আগস্ট ২৫, ২০১৭ ১৩:১৭ Asia/Dhaka

পাঠক/শ্রোতা! ২৫ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণ এবং নিউজ পোর্টালের বিশেষ বিশেষ খবরের শিরোনাম জানিয়ে দিচ্ছি:

•    এস কে সিনহা ফিতনা সৃষ্টিকারী-বলেছেন ড. হাছান মাহমুদ: বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম
•    আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রধান বিচারপতি- মন্তব্য রিজভীর এটি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম
•    ষোড়শ সংশোধনীর রায়ে আ.লীগের আঁতে ঘা লেগেছে - খন্দকার মাহবুব: এনটিভি অনলাইন
•    আমাকে 'মিসকোট' করবেন না- প্রধান বিচারপতি : যায়যায়দিন
•    রাখাইন সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩২- দৈনিক ইত্তেফাক
•    ১৪৬ রোহিঙ্গাকে ফেরত পাঠাল বিজিবি- প্রথম আলো
•    সওজ কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল, এবারো ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে- ওবায়দুল কাদের : দৈনিক নয়াদিগন্ত
•    এবং নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা: দৈনিক মানবজমিন

কোলকাতার সংবাদ শিরোনাম

•    ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করল আদালত- কোলকাতা টুয়েন্টিফোর ডটকম
•    সুর নরম গুরুংদের, অবশেষে আলোচনা চেয়ে চিঠি মমতাকে : বর্তমান পত্রিকা
•    'হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা নয়', দাবি কর্নাটকের মুখ্যমন্ত্রীর: জিনিউজ বাংলা
•    এবং তিন তালাক বৈধ, সুপ্রিম রায়ের বিরুদ্ধে তর্জন মৌলানা মাদানির: দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি মন্তব্যের দিকে নজর দিচ্ছি। 

এস কে সিনহা ফিতনা সৃষ্টিকারী: ড. হাছান 

ইসলাম ও সামাজিক দৃষ্টিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ফিতনা সৃষ্টিকারী বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। 

তিনি বলেছেন, ‘আজকে জাতীয় জীবনে যারা ফিতনা সৃষ্টি করছেন তাদের অন্যতম হচ্ছেন এস কে সিনহা। উনি ইসলাম ও সামাজিক দৃষ্টিতে ফিতনা সৃষ্টিকারী। এ কারণেই আজ সম্ভবত আলেম-ওলামারা মাঠে নেমেছেন, ফিতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।’

আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফিতনা প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। খবরটি বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমে ছাপা হয়েছে।

'আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রধান বিচারপতি' 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সরকার বিরোধী পক্ষগুলোর বিরুদ্ধে দুদক ও এনবিআর-এর মতো প্রতিষ্ঠান ব্যবহার করে মামলা করে। প্রধান বিচারপতির বিরুদ্ধে আয়-ব্যয়ের হিসাব তদন্ত শুরু- এর স্পষ্ট প্রমাণ। সর্বোচ্চ আদালতকে নতজানু করে রাখতে পোড়ামাটির নীতি গ্রহণ করেছে সরকার। ' 

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রায়ে আ.লীগের আঁতে ঘা লেগেছে : খন্দকার মাহবুব

অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন মন্তব্য করেছেন,  ‘সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ইতিহাসে একটি বিরল ঘটনা। এতে আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। আঁতে ঘা লেগেছে। কারণ, এ রায়ে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং ব্যর্থতা তুলে ধরা হয়েছে।’

আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন।

আমাকে 'মিসকোট' করবেন না : প্রধান বিচারপতি
আদালতের কার্যক্রম চলাকালে বক্তব্য ভুলভাবে উদ্ধৃত না করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, এতে বিভ্রান্তি তৈরি হওয়ায় তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

বিচারপতি সিনহা বলেন, 'আপনাদের কাছে আমার একটা আবেদন। আমি প্রকৃতপক্ষে কোনো 'ইয়ো' করি না। আপনারা আমাকে অনেক 'ইয়ো' করছেন। কিন্তু একটু মিসকোট করবেন না।

রাখাইন সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩২

মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি প্রত্যন্ত সীমান্ত পোস্টে শুক্রবার ভোররাতে কথিত রোহিঙ্গা উগ্রবাদীদের আক্রমণে নিরাপত্তা বাহিনীর ১১ সদস্যসহ ৩২ জন নিহত হয়েছে। সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ বার্তা সংস্থা এএফপি’কে একথা জানান।
এদিকে, নাফ নদী পার হয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে সে দেশের ১৪৬ জন নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের একই পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। আজ শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলায় এ ঘটনা ঘটে। খবরটি প্রথম আলোসহ কয়েকটি দৈনিকে প্রকাশিত হয়েছে।

এবারো ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে : কাদের

এবারো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদের ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, যেকোনো অবস্থায় আমরা ঈদে সড়ক ব্যবহার উপযোগী ও সচল রাখব। এ জন্য পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সবার সাথে কথা হয়েছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

শ্রোতাবন্ধুরা, বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর দিকে নজর দিচ্ছি। স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের শাস্তি ঘোষণার খবরটি কোলকাতার সবগুলো দৈনিক ও নিউজ পোর্টালের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।

ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করল আদালত

ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করল হরিয়ানার সিবিআইয়ের বিশেষ আদালত।  আগামী ২৮ অগাস্ট শাস্তি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।  এ সম্পর্কে আনন্দবাজার লিখেছে, ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিংহকে বিশেষ সিবিআই আদালত দোষী সাব্যস্ত করতেই আদলত চত্বরের বাইরে শুরু হয়ে গেল প্রবল তাণ্ডব। লাঠি, বাঁশ, ইট-পাথর নিয়ে পুলিশের উপর হামলা হয়েছে। লাঠি চালিয়ে এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে পাঁচকুলায় পুলিশ গুলি চালিয়েছে বলে খবর। অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। 

'সুর নরম গুরুংদের, অবশেষে আলোচনা চেয়ে চিঠি মমতাকে' 

দৈনিক বর্তমান পত্রিকার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে বিমল গুরুংয়ের চিঠি নিয়ে একদিকে তোলপাড় হল রাজ্য। যেখানে গোর্খাল্যান্ডের দাবিতে অবস্থান বদল না করার কথা লিখে পাঁচ দফা শর্ত চাপালেন মোর্চা সুপ্রিমো।

অন্যদিকে, নবান্ন সূত্রে খবর, আগামী ২৯ আগস্ট সর্বদল বৈঠকে অংশ নিতে চেয়ে মোর্চা নেতা বিনয় তামাং একটি চিঠি দিয়েছেন রাজ্য সরকারকে। অর্থাৎ, মমতার ডাকে সাড়া দিল মোর্চা।  

'হিন্দি ভারতের রাষ্ট্রীয় ভাষা নয়', দাবি মুখ্যমন্ত্রীর

‘হিন্দি কখনও আমাদের রাষ্ট্রীয় ভাষা হতে পারে না’। তাই দেশের সব মানুষের ওপর হিন্দি ভাষা কখনও চাপিয়ে দেওয়াও যাবে না। একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এবার এমনই দাবি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি অভিযোগ, ভারতীয় জনতা পার্টি ‘সাম্প্রদায়িক’। বিজেপি ভারতের ভারতের সাম্প্রদায়িক ঐক্য নষ্ট করছে বলেও অভিযোগ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

তিন তালাক বৈধ, সুপ্রিম রায়ের বিরুদ্ধে তর্জন মৌলানা মাদানির

সংবাদ প্রতিদিন লিখেছে,  সুপ্রিম কোর্টের রায়ে তিন তালাক প্রথা উঠে যাওয়ায় খুশির হওয়া দেশ জুড়ে। তবে মহিলাদের শৃঙ্খলমুক্ত করতে এখনও নারাজ বেশ কিছু মুসলিম সংগঠন। সাংবিধানিক অধিকারকে শিকেয় তুলে এবার খোদ শীর্ষ আদালতের রায়ের তীব্র বিরোধিতা করল ইসলামিক সংগঠন ‘জমিয়ত উলেমা-ই-হিন্দ’।

সুপ্রিম কোর্টের রায়ে তীব্র আপত্তি জানিয়ে সংগঠনটির দাবি, প্রায় দেড় হাজার বছর থেকে ইসলামে বিশেষ করে সুন্নি মুসলমানদের মধ্যে তিন তালাক প্রথার চল রয়েছে। শীর্ষ আদালতের রায় শরিয়ত আইনের পরিপন্থী। শুধু মাত্র তাই নয়, প্রকাশ্যে আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়েছেন সংগঠনটির প্রধান মৌলানা মাহমুদ মাদানি।

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫