প্রাকৃতিক দুর্যোগে আধুনিক প্রস্তুতি গ্রহণে সরকার ব্যর্থ: রিজভী
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৪ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার-ইত্তেফাক
- সোয়া দুই কোটি টাকার সোনাও পড়ে থাকে!-প্রথম আলো
- রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার ঘোষণা-সেতুমন্ত্রীর-যুগান্তর
- ‘সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস পাচ্ছে’ -কালের কণ্ঠ
- প্রাকৃতিক দুর্যোগে আধুনিক প্রস্তুতি গ্রহণে সরকার ব্যর্থ : রিজভী-নয়া দিগন্ত
- ভারি বর্ষণের সতর্কবাণী, আছে পাহাড় ধসের আশঙ্কাও-এনটিভিবিডি অনলাইন
ভারতের শিরোনাম:
- রাষ্ট্রপতি নির্বাচনে এই সাঁওতাল রমণীই বিজেপির তুরুপের তাস–সংবাদ প্রতিদিন
- ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে আবারও গুলির লড়াই-আজকাল
- কড়া শর্ত সহযোগীদের, সর্বদলে কিছু স্বস্তি, কিছু কাঁটা মোর্চার-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
বাংলাদেশের তিন পাবর্ত্য জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। সংখ্যা নিয়ে অনলাইন এবং জাতীয় দৈনিকগুলো ভিন্ন ভিন্ন পরিসংখ্যান দিয়েছে। তবে বাংলা নিউজ ২৪ ডট কম - এ পর্যন্ত ১৪৬ জনের মৃত্যুর খবর দিয়েছে। আহত প্রায় দুই শতাধিক। এদিকে, আজ রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলটির অন্য নেতারা। সেতুমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা করবে সরকার।
পাহাড় ধসে নিহতের জন্য জাতীয় সংসদ শোক জানিয়েছে। এর আগে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন ইংল্যান্ডে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দল।
সমুদ্রবন্দর সমূহকে আবার ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানোর খবর দিয়েছে ইত্তেফাকসহ অনলাইন পোর্টালগুলোতে। পাশাপাশি ভূমি ধসের শঙ্কার কথাও বলেছে।
নয়া দিগন্তের খবর- বিএনপি নেতা রিজভী বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে আধুনিক প্রস্তুতি গ্রহণে সরকার ব্যর্থ।
বিস্তারিত খবরে লেখা হয়েছে, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড় ধসে মাটি চাপায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আধুনিক প্রস্তুতি গ্রহণে ব্যর্থ। আসলে তারা দেশের উন্নয়ন নয়, সর্বদা তারা ব্যস্ত থাকে লুটপাটের মাধ্যমে নিজেদের আর্থিক উন্নয়নে। সেজন্য দেশের প্রাকৃতিক ও মানবিক দুর্যোগে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে আবারো প্রমাণিত হলো- ‘আওয়ামী লীগের কোনো মানবিক মুখমন্ডল নেই।’
সংসদে সেতুমন্ত্রী-চার মাসেই ৯২৯ সড়ক দুর্ঘটনায় ৮৮৮ জনের প্রাণহানি-কালের কণ্ঠের খবরটিতে লেখা হয়েছে,
বাংলাদেশ পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত চার মাসে সারা দেশে ৯২৯টি সড়ক দুর্ঘটনায় ৮৮৮ জন নিহত এবং ৭১৬ জন আহত হয়েছে। আজ জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক বছরে রাজধানীতে গাড়ি নেমেছে ১ লাখ ৮০ হাজার। তিনি বলেছেন, সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় নিহতের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যদিও প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পত্রপত্রিকার পাতায় দেখা যায়।
সোয়া দুই কোটি টাকার সোনাও পড়ে থাকে! এ শিরোনামের খবরে প্রথম আলো লিখেছে-হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের সাড়ে চার কেজির বেশি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল রাত ১২টার দিকে প্লেনের সিট কভারে নিচে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেটের মধ্য থেকে ৪০টি বার উদ্ধার করা হয়। সোনা উদ্ধারের খবর প্রায়ই পাওয়া যায় মিডিয়ায়। সোনা চোরাচালান নিয়ে অনেক খবর এলেও পরে এসব সোনা কি হয় সে খবর তেমন আসে না।
পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার-ইত্তেফাক
বিস্তারিত খবরে বলা হয়েছে, বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক আজ সংসদে বলেছেন, বাংলাদেশের সোনালী আঁশ পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মন্ত্রী বলেন, ৫টি বন্ধ পাটকল চালু করা হয়েছে। ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ প্রণয়নের মাধ্যমে দেশে ১৭টি পণ্যের মোড়কীকরণে পলিথিন ব্যাগের পরিবর্তে পাটের তৈরি ব্যাগ ব্যবহার কার্যকর করা হয়েছে। তিনি বলেন, চীনের সরকারি সহায়তা ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৫০-৬০ বছরের পুরনো ২৬টি পাটকল পর্যায়ক্রমে ‘বিএমআরই’ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
রাষ্ট্রপতি নির্বাচনে এই সাঁওতাল রমণীই বিজেপির তুরুপের তাস-সংবাদ প্রতিদিন
রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা অনেক। রাইসিনা হিলসের বাড়ি কে দখল করবেন? তা নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা। কেন্দ্র-বিরোধী, দুই পক্ষই চায় রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী দিতে। উঠে এসেছে একাধিক নাম। বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, পাঁচবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়া প্রকাশ সিং বাদল থেকে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ পর্যন্ত কোনও নামই বাদ যায়নি এই তালিকা থেকে। কিন্তু হেভিওয়েট এই নামগুলির মধ্যেই উঠে এসেছে আরও একটি নাম। দ্রৌপদী মুর্মু। বিশেষজ্ঞদের মতে ওড়িশার ওই সাঁওতাল রমণীই দেশের ১৪তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে। দলিত এই মুখটিকে সামনে রেখেই নাকি রাষ্ট্রপতি নির্বাচনে বাজিমাত করতে চলেছে শাসকদল বিজেপি।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে আবারও গুলির লড়াই-আজকাল
আবার উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। বুধবার সকালে ভীমবর সেক্টরে ক্রমাগত গুলি চালাতে শুরু করেছে পাক সেনা। মঙ্গলবারই কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে গ্রেনেড হামলা হয়। গত শনিবার জম্মু–কাশ্মীরের সোপিয়ানে পুলিস স্টেশনের কাছে নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। এদিকে রোববার নৌসেরা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ওইদিনই রামগড় সেক্টর ও ভীমবের সেক্টরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে হয় গুলির লড়াই। বুধবার আবার গুলি চালাতে শুরু করেছে পাক সেনা। জবাব দিতে শুরু করেছে ভারতীয় সেনাবাহিনীও।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ফেরাতে একের পর এক উদ্যোগ মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন
সরকারি হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্ন যাওয়ার পথে আচমকাই যান এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। গতকাল গিয়েছিলেন শম্ভুনাথ পণ্ডিত ও রামরিক হাসপাতালে। সেখানে জঞ্জাল দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ফেরাতে একের পর এক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সময়ে গর্ব করে বলেছেন স্বাস্থ্য পরিষেবায় তাঁর সরকারের অগ্রগতির কথা। সেই সরকারি হাসপাতালেই অব্যবস্থা দেখে গতকাল প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪