জুলাই ৩০, ২০১৭ ১১:৫৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৩০ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে: ওবায়দুল কাদের -ইত্তেফাক
  • বগুড়ায় ক্যাডার দিয়ে তুলে নিয়ে ছাত্রী ধর্ষণ-প্রথম আলো-প্রথম আলো
  • নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ-যুগান্তর
  • গ্যাসের দাম দ্বিতীয় দফায় বাড়ানো অবৈধ -মানবজমিন
  • বাংলাদেশ প্রতিবেশির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী - নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ভারতে GST-র সফল প্রয়োগ বিশ্বের কাছে গবেষণার বিষয় হবে’ -সংবাদ প্রতিদিন
  • বন্দে মাতরম না গাইলেও দেশদ্রোহী নয়: নাকাভি-আজকাল
  • বিজেপিকে খোঁচা দিয়ে টুইট শরদের, ঘরেই অস্বস্তির মুখে নীতীশ-আনন্দবাজার

 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বাংলাদেশ প্রতিবেশির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী-নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী বলেন, ‘এটা স্বাভাবিক যে প্রতিবেশিদের সঙ্গে সমস্যা থাকতেই পারে। কিন্তুু বন্ধুত্ব এবং সহযোগিতাও চলমান থাকবে এবং যে কোন সমস্যাই আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।’বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।

খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে: ওবায়দুল কাদের-ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডন সফরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। আজ ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ, সেখানকার দূতাবাস খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখছে। লন্ডনে খালেদা জিয়া কোথায় যায়, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কার কার সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন সব খোঁজ-খবর নেয়ার জন্য লোকজন আছে।

মুখ থুবড়ে পড়েছে স্মার্টকার্ড প্রকল্প-যুগান্তর

দেশের নয় কোটি নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার প্রকল্পটি মুখ থুবড়ে পড়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্মাটকার্ড প্রক্রিয়াকরণ (পারসোনালাইজেশন) কার্যক্রম। ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রান্সের অবার্থুর টেকনোলজিসের (ওটি) ব্যর্থতায় আইডিইএ (আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস) প্রকল্পটির এ অবস্থা হয়েছে। এর মাধ্যমে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে এই স্মার্টকার্ড দেয়ার কথা।

প্রতিবেদনটিতে আরও লেখা হয়েছে, ৩০ জুনের মধ্যে নয় কোটি স্মার্টকার্ড বিতরণের কথা ছিল। ৮১৬ কোটি টাকায় চুক্তির আড়াই বছরে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মাত্র ২৫ লাখ ৭০ হাজার নাগরিকের হাতে স্মার্টকার্ড পৌঁছাতে পেরেছে, যা লক্ষ্যমাত্রার মাত্র ২ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত ১ কোটি ২৪ লাখ কার্ড প্রস্তুত করেছে, যা লক্ষ্যমাত্রার মাত্র ১৩ দশমিক ৭৯ শতাংশ। এসব মিলে ১৭ শতাংশের কম কাজ করে ৫০ ভাগের বেশি (৫০ মিলিয়ন ডলারের বেশি) বিল নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এ পরিস্থিতিতে কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খুব শিগগিরই কমিশন থেকে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে এসব তথ্য।

বগুড়ায় ক্যাডার দিয়ে তুলে নিয়ে ছাত্রী ধর্ষণ-প্রথম আলো

বাংলাদেশের বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার বাড়ি থেকে ক্যাডার দিয়ে তুলে নিয়ে গিয়ে এসএসসি পাস এক ছাত্রীকে ধর্ষণ করেছে। বগুড়ার এই প্রভাবশালী নেতা শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হননি, বিষয়টি ধামাচাপা দিতে দলীয় ক্যাডার ও বগুড়া পৌরসভার নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি, তার মা রুমি ও ছোট বোন আশাকে ধর্ষণের শিকার মেয়েটির পেছনে লেলিয়ে দেন। শুক্রবার বিকেলে তাঁরা কিশোরী ও তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চার ঘণ্টা ধরে নির্যাতন চালান। এরপর দুজনেরই মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় গ্রেফতার শ্রমিকলীগের শহর কমিটির আহবায়ক তুফান সরকারসহ গ্রেফতারকৃত ৪ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে কাউন্সিলর রুমকি তার মা ও বোনকে নিয়ে গা ঢাকা দেয়। শনিবার নির্যাতিতা ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। 
 

এটি উল্টো, এভাবে চলতে পারে না: প্রধান বিচারপতি-প্রথম আলো

বাংলাদেশের অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত নতুন বিধিমালার যে খসড়া আইন মন্ত্রণালয় দিয়েছে, তা সুপ্রিম কোর্টের সুপারিশ অনুসারে নয় বলে অভিহিত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, ‘এটি উল্টো। এভাবে চলতে পারে না।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ (রোববার) আদেশের এই দিন ধার্য করেন।

নতুন বিধিমালা পর্যালোচনা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ কথা জানিয়ে চলতি সপ্তাহে বেলা দুইটার পরে যেকোনো সময় এ বিষয়ে সিদ্ধান্তে আসতে আলোচনায় বসতে বলেছেন আদালত।

জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলা: ৪ সাক্ষীকে জেরা  করতে পারবেন খালেদা জিয়ার আইনজীবীরা-ইত্তেফাক/মানবজমিন

জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরা করেতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা আইনজীবীরা। এ সংক্রান্ত এক আবেদন আজ (রোববার) মঞ্জুর করেছে হাইকোর্টে। 

বিচারপতি মো. শওকত হোসেন ও  বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। 
 

নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ-যুগান্তর

বাংলাদেশে অব্যাহত গুম ও বিচারবহির্ভূত হত্যার ঘটনা নিয়ে সম্পাদকীয় প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

শুক্রবার প্রকাশিত ওই সম্পাদকীয়তে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকারের বরাত দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গত আট বছরে বাংলাদেশে ৩২০ জনের বেশি মানুষ নিখোঁজ বা অবৈধভাবে আটকের শিকার হয়েছেন। তাদের মধ্যে গত বছর ৯০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২১ জনকে হত্যা করা হয়। সাদা পোশাকের গোয়েন্দা বা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের পরিচয়ে বাড়ি থেকে বা রাস্তা থেকে এসব ব্যক্তিদের তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এদের মধ্যে অধিকাংশই বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত।এছাড়া রয়েছেন সন্দেহভাজন আসামি বা ইসলামী জঙ্গি গোষ্ঠীর সদস্য।

গ্যাসের দাম দ্বিতীয় দফায় বাড়ানো অবৈধ-মানবজমিন

গৃহস্থালিতে এক বছরে দুইবার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রবিবার এ রায় দেয়।  বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশনের (বিইআরসি) গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর গ্রাহকরা যে গ্যাসের বাড়তি বিল দিয়েছে সেটি তারা ফেরত পাবে না। আদালত এটি মার্জনা করে দিয়েছে। তবে রিট আবেদনকারীরা জানিয়েছেন, হাইকোর্টের এই রায়ের ফলে গ্রাহকরা পূর্বের বিলই পরিশোধ করবে।

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

ভারতে GST-র সফল প্রয়োগ বিশ্বের কাছে গবেষণার বিষয় হবে-সংবাদ প্রতিদিন

জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স দেশের অর্থনীতিকেই আমূল বদলে দিয়েছে। আগামীদিনে ভারতে জিএসটি-র সফল প্রয়োগ বিশ্বের কাছে গবেষণা বিষয় হবে। মন কী বাত অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৯ জুন মধ্যরাত থেকে সারাদেশ এই জিএসটি চালু করেছে মোদি সরকার। মন কী বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একমাসের মধ্যেই জিএসটি-র সুফল মিলতে শুরু করেছে। সারা দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে। ব্যবসায়ীদের উপর ক্রেতাদের আস্থা বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পরিবহণও এখন অনেক সহজ হয়ে গিয়েছে।

বন্দে মাতরম না গাইলেও দেশদ্রোহী নয়: নাকাভি-আজকাল

বন্দে মাতরম না গাইলেই কেউ দেশদ্রোহী হয়ে যায় না। মাদ্রাজ হাইকোর্টের নতুন নির্দেশিকা প্রসঙ্গে এই মন্তব্যই করলেন সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী মুকতার আব্বাস নকভি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ বন্দে মাতরম গাইবেন কি গাইবেন না, সেটা তাঁর নিজের পছন্দ। তা বলেই তিনি দেশদ্রোহী বা বিশ্বাসঘাতক হয়ে যাবেন না। তাঁকে এ জন্য দেশ থেকে তাড়িয়েও দেয়া যায় না। কিন্তু ইচ্ছে করে না গাইলে বা বিরোধিতা করে বিক্ষোভ দেখালে সেই মানসিকতা ভুল। সম্প্রতি মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যের সব স্কুলে বন্দে মাতরম গাওয়া আবশ্যক করতে হবে। তারপরই দেশজোড়া বিতর্ক শুরু হয়েছে। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০