প্রিয়জন : "রেডিও তেহরান হলো ভিন্ন এক স্বাদের রেডিও"
ইমাম হাসান (আ.) বলেছেন: কিয়ামতের দিন শুধুমাত্র সেসব মানুষ নিরাপদে থাকবে দুনিয়ার জীবনে প্রতিটি পদক্ষেপ নেয়ার সময় যাদের অন্তরে আল্লাহর ভয় কাজ করেছে।
আসরের শুরুতেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশ থেকে আসা একটি ইমেইল। সাতক্ষীরা জেলার ডেসটিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব থেকে এটি পাঠিয়েছেন এ ক্লাবের সভাপতি গাজী মোমিন উদ্দিন। তিনি লিখেছেন, তার ক্লাবের সব সদস্য রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠান শোনেন। কেবল শোনেনই না বরং সেসব অনুষ্ঠান নিয়ে ডেসটিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাবের সাপ্তাহিক বৈঠকে আলোচনাও করেন। এ ছাড়া, রেডিও অনুষ্ঠান শোনার ব্যাপারে এ ক্লাবের সদস্যরা সব সময় মানুষকে উৎসাহিত করেন বলেও জানিয়েছেন তিনি। শ্রোতা বাড়ানোর নানান কৌশলও তার প্রয়োগ করেন।
বহলুল: চমৎকার। একেই বলে শ্রোতা এবং শ্রোতা ক্লাব।!
বহলুল ভাই চিঠি এখনো শেষ হয় নি। শ্রোতা ভাই মোমিন উদ্দিন আরো লিখেছেন, সামাজিক দায়বদ্ধতার কারণে ডেসটিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব নানান সামাজিক কাজকর্ম সম্পাদন করে। এই পবিত্র ঈদুল ফিতরের আগে দরিদ্র শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী ও ভিখারিদের ঈদের দিন খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল।
বহলুল: ভাই মোমিনউদ্দিন, না প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি।
সামাজিক দায়বদ্ধতা থেকে আপনারা যেসব সেবামূলক কাজ করছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আপনাদের মতো সারাদেশে যদি তরুণ সমাজ এভাবে মানব সেবায় এগিয়ে আসত তাহলে সত্যি সত্যিই সমাজটা সুখে শান্তিতে ভরে উঠত। ভাই মোমিন উদ্দিন, ভবিষ্যতে আরো চিঠি দিবেন এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাবেন বলেও আশা করছি।
এবারেও হাতে তুলে নিয়েছি বাংলাদেশের একটি চিঠি। নওগাঁ জেলার ধামইর হাট গ্রাম থেকে এটি লিখেছেন মো. সাইফুল হক। চিঠির শুরুতেই তিনি লিখেছেন, রেডিও তেহরান হলো ভিন্ন এক স্বাদের রেডিও। এখান থেকে শুধু বিনোদন নয় বরং চিত্ত সংশোধন এবং আত্ম উন্নয়নের রাস্তাও পাওয়া যায়। এরপর যে সব অনুষ্ঠান ভালো লাগে তার তালিকা দিয়েছেন তিনি। তালিকার প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ। তারপর একে একে সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত, প্রিয়জন, রংধনু, স্বাস্থ্যকথা, কোরআনের আলো, এবং দেখবো ঘুরে ইরান এবারের নাম রয়েছে।
বহলুল: ভাই সাইফুল হক, চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ভবিষ্যতে আরো চিঠি দিবেন আশা করছি।
আসরের এ পর্যায়ে রেডিও তেহরানে ওয়েব সাইট এবং ফেসবুক গ্রুপে পাঠক ভাইবোনেরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো। হিউম্যান রাইটস ওয়াচ ভাড়াটে সংগঠন: বলেছেন হাছান মাহমুদ-শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে ৭ জুলাই। এ খবরে বলা হয়েছে, আমেরিকাভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচকে একটি ভাড়াটে সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, হিউম্যান রাইটস ওয়াচ সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে বেকায়দায় ফেলার জন্য একটি দল ও গোষ্ঠীর হয়ে কাজ করছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিবৃতি আর হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি এক ও অভিন্ন। আর এ খবরে মন্তব্য করেছেন রেডিও তেহরানে পুরনো পাঠক ভাই জাফর পাঠান তিনি লিখেছেন,
বাংলাদেশ মনে হয় এমনই !!! বিরোধী দলে থাকলে এইসব আন্তর্জাতিক সংস্থার রেফারেন্স দিয়ে কথা বলে মুখে ফেনা তুলে সরকারকে একহাত নেয়া হয়, আবার সরকারে গেলে এই সংস্থাগুলি ভাড়াটিয়া বা দালাল সংস্থা হয়ে যায়! কি আজব ব্যাপার,তাইনা? অথচ আমরা সমস্যার সমাধানে নজর দেই না।
ইরানের পবিত্র নগরী মাশহাদ থেকে ২১ দায়েশ সদস্য আটকের খবরটি প্রকাশিত হয়েছে, ৭ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র নগরী মাশহাদ থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ২১ সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মাশহাদের বিচার বিভাগের এক কর্মকর্তা বলেছেন,ইরানি ভূখণ্ডে তাদের কয়েক দফা হামলা চালানোর ষড়যন্ত্র বানচাল করে দেয়া হয়েছে। আর এ খবরে মন্তব্য করেছেন ভাই মীর রেজা হোসেইন শাহীদ। তিনি লিখেছেন,
সন্ত্রাসের শেকড় এখুনি উপরে ফেলা না হলে সন্ত্রাসীরা ইসলাম ও মানবতার সাংঘাতিক ক্ষতি করবে। বিশ্ব মানবতাকে সন্ত্রাসের কবল থেকে রক্ষা করার জন্য ইসলামী ইরানকে ধন্যবাদ।
বহলুল: ধন্যবাদ আপনাদের মতো সব সচেতন পাঠক ও শ্রোতা বন্ধুদেরকেও। একই তারিখে প্রকাশিত অপর এক খবরের শিরোনাম- ইখওয়ানুল মুসলিমিন একটি সন্ত্রাসী সংগঠন: বলেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী।
এ খবরে বলা হয়েছে, মিশরের ইসলামি সংগঠন ইখওয়ানুল মুসলিমিনকে সন্ত্রাসী সংগঠন বলে অভিহিত করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে খলিফা। তিনি বলেছেন,তার দেশের যেকোনো ব্যক্তি সংগঠনটির প্রতি সমর্থন জানাবে কিংবা কারো সঙ্গে সংগঠনটির সম্পর্ক পাওয়া গেলে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে তার বিচার করা হবে।
আর এ খবরে মন্তব্য করেছেন ভাই হাসান। তিনি লিখেছেন, সৌদি বাদশা বড় শয়তান। তার সাথে অন্য তিন আরব শয়তান একজোট হয়ে আমেরিকার ও ইহুদিদের সাথ হাত মিলিয়েছে। আল্লাহতালা গজব আসতে সময় লাগবে না।
এদিকে ইরাক ও সিরিয়ায় ৬০০ বেসামরিক ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করল পেন্টাগন শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৮ জুলাই। এ খবরে বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের অবস্থানে হামলা চালাতে গিয়ে অন্তত ৬০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করার কথা স্বীকার করেছে আমেরিকা। ২০১৪ সাল থেকে এসব হতভাগ্য মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
ফেসবুকে রেডিও তেহরানের গ্রুপে এ খবরে মন্তব্য করেছেন পাঠক ভাই আমিনুল ইসলাম। তিনি লিখেছেন, আমেরিকা হামলা চালালে,সন্ত্রাসীর চেয়ে বেসামরিক লোক বেশি মারা যায়,আসলে তাদের উদ্দেশ্য সন্ত্রাসী নয়, মুসলিম নিধন।
এদিকে আসরের সময় শেষ হয়ে এসেছে। বন্ধুরা, আপনার যারা চিঠি লিখেছেন, ইমেইল করেছেন এবং রেডিও তেহরানের খবরে মতামত জানিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।#