জুন ১৮, ২০১৭ ১২:৪৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৮ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • একজন মানুষও না খেয়ে মারা যাবে না, প্রত্যেককে পুনর্বাসন করা হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • আবগারি শুল্ক নামটাই পাল্টাতে চান অর্থমন্ত্রী-প্রথম আলো
  • টুইটারে খালেদা‘হামলার পরিণাম শুভ হবে না-মানবজমিন
  • হামলার ঘটনায় প্রমাণিত হয়েছে কেউ নিরাপদ নয় : ফখরুল-এনটিভিবিডি অনলাইন
  • ওষুধের অনিয়ম প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন হচ্ছে--কালের কণ্ঠ
  • ২৮ মাস পর মেয়রের চেয়ারে মান্নান-নয়া দিগন্ত
  • আমেরিকা সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে : মতিয়া-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মেহবুবার সঙ্গে জঙ্গিদের গোপন আঁতাঁতের অভিযোগ সপা নেতার-সংবাদ প্রতিদিন
  • পাহাড়ে শান্তি রক্ষার আবেদন রাজনাথের-আজকাল
  • বোমা-বারুদের ধোঁয়া, রণক্ষেত্র পাহাড়ে নিহত ৪-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধিদল পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় তার গাড়িবহরে হামলার অভিযোগের খবরটি আজকের প্রায় সব জাতীয় ও অনলাইন দৈনিকে ছাপা হয়েছে। এ সম্পর্কে যুগান্তর লিখেছে- রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় ৬ জন আহত হয়েছেন। দৈনিকটি এ সম্পর্কে আরো লিখেছে বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় আগামীকাল সোমবার দেশের জেলা, মহানগর ও রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে গাড়িবহরে হামলার ঘটনার পর রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিলের সময় ৫ জনকে গ্রেফতার হয়েছে। অন্যদিকে বিএনপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। আর খালেদা জিয়া এক  টুইটার বার্তায় বলেছেন, হামলার পরিণাম শুভ হবে না।

একজন মানুষও না খেয়ে মারা যাবে না, প্রত্যেককে পুনর্বাসন করা হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, একজন মানুষও না খেয়ে মারা যাবে না। প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রত্যেককে পুনর্বাসন করবে সরকার। সুইডেনে তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর গতকাল গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনির্ধারিত এক আলোচনায় তিনি আরো বলেন, প্রাকৃতিক কিংবা যে কোনো দুর্যোগে কেবল আওয়ামী লীগই জনগণের পাশে দাঁড়ায়। বিএনপি বড় বড় কথা বলে, তারা কখনই জনগণের কষ্টের সময় পাশে দাঁড়ায় না। তারা কাজে নয়, কথায় পারদর্শী। আর আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা এর অনেক প্রমাণ রেখেছি। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।

আমেরিকা সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে : মতিয়া-বাংলাদেশ প্রতিদিন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমেরিকা সর্প হয়ে দংশন করে, ওঝা হয়ে ঝাড়ে। জঙ্গিদের স্রষ্টা আমেরিকা। আমেরিকাই লাদেন বানিয়েছে, আবার এরাই লাদেনকে হত্যা করছে। তাই এদের সম্পর্কে আমাদের চিন্তাভাবনা করার সময় এসেছে। কারণ আমাদের এই বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা এই স্বাধীনতা মাগনা পাইনি।  

আজ দিনব্যাপী গরীব দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃষি মন্ত্রী বলেন, আাপনারা জানেন আমাদের দেশ ঠিক ঠাকমতো চলছে। পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। সে অবস্থায় কিছু লোক দেশে অশান্তি সৃষ্টি করার জন্য জঙ্গিবাদ কর্মকাণ্ড চালাচ্ছে।

মিথ্যাচার-অপপ্রচার বন্ধ করুন : খালেদার প্রতি হানিফের আহ্বান-ইত্তেফাক

সরকার সম্পর্কে মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারি দলের সদস্য মাহবুব-উল আলম হানিফ। আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সুইডেন সফর নিয়ে ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়ার বিরূপ মন্তব্য প্রসঙ্গে এ কথা বলেন তিনি। 

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় সরকার প্রতিটি দুর্যোগ অত্যন্ত দক্ষতার সাথে মোকাবেলা করছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ দলীয়ভাবে নেতা-কর্মীদের সাথে নিয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা করছে। অথচ বেগম খালেদা জিয়া পবিত্র রমজানে ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুইডেন সফরসহ সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মিথ্যাচার, অপপ্রচার ও বিরূপ মন্তব্য করে যাচ্ছেন।’

আর ওবায়দুল কাদের গত রাতে খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, নৌকা ডোবেনি, যে নৌকা স্বাধীনতা এনেছে সে নৌকা কখনও ডোবে না। গতকাল ইফতার পার্টিতে খালেদা জিয়া বলেছিলেন, নৌকা ডুবে গেছে। ওবায়দুল কাদের পাল্টা বলেন, বিএনপির প্রতীক ধানের শীষ এক বিষাক্ত শীষ। ধানের শীষকে মানুষ পেটের বিষ বলে মনে করে।

আবগারি শুল্ক নামটাই পাল্টাতে চান অর্থমন্ত্রী-প্রথম আলো

এবার আবগারি শুল্কের নাম পাল্টে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আজ সংসদে বলেন, ‘এর নাম আবগারি শুল্ক কোনোমতেই হওয়া উচিত না। নামটা পাল্টানো দরকার। আবগারি শুল্ক বহু বছর ধরেই আছে। সবাই দিয়েও যাচ্ছেন। এবারের বাজেটে হারটা একটু বেড়েছে। তবে সুযোগও বেড়েছে।’এবার সবচেয়ে বেশি সমালোচনা এসেছে আবগারি শুল্ক নিয়ে। আমি তো আগেই বলেছি, বাজেট তো হলো প্রস্তাব। যখন এটা পাস হয়, তখন অনেক কিছুরই পরিবর্তন হয়। এই বিষয়ে চিৎকার যা আছে, তা পরিবর্তন হবে। জমি নিবন্ধন কালোটাকা উৎপাদনের একটি বড় উৎস—এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘যে দামে জমি বিক্রি হয় প্রকৃত মূল্যের সঙ্গে তার দশ গুন পার্থক্য। সুতরাং নয় গুণ কালোটাকা হয়ে যায়।’ এই ব্যাপারে কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী

ওষুধের অনিয়ম প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে আইন হচ্ছে-কালের কণ্ঠ

নকল ও ভেজাল ওষুধ বন্ধসহ ওষুধের অনিয়ম প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আরো জানান, প্রস্তাবিত আইনটি বর্তমানে আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। আজ জাতীয় সংসদ এক প্রশ্নের লিখিত জবাবে তিনি আরো জানান, দেশে লাইসেন্সবিহীন ও লাইসেন্সের শর্ত ভঙ্গকারী ফার্মেসি এবং নকল, ভেজাল, মেয়াদোত্তীর্ণ, আন-রেজিস্টার্ড ও অবৈধ ওষুধ উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ওষুধের নকল বা ভেজালবিরোধী অভিযান পরিচালনা করছে। অভিযানে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

২৮ মাস পর মেয়রের চেয়ারে মান্নান-নয়া দিগন্ত

গ্রেফতার ও স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্ত হওয়ার প্রায় ২৮ মাস পর অবশেষে আজ রোববার মেয়রের চেয়ারে বসলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এম.এ মান্নান।এম এ মান্নানকে দ্বিতীয় দফায় দেয়া মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের রায় গত ৩১ মে আপিল বিভাগ বহাল রাখেন। এর ফলে মেয়র মান্নানের দায়িত্ব পালনে আর কোনো বাধা ছিল না। কিন্তু এতো দিন আপিল বিভাগের রায়ের কপি হাতে না আসায় মেয়র মান্নান দায়িত্বে ফিরতে পারেননি।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বোমা-বারুদের ধোঁয়া, রণক্ষেত্র পাহাড়ে নিহত ৪-আন্দবাজার

তিন দিন ধরে লুকিয়ে থাকা মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ গতকাল দিনের শেষে ভিডিও বার্তায় অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালানোয় তাঁদের ৪ জন কর্মীর মৃত্যু হয়েছে। আনন্দবাজারের অন্য একটি খবরে বলা হয়েছে-মোর্চার বনধে দোকান বন্ধ, গাড়ি নেই, রাস্তা শুনশান, ব্যাপক সাড়া পড়েছে ডুয়ার্সে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছৈন, পাহাড়ে গোলমালের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।  শুধু ষড়যন্ত্রই নয়, গোর্খা আন্দোলনের পিছনে জঙ্গি যোগের প্রমাণও রয়েছে, নইলে এত অস্ত্র তারা পায় কোথায় !

পাহাড়ে শান্তি রক্ষার আবেদন রাজনাথের-আজকাল

পাহাড়বাসীকে শান্তি রক্ষার আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হিংসার পথে না গিয়ে আলোচনার মধ্যমে সমস্যা সমাধানের জন্য পাহাড়বাসীকে অনুরোধ করেছেন তিনি। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দার্জিলিঙের পরিস্থিতি নিয়ে কথা বলেন রাজনাথ সিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তিনি।  মোর্চা নেতা গুরুংয়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁদের উত্তরপূর্বের জঙ্গিদের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। 

রবিবার সকাল থেকেই গোর্খাল্যান্ডের দাবি নিয়ে এবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে সামিল হলেন মোর্চা নেতা কর্মীরা। রবিবার সকালে দিল্লির যন্তরমন্তরে রাজ্য সরকারে আচরণের প্রতিবাদে সরব হলেন তাঁরা। প্রায় শতাধিক মোর্চা কর্মী সমর্থক দলীয় পতাকা নিয়ে স্লোগান দিলেন ‘ উই ওয়ান্ট গোর্খাল্যান্ড’। পুলিসের গুলিতে ৩ মোর্চা কর্মীর মৃত্যুর অভিযোগ তুলেছেন বিমল গুরুং।  

মেহবুবার সঙ্গে জঙ্গিদের গোপন আঁতাঁতের অভিযোগ সপা নেতার-সংবাদ প্রতিদিন

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে গেল। মুখ্যমন্ত্রীর সঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গিদের আঁতাঁত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুললেন সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল। রবিবার সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, মুফতির নেতৃত্বাধীন রাজ্য সরকারের সঙ্গে জঙ্গিদের গোপন অশুভ আঁতাঁত রয়েছে।

সমাজবাদী পার্টি বা সপা নেতার অভিযোগ, জম্মু ও কাশ্মীর ততদিন শান্ত হবে না, যতদিন মুফতি ক্ষমতায় রয়েছেন। কারণ, তিনিই উপত্যকার জঙ্গিদের আড়াল করছেন, তাদের রক্ষা করছেন। আর সেই জঙ্গিদের নিকেশ করতে গিয়েই প্রায় প্রতিদিনই দেশের বীর জওয়ানরা প্রাণের আহুতি দিচ্ছেন। সাম্প্রতিককালে উপত্যকায় যত সেনা-পুলিশকর্মী শহিদ হয়েছেন, তাঁদের কারও শেষকৃত্যে মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি বলেও অভিযোগ করেছেন নরেশ আগরওয়াল।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮