আ,লীগকে আবারও ভোট দেবে মানুষ-হাসিনা: ঈদের পর আন্দোলন-খালেদা
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১১ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- এই বঞ্চনার বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়-আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি-ইত্তেফাক
- আ.লীগকে মানুষ আবারও নির্বাচিত করবে-প্রধানমন্ত্রী-প্রথম আলো
- ঈদকে সামনে রেখে সক্রিয় অজ্ঞানপার্টি-গ্রেফতার ১১ -মানবজমিন
- অপকর্মে লিপ্ত হবে না, টাকা লাগলে আমার কাছে এসো-কাদের-কালের কণ্ঠ
- লঞ্চের অগ্রিম টিকিট ১৫ জুন থেকে-যুগান্তর
- নতুন রুটে মরণযাত্রা-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- গরুর গোশত খেয়েই প্রতিবাদ জানালেন মেঘালয়ের প্রাক্তন বিজেপি নেতারা-সংবাদ প্রতিদিন
- পাহাড়ে গ্রেপ্তার ৫, সুর চড়াল মোর্চা–আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
আ.লীগকে মানুষ আবারও নির্বাচিত করবে-প্রধানমন্ত্রী
প্রথম আলোর এ খবরটিতে লেখা হয়েছে, আগামী নির্বাচনে আবারও জয়ের আশা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নবম কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগের পর সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন আওয়ামী লীগ সভাপতি। এর পর থেকেই দিনটিকে ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করছে আওয়ামী লীগ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বললেন, ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলন করা হবে।
অপকর্মে লিপ্ত হবে না, টাকা লাগলে আমার কাছে এসো-কালের কণ্ঠ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের নেতাদের উদ্দেশে বলেছেন, তোমরা অপকর্মে লিপ্ত না হয়ে টাকার দরকার হলে আমার কাছে এসো। তোমাদের টাকা দরকার হলে আমার কাছে আসবে। যখন ছাত্রত্ব শেষ করবে চাকরি দরকার হবে তখন আমার কাছে আসবে। রাজনীতি করতে করতে বয়স শেষ হয়ে গেলেও আমি তোমাদের চাকরির ব্যবস্থা করব। এটা নেত্রী আমাকে বলে দিয়েছেন। এমন কিছু করবে না যাতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয়। তবে ক্ষমতাসীন দল করি বলেই চাকরি পাব তা নয়। রিটেনে টিকবে তারপর চাকরি। নিয়মমতো আমি প্রত্যেকের জন্য চেষ্টা করব।
আনুষ্ঠানিক প্রতিক্রিয়া-এই বঞ্চনার বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়-বিএনপি-ইত্তেফাক
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অলীক স্বপ্ন-কল্পনায় প্রস্তাবিত বাজেট। বঞ্চনার বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।’
জাতীয় সংসদে বাজেট পেশের ১০ দিন পর আজ দলের গুলশান অফিসে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, এই বাজেট বিশ্লেষণ করে আমরা যুগপৎ বিস্মিত, ক্ষুব্ধ এবং হতাশ হয়েছি। তিনি ব্যাংক আমানতের ওপর অন্যায় ও অনৈতিক বর্ধিত শুল্ক আরোপ বাতিল এবং ব্যাংক ব্যবস্থার পরিপূর্ণ সংস্কার দাবিসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত ১৫ ভাগ ভ্যাটের হার ভোক্তাদের সহনীয় পর্যায়ে হ্রাস করার দাবি জানান।
ঈদকে সামনে রেখে সক্রিয় অজ্ঞানপার্টি-গ্রেফতার ১১ –মানবজমিন/ইত্তেফাক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী বলেন, ‘গ্রেফতারকৃতরা ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে পথচারী বাসযাত্রী ও বিভিন্ন ক্রেতাদের কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদেরকে অজ্ঞান করে সর্বস্ব লুট করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে চেতনানাশক ওষুধও উদ্ধার করা হয়েছে।
গ্যাসের দাম আবার বাড়বে-প্রথম আলো
গত আট বছরে দেশে গ্যাসের দাম বেড়েছে গড়ে দ্বিগুণের বেশি। কিন্তু কোনো শ্রেণির গ্রাহকই চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছে না। তার ওপর বছর ঘুরতেই আবার বাড়বে গ্যাসের দাম। আগামী বছরের মধ্যভাগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু হলে উৎপাদন ও সরবরাহ মূল্য বেড়ে যাবে। এতে গ্রাহক পর্যায়েও দাম বাড়বে গ্যাসের। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সে কথাই উল্লেখ করেন। ২০০৯ সালের ১ আগস্ট থেকে এ বছরের ১ জুন পর্যন্ত গ্রাহক শ্রেণিভেদে গ্যাসের দাম বেড়েছে ২২১ শতাংশ পর্যন্ত। অবশ্য এই দামের মধ্যে একটা বড় অংশ (প্রায় ১২২ শতাংশ) সরকারের নানাবিধ শুল্ক ও কর।
প্রথম আলো, ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের খবর
বিদ্যুতের ঘাটতি নেই- বলেছেন নসরুল হামিদ
বিস্তারিত খবরে বলা হয়েছে, উৎপাদন ক্ষমতা বেশি থাকায় দেশে বিদ্যুতের ঘাটতি দেখা যায় না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে গ্যাসের ঘাটতি রয়েছে বলে তিনি জানিয়েছেন। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা সাড়ে আট থেকে সাড়ে নয় হাজার মেগাওয়াট। উৎপাদন ক্ষমতা বেশি থাকায় ঘাটতি দেখা যায় না। তিনি বলেন, জলবায়ুগত পরিবর্তনের কারণে মাঝে মাঝে আবহাওয়ার উষ্ণতা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পায়। এর ফলে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। তাই দেশে কিছু লোডশেডিং হচ্ছে। তা ছাড়া বৈরী আবহাওয়া ও বিতরণ লাইনে মেরামতকাজের জন্য কিছু জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ভারত থেকে আগামী অর্থবছরে বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা আছে।
নতুন রুটে মরণযাত্রা-বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানী প্রতিবেদন
টেকনাফ থেকে নৌকায় করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ হওয়ায় রুট পরিবর্তন করেছে মানবপাচারকারীরা। এখন ব্যবহার করা হচ্ছে আকাশপথ। আকাশপথে চীন গিয়ে সেখান থেকে নৌকায় উঠিয়ে সাগর পাড়ি দিতে বাধ্য করছেন মানবপাচারকারীরা। আকাশ পথে ইন্দোনেশিয়া নিয়ে সেখান থেকে নৌকায় অস্ট্রেলিয়া পাঠানোর সংখ্যাও আগের তুলনায় বেড়েছে। আর রীতিমতো নতুন রেকর্ড স্থাপন হয়েছে লিবিয়া থেকে নৌকায় ইউরোপ যাত্রায়। চলতি বছর বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি বাংলাদেশি শরণার্থী হিসেবে নৌকায় ইতালি গিয়ে আশ্রয় প্রার্থনা করেছেন। সংঘবদ্ধ চক্র এখন বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের ইউরোপ নেওয়ার কথা বলে লিবিয়ায় নৌকায় উঠিয়ে দিচ্ছে। ইউরোপের পাশাপাশি আমেরিকা যাওয়ার মেক্সিকো রুট আবারও যেন জেগে উঠেছে। তবে হংকং সীমান্তে এক বাংলাদেশির করুণ মৃত্যু সবকিছু ছাপিয়ে গেছে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পাহাড়ে গ্রেপ্তার ৫, সুর চড়াল মোর্চা-আজকাল
ফের সুর চড়াল মোর্চা। নতুন করে গোর্খাল্যান্ডের দাবি জাগিয়ে আন্দোলন জোরদার করার প্রকাশ্যে হুমকি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙের অভিযোগ, রাজ্য সরকারই পাহাড়বাসীকে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য করছে। কাল থেকে পাহাড়ে অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছেন তাঁরা। সেইসঙ্গে পাহাড়ের সব সরকারি দপ্তরে অনির্দিষ্ট কালের বনধের ডাক দেওয়া হয়েছে। পর্যটকদের পাহাড় ছাড়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়েছে মোর্চা। পরিস্থিতি মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে রাজ্য সরকার।
গরুর গোশত খেয়েই প্রতিবাদ জানালেন মেঘালয়ের প্রাক্তন বিজেপি নেতারা-সংবাদ প্রতিদিন
যে ইস্যুতে দল ছেড়েছিলেন, সেই গো-মাংস খেয়েই মোদি সরকারের তিন বছর পূর্তি উদযাপনে মাতলেন মেঘালয়ের প্রাক্তন বিজেপি নেতারা। ভাত থেকে তৈরি দেশি বিয়ার আর গো-মাংস। মেঘালায়ের তুরায় বিচি-বিফ ফেস্ট করে ফের বিতর্কে বাচু, বার্নার্ড মারাকরা। কিছুদিন আগেই কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকার প্রতিবাদে দল ছেড়েছিলেন বাচু মারাক, বার্নার্ড মারাক এবং উইলভার গ্রাহাম ডাংগো।
উরি তদন্তে পাক সাহায্য চাইল ভারত-আজকাল
সীমান্তে লাগাতার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন চলছেই। তারইমধ্যে উরি হামলার তদন্তে পাকিস্তানের কাছে আইনি সাহায্য চাইল ভারত। ইসলামাবাদ আদালতে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে আর্জি জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। ভারত–পাকিস্তানের মধ্যে যেহেতু পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি) স্বাক্ষরিত হয়নি, তাই সরাসরি ইসলামাবাদ প্রশাসনের উদ্দেশে চিঠি পাঠানো যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়ে আদালত মারফত আবেদন জানানো হয়েছে। সন্ত্রাসের ঘটনায় এর আগেও বেশ কয়েকবার পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছিল ভারত। কিন্তু বরাবরই উল্টো পথে হেঁটেছে তারা। গত বছর ১৮ সেপ্টেম্বর জম্মু–কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালায় ৪ জঙ্গি। সেই ঘটনার পর প্রায় ন’মাস কেটে গিয়েছে। তদন্তে নেমে এখনও পর্যন্ত সামান্যই এগোতে পেরেছেন গোয়েন্দারা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১