সেপ্টেম্বর ০৩, ২০১৭ ১৩:৩৫ Asia/Dhaka

প্রিয় পাঠক / শ্রোতা ! ঈদ মোাবরক। ৩ সেপ্টেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ এবং ভারতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ পত্রিকা প্রকাশিত হয় নি। তাই অনলাইন সংস্করণের শিরোনাম দিয়েই সাজিয়েছি আজকের কথাবার্তা।

প্রথমেই যথারীতি ঢাকার বাংলা দৈনিকগুলোর অনলাইন শিরোনাম:

  • বাংলাদেশে আট দিনে ৬০ হাজার রোহিঙ্গা: প্রথম আলো
  • বিদ্রোহীদের ধরতে ‘রোহিঙ্গাদের’ সহায়তা চায় সেনাবাহিনী:ইত্তেফাক
  • শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে: কালের কণ্ঠ
  • জনগণের সংগ্রামী ঐক্য দুঃশাসনকে মোকাবিলা করবে: বাংলাদেশ প্রতিদিন
  • আগস্টে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ১০টি : অধিকার

কোলকাতার বাংলা দৈনিকগুলোর কয়েকটি উল্লেখযোগ্য শিরোনাম:

  • রেলে পীযূষ,প্রতিরক্ষার দায়িত্বে নির্মলা,নতুন মন্ত্রী ৯ জন:আনন্দবাজারপত্রিকা
  • পুলিশের উপর টানা গুলির সুযোগ নিয়ে পলাতক গুরুং,মোর্চা প্রধানকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলা-সিকিম সংঘাত চরমে: বর্তমান
  • ‘‌বিজেপি–র রদবদল, এনডিএ–র নয়: আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন,বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

বাংলাদেশে আট দিনে ৬০ হাজার রোহিঙ্গা:প্রথম আলো

রোহিঙ্গা জনপদ

এই শিরোনামে পত্রিকাটি লিখেছে, বাংলাদেশে গত আট দিনে মিয়ানমার থেকে প্রায় ৬০ হাজার শরণার্থী এসেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর শনিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এসব শরণার্থীর মধ্যে প্রায় সবাই রোহিঙ্গা মুসলিম বলে জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। মিয়ানমারে রাখাইন রাজ্যে অব্যাহত সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে এসব মানুষ পালিয়ে এসেছে বলে জানায় ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভয়ান ট্যান বলেন, এ পর্যন্ত মিয়ানমার থেকে আসা মানুষের আনুমানিক সংখ্যা ৫৮ হাজার ৬০০। এ সংখ্যা ক্রমে বাড়ছেই।

ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে শনিবার রাতে বলেন, ‘আমরা যে সংখ্যা বলছি, তা অনুমিত। সীমান্ত এলাকায় কাজ করা বিভিন্ন দাতা সংস্থার কাছে থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।’

গত ৩১ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সীমান্তবর্তী কয়েকটি চৌকিতে হামলার ঘটনা ঘটে। সীমান্তরক্ষী বাহিনীর চৌকি পুড়িয়ে দেওয়া হয়। ওই দিনই জাতিসংঘের সাবেক মহাসচিব এক তদন্ত প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনে রোহিঙ্গাদের পৃথক জাতিসত্তার স্বীকৃতি দেওয়ার জন্য সুপারিশ করা হয়।

বিদ্রোহীদের ধরতে ‘রোহিঙ্গাদের’ সহায়তা চায় সেনাবাহিনী: ইত্তেফাক এই শিরোনামে বিস্তারিত খবরে লিখেছে, বিচ্ছন্নতাবাদী সংগঠন মিয়ানমার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যদের ধরিয়ে দিতে স্থানীয় মুসলিমদের সহযোগিতা চায় মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার এর বরাত দিয়ে রয়টার্স এ সংবাদ দিয়েছে। 

মিয়ানমার সেনাবাহিনীর চেক পোস্টে সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার প্রেক্ষিতে রাখাইন রাজ্যে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ পর্যন্ত সেই অভিযানে কয়েক শ’ নিরস্ত্র জনগণের হত্যার অভিযোগ ওঠেছে। আর গত ৮ দিনে অভিযান চলাকালে ৬০ হাজারের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে প্রবেশ করেছে। নাফ নদীতে নৌকাডুবিতেও বহু রোহিঙ্গা মারা গেছেন।

এ অবস্থায় বিদ্রোহীদের ধরিয়ে দিতে স্থানীয় মুসলিম জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে মংডু শহরে মাইকিং করা হয় বলে রাষ্ট্রনিয়ন্ত্রিত এই পত্রিকাটি জানায়। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘বিদ্রোহীদের দমনে গ্রামে নিরাপত্তা বাহিনী প্রবেশ করলে স্থানীয়দের উসকানিমূলক আচরণ বা অস্ত্র প্রদর্শন থেকে বিরত থাকতে বলা হয়েছে।’ রাখাইনের উত্তরাঞ্চলে মুঙ্গনিতে গ্রামবাসী দুজন এআরএসএ সদস্যকে ধরে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়ার তথ্যও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শেখ হাসিনার সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে':

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

কালের কণ্ঠ আরও জানিয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারই আগামী নির্বাচনে সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের ঘোষণা দিয়ে দলটির নেতা চলে গেছেন লন্ডনে টেমস নদীর তীরে। এ বছর না ঐ বছর আন্দোলন হবে করে দুই ঈদ পার হয়ে গেলো, কিন্তু বিএনপি এখনো আন্দোলনে যেতে পারেনি। 

মন্ত্রী আজ সকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে এএইচসি সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৯৯০ থেকে ২০১৭ ব্যাচ এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন।

'জনগণের সংগ্রামী ঐক্য দুঃশাসনকে মোকাবিলা করবে: বাংলাদেশ প্রতিদিন আরও লিখেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, আওয়ামী লীগ নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে বৃথা আস্ফালন করছে। আওয়ামী লীগ চেষ্টা করলেও ভুক্তভোগী জনগণ সব কিছুই নথিভুক্ত রেখেছে। জনগণের সংগ্রামী ঐক্য দুঃশাসনকে মোকাবিলা করতে এগিয়ে আসছে।  রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে চালের দাম ১৬ টাকা থেকে বাড়তে বাড়তে ৫০ টাকা হয়েছে। গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। নিত্যপণ্যসহ সব পণ্যের দাম বেড়েছে।

তিনি বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে যেসব পর্যবেক্ষণ দেওয়া হয়েছে তাতে সরকারের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী নেতারা ও সাবেক দুইজন বিচারপতি বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের ভাবম‍ূর্তি ক্ষুন্ন করেছেন।

আগস্টে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ১০টি : অধিকার

নয়াদিগন্ত লিখেছে,মানবাধিকার সংস্থা অধিকার জানিয়েছে, গত আগস্ট মাসে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১০ জন। অধিকার জানিয়েছে, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী অগাস্ট মাসে রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে ৪ জন নিহত ও ২৫৫ জন আহত হয়েছেন। এই মাসে আওয়ামী লীগের ২৩ টি ও বিএনপি’র ২ টি অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।

অধিকারের প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে বলা হয়েছে

১. অধিকার এর তথ্য মতে ২০১৭ সালের অগাস্ট মাসে ১০ জন ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

২. ভিকটিম পরিবারগুলো অভিযোগ করে আসছে যে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাঁদের স্বজনদের গুলি করে হত্যা করে তা ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’ বা ‘গানফাইট’ নামে চালিয়ে দিয়েছে।

শ্রোতাবন্ধুরা! বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোর কয়েকটি বিশেষ খবরের বিস্তারিত তুলে ধরছি:

রেলে পীযূষ,প্রতিরক্ষার দায়িত্বে নির্মলা,নতুন মন্ত্রী ৯ জন:আনন্দবাজারপত্রিকা

নির্মলা সীতারমন ও পীষূষ গয়াল

প্রতিরক্ষা মন্ত্রী হলেন নির্মলা সীতারমন। ইন্দিরা গাঁধীর পর দ্বিতীয় কোনও মহিলা প্রতিরক্ষা মন্ত্রী হলেন এ দেশে।

মনোহর পারিক্কর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য প্রতিরক্ষা মন্ত্রক থেকে পদত্যাগ করেছিলেন। তার পর থেকে অর্থ মন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকেরও দায়িত্ব ছিল অরুণ জেটলির কাঁধে।

সুরেশ প্রভুকে সরিয়ে নতুন রেলমন্ত্রী পীযূষ গয়াল। কয়লামন্ত্রকও থাকছে গয়ালের হাতে।

সুরেশ প্রভু হলেন বাণিজ্য মন্ত্রী।

নতুন ক্রীড়া মন্ত্রী হলেন রাজ্যবর্ধন সিংহ রাঠোর।

নীতীন গডকড়ী পেলেন নদী উন্নয়ন, গঙ্গা পুনরুজ্জীবনের দায়িত্ব।

কে জে অ্যালফোন্স স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পর্যটনমন্ত্রী হলেন।

শপথ নিলেন কেরলের প্রাক্তন আইএএস অফিসার কে জে অ্যালফোন্স।

শপথ নিলেন সত্যপাল সিংহ।ইনি উত্তরপ্রদেশের বাগপতের সাংসদ।

শপথ নিলেন রাজস্থানের জোধপুরের সাংসদ গজেন্দ্র শেখাওয়াত।

পুলিশের উপর টানা গুলির সুযোগ নিয়ে পলাতক গুরুং,মোর্চা প্রধানকে আশ্রয় দেওয়া নিয়ে বাংলা-সিকিম সংঘাত চরমে: বর্তমান

মোর্চা প্রধান বিমল গুরুং

‘গোপন ডেরা’ নামচির রিসর্টে পুলিশি অভিযানের সময় মোর্চা প্রধান বিমল গুরুংকে পালাতে সাহায্য করতে শুক্রবার দুপুরে লাগাতার ‘কভার ফায়ার’ করেছে তাঁর শাগরেদরা। স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে ছোঁড়া হয়েছিল ওই গুলি। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রিসর্টের ২০০ মিটার আগে থেকেই নাগাড়ে গুলি চালিয়েছে মোর্চা প্রধানের নিরাপত্তায় নিয়োজিত গোর্খা লিবারেশন আর্মির ভাড়াটে জঙ্গিরা। গোয়েন্দারা বলছেন, রক্ষীদের যে কোর গ্রুপ গুরুংকে গতকাল ঘিরে রেখেছিল, তার নেতৃত্বে ছিল নবীন মুখিয়া ও দাওয়া লামা। গুরুংয়ের সঙ্গেই পালিয়েছে ওই দু’জন। দাওয়ার বিরুদ্ধে পাহাড়ের সাম্প্রতিক নাশকতায় যুক্ত থাকার অভিযোগে ইউএপিএ ধারায় মামলাও রয়েছে।

‘‌বিজেপি–র রদবদল, এনডিএ–র নয়:আজকাল‌ 

এনডিএ–তে থাকলেও এবার মন্ত্রিসভার রদবদলে জায়গা হয়নি সংযুক্ত জনতা দল বা শিবসেনার। রবিবার রদবদলের পরেই এই দুই দলের পক্ষে জানানো হয়েছে, এটা বিজেপি’‌র রদবদল, এনডিএ–এর নয়। নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে শিবসেনা। অপরদিকে সংযুক্ত জনতা দলকে খোঁচা দিয়ে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব বলেছেন, রবিবার শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকাই হয়নি তাঁদের। লালুর কথায়, ‘‌যে নিজেদের লোককে ত্যাগ করে তাকে অন্যরা কেই তাকে দলে নেয় না।’‌ নীতীশ যেভাবে বিহারে মহাজোট ভেঙে বিজেপির সঙ্গে সরকার গড়েছে তাকেই নিশানা করেছেন রাজদ প্রধান।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

পার্সটুডে/নাসির মাহমুদ/৩/৫৪৯