জুন ১৯, ২০১৭ ১৩:১৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১৯ জুন সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন করতে হবে-ইত্তেফাক
  • সংসদে তোপের মুখে অর্থমন্ত্রী-প্রথম আলো
  • ৪ কৌশলে অর্থপাচার হচ্ছে : বিআইবিএম-মানবজমিন
  • বৃষ্টিতে চরম দুর্ভোগ, যানজটে নাকাল রাজধানীবাসী-বাংলাদেশ প্রতিদিন
  • সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ-কালের কণ্ঠ
  • ফখরুলের গাড়িবহরে হামলাকারীদের গ্রেফতার দাবি খালিদ মাহমুদের-যুগান্তর
  • সন্ধ্যায় পালানো আসামি মধ্যরাতে বন্দুকযুদ্ধে নিহত’-এনটিভিবিডি অনলাইন

ভারতের শিরোনাম:

  • কেন্দ্রের গো-ফরমান গোয়ার জন্য প্রযোজ্য নয়, সাফাই পারিকরের-সংবাদ প্রতিদিন
  • আগুন নিয়ে খেলবেন না: মুখ্যমন্ত্রী-আজকাল
  • এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দলিত নেতা রামনাথ কোবিন্দ-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

সংসদে তোপের মুখে অর্থমন্ত্রী-প্রথম আলো

ব্যাংক আমানতে আবগারি শৃল্ক নিয়ে সংসদে হানিফের তোপের মুখে অর্থমন্ত্রী মুহিত

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সংসদ অধিবেশনে বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার দায়িত্ব বাজেট পেশ করা। আপনি একগুঁয়েমি সিস্টেম বন্ধ করেন, কথা কম বলেন।’ আর সরকারদলীয় এমপি মাহবুবউল আলম হানিফ বলেন, ‌লুটপাটের মাধ্যমে ব্যাংকের টাকা নয়-ছয় করা হয়েছে। আর উনি (অর্থমন্ত্রী) ব্যাংক আমানতের ওপর শুল্ক বসালেন। এটা কার টাকা? এটা জনগণের টাকা।

ফখরুলের গাড়িবহরে হামলাকারীদের গ্রেফতার দাবি খালিদ মাহমুদের-যুগান্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ত্রাণবহরে হামলা

রাঙ্গামাটি যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। এ ঘটনায় বিএনপির আওয়ামী লীগের উপর দোষ চাপানোর সমালোচনা করে তিনি লিখেন, 'দুঃখজনক হলেও সত্য যে, হামলার সঙ্গে সঙ্গে বিএনপি, আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে গণতন্ত্রের ব্যাখ্যা দিল; কিন্তু বিএনপি তাদের দুঃশাসনের কাহিনী ভুলে গেছে।' খালিদ মাহমুদ বলেন, 'বিএনপির পক্ষে সবই সম্ভব।

অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন করতে হবে-ইত্তেফাক/প্রথম আলো

অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন করতে হবে

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনলাইন গণমাধ্যমকে প্রস্তাবিত সম্প্রচার কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে বলে নীতিমালা উল্লেখ করা হয়েছে। তবে কমিশন হওয়ার আগ পর্যন্ত তথ্য মন্ত্রণালয় তা দেখবে। সংবাদপত্রের অনলাইন ভার্সনের জন্য আলাদা নিবন্ধনের প্রয়োজন নেই। আজ জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে ব্রিফিংয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, গণমাধ্যম নীতিমালা অনুযায়ী এটা করা হয়েছে। অনলাইন গণমাধ্যমে কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। তবে পত্রিকার অনলাইন ভার্সনের জন্য আলাদাভাবে নিবন্ধন করতে হবে না। নিবন্ধন ফি কত হবে তা কমিশন নির্ধারণ করবে।

সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ-যুগান্তর

সাফাতসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। আজ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সফিউল আজম  অভিযোগপত্রটি গ্রহণ করেন। একইসঙ্গে বিচারক আগামী ৯ জুলাই অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। চার্জশিটে ধর্ষণ ঘটনার সঙ্গে পাঁচজন জড়িত বলে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে সাফাত আহমেদ ও নাঈম আশরাফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। বাকি তিনজন ধর্ষণে সহায়তা করেছেন। চার্জশিটে ৪৭ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

৪ কৌশলে অর্থপাচার হচ্ছে : বিআইবিএম- মানবজমিন

মানবজমিনের খবরে বলা হয়েছে, চার কৌশলে বাংলাদেশ থেকে বিদেশে অর্থপাচার হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যে ওভার অ্যান্ড আন্ডার ইনভয়েসিং, ওভার অ্যান্ড আন্ডার শিপমেন্ট, পণ্যের মিথ্যা বর্ণনা এবং একাধিক ইনভয়েসিংয়ের মাধ্যমে বড় ধরনের অর্থপাচার হচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিআইবিএমের গবেষণায় আরো বলা হয়েছে, ট্রেড সার্ভিসের মাধ্যমে কেউ যেন ঋণখেলাপি হতে না পারে সেজন্য যথোপযুক্ত তথ্য সরবরাহ করতে হবে। এক্ষেত্রে ব্যাংকগুলোর উচিত হবে অধিক স্বচ্ছতা নির্ধারণের জন্য এসব তথ্য যাচাই করা। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার প্রয়োজন।

বৃষ্টিতে চরম দুর্ভোগ, যানজটে নাকাল রাজধানীবাসী-বাংলাদেশ প্রতিদিন

বৃষ্টিতে রাজধানী ঢাকার জনজীবনে দুর্ভোগ

রমজানের আগে টানা কয়েকদিনের গরমে হাঁপিয়ে ওঠেছিল জনজীবন। এরপর শান্তির পরশ নিয়ে নামতে শুরু করে বৃষ্টি। তবে গরমে স্বস্তি দিলেও বৃষ্টি যেন রাজধানীবাসীর ভোগান্তির আরো একটি নাম। গত কয়েকদিনের দফায় দফায় বৃষ্টিতে রাস্তায় পানি জমে দুর্ভোগ রয়েছে মানুষ। সেই সাথে আছে ভয়াবহ যানজট।  

আজ সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে কখনও হালকা আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস, আদালত, স্কুল ও কলেজমুখীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নিয়মিত যানজটের পাশাপাশি বৃষ্টির কারণে পানি জমে রাজধানীর বেশিরভাগ সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।  

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

আগুন নিয়ে খেলবেন না: মুখ্যমন্ত্রী-আজকাল

জনমুক্তি মোর্চাকে মমতার হুঁশিযারি

আগুন নিয়ে খেলবেন না। আজ বিদেশ যাওয়ার আগে মোর্চাকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে হবে। পাহাড়ে জাতিদাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে, পাহাড়ে স্তব্ধ স্বাভাবিক জীবনযাত্রা। ৯ দিন হল পরিস্থিতি একইরকম। লাগাতার বন্‌ধ চলতে থাকায় খাদ্যসঙ্কটের দিকে এগোচ্ছে দার্জিলিং।

এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দলিত নেতা রামনাথ কোবিন্দ-আনন্দবাজার

Image Caption

রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিহারের বর্তমান রাজ্যপাল রামনাথ কোবিন্দ এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন। রামনাথ কোবিন্দ কানপুর থেকে উঠে আসা বিজেপির দলিত নেতা। বিজেপির সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে প্রার্থীর নাম জানিয়েছেন অমিত শাহ। আর সংবাদ প্রতিদিন লিখেছে, রাষ্ট্রপতি পদে বিজেপির চমক, প্রার্থী বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ।

কেন্দ্রের গো-ফরমান গোয়ার জন্য প্রযোজ্য নয়, সাফাই পারিকরের-সংবাদ প্রতিদিন

কেন্দ্রের গো-ফরমান গোয়ার জন্য প্রযোজ্য নয়, সাফাই পারিকরের

সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও গোয়ায় সরকার গঠন করেছে বিজেপি।  মোদি-শাহর মর্জিতেই নাকি গোয়ার মসনদে বসেছেন মনোহর পারিকর। সেই পারিকরই এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন। জানিয়ে দিলেন, জবাইয়ের জন্য পশু বিক্রির উপর নিষেধাজ্ঞা গোয়ার মতো রাজ্যের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়।গবাদি পশু নির্দেশিকা নিয়ে এর আগেও সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিকে।  বিরোধিতায় সরব হয়েছে কংগ্রেস-সহ বাকি বিরোধী দলগুলি।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯