আগস্ট ১৮, ২০১৭ ১৩:৪২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৮ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • হজের ভিসা আবেদনের সময় বাড়ল: প্রথম আলো
  • অনিশ্চয়তায় ১৪০০০ হজযাত্রী: মানব জমিন
  • ‘লোক দেখানো ফটোসেশনের জন্য দুর্গত এলাকায় আসি নি’: ওবায়দুল কাদের, ইত্তেফাক
  • সরকার ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে: ত্রাণ বিতরণী কর্মসূচি উদ্বোধনকালে মির্জা ফখরুল, কালের কণ্ঠ
  • খবরটির নয়াদিগন্তের শিরোনাম: সরকার দুর্গতদের পাশে না দাঁড়িয়ে ক্ষমতা টিকিয়ে রাখায় ব্যস্ত
  • 'রিভিউ আবেদনের জন্য তৈরি হচ্ছে সরকার': আইনমন্ত্রী আনিসুল হক/কালের কণ্ঠ
  • 'রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাতিকে হতাশ করেছে': ফখরুল /ইত্তেফাক


ভারতের শিরোনাম:

  • বিজেপি না মন্ত্রিত্ব, মুকুল এখন উভয় সঙ্কটে: আনন্দবাজার পত্রিকা
  • ফুঁসছে গঙ্গা-মহানন্দা, নিম্নচাপের জেরে এবার দক্ষিণে দুর্যোগের মেঘ: সংবাদ প্রতিদিন
  • ৭ পুরসভাই তৃণমূলের দখলে, ১৫০টির মধ্যে মাত্র ৬টি ওয়ার্ড বিজেপির। সাফ কং-সিপিএম/বর্তমান পত্রিকা

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

হজের ভিসা আবেদনের সময় বাড়ল:

ভিসা জটিলতায় অপেক্ষমান হজ্বযাত্রী

প্রথম আলো এই শিরোনামে আরও জানিয়েছে,সৌদি আরবে হজযাত্রীদের ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ কার্যালয়ের পরিচালক আজ শুক্রবার সকালে এ কথা জানান। সকাল ৭টা ৩৫ মিনিটের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ১১টা ৫৫ মিনিটের একটি ফ্লাইটের সময় পিছিয়েছে।

ভিসার জন্য ধর্ম মন্ত্রণালয়ের সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি সৌদি দূতাবাস। ধর্ম মন্ত্রণালয় বলছে, দূতাবাস ভিসার কাজ চালিয়ে যেতে বলেছে।

আশকোনার হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সৌদি দূতাবাসে হজযাত্রীদের ভিসা নিতে পাসপোর্ট জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। ধর্ম মন্ত্রণালয় এই সময় বাড়ানোর আবেদন করে।

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন প্রথম আলোকে বলেন, ‘সৌদি দূতাবাস সময় বাড়ানোর আবেদন মঞ্জুরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। দূতাবাস জানিয়েছে, ভিসার কাজ চালিয়ে যেতে। রোববার পর্যন্ত সময় আছে। আমরা শনিবারের মধ্যে কাজ শেষ করতে চাচ্ছি।'

হজ কার্যালয়ের পরিচালক বলেন, ‘সৌদি দূতাবাস না করেনি। আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আমরা শনিবারের মধ্যে সব কাজ শেষ করব।’

হজ কার্যালয় বলছে, এ পর্যন্ত ভিসা হয়েছে এক লাখ ২২ হাজার ৮৬১ জন হজযাত্রীর। আর এখনো পর্যন্ত ভিসা হয়নি ৪ হাজার ৩৩৭ জন হজযাত্রীর। সৌদি ই-হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে ৬৯ হাজার ৪৬০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা।

অনিশ্চয়তায় ১৪০০০ হজযাত্রী!

মানব জমিন এই শিরোনামে লিখেছে, ভিসা পেলেও ফ্লাইট জটিলতায় অনেক হজযাত্রীর যাত্রা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সৌদি সরকার এবার ১ লাখ ২৫ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর ভিসা অনুমোদন করেছে। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের বরাতে মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে মানবজমিনকে বলেন, অনলাইনে এসব অনুমোদন পাওয়া গেছে। অনলাইন অনুমোদনের পর এখন ঢাকাস্থ সৌদি দূতাবাস পার্সপোর্টে ভিসা স্ট্যাম্পিং করবে। এটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। ভিসা সংক্রান্ত জটিলতায় এখন পর্যন্ত বিমানের ২৫টি ফ্লাইট বাতিল হওয়ায় বিমান ১৩-১৪ হাজার যাত্রী কম পরিবহন করেছে (ক্যাপাসিটি লস করেছে)।

‘লোক দেখানো ফটোসেশনের জন্য দুর্গত এলাকায় আসিনি’

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা লোক দেখানো ফটো সেশনের জন্য দুর্গত এলাকায় আসেনি। বন্যায় যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত শেখ হাসিনার সরকার তাঁদের সকলকেই পুনর্বাসিত করবে।

ইত্তেফাক জানিয়েছে, সেতু মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা দুর্গত হাওরে যায়নি। উপদ্রুত উপকূলে যাননি। পাহাড়ে গিয়েছিলেন, কিন্ত সেখানে নাটক করে ফিরে এসেছেন। অথচ যত দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের। ওরা আমাদের খালি দোষারোপ করে। আমরাতো খালি হাতে আসেনি। এসেছি ত্রাণ নিয়ে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে। 

আজ শুক্রবার বেলা ১১টায় সৈয়দপুর স্টেডিয়ামের কাছে বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় অওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখেন। 

তিনি বিএনপি মহাসচিব ওবায়দুল কাদেরকে ধন্যবাদ দিয়ে তাঁকে উদ্দেশ করে বলেন, মৌনতাই সম্মতির লক্ষণ। সুগ্রিম কোর্টের রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে অবৈধ বলা হলেও তিনি এ ব্যাপারে প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানাননি। এজন্য তাঁকে ধন্যবাদ দিচ্ছি।


এদিকে কালের কণ্ঠ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তুলে ধরে লিখেছে: বন্যায় দুর্গতদের পাশে না দাঁড়িয়ে সরকার আবারো ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্যে ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ফখরুল বলেন, লাখ লাখ মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। কিন্তু সরকার দুর্গতদের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে ব্যর্থ হয়েছে।


'রিভিউ আবেদনের জন্য তৈরি হচ্ছে সরকার':

আইনমন্ত্রী আনিসুল হক

কালের কণ্ঠ জানিয়েছে,সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, আমরা রায়ের সঙ্গে একমত পোষণ করি না। কিন্তু রায়কে শ্রদ্ধা করি। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের প্রত্যয়িত অনুলিপির জন্য দরখাস্ত করা হয়েছে। রায়টি পরীক্ষা করা হচ্ছে। পড়ে দেখা হচ্ছে। রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য সরকার তৈরি হচ্ছে।

'রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জাতিকে হতাশ করেছে':

ইত্তেফাক মির্জা ফখরুলের বক্তব্যকে উদ্ধৃত করে লিখেছে, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ জাতিকে উদ্বিগ্ন করেছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেখলাম বুধবার প্রধানমন্ত্রী স্বয়ং অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর এভাবে সাক্ষাৎ করায় জাতি উদ্বিগ্ন এবং হতাশ।

তিনি বলেন, 'এর আগেও আমরা দেখেছি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের নেতাদের তৎপরতা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ জন্য ভবিষ্যতে তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।'

বৃহস্পতিবার বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ডা: বদরুদ্দৌজা চোধুরী বলেছেন রায়ের বিরুদ্ধে লড়াই ভালো লক্ষণ নয়।

সাবেক প্রেসিডেন্ট ডা: বদরুদ্দৌজা চোধুরী

বাংলাদেশ প্রতিদিন আরও জানিয়েছে বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে লড়াইয়ে অসাংবিধানিক সরকার আসার প্রেক্ষাপট তৈরি হতে পারে। ’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়েজিত ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় : অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক এক গোলটেবিল  আলোচনায় তিনি এ সংশয় প্রকাশ করেন।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

বিজেপি না মন্ত্রিত্ব, মুকুল এখন উভয় সঙ্কটে: আনন্দবাজার পত্রিকা লিখেছে, যেতে পারেন, কিন্তু কী ভাবে যাবেন! আর গেলেও একা যাবেন, না কি অনেককে সঙ্গে নিয়ে যাবেন? তৃণমূলের সংসারে কান পাতলেই এই গুঞ্জন। দলীয় নেতৃত্বের অভিযোগ— বিজেপির ‘সঙ্গদোষে’ দুষ্ট তিনি, অর্থাৎ মুকুল রায়।

মুকুল

তৃণমূলের একটি বড় অংশের সন্দেহ, অমিত শাহকে তিনি কথা দিয়েছিলেন তৃণমূলের বেশ কিছু সাংসদ-বিধায়ককে নিয়েই তৃণমূল ছাড়বেন। রাজনৈতিক সূত্র বলছে, এখনও পর্যন্ত রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কিছু ক্রসভোট করানোর দাবিই সার। বাংলায় এখনও এমন এক জন নেতাও নেই, যিনি তৃণমূল ছেড়ে মুকুলের সঙ্গে বিজেপিতে যোগ দেবেন। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার মতো কোনও নেতাকেও এখনও খুঁজে পাননি মুকুল। অথচ একা যোগ দেওয়ার ব্যাপারে কোনও সবুজ সংকেত পাওয়া যায়নি বিজেপি শিবির থেকে। বিজেপি নেতৃত্ব এ ব্যাপারে এখনও ‘ভাবনাচিন্তা করছেন’। আপাতত তাই দু’নৌকায় পা দিয়ে চলা ছাড়া গতি নেই মুকুলের।

৭ পুরসভাই তৃণমূলের দখলে ১৫০ টির মধ্যে মাত্র ৬টি ওয়ার্ড বিজেপির। সাফ কং-সিপিএম

সাত পুরসভায় তৃণমূলের জয়জয়কার

বর্তমান পত্রিকা লিখেছে, প্রত্যাশা মতোই রাজ্যের সাত পুরসভায় তৃণমূলের জয়জয়কার। ধূপগুড়ি, বুনিয়াদপুর, দুর্গাপুর, কুপার্স ক্যাম্প, নলহাটি, পাঁশকুড়া ও হলদিয়া পুরসভার সবগুলি এবং চাঁপদানি ও ঝাড়গ্রাম পুরসভার একটি করে- এই মোট ১৫০টি ওয়ার্ডের মধ্যে ১৪২টি ওয়ার্ড তৃণমূলের দখলে। সিপিএম ও কংগ্রেসের ভাঁড়ার শূন্য। তবে টিমটিমে সলতের মতো বাম শরিক ফরওয়ার্ড ব্লক জিতেছে একটি আসন। গত দু-তিনটি উপনির্বাচনের মতোই এবারও সিপিএমকে তৃতীয় স্থানে ফেলে দিয়ে দ্বিতীয় হল বিজেপি। তারা ধূপগুড়িতে চারটি এবং বুনিয়াদপুর ও পাঁশকুড়ায় পেয়েছে একটি করে ওয়ার্ড। এই জয়কে মানুষের জয় বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদল সিপিএম, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। তাই এই ফলাফল প্রত্যাশিতই ছিল।

ফুঁসছে গঙ্গা-মহানন্দা, নিম্নচাপের জেরে এবার দক্ষিণে দুর্যোগের মেঘ: সংবাদ প্রতিদিন

জলে ভাসছে উত্তরবঙ্গের মানুষ

জলে ভাসছে উত্তরবঙ্গ। তবে তারই মধ্যে কিছুটা হলেও খুশির খবর উত্তরের জন্য। কমতে পারে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা পশ্চিমাঞ্চলে সরে যাওয়ায় বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে রাজ্যের উত্তরে। যদিও, বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা সরে আসায় বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।#

পার্সটুডে/নাসির মাহমুদ/১৮/৫৩১