ঐতিহ্য বজায় রেখে ঢাবিতে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না: প্রধান বিচারপতি
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৩ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- আটকে গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচন-ইত্তেফাক
- ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়-সর্বত্র আলোচনা, সরকার নিশ্চুপ-প্রথম আলো
- হবিগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত- যুগান্তর
- বি. চৌধুরীর বাসায় বৈঠকে আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা-মানবজমিন
- ২৬১ পাকিস্তানি যুদ্ধাপরাধীর নামের তালিকা প্রকাশ-কালের কণ্ঠ
- দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাহজযাত্রীদের সংকটের জন্য এজেন্সিগুলোই দায়ী : ধর্মমন্ত্রী-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- নতুন দল গড়তে পারেন জেডি(ইউ) নেতা শরদ যাদব, জল্পনা তুঙ্গে!-সংবাদ প্রতিদিন
- রাজ্যসভা নির্বাচনে ‘নোটা’ থাকছে-আজকাল
- লালুর পর বিজেপির নিশানায় এ বার মমতা-আনন্দবাজার
শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
সাবেক প্রেসিডেন্ট বি. চৌধুরীর বাসার বৈঠকে নয়া জোট গঠনের সিদ্ধান্ত-যুগান্তর
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি জোটের বাইরে তৃতীয় রাজনৈতিক জোট গঠনের অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে বুধবার রাতে সমমনা কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। বৈঠকে নয়া জোট গঠনের সিদ্ধান্ত হয়। যত দ্রুত সম্ভব এই জোটের আত্মপ্রকাশ করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
এদিকে প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে শত ফুল ফুটছে। নতুন জোট হবে, মেরুকরণ হবে—এটাই তো রাজনীতির নিয়ম।
ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়-সর্বত্র আলোচনা, সরকার নিশ্চুপ-প্রথম আলো
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সরকারে অস্বস্তি তৈরি হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাঁর পর্যবেক্ষণে গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে কড়া সমালোচনা করলেও সরকারের কোনো পর্যায় থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়া হয়নি। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে সরকার অনেকটাই বিব্রত। এ নিয়ে নেতা বা মন্ত্রীদের মুখ না খুলতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা রয়েছে।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সভ্য দেশ হলে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার পদত্যাগ করত। তিনি এই রায় আমলে নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান।
ঐতিহ্য বজায় রেখে ঢাবিতে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না: প্রধান বিচারপতি-ইত্তেফাক/প্রথম আলো/নয়া দিগন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক হিসেবে খন্দকার তোফায়েল আহমেদের নিয়োগ অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রয়েছে। হাইকোর্টের দেয়া এই রায় স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ‘নো অর্ডার’ দিয়েছে সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শুনানীকালে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য অনুযায়ী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না। এটা অ্যালার্মিং।
এদিকে, যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নির্বাচনের জন্য প্রস্তাবিত ৩ সদস্যের প্যানেল স্থগিত ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
হজযাত্রীদের সংকটের জন্য এজেন্সিগুলোই দায়ী : ধর্মমন্ত্রী-নয়া দিগন্ত
হজযাত্রীদের ভিসা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা দ্রুতই সমাধান হবে বলে আশ্বাস জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ধর্মমন্ত্রী বলেন, বারবার তাগাদা দেয়ার পরও হজ এজেন্সিগুলো সময়মতো পদক্ষেপ নেয়নি। হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার জন্য হজ এজেন্সিগুলোই দায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দেশে ক্ষমতার তুফান চলছে: এরশাদ
নয়া দিগন্তে প্রকাশিত খবরটিতে লেখা হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, দেশে এখন ক্ষমতার তুফান চলছে। বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের কথা উল্লেখ করে এরশাদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তুফান আওয়ামী লীগের কেউ না। তিনি বলেন, গঠনতান্ত্রিকভাবে এমন বক্তব্য গ্রহণযোগ্য হলেও রাজনৈতিকভাবে খোলা চোখে মানুষ মনে করে, শ্রমিক লীগ আওয়ামী লীগের অংশ।
আর কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী অনুমতি দিলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পার্টি। মন্ত্রিসভায় থাকা জাতীয় পার্টির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
৩ লাখ ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিক আটক-ইত্তেফাক
কক্সবাজারের টেকনাফ থেকে তিন লাখ ইয়াবাসহ ছয় মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ছেঁড়াদ্বীপে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার জাফর ইমাম সজীব।
হবিগঞ্জে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত-যুগান্তর
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সাইফুল ইসলাম ঝিলিকী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
পুলিশের দাবি, নিহত সাইফুল ইসলাম ঝিলকীর ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে একটি হত্যা, চারটি ডাকাতি, একটি চুরির ও চারটি দ্রুত বিচার আইনের মামলা রয়েছে।
শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
লালুর পর বিজেপির নিশানায় এ বার মমতা-আনন্দবাজার
লালুপ্রসাদ যাদবের পর এবার মমতা। পরের লোকসভা ভোটের আগে বিজেপির রণকৌশল হল— দুর্নীতির অভিযোগ তুলে মমতা-বিরোধী প্রচারকে তুঙ্গে নিয়ে যাওয়া। জাতীয় স্তরে মোদী-বিরোধী জোট বাঁধতে মমতা সব চেয়ে সক্রিয়, তাই এই প্রচারকে কলকাতায় সীমাবদ্ধ না-রেখে রাজধানীতেও নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে বিজেপি।
নতুন দল গড়তে পারেন জেডি(ইউ) নেতা শরদ যাদব, জল্পনা তুঙ্গে!-সংবাদ প্রতিদিন
বিহারে কংগ্রেস-আরজেডির সঙ্গে মহাজোট থেকে বেরিয়ে এসেছে জেডি(ইউ)। বিজেপির সমর্থনে ফের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন নীতীশ কুমার। কিন্তু, দলের এই সিদ্ধান্তে তিনি যে খুশি নন, তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন প্রবীণ জেডি(ইউ) নেতা শরদ যাদব। দিন কয়েক আগে টুইটারে জেডি(ইউ)-র মহাজোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছিলেন তিনি। আর এবার জেডি(ইউ) থেকে বেরিয়ে শরদ যাদব নতুন দল তৈরি করতে পারেন বলে ইঙ্গিত মিলল।
গুজরাটে রাজ্যসভা ভোটের ব্যালটে ‘নোটা’ থাকছে: জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
গুজরাতে রাজ্যসভা নির্বাচনের ব্যালটে ‘নোটা’ (নান অব দ্য অ্যাবাভ) অপশন থাকছে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যসভা নির্বাচনের ব্যালটে কেন নোটা? প্রশ্ন তুলেছিল কংগ্রেস, বিজেপি দুই দলই। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে বিজেপি আদালতে চ্যালেঞ্জ জানায়নি। কংগ্রেস বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, কমিশনের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হবে না। গুজরাতের রাজ্যসভা ব্যালটে নোটা অপশন রাখার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়া হবে না।
রাজ্যসভার নির্বাচনে সাধারণ নাগরিকরা ভোট দেন না। বিধায়কদের ভোটে নির্বাচিত হন রাজ্যসভা নির্বাচনের প্রার্থীরা। প্রত্যেকটি রাজনৈতিক দল রাজ্যসভা নির্বাচনে নিজেদের বিধায়কদের উপর হুইপ জারি করতে পারে। হুইপ জারি করা হলে প্রত্যেক বিধায়ক নিজের ব্যালটটিকে বাক্সে ফেলার আগে নিজের দলের মনোনীত এজেন্টকে দেখাতে বাধ্য থাকেন। দল যাঁকে ভোট দিতে বলেছে, হুইপ অগ্রাহ্য করে যদি কোনও বিধায়ক তাঁর বদলে অন্য কাউকে ভোট দেন, তা হলে ওই বিধায়কের সদস্যপদ বাতিল হয়ে যায়। এই ব্যবস্থাকেই চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। দাবি কংগ্রেসের। ব্যালটে নোটা রাখার ব্যবস্থা করে নির্বাচন কমিশন প্রকারান্তরে হুইপ অমান্য করার অধিকারই দিয়ে দিচ্ছে বিধায়কদের, বলছে কংগ্রেস।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩