নির্বাচনে ভরাডুবির ভয়ে নানা প্রহসন-নকশা করে যাচ্ছে সরকার-রিজভী
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৯ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না-ওবায়দুল কাদের-ইত্তেফাক
- দৈনিকটির অন্য একটি খবর-নির্বাচনে ভরাডুবির ভয়ে নানা প্রহসন-নকশা করে যাচ্ছে সরকার’
- শিশুদের শ্বাসরোধে হত্যা, মায়ের মৃত্যু রহস্যজনক-প্রথম আলো
- যুক্তরাজ্যে নির্বাচিত বাংলাদেশি তিন কন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন-মানবকণ্ঠ
- ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত সরকার : খন্দকার মাহবুব-নয়া দিগন্ত
- বগুড়ায় নব্য জেএমবির ৩ সদস্য গ্রেফতার-যুগান্তর
- ‘লংগদুর ঘটনা নিয়ে সরকার রাজনীতি করছে-আব্দুল্লাহ আল নোমান-মানবজমিন
- আগের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে বাংলাদেশে এফডিআই-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল-আনন্দবাজার-আনন্দবাজার
- পাহাড়ের অশান্তি নিয়ে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা-সংবাদ প্রতিদিন
- মোর্চার বন্ধে সাড়া মেলেনি: মুখ্যমন্ত্রী–আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
বাংলাদেশ এবং ভারতের আজকের জাতীয় এবং অনলাইন পোর্টালগুলোতে যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফল সম্পর্কিত খবর বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। বাংলাদেশি তিন কন্যা বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুপা হক ও রুশনারা আলী যুক্তরাজ্যের নির্বাচনে জয়ী হয়েছেন। তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনে ভরাডুবির ভয়ে নানা প্রহসন-নকশা করে যাচ্ছে সরকার-রিজভী
ইত্তেফাকের এ খবরটিতে লেখা হয়েছে,বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী নির্বাচনেও আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু ও সবার অংশগ্রহণ চায় কি-না তা নিয়ে এখনো জনমনে ব্যাপক সংশয় রয়েছে। ভরাডুবির ভয়ে নানা প্রহসন ও নকশা করে যাচ্ছে। আজ নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্য লাগামহীন। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য তিনি সরকারকে দায়ী করেছেন। তিনি প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বলেন, জনগণের পকেট থেকে অর্থ লুটের জন্যই এ বাজেট প্রণীত হয়েছে। ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন বলেছেন, ২০১৪ সালের মতো দেশে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। সরকারের অত্যাচার নির্যাতনে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জনগণ এবার জেগে উঠলে কোন বাধা মানবে না। আওয়ামী লীগের সাথে সকল ফয়সালা রাজপথে করতে হবে।
এদিকে দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি না আসলে তাদের ক্ষতি হবে। আমরা কাউকে নির্বাচনে বাদ দিতে চাই না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করেছেন।
আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, বিএনপি’র নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না, আবার একতরফা নির্বাচনও করতে দিবে না, বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না
লংগদু উপজেলায় যুবলীগ নেতা নয়ন হত্যাকাণ্ডের পর পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও স্বাভাবিক হয়ে ওঠেনি পরিস্থিতি। পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায়ের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় রাঙ্গামাটির লংগদু মাইনী খাল থেকে অজ্ঞাতনামা এক বাঙালি যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবকের নাম রবিউল। তিনি মোটরবাইকের চালক হতে পারেন। নিহত যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পাহাড়ি সন্ত্রাসীদের গুম, খুন ও চাঁদাবাজির কারণে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় স্থানীয় অধিবাসীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, নিহত ১-প্রথম আলো
তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে গিয়ে প্রতিরোধের মুখে পড়ে পুলিশ। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীর লোকজন তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। পুলিশের দাবি, সন্ত্রাসীর লোকজনের সঙ্গে সংঘর্ষে অপর এক সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ায় নব্য জেএমবির ৩ সদস্য গ্রেফতার-মানজমিন
বগুড়ায় নব্য জেএমবির আইটি এক্সপার্টসহ তিন সদস্য গ্রেফতার হয়েছেন। গতরাতে আদমদীঘি উপজেলার মুরইলবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা। তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ছোরা ও এক কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।
প্রথম আলোতে প্রকাশিত আরেকটি মর্মান্তিক খবরর হচ্ছে- শিশুদের শ্বাসরোধে হত্যা, মায়ের মৃত্যু রহস্যজনক। বিস্তারিত খবরে বলা হয়েছে, রাজধানীর তুরাগের রানাভোলা বটতলা এলাকার একটি বাসা থেকে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তুরাগ থানার ওসি মাহবুবে খোদা এ তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, তিন সন্তান কে শ্বাসরোধে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মোর্চার বন্ধে সাড়া মেলেনি: মুখ্যমন্ত্রী-আজকাল
মোর্চার ডাকা ২৪ ঘণ্টার বন্ধে সাড়া পড়েনি পাহাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে দার্জিলিং–এ সাংবাদিক বৈঠকে এ কথা বলেন। তিনি বলেন, বৃহস্পতিবারের ঘটনায় নিন্দার ভাষা নেই। এটা মোর্চার দেউলিয়াপনার প্রতিফলন। কারণ পুরভোটে ধাক্কা খেয়েছে মোর্চা। তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে এরকম করছে। মোর্চাকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সহনশীলতার সীমা ছাড়াবেন না। লক্ষ্মণরেখা অতিক্রম করবেন না। তাহলে আইনের শাসন আরও কড়া হবে।ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সহিংস আন্দোলনের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাহাড়ে ‘বাংলা ভাষা বাধ্যতামূলক করার অভিযোগ করে গোর্খা জনমুক্তি মোর্চা এদিন ব্যাপক সহিংসতা ছড়ায়।
পাহাড়ের অশান্তি নিয়ে হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা-সংবাদ প্রতিদিন
পাহাড়ের অশান্তির আঁচ মহানগরে। দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে কলকাতা হাই কোর্টে হল জনস্বার্থ মামলা। পাহাড়ের অবস্থা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরে দোষীদের শাস্তির দাবিও উঠেছে। এদিকে পাহাড়ের অচলাবস্থার দায় রাজ্যের ওপর চাপিয়েছেন বিমল গুরুং। বিমান বসুও প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ।
কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল-আনন্দবাজার
আটচল্লিশ ঘণ্টায় চার বারের চেষ্টা। আর প্রতি বারই সেই প্রচেষ্টা ব্যর্থ হলো। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কাশ্মীরের উত্তর অংশে নিয়ন্ত্রণরেখা বরাবর চারটি এলাকায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রোখা হয়েছে গত দু’দিনে। জঙ্গি দমন অভিযানে মৃত্যু হয়েছে সাত জঙ্গির। নিহত হয়েছে এক ভারতীয় সেনা জওয়ানও।
আজ জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে ভারতীয় বাহিনী। যাতে মৃত্যু হয়েছে তিন জন জঙ্গির। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গিয়েছেন এক ভারতীয় জওয়ান।
এবার কেজরিওয়ালের বাড়িতে চড়াও কপিল মিশ্র-আজকাল
টিভি সিরিয়ালকে হার মানাচ্ছেন কপিল মিশ্র। আম আদমি পার্টি থেকে বহিষ্কৃত হয়ে রাজধানী মাথায় তুলেছিলেন তিনি। দুর্নীতির ও জালিয়াতির অভিযোগ তুলে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি চেয়েছিলেন। এবার তাঁর বাড়িতে ঢোকার জন্য হূলুস্থুলু বাঁধিয়ে বসলেন তিনি। শুক্রবার সকালে নিজের বাসভবনে জনদরবার করছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেই সময় সাঙ্গপাঙ্গদের নিয়ে তাঁর বাসভবনের সামনে হাজির হন কপিল। তাঁদের সঙ্গে ছিলেন দিন কয়েক আগে খুন হওয়া আপ কর্মী সন্তোষ কোলির মা। কেজরিওয়ালের সঙ্গে দেখা করবেন বলে গোঁ ধরে বসেন তাঁরা। নিরাপত্তারক্ষীরা বাধা দিলে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯