জুন ৩০, ২০১৭ ১৩:১১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৩০ জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • সরকারের অভিধানে ‘ইমপসিবল’ শব্দ নেই: নসরুল হামিদ
  • সৌদি আরবের ক্ষমতাচ্যুত ক্রাউন প্রিন্স গৃহবন্দি: বাংলাদেশ প্রতিদিন
  • ‘৬ মাসে ক্রসফায়ার ও বাহিনী হেফাজতে নিহত ৯০ জন’: মানব জমিন
  • সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমানত ৫ হাজার ৬০০ কোটি টাকা: নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • প্রধানমন্ত্রীর বার্তার পরেও হামলা রামগড়ে, হত প্রৌঢ়: আনন্দবাজার পত্রিকা
  • কাশ্মীর সামলাতে পারে না দার্জিলিংয়ে উঁকিঝুঁকি কেন,প্রধানমন্ত্রীর নাম না করে আক্রমণ মমতার: বর্তমান পত্রিকা

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

প্রথম আলো লিখেছে,সরকারের অভিধানে ইমপসিবল বলে কোনো শব্দ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, অতীতের সরকার দুর্নীতির কারণে ‘খাম্বা সরকার’ টাইটেল পায়, বর্তমান সরকার সে জায়গা থেকে বের হয়ে এসেছে।

নসরুল হামিদ

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ১৪৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা সম্ভব হয়েছে। ২০১৮ সালের মধ্যে দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে।

প্রতিমন্ত্রীর বক্তব্যের আগে ছাঁটাই প্রস্তাবে জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বলেন, ‘আমরা সেই স্মৃতি ভুলতে পারি না, এরশাদের আমলে কারেন্টের যাওয়া-আসা ছিল না। অতীতে ফিরে যেতে চাই যখন লোডশেডিং ছিল না।’

ফখরুল ইমামের বক্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা কোথায় আছি? অতীতে কীভাবে ভালো ছিলাম, তা জানি না। আমরা বেদনার জায়গায় যেতে চাই না। ১২ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ ছিল না, সে জায়গায় যেতে চাই না।’

সরকার দুর্গত মানুষ নিয়ে রাজনীতি করছে-প্রথম আলোর আরেকটি শিরোনাম। বিস্তারিত খবরে এসেছে,সরকার দুর্গত মানুষের অসহায়ত্ব নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন,  সরকার রাঙামাটিতে দুর্গতদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিএনপির ত্রাণ কার্যক্রমে বাধা দিয়েছে এবং মহাসচিবের গাড়িবহরে হামলা করেছে।

আবদুল্লাহ আল নোমান

১৩ জুন ঝোড়ো হাওয়ায় হালিশহর ও পাহাড়তলীতে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার নোমান এই অভিযোগ করেন। বেলা তিনটায় নগরের উত্তর হালিশহর ওয়ার্ডের হালিশহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান হয়।

উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক-বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিন প্রমুখ।

গতকাল ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি মসুর ডাল, সেমাই, চিনি, এক লিটার সয়াবিন তেল ও একটি করে শাড়ি দেওয়া হয়।

সৌদি আরবের ক্ষমতাচ্যুত ক্রাউন প্রিন্স গৃহবন্দি: বাংলাদেশ প্রতিদিনের খবর। সৌদি আরবের ক্ষমতাচ্যুত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে জেদ্দা নগরীর নিজ প্রাসাদে গৃহবন্দি করা হয়েছে। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ গত ২১ জুন ভোরে তাকে সরিয়ে নিজের ছেলে ৩১ বছরের মোহাম্মদ বিন সালমানকে ক্রাউন প্রিন্স ঘোষণা করেন।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ

এর এক সপ্তাহ পর ক্ষমতাচ্যুত বিন নায়েফকে গৃহবন্দি করার খবর এলো। ধারণা করা হচ্ছে, রাজার ছেলে বিন সালমানের নয়া ক্ষমতাকে সুসংহত করার জন্যই চাচাতো ভাই বিন নায়েফকে বন্দি করা হয়েছে।

সৌদি রাজ পরিবারের ঘনিষ্ঠ দুটি সূত্র মোহাম্মদ বিন নায়েফকে গৃহবন্দি করার খবর নিশ্চিত করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। তবে এ খবর মোটেই সত্য নয় বলে সৌদির একজন সিনিয়র কর্মকর্তা দাবি করেছেন বলে পত্রিকাটি জানায়।

৬ মাসে ক্রসফায়ার ও বাহিনী হেফাজতে নিহত ৯০ জন’

দেশজুড়ে গত ছয় মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে বা ক্রসফায়ারে ৯০ জন মারা গেছেন। আইনি ও মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সঙ্গে ক্রসফায়ারে ৪৬ জন, পুলিশের গোয়েন্দা শাখা ডিবির সঙ্গে ৮ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ক্রসফায়ারে ১৩ জন নিহত হয়েছেন। অবশিষ্ট ২৩ জন এই বাহিনীগুলোর হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে, গুলিতে বা অন্য কোনোভাবে নিহত হয়েছেন। আসক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে নিজেদের প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ছয় মাসে ২৮০ জন নারী ধর্ষিত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়। জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫ জন ধর্ষিতা আত্মহত্যা করেছেন। এছাড়া ৩৯ জন নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়।

এক বছরে বেড়েছে ১১৫০ কোটি

সুইস ব্যাংকে বাংলাদেশীদের আমানত ৫ হাজার ৬০০ কোটি টাকা: নয়াদিগন্ত 

সুইস ন্যাশনাল ব্যাংক

বাংলাদেশ থেকে টাকা পাচার বন্ধ হচ্ছে না; বরং দিন দিন তা বেড়েই চলেছে। এবার সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) এক বছরে বাংলাদেশী সঞ্চয় ১৯ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে বাংলাদেশীদের সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৯ লাখ ফ্র্যাংক, যা স্থানীয় মুদ্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি সুইস ফ্র্যাংক ৮৫ টাকা হিসাবে)। আগের বছর অর্থাৎ ২০১৫ সালে তা ছিল ৪ হাজার ৪৫২ কোটি টাকা। এ হিসাবে এক বছরে বেড়েছে ১ হাজার ১৫০ কোটি টাকা। গতকাল সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যায়, দণি এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত এবং পাকিস্তানের পরেই রয়েছে বাংলাদেশের অবস্থান। তবে কোনো বাংলাদেশী তার নাগরিকত্ব গোপন রেখে টাকা জমা করলে তার তথ্য এই প্রতিবেদনে নেই।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

আনন্দবাজার পত্রিকার খবর প্রধানমন্ত্রীর বার্তার পরেও হামলা রামগড়ে, হত প্রৌঢ়: জায়গাটা বাজারের কাছেই। লোকজনও ছিল না এমন নয়। তাঁদের চোখের সামনেই সাদা রংয়ের মারুতি ভ্যানটা ঘিরে ভিড় জমে উঠল। মাঝবয়সী লোকটিকে টেনেহিঁচড়ে বের করা হল গাড়ি থেকে। তার পর এলোপাথাড়ি মার।

নিহতে আসগার আলি ওরফে আলিমুদ্দিন

গো-ভক্তির নামে মানুষ খুন মেনে নেওয়া যায় না— প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই আবার খুন। এ বার ঝাড়খণ্ডের এক মাংস ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামগড়ের বাজারটাঁড়ের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম আসগার আলি ওরফে আলিমুদ্দিন (৫০)। আলিমুদ্দিন যে গাড়িতে করে মাংস নিয়ে যাচ্ছিলেন, সেটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে গো-ভক্তরা।

জ্বলন্ত গাড়ির কাছেই রাস্তায় পড়ে ছিলেন আলিমুদ্দিন। হাঁটতে পারছিলেন না। পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে রামগড় সদর হাসপাতাল, পরে রাঁচীর রিমস হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

কাশ্মীর সামলাতে পারে না দার্জিলিংয়ে উঁকিঝুঁকি কেন,প্রধানমন্ত্রীর নাম না করে আক্রমণ মমতার: বর্তমান পত্রিকা

মমতা বন্দ্যোপাধ্যায়

কাশ্মীর সমস্যা নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু খোঁচাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি! দার্জিলিং পাহাড়ের বর্তমান সমস্যা নিয়ে কেন্দ্রের শাসকদল যে মাঝেমধ্যেই ‘অযাচিত হস্তক্ষেপ’ করছে, তাও স্মরণ করিয়ে দেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার জনপরিষেবা প্রদান উপলক্ষে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, তুমি কাশ্মীর সামলাতে পারছ না, পাহাড়ে উঁকিঝুঁকি দিচ্ছ! কোনও লাভ হবে না। প্রত্যয়ী মমতার ঘোষণা, শেষ রক্তবিন্দু পর্যন্ত বাংলা ভাগ করতে দেব না!নরেন্দ্র মোদির নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ইঁদুর বাঘ হয়েছে। এখন যে মুনি তাকে বাঘ বানিয়েছে, তাকেই খেতে চাইছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/৩০/৪৮২