সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১৫:৪৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/ শ্রোতা! ৩০ সেপ্টেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি.... । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • নির্বিঘ্নে আশুরা পালনের প্রস্তুতি সম্পন্ন: মেয়র খোকন- দৈনিক কালের কন্ঠ
  • বসানো হলো পদ্মা সেতুর প্রথম স্প্যান-দৈনিক মানবজমিন
  • ষড়যন্ত্রের কালো মেঘ কেটে গেছে: কাদের-দৈনিক প্রথম আলো
  • কূটনৈতিকভাবে সরকার এতিম : বিএনপি নেতা ড. মোশাররফ
  • উগ্রবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: প্রেসিডেন্ট- দৈনিক ইনকিলাব
  • জাতিসংঘ ব্যর্থ-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • বিসর্জন থেকেই নতুন বোধনের প্রস্তুতি রাজ্য রাজনীতিতে-দৈনিক আনন্দবাজার
  • মণ্ডপ থেকে একান্নটি শাড়ি চুরি, ধৃত যুবক- দৈনিক প্রতিদিন
  • চাকরি পেত না জেটলি, কটাক্ষ যশবন্তের- দৈনিক আজকাল
  • যশোবন্তকে পাল্টা তোপ জেটলির- দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

নির্বিঘ্নে আশুরা পালনের প্রস্তুতি সম্পন্ন: মেয়র খোকন- দৈনিক কালের কন্ঠ

সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্নে পবিত্র আশুরা পালনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ শনিবার পুরান ঢাকার হোসেনী দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।  মেয়র বলেন, সবাই যেন নির্বিঘ্নে আশুরা পালন করতে পারেন, সে জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বসানো হলো পদ্মা সেতুর প্রথম স্প্যান-দৈনিক মানবজমিন

পদ্মা সেতুর খুটির উপর প্রথম স্প্যান বসানো হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে সেতুর জাজিরা প্রান্তে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সেতু বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের উপস্থিতিতে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির উপর স্প্যানটি বসানো হয়। এর মাধ্যমে পদ্মা সেতু এখন দৃশ্যমান হয়েছে। সেতু বিভাগ জানায়, ১৫০ মিটার দৈর্ঘ্যরে ও ৩ হাজার ২০০ টন ওজনের স্প্যানটি ৪ হাজার টন ক্ষমতার একটি ক্রেনে তোলা হয় গত রোববার। এরপর মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনটি চালিয়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে সময় লাগে দুই দিন। পরে গতকাল সন্ধ্যায় এটি ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির কাছে নিয়ে ক্রেনের মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়। আজ সকালে বাকি আনুষঙ্গিক কাজ সেরে ক্রেন আর প্রযুক্তির সাহায্যে স্প্যানটি বসানো হয়।

ষড়যন্ত্রের কালো মেঘ কেটে গেছে: কাদের-দৈনিক প্রথম আলো

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে ষড়যন্ত্রের কালো মেঘ কেটে গেছে। এই স্প্যান বসানোর মধ্য দিয়ে আকাশ পরিস্কার হলো। আজ শনিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর প্রথম স্প্যানটি বসানো হয়। এ সময় সেখানে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে সব মিলিয়ে ৪৭ দশমিক ৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

কূটনৈতিকভাবে সরকার এতিম : মোশাররফ- দৈনিক নয়াদিগন্ত

ড. মোশাররফ

আগামীতে প্রহসনের নির্বাচন করতে দেয়া হবে না মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈকিভাবে এতিম হয়ে পড়েছে। আজকে বাংলাদেশে জনগণের সরকার ক্ষমতায় থাকলে কূটনৈতিক কর্মকান্ড এমনভাবে করতো যাতে মিয়ানমার বাধ্য হতো রোহিঙ্গাদের ফেরত নিতে। কিন্তু আমাদের দুর্ভাগ্য ক্ষমতাসীন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাদের সাথে জনগণও নেই বিশ্বও নেই। তবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারই পারবে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করতে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ যদি সঠিকভাবে কূটনৈতিক তৎপরতা চালাতো তবে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে এত বড় গণহত্যা চালানো সম্ভব হতো না। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই এত বড় রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে বাধ্য হয়েছে। 

উগ্রবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান: প্রেসিডেন্ট- দৈনিক ইনকিলাব

ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। আজ শনিবার দুর্গাপুজা উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ারও আহ্বান জানান তিনি।

ধর্মীয় উগ্রবাদ বর্তমানে বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন, কোনো ধর্মই সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদকে সমর্থন করে না। উগ্রবাদ অসহিষ্ণুতার জন্ম দেয়। সামাজিক শৃঙ্খলা বাধাগ্রস্ত করে। তাই ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে আমাদের সামগ্রিক অগ্রযাত্রায়। শারদীয় দুর্গোৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধন হোক আরো সুসংহত, বিশ্ব মানবতার জয় হোক- এ কামনা করি।

দেশে নির্যাতনের শিকার ৫৭ শতাংশ শিশুশ্রমিক- দৈনিক ইত্তেফাক

দরিদ্র শিশুদের মধ্যে অর্ধেকের বেশি শিশু শ্রমের সঙ্গে জড়িত। তারা তাদের অধিকার সম্পর্কে জানে না। ফলে কাজ করতে এসে প্রতিনিয়ত নির্যাতনে শিকার হয়। সেই নির্যাতন একেক সময় এমন পর্যায়ে পৌঁছায় যে, শিশুরা মৃত্যু মুখে পতিত হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান নিলসেন কোম্পানির, বাংলাদেশ শাখার এক গবেষণায় দেখা গেছে, শিশু শ্রমিকদের শতকরা ৫৭ ভাগ নির্যাতনের শিকার। তারা ১১ বছর বয়স থেকেই বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। তাদের শতকরা ৭৯ ভাগ প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হওয়ার আগেই ঝরে পড়ে। ‘বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক খাতে শিশু শ্রম পরিস্থিতি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। অভিভাবকসহ সমাজ-রাষ্ট্র-পরিবার সবার দায়িত্ব, শিশুদের অধিকার রক্ষা করার কথা থাকলেও কেউই সেটা করতে পারছে না। ফলে শিশুরা প্রতিনিয়ত মার খাচ্ছে, রক্তাক্ত হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা নির্মম হত্যার শিকার হচ্ছে। যার দুই একটি ঘটনা গণমাধ্যমের কারণে প্রকাশিত হচ্ছে। আর এ ধরনের বেশিরভাগ ঘটনাই থেকে যাচ্ছে অগোচরে। দারিদ্রের কারণে দেশের কয়েক লাখ শিশু বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে বাধ্য হচ্ছে। এরা কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য মতে, ২০১৭ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাত্র ৮ মাসে ২২২ শিশুকে হত্যা করা হয়েছে। এরমধ্যে ৩৬টি শিশুকে নির্যাতন করা হয়েছে যাদের অধিকাংশই দরিদ্র শ্রমজীবী শিশু।

জাতিসংঘ ব্যর্থ- দৈনিক সমকাল

দৈনিক সমকালের এ সংক্রান্ত বিশ্লেষণে বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর ভূমিকায় বিশ্ববাসী বিস্ট্মিত হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে তারা দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মিয়ানমার সরকার আরও আশকারা পাওয়ার আশঙ্কা রয়েছে। 'উত্তর কোরিয়া মানবতাবিরোধী অপরাধ করতে পারে'- এই ধারণার ওপর জাতিসংঘের বড় দেশগুলো অবরোধ দিচ্ছে, হুমকি-ধমকিসহ বিভিম্ন ধরনের পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। কিন্তু মিয়ানমার সরকার গণহত্যা চালিয়ে যাচ্ছে। পুরো একটি জাতিগোষ্ঠীকে তাদের বসতভিটা থেকে নির্মূলের কাজ প্রায় সম্পম্ন করে ফেলছে। সেখানে মানবতাবিরোধী অপরাধ ঘটেছে। অথচ এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পদক্ষেপ খুবই অপ্রতুল। 
নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের কথা বলেছেন। মিয়ানমার সরকারকে এই সুপারিশ বাস্তবায়নে কীভাবে বাধ্য করা যায়, সে ব্যাপারে কিছুই বলেননি। এমনকি দেশটির ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে কেউ প্রস্তাবও করেনি। যুক্তরাষ্ট্র দেশটিকে সব ধরনের অস্ত্র সরবরাহ স্থগিত রাখার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে। এই পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। 

সড়ক দুর্ঘটনার দু'টি খবর আজকের পত্রপত্রিকায় গুরুত্ব পেয়েছে। এর একটির শিরোনাম- রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত। অপরটির শিরোনাম হচ্ছে- রংপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ২। প্রতিদিনই বাংলাদেশসহ গোটা বিশ্বে সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে বহু মানুষ। একটু সতর্ক হলেই যেসব মৃত্যু এড়ানো যেতো।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

বিসর্জন থেকেই নতুন বোধনের প্রস্তুতি রাজ্য রাজনীতিতে-দৈনিক আনন্দবাজার

শারদ উৎসবে রাজনীতির ভূমিকা ঠিক কতটা? উত্তর পেতে বেশি দূর যেতে হবে না। শহর কলকাতা তো বটেই, রাজ্যের বেশির ভাগ পুজোর অন্যতম উদ্যোক্তাদের নাম একটু খেয়াল করলেই জবাবটা মিলে যাবে হাতেগরম। কারণ, তাঁদের অনেকেই কোনও না কোনও রাজনৈতিক দলের সদস্য। তাতে যেমন চুনোপুঁটিও আছেন, তেমন আছেন রাঘব বোয়ালও। আর বিষয়টিকে বাঙালি নেতিবাচক ভাবে তো নয়ই, বরং অনেক অনেক গুণ ইতিবাচক ভাবে দেখে এসেছে।

খুঁটি পুজো থেকে শুরু। এই সব নেতাদের অনেকেই পুজোর সঙ্গে এমন ভাবে জড়িয়ে থাকেন যে, দলের ভীষণ প্রয়োজনীয় কাজ ছাড়া পাড়া ছেড়ে বেরনোর কথা ভাবতেই পারেন না। পুরোটা তো তাঁরই নখদর্পণে। দশমী পেরিয়ে গেলেও উৎসবের সেই ঘোর থেকে বেরনো তাঁদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ে। আর এই গোটা সময়টা জুড়ে রাজনীতির কথা সেই অর্থে মুখেও আনেন না তাঁরা। কিন্তু উৎসবের আবহে কি হাল্কা ভাবেই তাঁরা মিশিয়ে দেন না, রাজনীতির ‘সুবাস’?

মণ্ডপ থেকে একান্নটি শাড়ি চুরি, ধৃত যুবক- দৈনিক প্রতিদিন

দুর্গাপুজোর মণ্ডপ থেকে কলাবউয়ের শাড়ি সহ মোট ৫১টি শাড়ি চুরির ঘটনা ঘটেছে ব্যান্ডেলের সাহেববাগান এলাকার মানসপুর দুর্গাপুজো কমিটির পুজোয়। পুজো এবার ৫৩ বছরে পা দিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনার কথা মনে করতে পারছেন না এলাকায় বয়োবৃদ্ধরাও। ঘটনায় বিস্মিত এলাকার সকলেই। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে। ধৃতের নাম তারক মোদক। বৃহস্পতিবার রাতে তাকে মণ্ডপের পাশে বেশ কিছুক্ষণ ধরে ঘুরতে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সন্দেহ, তারক মোদকই ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ সূত্রে খবর, তারক বিষয়টি স্বীকার করে নিয়েছে। কিন্তু শাড়িগুলি সে কোথায় রেখেছে মনে করতে পারছে না বলে পুলিশকে জানিয়েছে। শাড়িগুলি কোথায় গেল তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

চাকরি পেত না জেটলি, কটাক্ষ যশবন্তের- দৈনিক আজকাল

বর্তমানের সঙ্গে প্রাক্তনীর বাকযুদ্ধ কোথায় গিয়ে থামবে তা কেউ বলতে পারছেন না। বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার নাম না করে যশোবন্ত সিংকে আশি বছরের কর্মপ্রার্থীবলে কটাক্ষ করেছিলেন। শুক্রবার যশোবন্ত বলেছেন, আমি যদি চাকরিপ্রার্থী হতাম তাহলে চাকরিটা পেতই না। শুরু হয়েছে বুধবার। ওইদিন এক সংবাদপত্রে নিবন্ধ লিখে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন যশোবন্ত। বলেছিলেন, ৪০ মাস হয়ে গেল। এবার আগের সরকারকে দোষ দেওয়া বন্ধ করে আর্থিক পরিস্থিতি নিয়ে আত্মসমালোচনা করা উচিত সরকারের। 

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০