জুন ২৫, ২০১৭ ১২:২১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৫ জুন রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

 

বাংলাদেশের শিরোনাম: 

  • বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত-ইত্তেফাক
  • নিরাপত্তার চাদর পরবে শোলাকিয়া-প্রথম আলো
  • রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি: মওদুদ-যুগান্তর 
  • ঈদ যাত্রার ছয় দিনে নিহত ৮১ আহত ২২২-মানবজমিন
  • পরিত্যক্ত ঘোষিত বাড়ি ভাঙতে আদালতের নিষেধ নেই-কালের কন্ঠ 
  • বিদেশীদের জন্য ঢাকা কেন এত ব্যয়বহুল?-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ মোদির-আজকাল
  • ভারতের সবচেয়ে সস্তার শহর কলকাতা, বিশ্বে ২৬ তম- আনন্দবাজার
  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কলেজ স্কোয়্যার অভিযানের ডাক বামেদের-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

মওদুদের গুলশানের বাড়ি ভাঙা হলো

বিএনপি নেতার বসবাস করা গুলশানের বাড়ি ভাঙা নিয়ে আজকের প্রায় সবগুলো জাতীয় ও অনলাইন পোর্টালে খবর ছাপা হয়েছে। এ সম্পর্কে যুগান্তরের খবরের শিরোনাম- রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি: মওদুদ

উচ্ছেদের পর গুলশানের বাড়িতে ফের রাজউকের অভিযানকে বেআইনি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আজ সকালে বাড়ি ভাঙার কাজ শুরু করেছে রাজউক। এ প্রসঙ্গে মওদুদ বলেন, আদালতের কোনো নির্দেশ নাই এবং কোনো নোটিশও নাই। যা করছে, সবই তারা গায়ের জোরে করছে। আর কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন,পরিত্যক্ত ঘোষিত বাড়ি ভাঙতে আদালতের নিষেধ নেই।

বিএনপির সব নেতাদের পদত্যাগ করা উচিত- কাদের/মানবজমিন/ইত্তেফাক

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ফটো)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিগত ৮ বছরের মধ্যে ৮ মিনিটের জন্যেও আন্দোলন গড়ে তুলতে পারে নি। এই ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম-সব নেতাদের পদত্যাগ করা উচিত। 

 রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনা ও সড়কে নিরাপত্তা নিয়ে বিএনপি নেতা রিজভীর অসন্তোষ প্রকাশ করে সেতুমন্ত্রীকে পদত্যাগের কথার জবাবে ওবায়দুল তাদের এ কথা বলেন। তিনি আজ দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।  সেতুমন্ত্রী বলেন, সারাদেশে কোনো যানজট নেই, বৃষ্টিও নেই। সবাই স্বস্তিতে বাড়ি যাচ্ছেন। আশা করি ঢাকা ফেরার সময়ও সবাই স্বস্তিতে থাকবেন। এবার রাস্তা ভালো, শৃঙ্খলা ছিল। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বক্তব্য ছাপা হয়েছে যুগান্তরে। তিনি  বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, আগামী নির্বাচন নিয়ে তিনি যদি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন, তাহলে তা কঠোর হাতে দমন করা হবে।

নিরাপত্তার চাদর পরবে শোলাকিয়া-প্রথম আলো

শোলাকিয়া ঈদগাহে কড়া নিরাপত্তা ব্যবস্থা

কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত নির্বিঘ্ন করতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ঈদের দিন মাঠের ভেতর ও বাইরে এক হাজারের বেশি সিসি ক্যামেরা, আটটি ওয়াচ টাওয়ারের মাধ্যমে আগতদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। পুরো মাঠ ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে বলে জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান। আজ সকালে শোলাকিয়া ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। গত বছর ৭ জুলাই ঈদুল ফিতরের দিন নামাজ শুরুর আগমুহূর্তে শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে আজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের কাছে পুলিশের তল্লাশির সময় জঙ্গি হামলা হয়। এতে দুই পুলিশ কনস্টেবলসহ তিনজন নিহত হন। আহত হন ১২ পুলিশ সদস্য।

ঈদ যাত্রার ছয় দিনে নিহত ৮১ আহত ২২২-মানবজমিনের শিরোনাম

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে ঈদে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে ঈদযাত্রা। নগর প্রবাসী কর্মজীবী মানুষের বাড়ি ফেরা। তবে প্রতিবারের মতো এবারও যাত্রা পথে দুর্ভোগের সঙ্গী হয়েছে দুর্ঘটনা। সড়ক-মহাসড়কে ঘটছে প্রাণহানি। ঝরছে রক্ত। হচ্ছে আহত। ঈদযাত্রায় চলছে মৃত্যুর মিছিল। বাড়ি ফেরার পথে গতকাল শনিবার সকালে রংপুরে সিমেন্টবাহী ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন স্বল্প আয়ের ১৭ যাত্রী। এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত একটি বড় ট্র্যাজিক দুর্ঘটনা। তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেবে গত সোমবার থেকে গতকাল শনিবার পর্যন্ত ৬ দিনে কম সময়ে সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৮১ জন। এ সময়ে আহত হয়েছে আরও ২২২ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বিদেশিদের জন্য ঢাকা কেন এত ব্যয়বহুল?-নয়া দিগন্তের শিরোনাম

খবরটিতে লেখা হয়েছে, বিদেশি নাগরিকদের জীবনযাত্রার খরচ বিবেচনায় ঢাকা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর

বাংলাদেশের রাজধানী ঢাকা

কোন দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের জীবনযাত্রার খরচ কেমন, সেই বিচারে বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল নগরী। আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'মার্কার' তাদের এবছরে জরিপে এই তথ্য দিয়েছে। প্রতি বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরীগুলোর তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এবার সেই তালিকায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী এঙ্গোলার রাজধানী লুয়ান্ডা, আর তার পরে আছে যথাক্রমে হংকং, টোকিও, জুরিখ এবং সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান ৩৮। অথচ প্রতিবেশী ভারতের সবচেয়ে ব্যয়বহুল নগরী মুম্বাইর অবস্থান ৫৭-তে।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে তোপ মোদির-আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

দু’দিনের ওয়াশিংটন সফরে গিয়েছেন বটে। তবে সেখান থেকেও কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘মন কি বাত’ অনুষ্ঠানে খুঁচিয়ে তুললেন জরুরি অবস্থা জারির প্রসঙ্গ। ১৯৭৫ সালে আজকের দিনেই জরুরি অবস্থা জারি করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার পর ৪২ বছর কেটে গিয়েছে। কিন্তু ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকার দিনটি কোনওদিন ভোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মোদি। অকারণে এভাবে খুঁচিয়ে ঘা করায় কংগ্রেস অবশ্য চটেছে। তাদের নেতা টম বড়ক্কন বলেছেন, ‘হ্যাঁ, জরুরি অবস্থার কথা বিলক্ষণ মনে রেখেছি আমরা। ভুল সিদ্ধান্ত নেওয়ার কথা মেনেছি। সেই ঘটনা থেকে যথেষ্ট শিক্ষাও নিয়েছি আমরা। কিন্তু বারবার পুরনো কাসুন্দি না ঘেঁটে, নিজেদের ভুলগুলো শুধরে নিন দেখি!‌ ৪২ বছর আগের জরুরি অবস্থার কথা খুব তো মনে করাচ্ছেন!‌ এখন যে অঘোষিত জরুরি অবস্থার মধ্যে বাস করছি, সে ব্যাপারে কী বলবেন?’

ঈদকে সামনে রেখে দার্জিলিংয়ে মোর্চার বনধে  আংশিক ছাড়-আজকাল

গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং

আগামীকাল সোমবার ঈদ। রোববার দিনভর তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত মুসলমানরা। সমতলের মতো পাহাড়েও যাতে মুলসমানরা কেনাকাটা করতে পারেন সে কথা ভেবেই আজ ১২ ঘণ্টার জন্য বন্‌ধ আংশিক শিথিল করেছে মোর্চা। ঈদ ডিউটি লেখা গাড়ি চলাচলে ছাড় দেয়া হয়েছে। তবে শুধু তাঁরাই নন, বন্‌ধ আংশিক শিথিল হতেই অন্য সম্প্রদায়ের মানুষজনও খাবারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। উল্লেখ্য, গোর্খাল্যান্ডের দাবিতে গত ১৫ তারিখ থেকে পাহাড়ে অনির্দিষ্টকালীন বন্‌ধ চালাচ্ছে মোর্চা।

‘পাহাড় রাজনীতি-উসকে দিচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি, আপত্তি গোর্খাল্যান্ড নামে’

আনন্দবজারের খবর-পাহাড় রাজনীতিকে আরও জটিল করে দিয়ে পৃথক রাজ্যের দাবি উসকে দিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শনিবার খোলাখুলি জানিয়ে দিলেন, গোর্খাল্যান্ড নামে তাঁদের আপত্তি আছে ঠিকই, তবে নীতিগত ভাবে বিজেপি ছোট রাজ্যের পক্ষে। তাঁর এই বক্তব্যকে পশ্চিমবঙ্গ ভাগের ‘চক্রান্ত’বলে সরব হয়েছে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস। এমনকী, রাজ্য বিজেপির একাংশও দিলীপবাবুর অবস্থানের সমালোচনায় মুখ খুলেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫