকে-যুগান্তর
গুলশানের ৩০০ কোটি টাকা মূল্যের বাড়ি ছাড়তেই হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে। রোববার এই বাড়ি নিয়ে করা মামলায় আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।
তবে, বাড়ি না ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি আইনী লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
লংগদুর ঘটনায় শাস্তি নিশ্চিত করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
খবরটিতে বলা হয়েছে, রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা হত্যার প্রতিবাদ মিছিল থেকে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার বলে ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি। মন্ত্রী আরো বলেন, লংগদুর ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, লংগদুতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুম হওয়াদের পরিবারের মানববন্ধন-মানবজমিন
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মা কাঁদেন, শিশু ছবি নিয়ে দাঁড়িয়ে থাকে, পরিবারের সদস্যরা আর্তনাদ করে। এসব কী স্বরাষ্ট্রমন্ত্রী শোনেন না। গুম হওয়া সন্তানের মায়ের কান্না প্রধানমন্ত্রীর কানে পৌঁছায় না? গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘মায়ের ডাক- গুম ও খুন আর নয়। ঈদুল ফিতরের আগে গুম হওয়া সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দাও’ ব্যানারে দাঁড়ানো স্বজনদের সারিতে দাঁড়িয়ে মান্না বলেন, আমিও হারিয়ে গিয়েছিলাম। ২১ ঘণ্টা আমার কোনো খোঁজ ছিল না। এরপর ফিরে এসে পরিবারের লোকদের চোখে দেখেছি, দেখেছি তাদের আর্তনাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন- স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। কিন্তু অন্যদের স্বজন হারানোর ব্যথা তিনি বোঝেন না।
ব্যাংকের স্থায়ী আমানতে আবগারি শুল্ক আরোপের ইস্যুটি বেশ আলোচনা ও সমালোচনা হচ্ছে। এ সম্পর্কে ইত্তেফাকের একটি খবরের শিরোনাম-
আবগারি শুল্ক প্রত্যাহারের আহ্বান ১৪ দলের
আমানত,আবগারি শুল্ক ও বিভিন্ন সাব সার্জ, যেগুলো জনগণের ওপর বিরূপ প্রভাব পড়ে সেগুলো প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
আজ ধানমন্ডীর আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে যখনই নির্বাচন আসে তখনই দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়। এবারও শুরু হয়েছে। কোনো বিদেশি প্রেসক্রিপশনে নির্বাচন হবে না। আগামী নির্বাচন প্রধানমন্ত্রীর অধীনেই অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ইমরান-খুশী কবিরের বিরুদ্ধে মামলা-কালের কণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকারকর্মী খুশি কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুরান ঢাকার চকবাজারের হাজি মোহাম্মদ বাদল নামের এক ব্যক্তি। আজ ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন বাদল। মামলায় ইমরান ও খুশী কবির ছাড়াও আরও দেড় শতাধিক জনকে আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।
আপন জুয়েলার্সের ১৩ মন ৪২৭ গ্রাম সোনা ও হীরা জব্দ-নয়া দিগন্ত
বৈধ কাগজ দেখাতে না পারায় আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা আনুষ্ঠানিকভাবে জব্দ করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান অ্যাভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শোরুমে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সোনা জব্দের কার্যক্রম চালায় তারা। আনুষ্ঠানিকভাবে স্বর্ণালংকারগুলো বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক।’
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
কাশ্মীরে ব্যর্থ মোদি সরকার: রাহুল গান্ধী–আজকাল
কাশ্মীরে অশান্তির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করলেন কংগ্রসের সহ সভাপতি রাহুল গান্ধী। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গে তিনি মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। বলেছেন, ছ’–সাত মাস আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অরুণ জেটলি। মোদি সরকার যে কাশ্মীর পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে পারছে না তখনই তাকে জানিয়েছিলাম। সেই সময় আমার কথায় গুরুত্ব দেননি উনি। বরং উপত্যকার পরিবেশ শান্তিপূর্ণ বলে দাবি করেছিলেন। এখন আপনারাই দেখুন।
৩২ মেডিক্যাল কলেজে ভর্তিতে নিষেধাজ্ঞা, তালিকায় পশ্চিমবঙ্গের এক কলেজও-আনন্দবাজার
বিস্তারিত খবরে দৈনিকটি লিখেছে, ভারতের ৩২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। এর মধ্যে কিছু কলেজকে দু’বছরের জন্য, কিছু কলেজকে এক বছরের জন্য অ্যাডমিশন বন্ধ রাখতে বলা হয়েছে। তবে নির্ধারিত সময়ের পরও ছাত্র ভর্তি নিতে গেলে কেন্দ্রীয় মন্ত্রকের অনুমতি পেতে হবে। নিম্নমানের পরিষেবা প্রদানের অভিযোগে কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে খবর। তবে, কলেজগুলিতে পাঠরত প্রায় চার হাজার পড়ুয়ার ভবিষ্যতের দিকটাও নজরে রেখেছে মন্ত্রক।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪