জুন ০৮, ২০১৭ ১১:১৪ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৮ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • গুলশানের বাড়ির দখল ফিরিয়ে দিতে মওদুদের হাইকোর্টে রিট-ইত্তেফাক
  • পাহাড়ের ঘটনায় তৃতীয় শক্তি জড়িত: সংসদীয় ককাস-প্রথম আলো
  • খালেদার দুই মামলার শুনানি ১৫ জুন তদন্ত কর্মকর্তাকে জেরার আবেদন মঞ্জুর-যুগান্তর
  • জালটাকার কারখানার সন্ধানে গোয়েন্দারা-মানবকণ্ঠ
  • এমপি রানার জামিন আদেশ স্থগিত-সমকাল
  • সংসদে অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা : 'বাজেট শুভংকর ফাঁকি'-নয়া দিগন্ত
  • মিথ্যাচারে খালেদা জিয়া বিশ্ব চ্যাম্পিয়ন : নৌমন্ত্রী-কালের কণ্ঠ
  • এবছর জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ১৯৮০ টাকা-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • গ্রেফতার রাহুল গাঁধী, উত্তাল মধ্যপ্রদেশ, কার্ফু চলছে মন্দসৌরে-আনন্দবাজার 
  • চিন ও পাকিস্তানের বিরুদ্ধে এখনই লড়তে পারে ভারত, জানালেন সেনাপ্রধান -সংবাদ প্রতিদিন
  • ৪৫ বছর পর দার্জিলিংয়ের গভর্নর হাউকে মন্ত্রিসভার বৈঠক –আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

খালেদার দুই মামলার শুনানি ১৫ জুন-তদন্ত কর্মকর্তাকে জেরার আবেদন মঞ্জুর-যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালত এ দিন ধার্য করেন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন অর রশিদকে পুনরায় জেরা করার জন্য খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীদের আবেদন মঞ্জুর করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার ধার্যদিনে আজ বেলা ১১টা ১২ মিনিটের দিকে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া।

মিথ্যাচারে খালেদা জিয়া বিশ্ব চ্যাম্পিয়ন : নৌমন্ত্রী-কালের কণ্ঠ

বাংলাদেশের নৌমন্ত্রী শাজাহান খান

বিশ্বে যদি মিথ্যাচারের কোনো প্রতিযোগিতা হয়, তাহলে খালেদা জিয়া হবেন বিশ্ব চ্যাম্পিয়ন। বিএনপি নেত্রীর শিক্ষা নেই, রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, নেই কোনো প্রশিক্ষণ। তার রয়েছে কেবল মিথ্যাচারের অভিজ্ঞতা। তিনি শুধু মিথ্যাচার করে বেড়াচ্ছেন। 'আজ ঝালকাঠি সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

পাহাড়ের ঘটনায় তৃতীয় শক্তি জড়িত: সংসদীয় ককাস-প্রথম আলো

সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা

আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস বলেছে, পার্বত্য শান্তিচুক্তি যাতে বাস্তবায়ন না হয়, সে জন্য ষড়যন্ত্র চলছে। রাঙামাটির লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এরই অংশ। এর সঙ্গে তৃতীয় শক্তি জড়িত। ককাস পাহাড়িদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। আজ সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

১৩ হাজার কোটি টাকা সাদা হয়েছে: অর্থমন্ত্রী-প্রথম আলো

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ১৩ হাজার ৩৭২ কোটি কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ থেকে সরকার এক হাজার ৪৫৪ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। আজ জাতীয় সংসদে তিনি এ তথ্য জানিয়েছেন।

বনানীতে ছাত্রী ধর্ষণ মামলার চার্জশিট দাখিল-যুগান্তর

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি। চার্জশিট দাখিলের বিষয়টি তিনি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। চার্জশিটে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

গুলশানের বাড়ির দখল ফিরিয়ে দিতে মওদুদের হাইকোর্টে রিট-ইত্তেফাক

সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ

গুলশানের বাড়ির দখল ফিরিয়ে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। আবেদনে তাকে বিনা নোটিশে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। আজ বিচারপতি সৈয়দ মুহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মুহম্মদ আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার গুলাশান-২ এর বাড়ি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক। আদালত ২ জুলাই পররবর্তী শুনানীর দিন ধার্য করেছে।

আর যুগান্তর লিখেছে, বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর এক আত্মীয়ের বাসার ফ্লোরে রাত কাটিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

প্রথম আলোর খবরে বলা হয়েছে, মওদুদের বাড়ি ছাড়ায় সরকারের হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়া ও মওদুদ অবৈধভাবে বাড়িতে ছিলেন। মওদুদ ও খালেদা জিয়া সর্বোচ্চ আদালতের নির্দেশে বাড়িছাড়া হয়েছেন।

এবার নিজ দলের এমপিদের তোপের মুখে অর্থমন্ত্রী-যুগান্তর

প্রস্তাবিত বাজেটের নানা অসঙ্গতি নিয়ে এবার নিজ দলের সংসদ সদস্যদের (মেম্বার অব পার্লামেন্ট বা এমপি) তোপের মুখে পড়েন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গতকাল জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার প্রথম দিনে অর্থমন্ত্রীর কড়া সমালোচনা করেন সরকারদলীয় এমপিরা। 

আর নয়াদিগন্তের এ সম্পর্কিত খবরের শিরোনাম এরকম যে, সংসদে অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা : 'বাজেট শুভংকর ফাঁকি। খবরটিতে লেখা হযেছে, জাতীয় পার্টি বাজেটে অর্থমন্ত্রীর নেতিবাচক ভূমিকার কঠোর সমালোচনা করেছে অন্যদিকে বাজেটের ভূয়সী প্রশংসা করেছে সরকারি দল।

জালটাকার কারখানার সন্ধানে গোয়েন্দারা-মানবকণ্ঠ

ঈদকে সামনে রেখে জালটাকার কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এরা গোপন কারখানায় তৈরি করছে জালনোট। এমন দুটি কারখানার সন্ধানে মাঠে নেমেছেন গোয়েন্দারা। তদন্ত ও অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে অপরাধীরা জালটাকা ছড়িয়ে দিতে তাদের এজেন্ট নিয়োগ করেছে। জেলায় জেলায় এরা নিয়োগ করেছে প্রতিনিধি। তারা গোপনে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে যাতে জালটাকা ছড়িয়ে দেয়া যায়, সে জন্য আগে থেকেই কারবারিরা নিজেদের লোকদের সঙ্গে চুক্তি করেছে। জালনোটের অপরাধী সিন্ডিকেটে এবার নারী সদস্য সংখ্যা আরো বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার চক্রের কয়েক সদস্যের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

গ্রেফতার রাহুল গাঁধী, উত্তাল মধ্যপ্রদেশ, কার্ফু চলছে মান্দসৌরে-আনন্দবাজার

ভারতের কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী গ্রেফতার

ভারতের মধ্যপ্রদেশে চলমান কৃষকদের বিক্ষোভে যাওয়ার সময় রাস্তা থেকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজ্যে পুলিশ ব্যারিকেড ভেঙে বিক্ষোভস্থল রাজ্যের মান্দসার শহরে যাওয়ার পথে তাকে আটক করা হয়। গ্রেফতার করার পর পুলিশ তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। ঋণে ছাড় ও পণ্যের ন্যায্য দামের দাবিতে ১১ দিন ধরে সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। মঙ্গলবার ওই বিক্ষোভে গুলিতে ৫ কৃষক নিহত হন। এতে আরও উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রদেশ।

চিন ও পাকিস্তানের বিরুদ্ধে এখনই লড়তে পারে ভারত, জানালেন সেনাপ্রধান-সংবাদ প্রতিদিন

ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত

আর কোনও রাখঢাক নয়, এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি শোনা গেল দেশের সেনাপ্রধানের গলায়৷ ভারতের পায়ে পা লাগিয়ে ঝগড়ার ফল যে ভাল হবে না, স্পষ্ট বুঝিয়ে দিলেন আর্মি চিফ৷ পাকিস্তান ও চিনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য ভারতীয় সেনা সম্পূর্ণরূপে প্রস্তুত৷ সংবাদ সংস্থা ANI-কে দেশের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, ‘দুটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক যুদ্ধের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত৷’

৪৫ বছর পর দার্জিলিংয়ের গভর্নর হাউকে মন্ত্রিসভার বৈঠক –আজকাল

পশ্চিমবঙ্গের পাহাড়ে প্রথম মন্ত্রিসভার বৈঠক

৪৫ বছরের বাংলার ইতিহাসে এই প্রথম পাহাড়ে বসল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  দার্জিলিংয়ের গভর্নর হাউসে মন্ত্রিসভার এই বৈঠকে হাজির হয়েছেন ৩৪ জন মন্ত্রী। এছাড়া আমলারা তো রয়েইছেন। একাধিক উন্নয়ন প্রকল্পে অনুমোদন মিলবে বলে আশা পাহাড়বাসীর। এর আগে প্রশাসনিক বৈঠক হলেও মন্ত্রিসভার বৈঠক কখনও হয়নি।

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু-সংবাদ প্রতিদিন

মধ্যপ্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জন মারা গেছে

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ পাঁচজন কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের প্রায় ৪৩৭ কিলোমিটার দক্ষিণপূর্বে বালাঘাট জেলার খাইরি গ্রামে ওই আতশবাজির কারখানায় বুধবার রাতের এ অগ্নিকাণ্ডের পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮