৬ নব্য জেএমবি গ্রেফতার: প্রগতিশীল আলেমদের হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১২ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- মেহেরপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের ‘গোলাগুলি, নিহত ১-ইত্তেফাক
- অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান এমপিদের -প্রথম আলো
- আগামী ২৫শে জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু-মানবজমিন
- প্রথম শ্রেণি থেকে ইংরেজি বাধ্যতামূলক : গণশিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
- রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-যুগান্তর
- বাজেটে করের কারণে মানুষের জানপ্রাণ অস্থির : এরশাদ-নয়া দিগন্ত
- 'বিএনপি নির্বাচনে না গেলে চেয়ারপার্সনের পদ হারাবেন খালেদা'-বাংলাদেশ প্রতিদিন
- প্রগতিশীল আলেমদের হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের-এনটিভিবিডি অনলাইন
ভারতের শিরোনাম:
- পাহাড়ে আরও বড় আন্দোলনের ডাক মোর্চার, রুখতে মরিয়া রাজ্য প্রশাসন-সংবাদ প্রতিদিন
- পশ্চিমবঙ্গের পাহাড়ে মোর্চার বন্ধ চলছে, বিক্ষিপ্ত সংঘর্ষ–আজকাল
- আজকালের অন্য একটি খবরের শিরোনাম- ফের চালু হচ্ছে ‘ন্যাশনাল হেরাল্ড’
- পশ্চিমবঙ্গের পাহাড়ে বন্ধ নিয়ে কড়া মমতা-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
'বিএনপি আগামী জাতীয় নির্বাচনে না গেলে চেয়ারপার্সনের পদ হারাবেন খালেদা জিয়া-বাংলাদেশ প্রতিদিনের এ শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আজ শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় বলেছেন, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে চায়। কিন্তু খালেদা জিয়া চান না। আগামী নির্বাচনে অংশ না নিলে চেয়ারপার্সনের পদটিও হারাবেন তিনি। আর সেটা হলে বিএনপির মৃত্যু ঘটবে। কিন্তু আমরা চাই না বিএনপির মৃত্যু ঘটুক।
আল কাতিফে সৌদি পুলিশের বর্বরোচিত গুলি: ২ বাংলাদেশি নিহত’ যুগান্তর ও ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকে প্রাকাশিত খবরটিতে বলা হয়েছে, সৌদি
আরবের আল কাতিফ শহরে পুলিশের গুলিতে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় বর্বরোচিত এ হত্যাকাণ্ড ঘটলেও ঘটনার ৫ দিন পর আজ (রোববার) সকালে তাদের পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তাদের মরদেহ সৌদি আরবের দাম্মামের আবুমি হাসপাতালে রাখা হয়। নিহতদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাহ পরান ১৪ বছর আগে সৌদিপ্রবাসী হন। এক বছর আগে দেশে এসে তিনি বিয়ে করেন। ছয় মাস আগে আবার সৌদি আরব চলে যান। আর শামীম পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন। চার মাস আগে তিনি সৌদি আরব যান। সেখানে গিয়ে তিনি আকামা (বৈধভাবে অবস্থানের অনুমোদন) জটিলতায় পড়েন। আকামা সমস্যা সমাধানের জন্য কোম্পানির মালিকের মাইক্রোবাসে করে শামীম, শাহপরান ও মাহবুব আল কাতিফ শহরে যান। সকাল সাড়ে ৯টায় তারা আল কাতিফ শহরের কাছে পৌঁছে দেখতে পান রাস্তাঘাট ফাঁকা এবং কোনো লোক সমাগম নেই। তখন গাড়িটি থামানোর সঙ্গে সঙ্গে সৌদি পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শাহ পরান ও শামীম ঘটনাস্থলেই নিহত হন। এদিকে, শামীম ও শাহপরানের হত্যাকাণ্ডের খবরে দুই পরিবারে চলছে শোকের মাতম। শাহপরানের বৃদ্ধা মা শামসুন্নাহার জাহান অচেতন হয়ে শয্যায় পড়ে আছেন। স্বামী হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন শামীমের স্ত্রী আলেয়া আক্তার। প্রসঙ্গত, কাতিফ শহরে শিয়া মুসলমানদের ওপর সৌদি বর্বরতা চলছে। এ বর্বরতার ভয়াবহতা কতটুকু তা এই দুই বাংলাদেশি হত্যার ঘটনা থেকেই ধারণা করা যায়।
প্রগতিশীল আলেমদের হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের-এনটিভিবিডি অনলাইন
রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে নব্য জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। তাঁরা দেশের প্রগতিশীল আলেম-ওলামাদের হত্যার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আজ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান মনিরুল।
অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান-প্রথম আলো
ব্যাংক আমানতে আবগারি শুল্ক নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় সাংসদ আবদুল মান্নান। তিনি মানুষের দাবি অনুযায়ী বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানান। আজ সোমবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে আবদুল মান্নান এ দাবি জানান।
ব্যাংক আমানতে আবগারি শুল্ক প্রত্যাহার করা হবে না—অর্থমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রীর উদ্দেশে মান্নান বলেন, এখানে জেদ ধরার বিষয় নেই। আওয়ামী লীগ মানুষের রাজনীতি করে। মানুষের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। মানুষ এ শুল্ক চায় না। আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে—এটা মাথায় রাখা প্রয়োজন।
আর কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, প্রস্তাবিত বাজেটে করের কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিনি বলেছেন, কেউ এই বাজেট গ্রহণ করতে পারেনি ।
প্রথম শ্রেণি থেকে ইংরেজি বাধ্যতামূলক : গণশিক্ষামন্ত্রী-কালের কণ্ঠ
প্রথম শ্রেণি থেকে বাধ্যতামূলক করার মাধ্যমে ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষাক্রমের আওতায় প্রতিটি শ্রেণিতে ইংরেজি পাঠদান যথাযথ করতে শিক্ষক সহায়িকা ও নির্দেশনা নিশ্চিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন, পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কোন প্রকার মোবাইল ফোন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা রয়েছে।
রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত-যুগান্তর
চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শাহলাল হোসেন (২২)। তিনি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মির্জা আতাউর রহমান জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
মেহেরপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের ‘গোলাগুলি, নিহত ১-ইত্তেফাক
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী এলাকায় সন্ত্রাসীদের দু’পক্ষের মধ্যে গুলাগুলিতে একজন নিহত হয়েছে। সোমবার ভোররাতে মোনাখালী গ্রামের কোমরগর্ত নামক মাঠে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
দৈনিকটির অন্য একটি খবর- রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে রোববার গভীর রাত থেকে অভিযান চালায় পুলিশ। এসময় অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করা হয় সন্দেহভাজন তিন জঙ্গিকে। নারী ও শিশুসহ পরিবারের আরো ৯ জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
আফটা সংশোধনীতে অনুমোদন-সাড়ে ১০ হাজার পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ-এনটিভিবিডি অনলাইন
দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আফটা) অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ চুক্তির সংশোধনীর ফলে আফটার সদস্যভুক্ত দেশগুলোর কাছ থেকে ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।
আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংশোধনী অনুমোদন করা হয়।
শ্রোতা/পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
পশ্চিমবঙ্গের পাহাড়ে মোর্চার বন্ধ চলছে, বিক্ষিপ্ত সংঘর্ষ–আজকাল
বন্ধ উপেক্ষা করে অফিসে কাজে যোগ দিলেন সরকারি কর্মীরা। গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় গন্ডগোলের ঘটনা ঘটেছে। শুকনার পঞ্চায়েত অফিস বন্ধ করে দেওয়ার চেষ্টা করে মোর্চা সমর্থকরা। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে। বন্ধের প্রথম দিনে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাহাড় জুড়ে সতর্কতা জারি রয়েছে। যে কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসন তৎপর। স্কুল–কলেজ, দোকানপাট খোলা রয়েছে। অন্যান্য দিনের মতোই স্কুল–কলেজে হাজির হয়েছে পড়ুয়ারা।
এ সম্পর্কে আনন্দবাজারের খবরে লেখা হয়েছে, পাহাড়ে বনধ নিয়ে কড়া মমতা। আন্দোলন, বন্ধ ঘিরে বিরোধী সিপিএম, কংগ্রেস এবং বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে বলে কড়া ভাষায় অভিযোগ করেন তিনি।
তবে সংবাদ প্রতিদেনের খবরে বলা হয়েছে, বনধের রাজনীতিতেই ফিরল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার সকাল থেকেই তার প্রভাব দেখা গেল প্রায় গোটা দার্জিলিং জুড়ে। শৈলশহরের রাস্তাঘাটে মিলছে না কোনও পর্যটকের দেখা। স্থানীয় মানুষদের দেখাও তেমন মেলেনি। অধিকাংশ দোকানপাটই বন্ধ রাখা হয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রয়েছে কড়া পুলিশি প্রহরা। গোর্খা নেতা বিমল গুরুং আরও বড় ও ব্যাপক আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন।
ফের চালু হচ্ছে ‘ন্যাশনাল হেরাল্ড’আজকাল
ফের ‘ন্যাশনাল হেরাল্ড’ সংবাদপত্র চালু করতে চলেছে কংগ্রেস। সোমবার বেঙ্গালুরুর মিলারস রোডের আম্বেদকর ভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে, কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর উপস্থিতিতে, সেখানে কাগজটির স্মারক সংস্করণ প্রকাশ করবেন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি। আগামী ২০ জুন দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কাগজটির মুদ্রিত সংস্করণের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। যার পর রাজধানী থেকে প্রতি সপ্তাহে প্রকাশিত হবে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২