আগস্ট ১১, ২০১৭ ১১:১৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১১ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • দেশীয় প্রতিষ্ঠানে তৈরি করা হবে স্মার্টকার্ড ফ্রান্সের প্রতিষ্ঠানকে ‘না’ বলে দিল ইসি-ইত্তেফাক
  • ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২৩৯ জন গ্রেফতার-ইত্তেফাক
  • ঘুষসহ গ্রেপ্তার প্রকৌশলীকে রক্ষা করেন নৌমন্ত্রী!-প্রথম আলো
  • বাংলাদেশে আধুনিক দাসত্বে ১৫ লাখ মানুষ-গ্লোবাল স্লেভারি ইনডেক্স- যুগান্তর
  • গানের অনুষ্ঠানে ডেকে এনে শিল্পীকে গণধর্ষণ, আটক-২-মানবজমিন
  • কারাগারে রাজার হালে তুফান, কষ্টে ধর্ষিতা ও তার মা-কালের কণ্ঠ
  • হজযাত্রায় ভোগান্তি সীমাহীন-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ডোকলাম থেকে বাসিন্দাদের সরাচ্ছে ভারতীয় সেনা, তবে কি যুদ্ধ আসন্ন?-সংবাদ প্রতিদিন
  • আমি সব দলের,বার্তা উপরাষ্ট্রপতির-আজকাল
  • প্রথম উপরাষ্ট্রপতির শপথ, যিনি স্বাধীন ভারতে জন্মেছেন-আনন্দবাজার-

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত 

ঘুষসহ গ্রেপ্তার প্রকৌশলীকে রক্ষা করেন নৌমন্ত্রী!-প্রথম আলো

নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক হওয়ার আগে গত বছর দুর্নীতির অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলাম তদন্তে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ ছিল। কারণ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তখন প্রধান প্রকৌশলীর পক্ষে অবস্থান নেওয়ায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির গতকাল বৃহস্পতিবারের বৈঠকের কার্যবিবরণী থেকে এই তথ্য পাওয়া গেছে।

গানের অনুষ্ঠানে ডেকে এনে শিল্পীকে গণধর্ষণ, আটক-২-মানবজমিন

গানের অনুষ্ঠানে ডেকে এনে বাউল শিল্পীকে গণধর্ষণ

আশুলিয়ায় এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে এক নারী শিল্পীকে (৩২) ডেকে এনে গণধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার রাতে আশুলিয়ার আউকপাড়ার একটি খামার বাড়িতে এই ঘটনা ঘটে। শিল্পী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে শুক্রবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আতাউর ও রাজ্জাক নামের দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশীয় প্রতিষ্ঠানে তৈরি করা হবে স্মার্টকার্ড ফ্রান্সের প্রতিষ্ঠানকে ‘না’ বলে দিল ইসি-ইত্তেফাক

দেশীয় প্রতিষ্ঠানে তৈরি করা হবে স্মার্টকার্ড

উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র এখন থেকে দেশে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আপাতত বন্ধ থাকলেও আগামীতে দেশীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সহায়তায় স্মার্টকার্ড উৎপাদন করা হবে। ২০১৮ সালের জুনের মধ্যে সব ভোটারের হাতে স্মার্টকার্ড তুলে দিতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এতদিন স্মার্টকার্ড সরবরাহকারী ফ্রান্সের প্রতিষ্ঠান ‘ওবের্থার টেকনোলজিসে’র (ওটি) সঙ্গে সম্প্রতি সম্পর্কের ইতি টেনেছে নির্বাচন কমিশন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত ছয়মাস সময় বাড়ানোর আবেদন এবং ওই আবেদন বিবেচনার জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রীর চিঠিও আমলে নেয়নি কমিশন।

বাংলাদেশে আধুনিক দাসত্বে ১৫ লাখ মানুষ-গ্লোবাল স্লেভারি ইনডেক্স-২০১৬- যুগান্তর

বাংলাদেশে আধুনিক দাসত্বে ১৫ লাখ মানুষ

বাংলাদেশে আধুনিক দাসত্বের মধ্যে বসবাস করছে ১৫ লাখ ৩১ হাজার ৩০০ মানুষ। গ্লোবাল স্লেভারি ইনডেক্স-২০১৬ সূচকে বাংলাদেশের অবস্থান ১১ নম্বরে। অস্ট্রেলিয়াভিত্তিক ওয়াক ফ্রি ফাউন্ডেশন পরিচালিত জরিপে এ কথা উঠে আসে। বলা হয়েছে, বিশ্বে এখন চার কোটি ৫০ লাখেরও বেশি মানুষ বসবাস করছে আধুনিক দাসত্বের অধীনে। এতে আরও বলা হয়েছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে এ সংখ্যা প্রায় তিন কোটি। তার মধ্যে শীর্ষে আছে ভারত। কোনো মানুষ যখন হুমকি, সহিংসতা, জুলুম, ক্ষমতার অপপ্রয়োগ অথবা প্রতারণার মতো পরিস্থিতির শিকার হয় এবং তা পরিহার করতে পারে না- এমন অবস্থাকে আধুনিক দাসত্ব হিসেবে আখ্যায়িত করেছে ওয়াক ফ্রি ফাউন্ডেশন।

কারাগারে রাজার হালে তুফান, কষ্টে ধর্ষিতা ও তার মা-কালের কণ্ঠ

বগুড়ায় শ্লীলতাহানির শিকার ছাত্রী ও তাঁর মা

বগুড়ায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শহর শ্রমিক লীগের (বহিষ্কৃত) নেতা তুফান সরকার কারাগারে আরাম-আয়েশেই দিন কাটাচ্ছে। কারা কর্মচারী-কর্মকর্তারা 'বিশেষ কারণে' তুফান ও তার সহযোগীদের সেবা-যত্নে কোনো ত্রুটি রাখছে না। বগুড়া কারাগারের একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

এদিকে শ্লীলতাহানি ও নির্যাতনের শিকার মেয়েটি রাজশাহীর সেফহোমে চরম কষ্টে দিন কাটাচ্ছে। ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকা তার মাও আছেন মানসিক যন্ত্রণায়। তাঁরা নিজেদের এই অবস্থাকে বন্দিজীবন বলে আখ্যায়িত করছেন।

হজযাত্রায় ভোগান্তি সীমাহীন-নয়া দিগন্ত

হজযাত্রায় সীমাহীন ভোগান্তি, আজও একটি ফ্লাইট বাতিল

হজ নিয়ে ভয়াবহ জটিলতা অব্যাহত রয়েছে। হজযাত্রী সঙ্কটে গতকালও দু’টি ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজও একটি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে মোট হজ ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ২৮। এর মধ্যে ২৩টিই বাংলাদেশ এয়ারলাইন্সের। এভাবে একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন হজযাত্রীরা।

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

প্রথম উপরাষ্ট্রপতির শপথ, যিনি স্বাধীন ভারতে জন্মেছেন-আনন্দবাজার

ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং শীর্ষ বিজেপি নেতা এম বেঙ্কাইয়া নায়ডু। আজ রাষ্ট্রপতি ভবনের দরবার হলে তিনি শপথ নিলেন। বেঙ্কাইয়া প্রথম উপরাষ্ট্রপতি যিনি স্বাধীন ভারতে জন্মেছেন। নায়ডুর শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। নতুন উপরাষ্ট্রপতিকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৫ অগস্ট দেশের ১৩তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন বেঙ্কাইয়া।

আজ আজকালের শিরোনাম- আমি সব দলের,বার্তা উপরাষ্ট্রপতির

ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ বেঙ্কাইয়া নাইডুর

বিস্তারিত খবরে লেখা হয়েছে, রাষ্ট্রপতি ভবনে শপথ নেয়ার পরে রাজ্যসভায় যান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু। পদ মর্যাদার নিরিখে তিনি এখন রাজ্যসভার চেয়ারম্যান। সেই হিসেবেই প্রথম স্পিকারের আসনে বসে বেঙ্কাইয়া নায়ডু বলেন, ‘আমি সব দলের। কোনও একটি সাম্রাজ্যকে সমর্থন করতে আসিনি।’ দেশের উন্নয়নে রাজ্যসভার সব দলের সাংসদদের তিনি একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

ডোকলাম থেকে বাসিন্দাদের সরাচ্ছে ভারতীয় সেনা, তবে কি যুদ্ধ আসন্ন?-সংবাদ প্রতিদিন

ডোকলাম পরিস্থিতি আরও উত্তপ্ত

প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির মন্তব্যের পালটা দিল চিন। চিনের সরকারি সংবাদমাধ্যমের দাবি, অরুণ জেটলির মন্তব্য থেকেই স্পষ্ট, যে ভারত গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। জেটলির ওই কড়া বার্তা বেজিংকে যুদ্ধের হুঁশিয়ারি বলে দাবি করেছেন চিনা মিডিয়া। চীনা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যমের দাবি, তাঁদের আশঙ্কা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য দুই দেশের সেনার মধ্যে সংঘাতেরই সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১