রোহিঙ্গা এতিম শিশুদের স্মার্ট কার্ড দিচ্ছে সরকার
প্রিয় পাঠক/শ্রোতা! ২৬ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- রাখাইনের আকিয়াব ও ছিটুয়ে সেনা নির্যাতন শুরু: সীমান্তে ফের রোহিঙ্গা ঢল- দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা এতিম শিশুদের স্মার্ট কার্ড দিচ্ছে সরকার- দৈনিক ইত্তেফাক
- মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে : এইচআরডব্লিউ- দৈনিক সমকাল
- শরণার্থী মর্যাদা এখনই পাচ্ছে না রোহিঙ্গারা- দৈনিক যায়যায়দিন
- মিয়ানমারের ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক- দৈনিক ইনকিলাব
- চরম সংকটেও খালেদা দেশের বাইরে: কাদের- দৈনিক প্রথম আলো
- প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার শুনে মানুষ বাক্যহারা: বিএনপি- দৈনিক সমকাল
- বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৮৭ পয়সা বাড়ানোর প্রস্তাব বিউবো’র- দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- পাকিস্তানে সত্যিই সন্ত্রাস রয়েছে, সুষমাকে খোঁচা দিয়েও মেনে নিল চিন- দৈনিক আনন্দবাজার
- মুকুল দল ছাড়ার ঘোষণা করতেই ৬ বছর সাসপেন্ড- দৈনিক বর্তমান
- পাক অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে কবরে, কড়া হুঁশিয়ারি রাওয়াতের- দৈনিক সংবাদ প্রতিদিন
- রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের পর্দা ফাঁস- দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
রাখাইনের আকিয়াব ও ছিটুয়ে সেনা নির্যাতন শুরু: সীমান্তে ফের রোহিঙ্গা ঢল- দৈনিক যুগান্তর

মিয়ানমারের বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নেমেছে। মাঝে কয়েকদিন রোহিঙ্গা স্রোত কমলেও গত দু’দিনে হঠাৎ করেই বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ বেড়েছে। নতুন করে রাখাইনের রাজধানী আকিয়াব ও ছিটুয়ে অঞ্চলে শুক্রবার থেকে তল্লাশির নামে রোহিঙ্গা নির্যাতন শুরু হওয়ায় ওই সব অঞ্চলের রোহিঙ্গারা বাংলাদেশের উদ্দেশে পাড়ি জমাচ্ছেন। তাদের কেউ কেউ শনিবার রাতেই সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। আবার কেউ কেউ সীমান্তে সুযোগের অপেক্ষা করছেন। টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এবং এখানকার নোম্যান্স ল্যান্ডেও অবস্থান নিয়েছেন অনেকে। আন্তর্জাতিক নানা চাপ ও নিন্দা উপেক্ষা করে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া বা তাদের নির্যাতন বন্ধ করার পরিবর্তে নতুন এলাকায় নির্যাতন শুরু করেছে। সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেদ করে শনিবার ও রোববার রাতে ২২টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন। সীমান্ত পাড়ি দেয়ার জন্য নতুন করে কয়েক হাজার রোহিঙ্গা পরিবার মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে জড়ো হয়েছে।
রোহিঙ্গা এতিম শিশুদের স্মার্ট কার্ড দিচ্ছে সরকার- দৈনিক ইত্তেফাক

রোহিঙ্গা এতিম শিশুদেরকে আধুনিক স্মার্ট কার্ড দিচ্ছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এরই মধ্যে এই স্মাট কার্ড দেয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাদের স্মার্ড কার্ড দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, এতিম রোহিঙ্গা শিশুদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে। এখন পর্যন্ত দুই হাজার শিশুর তালিকা করা হয়েছে। বাকিদের তালিকা আগামী সাত দিনের মধ্যে করা হবে বলে আশা করছি।
তিনি বলেন, শূন্য থেকে ১৮ বছর বয়সি শিশুদের দুই ভাগে বিভক্ত করে তালিকা তৈরির পাশাপাশি তাদের স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। যাতে তাদের আলাদাভাবে চিহ্নিত করে আলাদা ক্যাম্পে রাখা যায় এবং তাদের আলাদাভাবে থাকা, খাওয়াসহ ভালোভাবে সেবা যত্ন করতে পারি।
মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে : এইচআরডব্লিউ- দৈনিক নয়াদিগন্ত

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর ‘মানবতাবিরোধী অপরাধ’ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা, নিপীড়ন, ধর্ষণ, বলপ্রয়োগে উচ্ছেদের মতো মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে।
প্রতিবেদনে আরো বলা হয়, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিয়ানমারের সেনাবাহিনী গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনী যে নিপীড়ন চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের আওতায় মানবতাবিরোধী অপরাধের শামিল। সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধ সঙ্ঘটনের ক্ষেত্রগুলো হলো: ক) কোনো জনগোষ্ঠীকে স্থানান্তরিত ও বাস্তুচ্যুত হতে বাধ্য করা, খ) হত্যা, গ) ধর্ষণ ও অন্যান্য যৌন সন্ত্রাস এবং ঘ) আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম স্ট্যাচু’র বিবেচনায় নিপীড়নমূলক কর্মকাণ্ড করা।
শরণার্থী মর্যাদা এখনই পাচ্ছে না রোহিঙ্গারা- দৈনিক যায়যায়দিন

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তাদের শরণার্থী মর্যাদা এখনই দিচ্ছে না বাংলাদেশ সরকার।
সোমবার ঢাকায় সচিবালয়ে জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠকের পর সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল সাংবাদিকদের বলেন, 'এখন পর্যন্ত বলা হচ্ছে এরা অনুপ্রবেশকারী। কারণ এটা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হবে, এই আলোচনার পর যদি দেখা যায় এটা দীর্ঘমেয়াদি হয়, তখনই বিষয়টি বিবেচনায় আসবে। এখনই আসার সময় হয়নি।'
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গাদের আশ্রয়ের পাশাপাশি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। হিঙ্গাদের শরণার্থী মর্যাদা দেওয়া হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, 'এটা সময়ের ব্যাপার। এই যে আসছে এতগুলো লোক, আমরা কি তাদের সময় অনেক কিছু বলে দেবে, আমরা আপনাদের সাহায্য-সহযোগিতা চাই।'
মিয়ানমারের ইস্যুতে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের বৈঠক- দৈনিক ইনকিলাব

মিয়ানমারের চলা সহিংসতা নিয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে কথা বলবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। কূটনীতিকেরা এই বৈঠকের কথা জানিয়েছেন আজ। খবর এএফপির।
যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অন্য চার সদস্য রাষ্ট্রের অনুরোধে বৃহস্পতিবারের বৈঠক হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে গত আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার পর সেনা অভিযান শুরু হলে এখন পর্যন্ত ৪ লাখ ৩০ হাজার মানুষ পালিয়ে বাংলাদেশে এসেছে। এদের প্রায় সবাই সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম। জাতিসংঘ রাখাইনে চলা এই সেনা অভিযানকে ‘জাতিগত নিধন’ বলে দাবি করেছে। গত সপ্তাহে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এই অভিযানকে ‘গণহত্যা নামে অভিহিত করেন।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী আর চার সদস্য রাষ্ট্র মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেনও আগামী বৈঠকের অনুরোধ জানায়। এর আগে নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকের পর মিয়ানমারে সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানায়।
চরম সংকটেও খালেদা দেশের বাইরে: কাদের- দৈনিক প্রথম আলো

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে দেশ এখন চরম সংকটে রয়েছে। দেশের এই সংকট মুহূর্তেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে বসে আছেন। এক মাস পর আসবেন, দুই মাস পর আসবেন বলে তারিখ দিচ্ছেন, কিন্তু আসছেন না। কেন আসছেন না, দেশের মানুষের হয়ে তিনি সেই প্রশ্ন করেন তাঁর উদ্দেশে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরের গোলদীঘির পাড়ে ইন্দ্রসেন দুর্গাবাড়ি মন্দিরে দুর্গোৎসবের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে রোহিঙ্গাদের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখা ও তাদের মানবিক আশ্রয় দেওয়ায় পুরো পৃথিবী শেখ হাসিনা সরকারের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু বিএনপিই একমাত্র দল, যারা সমালোচনা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে রোহিঙ্গাদের বাস্তব পরিস্থিতি দেখতে তাঁরা উখিয়া-টেকনাফে আসেন না। শুধু ঢাকায় বসে অন্ধকারে ঢিল ছোড়েন।
প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার শুনে মানুষ বাক্যহারা: বিএনপি- দৈনিক সমকাল

দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে 'ভয়েস অব আমেরিকায়' প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার শুনে দেশের মানুষ বিস্ময়ে বাক্যহারা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা শুধু নিজ দেশবাসীর কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও এটি হাস্যকর ও ধাপ্পাবাজিমূলক বক্তব্য বলে মানুষ গণ্য করেছে।' বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই ধরনের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।
বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৮৭ পয়সা বাড়ানোর প্রস্তাব বিউবো’র- দৈনিক মানবজমিন

পাইকারি বিদ্যুতের দাম ৮৭ পয়সা (ইউনিট) হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। অন্যদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি প্রস্তাব পর্যালোচনা করে ৫৭ পয়সা অর্থাৎ ১১ দশমিক ৭৮ বৃদ্ধির সুপারিশ করেছে। সোমবার সকালে কাওরান বাজারের টিসিবি মিলনায়তনে বিউবোর দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি শুরু হয়। গণশুনানিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসি’র চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান ও আজিজ খান, পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ প্রমুখ। শুনানিতে অংশ নিয়ে ভোক্তা অধিকার সংগঠনের কর্মকর্তারা দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন। তারা বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি দূর করতে পারলে দাম বাড়ানোর পরিবর্তে বিদ্যুতের দাম আরো কমানো যাবে। দাম বাড়ানোর প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
পাকিস্তানে সত্যিই সন্ত্রাস রয়েছে, সুষমাকে খোঁচা দিয়েও মেনে নিল চিন- দৈনিক আনন্দবাজার

পাকিস্তানে সত্যিই সন্ত্রাসের রমরমা, অবশেষে স্বীকার করল চিন। সরকারি বিবৃতিতে না হলেও চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে স্বীকার করা হল এ কথা। গ্লোবাল টাইমসে প্রকাশিত সম্পাদকীয় প্রতিবেদনে মঙ্গলবার লেখা হয়েছে, ‘‘পাকিস্তানে সত্যিই সন্ত্রাস রয়েছে।’’ কিন্তু পাকিস্তান গোটা বিশ্বে সন্ত্রাস রফতানি করে বলে যে অভিযোগ ভারত রাষ্ট্রপুঞ্জে করেছে, তার তীব্র বিরোধিতা করা হয়েছে গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে।
রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদে ২৩ সেপ্টেম্বর ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যে ভাষণ দিয়েছেন, মূলত তার সমালোচনা করেই গ্লোবাল টাইমসে এই সম্পাদকীয়টি প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জে দেওয়া ভাষণে সন্ত্রাস ইস্যুতে সুষমা তীব্র আক্রমণ করেন পাকিস্তানকে। একই সঙ্গে স্বাধীন হয়েছিল দুই দেশ, কিন্তু ভারত গোটা বিশ্বে এখন তথ্য-প্রযুক্তির ‘সুপার পাওয়ার’ আর পাকিস্তান গোটা বিশ্বে সন্ত্রাসের সবচেয়ে বড় রফতানিকারী— এ ভাবেই সুষমা কটাক্ষ করেন পাকিস্তানকে।
মুকুল দল ছাড়ার ঘোষণা করতেই ৬ বছর সাসপেন্ড- দৈনিক বর্তমান

সংগঠন ও সংসদীয় পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ছ’বছরের জন্য সাসপেন্ড করা হল মুকুল রায়কে। সোমবার দুপুরে তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদিত এই সাসপেনশনের সিদ্ধান্ত ঘোষণা করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তাঁর পাশে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় ও সুব্রত বকসি। তবে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও মুকুলকে ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসান হল না। এদিন সকালে নিজাম প্যালেসে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে দলের ওয়ার্কিং কমিটির সদস্যপদ ও রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেও, কেন এই সিদ্ধান্ত—তা খোলসা করেননি মুকুল রায়। তৃণমূল অবশ্য তাঁকে বিজেপি সংশ্রব এবং দলে অন্তর্ঘাতের চেষ্টা চালানোর অভিযোগে অভিযুক্ত করেছে।
পাক অনুপ্রবেশকারীদের ঠাঁই হবে কবরে, কড়া হুঁশিয়ারি রাওয়াতের- দৈনিক সংবাদ প্রতিদিন

পাকিস্তানি অনুপ্রবেশকারীদের মেরে মাটির নিচে পুঁতে দেওয়া হবে। এভাবেই হাড় হিম করা হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি লংঘন ও জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সোমবার কড়া ভাষায় পাকিস্তানকে হুমকি দিলেন তিনি।
অনুপ্রবেশ ও সন্ত্রাসবাদ নিয়ে সেনাকে ‘অল আউট’ অভিযানের স্বাধীনতা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তা রাওয়াতের বয়ানেই স্পষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন জঙ্গিদের হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত থাকেননি সেনাপ্রধান রাওয়াত। প্রয়োজনে পাকিস্তানের মাটিতে আরও সার্জিকাল স্ট্রাইকের ইঙ্গিতও দিয়েছেন সেনাপ্রধান। তাঁর বক্তব্য, “যতদিন পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদের কারখান চলবে ততদিন জঙ্গিদের অনুপ্রবেশ বন্ধ হবে না। তবে আমরা তৈরি। ওদের স্বাগত জানিয়ে মাটির আড়াই হাত নিচে পৌঁছে দিতে তৈরি ভারতীয় সেনা। ”
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের পর্দা ফাঁস- দৈনিক আজকাল

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের পর্দা ফাঁস করল ভারত। শনিবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী সদস্য মালিহা লোধি এক তরুণীর গুলিতে জখম মুখের ছবি দেখিয়ে কাশ্মীরীদের উপর ভারতীয় সেনাবাহিনীর অত্যাচারের অভিযোগ তুলেছিলেন। সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ৭২তম অধিবেশনে তার যোগ্য জবাব দিলেন ভারতীয় কূটনীতিক পৌলমী ত্রিপাঠী। তিনি বলেন, সন্ত্রাসের আঁতুরঘর হিসেবে বিশেষ ভূমিকাপ্রাপ্ত পাকিস্তান বিশ্ববাসীর নজর ঘোরাতেই ভুল তথ্য দিয়েছিল অধিবেশনে। যাঁর ছবি মালিহা দেখিয়েছিলেন, সেই তরুণী প্যালেস্তিনীয়, নাম রাওয়া আবু জোমা। ২০১৪ সালের ২২ জুলাই ছবিটি তুলেছিলেন মার্কিন চিত্র সাংবাদিক হেইডি লেভিন। ছবিটি ২০১৫ সালের ২৪ মার্চ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল। ছবির ক্যাপশন ছিল— কনফ্লিক্ট। কারেজ অ্যান্ড হিলিং ইন গাজা। গাজায় নিরীহ বাসিন্দাদের উপর অত্যাচারের ছবিকে কাশ্মীরীদের উপর সেনার অত্যাচারের ছবি বলে দেখিয়ে ভারতের ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে নষ্ট করার চেষ্টা করেছিল পাকিস্তান। অভিযোগ করেন ভারতীয় কূটনীতিক।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬