জুন ২০, ২০১৭ ১৩:৩১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২০ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট-ইত্তেফাক
  • ইত্তেফাকের অন্য একটি যানজট নিরসনে নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান সেতুমন্ত্রীর
  • সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবি-প্রথম আলো
  • পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনী-মানবজমিন
  • কয়েক দিনের মধ্যেই চালের দাম কমবে : বাণিজ্যমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
  • চালের দাম বৃদ্ধি নিয়ে তদন্তের দাবি-কালের কণ্ঠ-কালের কণ্ঠ
  • বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত-যুগান্তর
  • হত্যা-গুম-খুনের বিচার করবে বিএনপি : রিজভী-এনটিভিবিডি অনলাইন
  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ : সেতুমন্ত্রী-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • রাষ্ট্রপতির কনভয় আটকে পথ করে দিল অ্যাম্বুল্যান্সকে, পুরস্কৃত ট্রাফিক অফিসার-সংবাদ প্রতিদিন
  • ভারতের আগামী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিরোধীদের সম্ভাব্য তালিকায় ৪ জনের নাম-আজকাল
  • কোবিন্দ কে? মন্তব্য মমতার-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ফটো)

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবি উঠেছে জাতীয় সংসদে। বিরোধী দল জাতীয় পার্টির সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, অর্থমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে জাতীয় পার্টির সাংসদ বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন হিসেবে দুই হাজার কোটি টাকা বরাদ্দ প্রস্তাব অনৈতিক কাজ। 

তিনি বলেন, ‘ট্যাক্স পেয়ারের মানি দিয়ে লুটের টাকার ঘাটতি পূরণের কোনো অধিকার নেই। এর জন্য তো উনাকে (অর্থমন্ত্রী) আইনের আওতায় আনতে হবে। অর্থমন্ত্রীকে এ জন্য আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। উনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা উচিত।’

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার যানজট-ইত্তেফাক

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। রবিবার দিবাগত রাত থেকে মহাসড়কে এ যানজট শুরু হয়েছে।  আজ মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা মোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা ৬০ কিলোমিটার রাস্তা পর্যন্ত যানজটে স্থবির। এসব কারণে যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। যানজটের ফলে এ মহাসড়কে বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাই। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কমাতে চার লেনের কাজ সাময়িক বন্ধের বন্ধের নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী।

হত্যা-গুম-খুনের বিচার করবে বিএনপি : রিজভী-এনটিভিবিডি অনলাইন

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী

হত্যা আর গুম-খুনের মাধ্যমে সরকারের লোকেরা মানবতাবিরোধী অপরাধ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ভবিষ্যতে এসব অপরাধের বিচার করা হবে।আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ‘যারা গুম করেছে আমাদের সন্তান জনিকে, বন্দুকযুদ্ধের নামে হত্যা করেছে, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে—এটাও মানবতাবিরোধী অপরাধ। এই অপরাধের জন্য এই সরকারের যারা দায়ী, এই সরকারের প্রশাসনের যারা দায়ী, তাদেরও মানবতাবিরোধী অপরাধের জন্য বিএনপি বিচার করবে।

তবুও থেমে নেই জঙ্গি তৎপরতা অভিযান হয়, ধরাও পড়ে-ইত্তেফাক

বাংলাদেশে জঙ্গি তৎপরতা (প্রতীকী ছবি)

রাজধানী ঢাকার আশপাশে জঙ্গিরা আস্তানা পেতেছে। হলি আর্টিজানে হামলার পর রাজধানীতে একের পর এক অভিযানের মুখে আশপাশেই ঘাঁটি হিসেবে বেছে নেয় জঙ্গিরা। টঙ্গি, গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, ডেমরা, রূপগঞ্জ, ফতুল্লা, সিদ্দিরগঞ্জ, বাসাবো, উত্তরা, দক্ষিণ খান, উত্তর খান, হরিরামপুরসহ আশপাশের এলাকায় জঙ্গি তৎপরতা বেড়েছে।

তবে এসব এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত ব্লক রেইড ও অভিযানের কারণে সাম্প্রতিক সময়ে গ্রামমুখী হচ্ছে জঙ্গিরা। ইতোমধ্যে রাজশাহী, ঝিনাইদহ, সিলেট ও গাজীপুরে অভিযানে জঙ্গি আটক হয়েছে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, জঙ্গিদের পরিকল্পিত হামলা চালানোর সুযোগ নেই। তারা তৎপর হলেই আমাদের জালে ধরা পড়ে যায়।  পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেন, জঙ্গি তত্পরতা নিয়ন্ত্রণে রয়েছে

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত-যুগান্তরের খবরটিতে লেখা হয়েছে,

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- খোশালপুর গ্রামের সোহেল ও শ্যামপুর গ্রামের হারুন । গতকাল মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে বিএসএফ সদস্যরা তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এদিকে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনার বিষয়ে উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে পতাকা বৈঠক ডাকা হয়েছে।

চালের দাম বৃদ্ধি নিয়ে তদন্তের দাবি-কালের কণ্ঠ

দেশের চালের মূল্য বৃদ্ধি নিয়ে তদন্তের দাবি সংসদে

দেশের বাজারে চালের দাম বৃদ্ধির তদন্তের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের সংসদ সদস্য এম এ আউয়াল এমপি। মঙ্গলবার বাজেটোত্তর আলোচনায় অংশ নিয়ে তরিকত ফেডারেশনের মহাসচিব খাদ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, বিগত সময়ের চেয়ে চালের দাম বেড়েছে কয়েকগুণ। তবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে না।

খাদ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি আরও বলেন, খাদ্যমন্ত্রী ঢাকার একটি অনুষ্ঠানে বলেছেন, চালের দাম বৃদ্ধির জন্য বিএনপিপন্থী ব্যবসায়ীরা দায়ী। সরকারের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কথা না বলা ঠিক নয়। এতে করে মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত প্রকৃত হোতারা পার পেয়ে যায়।

এদিকে বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হযেছে, চাল আমদানির উপর ধার্যকৃত শুল্ক কমিয়ে আনায় আগামী কয়েক দিনের মধ্যে চালের দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। 

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভারতের আগামী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিরোধীদের সম্ভাব্য তালিকায় ৪ জনের নাম-আজকাল

কোনওরকম শলা–পরামর্শ ছাড়াই এনডিএ–র রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তাতে চটেছেন বিরোধীরা। রামনাথ কোবিন্দকে কোনওমতেই সর্বসম্মতি দিতে রাজি নন তাঁরা। বরং সম্মিলিতভাবে কোনও একজনকে প্রার্থী হিসেবে দাঁড় করাতে চান। আগামী ২২ জুন বিরোধীদের বৈঠক বসছে। সেখানেই যৌগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। সম্ভাব্য তালিকায় রয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীলকুমার শিন্দে, বিআর আম্বেদকরের পৌত্র প্রকাশ যশবন্ত আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর পৌত্র ও বাংলার প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী।  

আজকালের অন্য একটি খবর-রাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকেই সমর্থন করবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ সকালে কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধীকে ফোনে জানালেন তিনি।  রাজ্যে তাঁদের শরিক, সংযুক্ত জনতা দলের নেতা লালুপ্রসাদ যাদবকেও নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি।

অন্যদিকে  আনন্দবাজারের খবর- কোবিন্দ কে? মন্তব্য করলেন মমতা  ব্যানার্জী

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ফাইল ফটো)

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিজেপি ঘোষিত রামনাথের নাম শুনে মমতা আকাশ থেকে পড়লেন। তিনি গতকাল নেদারল্যান্ডস যাওয়ার পথে সোমবার দুবাইয়ে যাত্রা বিরতির সময়ে তাঁর প্রথম প্রতিক্রিয়ায় বললেন ‘‘দেশে কি আর কোনও নেতা ছিলেন না!’’ তাঁর মতে, রামনাথ কোবিন্দ বিজেপির দলিত শাখার সভাপতি ছিলেন বলেই তাঁকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করেছে গেরুয়া শিবির। প্রেসিডেন্ট হিসেবে কাউকে সমর্থন করতে হলে এক তাঁর সম্পর্কে ন্যূনতম তো জানতে হবে!’’।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০