অক্টোবর ১৫, ২০১৭ ১২:৫৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএসএফ ঠেলে দিচ্ছে কিন্তু সতর্কে বিজিবি, বিপদে রোহিঙ্গারা-দৈনিক ইত্তেফাক
  • সংসদ ভেঙে দেয়াসহ ইসিতে ২০ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি-দৈনিক ইনকিলাব
  • রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনুরোধ করব: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • প্রধান বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে দুদক: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • ব্লু হোয়েল গেমস বন্ধে নির্দেশনা চেয়ে রিট-দৈনিক যুগান্তর
  • ‘অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন না প্রধান বিচারপতি’-দৈনিক মানবজমিন
  • বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন জিয়া : সিইসি-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • সংলাপে বিএনপির অংশগ্রহণ ইতিবাচক: ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • পঞ্জাবে কংগ্রেসের বড় সাফল্য, বিপুল ভোটে জয় গুরুদাসপুর উপনির্বাচনে-আনন্দবাজার
  • জেলে বিনিদ্র রজনী কাটালেন হানিপ্রীত-দৈনিক আজকাল
  • অমিতাভর মৃত্যুর বদলা চাই, গুরুংয়ের বিরুদ্ধে ফুঁসছে পুলিশ- দৈনিক সংবাদ প্রতিদিন
  • কিশোরী ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জৈন সাধু-কোলকাতা ২৪ ডট কম অনলাইন                                                     

 

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

প্রথমেই বাংলাদেশ-বিচারপতিদের পত্রপাঠ বিদায় করা হয়েছিল-দৈনিক মানবজমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

অতীতের সামরিক সরকার এবং বিএনপি’র শাসনামলে বিচারকদের পত্রপাঠ বিদায় দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অতীতের সামরিক সরকার ও বিএনপি’র শাসনামলে বিচার বিভাগ, প্রশাসন ও সংসদ সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছিল। ৯৬ সালের পর আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেয়া বিচারকদের মধ্যে এ দিনেই ১০ জন বিচারককে পত্রপাঠ বিদায় দেয়া হয়েছিল । এভাবে একে একে সবাইকে বিদায় দেয়া হয়। পরে অবশ্য কয়েকজন রিট করে ফিরে আসেন। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। একজন প্রধান বিচারপতি এজলাসে বসে আছেন। তিনি জানেনও না তিনি নেই। সামরিক ফরমানের মাধ্যমে তাকে বিদায় দেয়া হলো।

‘অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত দায়িত্ব নিতে পারবেন না প্রধান বিচারপতি’-দৈনিক প্রথম আলো/মানবজমিন

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে ১১টি অভিযোগ উঠেছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) তার অনুসন্ধান করবে। অনুসন্ধানে সত্যতা পাওয়া গেলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন।

আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত বেঞ্চের পাঁচ বিচারক তার সঙ্গে বিচার কাজে বসবেন না বলে জানিয়েছেন। সুতরাং তিনি দেশে ফিরে দায়িত্ব গ্রহণ করতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। কারণ তিনি তো আর একা বেঞ্চ চালাতে পারবেন না।

সিনহা ঝড়-মানবজমিন

বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহা

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে রীতিমতো ঝড় বইছে আদালত ও রাজনৈতিক অঙ্গনে। ছুটি নেয়ার ১০ দিনের মাথায় দিনে দেশ ছেড়েছেন। এই ১০ দিনে তাকে ঘিরে ছিল নানা আলোচনা, বিতর্ক। পর্দার আড়ালে থাকা এসকে সিনহা এই কয়দিনে গণমাধ্যমের সামনে আসেননি একবারও। শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রথম গণমাধ্যমের সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার অসুস্থতা নিয়ে চলা বিতর্কের ইতি টেনে স্পষ্ট জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ। দেশ ছাড়ার আগে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নিজের শঙ্কার কথাও জানান এস কে সিনহা। প্রধান বিচারপতির এই বিবৃতি প্রকাশের ১৮ ঘণ্টার মাথায় সুপ্রিম কোর্টের দেয়া পাল্টা বিবৃতি ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে। বিরল এ বিবৃতিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে নৈতিক স্খলন, অর্থপাচারসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

সংলাপের পর কিছুটা আশাবাদী বিএনপি-দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনাম

ইসির সঙ্গে বিএনপির সংলাপ

নির্বাচন কমিশনের সঙ্গে পৌনে তিন ঘণ্টার সংলাপ শেষে বিএনপি আগামী নির্বাচন ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে কিছুটা আশাবাদী হয়েছে। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের খুব বেশি কিছু করার নেই। তারপরও এই সংলাপের পর বিএনপি কিছুটা আশাবাদী তো বটেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘সংলাপে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনও তাদের সীমাবদ্ধতার কথা তুলে ধরেছে। তবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন ও সহায়ক সরকারের যে দাবির কথা তাদের বলেছি, সেই ব্যাপারে কমিশন তাদের ক্ষমতার মধ্য থেকে কিছু করার চেষ্টা করবে বলে আমাদের জানিয়েছেন।’

সংলাপে বিএনপি ২০ দফা দাবি তুলে ধরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচনের জন্য সহায়ক সরকার নিশ্চিত করতে হবে, ভোটের আগে অবশ্যই সংসদ ভেঙে দিতে হবে, বিরোধী দলের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে তা প্রত্যাহার করতে হবে, গুম–খুন–হয়রানি বন্ধ করতে হবে, ই-ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার করা যাবে না, সব রাজনৈতিক দলকে এখন থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ তৈরি করে দিতে হবে, সব দলের জন্য এখন থেকে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করতে হবে, প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনের অন্তত সাত দিন আগে থেকে মোতায়েন করতে হবে, সিইসি এককভাবে সিদ্ধান্ত নিলে হবে না পুরো ইসি বসে সিদ্ধান্ত নেবে এবং ৫৭ ধারা বাতিল করতে হবে।

বিএসএফ ঠেলে দিচ্ছে কিন্তু সতর্কে বিজিবি, বিপদে রোহিঙ্গারা-দৈনিক ইত্তেফাক

শুধু অপেক্ষা বাংলাদেশে প্রবেশের। কিন্তু পারছে না। একদিকে বিএসএফ ঠেলে বাংলাদেশের দিকে অন্যদিকে বিজিবি আছে সতর্ক প্রহরায়। এ কারণেই যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ইছামতি নদীর ওপারে ২০-২৫ জন রোহিঙ্গাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

জানা যায়, ইছামতি নদীর ওপারে ভারতের আংরাইলে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার সন্ধ্যা থেকে ওই রোহিঙ্গাদেরকে সীমান্তে জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু রোহিঙ্গারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরাও রয়েছে সতর্ক অবস্থায়।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনুরোধ করব: স্বরাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন মিয়ানমার সফরকালে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সে দেশের সরকারকে বারবার অনুরোধ করা হবে। ফিরে যাওয়ার পর রোহিঙ্গারা যাতে নিরাপদে বসবাস করতে পারে, সে জন্য তাদের সঙ্গে আলোচনা করা হবে।

ক্ষমতা কুক্ষিগত করার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যস্ত সরকার : নোমান-দৈনিক মানবজমিন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, দেশে নীরব দুর্ভিক্ষ চললেও সেদিকে নজর নেই। সরকারের নজর বিচার বিভাগের দিকে। আরেকটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যস্ত সরকার।

বার প্রশাসন নিয়ে উত্কণ্ঠা নাসিমের-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মুখ খুলেছেন প্রশাসনের বর্তমান অবস্থা নিয়ে। গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, বিগত কয়েক বছরে উচ্চপর্যায়ে আরও অনেক নিয়োগ এবং পদোন্নতি নিয়ে সরকারকে আগামীতে প্রধান বিচারপতির মতো বিব্রতকর এবং বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হবে বলে আমার মনে হয়। কারণ এসব নিয়োগ এবং পদোন্নতিতে যারা ভূমিকা রাখছেন তাদের অধিকাংশই আমাদের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, আর পক্ষভুক্ত বলে যারা পরিচিত তারা রাজনৈতিক জ্ঞানবর্জিত।

আজ বিশ্ব হাত ধোয়া দিবস-দৈনিক ইত্তেফাক

বিশ্ব হাত ধোয়া দিবস

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রবিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭’ পালন করা হবে। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারাবিশ্বের মানুষকে অনুপ্রাণিত ও সংগঠিত করে থাকে। নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া যে জরুরি, দিবসটি মানুষের মাঝে সে  সচেতনতাও জাগ্রত করে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব। দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

অমিতাভর মৃত্যুর বদলা চাই, গুরুংয়ের বিরুদ্ধে ফুঁসছে পুলিশ- দৈনিক সংবাদ প্রতিদিন

নিহত পুলিশ কর্মকর্তা অমিতাভ মালিকের লাশ

“শুধুমাত্র মোমবাতি হাতে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলে পা মেলানোর দিন শেষ হয়ে গিয়েছে। এবার এসে গিয়েছে বদলা নেওয়ার দিন। আর গুলি খেয়ে অকালে মৃত্যু নয়। বদলা চাই, বদলা।” পাহাড়ে গুরুং বাহিনীর গুলিতে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর অমিতাভ মালিকের অকাল মৃত্যুর জেরে এই স্লোগান তুলেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় বইয়ে দিলেন রাজ্য পুলিশের সর্বস্তরের কর্মীরা। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদী ঝড়ে শামিল হয়ে কলকাতা পুলিশের কর্মীরাও চরম ক্ষোভ প্রকাশ করে দাবি তুললেন, “আমাদেরও এবার বদলি করে পাঠানো হোক পাহাড়ে। আমরাও এবার অস্ত্র হাতে ঘাতক বিমল গুরুংয়ের বিরুদ্ধে অপারেশন চালাব।”

পঞ্জাবে কংগ্রেসের বড় সাফল্য, বিপুল ভোটে জয় গুরুদাসপুর উপনির্বাচনে-আনন্দবাজার

পাঞ্জাবে লোকসভার উপনির্বাচনে বিপুল ভোটে বিপুল জয় কংগ্রেসের

লোকসভা উপনির্বাচনে বিপুল ভোটে বিপুল জয় কংগ্রেসের। পাঞ্জাবের গুরুদাসপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ৯৩ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সুনীল জাখর। চার বার ওই লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বলিউড হিরো বিনোদ খন্না। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। গোটা দেশে যখন গেরুয়া হওয়া, তখন বিজেপির শক্ত ঘাঁটি ভেঙে গুরুদাসপুর থেকে কংগ্রেসের জয় পঞ্জাবে বড় ধাক্কা দিল বিজেপিকে। বলছে রাজনৈতিক শিবির।

গো-রক্ষার নামে দাদাগিরি, সংখ্যালঘুদের থেকে কাড়া হল ৫১টি গরু-দৈনিক সংবাদ প্রতিদিন

রাজস্থানে গো-রক্ষার নামে মাস্তানি

গো-রক্ষার নামে ফের দাদাগিরি। এবার আইন হাতে তুলে নেওয়ার ঘটনা রাজস্থানের আলোয়ারে। মরু রাজ্যের এই জেলায় বেশ কিছু মুসলিম পরিবারের থেকে ৫১টি গরু কেড়ে নেওয়া হল। সম্প্রতি আলোয়ারে এক মুসলিম গায়ককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছিল। যার পর এলাকার সংখ্যালঘুদের অধিকাংশই গ্রাম ছাড়া। অভিযোগ, তাঁদের গৃহত্যাগের সুযোগে গরুগুলিও কেড়ে নেওয়া হয়। ৫১টি গরু আপাতত আলোয়ারের একটি গোশালায় রয়েছে। এই ঘটনায় গো-রক্ষকদের পাশপাশি মেও সম্প্রদায়ের প্রতিনিধিরা পুলিশকেও দুষেছেন।

কিশোরী ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জৈন সাধু-কোলকাতা ২৪ ডট কম অনলাইন

কিশোরির শ্লীলতাহানি করল জৈন সাধু

গুরমিত রাম রহিমের পর ফের প্রকাশ্যে এল আরও এক স্বঘোষিত ‘গডম্যান’র ভন্ডামি৷ ১৯বছরের এক কিশোরিকে ধর্ষণ করার দায়ে গ্রেফতার করা হল জৈন সাধু দিগম্বর আচার্যকে৷ শনিবার সুরাট থেকে গ্রেফতার করা হয় দিগম্বরকে৷

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ১অক্টোবর৷ দিগম্বর জৈন মন্দিরে ওই জৈন সাধুর কথামতনই পুজো দিতে আসে ওই কিশোরী৷ সেখানেই পূজা দেওয়ার নাম করে পরিবারের থেকে তাকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ভন্ড জৈন সাধু৷ এরপরই অথব পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয় ওই কিশোরীর পরিবারের তরফে৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ তদন্তের খাতিয়ে ওই কিশোরীর মেডিক্যাল টেস্টও করা হয়েছে৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫