রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করেছেন : রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে মিয়ানমার: মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- রাতে ইন্টারনেটের বিশেষ অফার বন্ধের নির্দেশ-দৈনিক যুগান্তর
- জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলায় সংলাপ বয়কট কাদের সিদ্দিকীর-দৈনিক যুগান্তর
- সিইসির পদত্যাগ চাইলেন কাদের সিদ্দিকী-দৈনিক প্রথম আলো
- রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- মিয়ানমারের ২০০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করলো বিশ্বব্যাংক-দৈনিক নয়া দিগন্ত
- রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করেছেন -রিজভী-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- বিজেপির শাঁখের করাত বিমল গুরুঙ্গ-আনন্দবাজার
- ভক্তদের দক্ষিণার টাকায় ব্যবসা ফেঁদেছিল রাম রহিম-দৈনিক আজকাল
- তাজমহল ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক : বিজেপি নেতা -দৈনিক সংবাদ প্রতিদিন -
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
সিইসির পদত্যাগ চাইলেন কাদের সিদ্দিকী-দৈনিক প্রথম আলো অনলাইন
জিয়াউর রহমানকে এ দেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা বলায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।
আজ সোমবার সকালে দলটির কয়েকজন প্রতিনিধি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয়। সংলাপ থেকে বের হয়ে তিনি এ দাবি জানান।
গতকাল রোববার বিএনপির সঙ্গে সংলাপে সিইসি কে এম নুরুল হুদা বলেন, জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর ২০০১ সালে তাঁর নেতৃত্বে আবারও সরকার গঠিত হয়। বিএনপি রাষ্ট্র পরিচালনার কাজে প্রকৃত নতুন ধারার প্রবর্তন করেছে।
রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে মিয়ানমার: মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি বলেছেন, আশিয়ানভূক্ত দেশগুলো চাপ সৃষ্টি করলে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হবে মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহযোগিতা ও প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের পাশে রয়েছে মালয়েশিয়া। রোহিঙ্গাদের বর্ণনায় যেসব নির্যাতন উঠে এসেছে তা বর্তমান সময়ে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা নির্যাতন, মিয়ানমারের ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক- ইনকিলাব
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে বিশ্বব্যাংক মিয়ানমার সরকারের অর্থ সহায়তা হিসেবে ২ কোটি ডলার ঋণ স্থগিত করেছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণের পর শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, আমরা সম্প্রতি অনুমোদিত উন্নয়ন নীতির শর্তাদি মূল্যায়ন করেছি এবং ঋণের কার্যকারিতা অর্জনের জন্য আরো অগ্রগতি প্রয়োজন বলে আমরা আশা করছি।
রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করেছেন –রিজভী- দৈনিক ইনকিলাব
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে বাদ দিয়ে আপিল বিভাগের অন্য বিচারপতিদের নিয়ে বৈঠক করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও সংবিধান লঙ্ঘন করেছেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, প্রধান বিচারপতি অস্ট্রেলিয়া যাওয়ার পর তাঁর বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগ দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে আপিল বিভাগের অন্য বিচারপতিদের ডেকে নিয়ে রাষ্ট্রপতি বৈঠক করেছেন এবং তাঁদের বুঝিয়েছেন। দেশের সংবিধান বিশেষজ্ঞরাও বলেছেন যে এটা সংবিধানে নেই।তিনি বলেন, প্রধান বিচারপতিকে বাদ দিয়ে আপিল বিভাগের অন্য বিচারপতিদের নিয়ে বৈঠক করে রাষ্ট্রপতিও সংবিধান লঙ্ঘন করেছেন।
বিএনপি ষড়যন্ত্রের ভোট করতো বলেই ইভিএম চায় না: হানিফ-ইত্তেফাক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি সব সময় কারচুপি আর ষড়যন্ত্রের ভোট করতো বলে ইভিএম পদ্ধতি চায় না। তাই বিএনপি তথ্যপ্রযুক্তি দেখে ভয় পায়।
সোমবার কুষ্টিয়া মেডিকেলের ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের উদ্ধোধন শেষে সিইসির কাছে বিএনপির ২০ দফা প্রস্তাবে ইভিএম পদ্ধতি বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে এক কোটি ৩০ লক্ষ ভুয়া ভোটার বানিয়েছিল কারচুপির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য। এদেশের জনগণ তা করতে দেয়নি।
বিএনপির সংসদ ভেঙ্গে দেয়ার প্রস্তাব প্রসঙ্গে হানিফ বলেন, সংবিধানের মধ্যে কোথাও সংসদ ভেঙ্গে দেয়ার কথা বলা নেই, সংবিধানে আছে বর্তমান নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন করার এবং বর্তমান সরকার কমিশনকে সহায়তা করবে।
ফের বাংলাদেশে আসছে ক্ষুধার্ত-ভয়ার্ত হাজারো রোহিঙ্গা-যুগান্তর অনলাইনের শিরোনাম
ক্ষুধার্ত, সহায়সম্বলহীন ও ভয়ার্ত হাজার হাজার রোহিঙ্গা ফের বাংলাদেশে প্রবেশ করছে। আজ ভোররাত থেকে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের দল বাংলাদেশে আসতে শুরু করেছে বলে রয়টার্সের বরাত দিয়ে যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণে ছাপা হয়েছে।
পালিয়ে আসা এসব রোহিঙ্গার ওপর মিয়ানমার সেনাবাহিনী ও উশৃঙ্খল বৌদ্ধ ধর্মাবলম্বীরা হামলা এবং নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সঙ্গে ক্ষুধার জ্বালাও হয়েছে তাদের সঙ্গী।
রাতে ইন্টারনেটের বিশেষ অফার বন্ধের নির্দেশ- দৈনিক যুগান্তর
মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে ইন্টারনেটের রাতের বিশেষ অফার বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। পাশাপাশি ছয় মাসের মধ্যে ব্লু হোয়েল নামের বিতর্কিত ইন্টারনেট গেমটির সব লিংক বন্ধেরও নির্দেশ দেন আদালত। ব্লু হোয়েল গেম বন্ধের এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এসব নির্দেশনা দেন। এ সময় ব্লু হোয়েলসহ এ জাতীয় ইন্টারনেটভিত্তিক গেমে আসক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় কাউন্সেলিং দেয়া এবং অভিজ্ঞদের নিয়ে একটি ‘মনিটরিং সেল'গঠন করারও নির্দেশনা দেয়া হয়।
প্রশ্ন ফাঁসের ডিজিটাল কৌশল!-দৈনিক প্রথম আলো অনলাইন
রাজধানী ঢাকার তেজগাঁও কলেজে তখন জনতা ব্যাংকের সহকারী নির্বাহী কর্মকর্তা (অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার) পদে নিয়োগ পরীক্ষা চলছিল। কয়েকজন পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হলো শিক্ষকদের। সন্দেহভাজন ওই প্রার্থীদের কেউ কেউ মৃদু স্বরে কথা বলছিলেন। পরীক্ষা হলে তাঁদের এই আচরণে সন্দেহ আরও ঘনীভূত হলো শিক্ষকদের। তবে তাঁরা কাউকে হাতেনাতে ধরতে পারলেন না।
পরীক্ষার হল থেকে প্রশ্ন ফাঁস হয়ে বাইরে চলে যাচ্ছে—এমন খবর ফেসবুকের মাধ্যমে পেলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) প্রধান মোশাররফ হোসেন খান। তিনি অন্য কর্মকর্তাদের খবর দিলেন। তাঁর দলে নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক মাসুদুর রহমানকে। তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে তেজগাঁও কলেজের ৯৩টি কক্ষে ঘুরতে থাকলেন। তখন পরীক্ষার ৪০ থেকে ৪৫ মিনিট পার হয়ে গেছে। একপর্যায়ে কয়েকজনকে দেখে বুঝতে পারলেন, পরীক্ষার হলে কিছু একটা গরমিল হচ্ছে। এই অবস্থায় সন্দেহভাজনদের হাতেনাতে ধরার জন্য অপেক্ষা করতে লাগলেন। একজনের পাশে গিয়ে দেখলেন, আস্তে আস্তে কথা বলছেন। আর কানে গমের মতো সূক্ষ্ম কিছু একটা ঢোকানো। সেটির তাঁর পোশাকের ভেতর দিয়ে চলে গেছে। ওই পরীক্ষার্থীকে চ্যালেঞ্জ করলেন তাঁরা। দেখা গেল, হাতে পয়সার মতো গোল চাকতির আকারের একটি ডিভাইস। এর সঙ্গে তার যুক্ত। পোশাকের ভেতর দিয়ে চিকন তার চলে গেছে অন্তর্বাসের নিচে থাকা আরেকটি ডিভাইসে। হাতে থাকা চাকতিটি আসলে একটি মিনিস্ক্যানার। সেখান থেকে প্রশ্ন স্ক্যান করে নিচের ডিভাইসের মাধ্যমে বাইরে কারও কাছে চলে যায় প্রশ্নপত্র। বাইরে থেকে প্রশ্ন সমাধান করে আবার পরীক্ষার হলে থাকা ডিভাইস ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন সমাধান করা হয়। এভাবে ১৪ জনকে হাতেনাতে এসব ডিভাইসসহ ধরে ফেলেন কর্মকর্তারা। বরখাস্ত করা হয় ওই পরীক্ষার্থীদের।
‘স্ক্রু ড্রাইভার’ দিয়ে খুঁচিয়ে ২ চোখ তোলে পুলিশ-এখন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে :শাহজালাল-দৈনিক ইত্তেফাক
পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গত ১৮ জুলাই আমাকে থানায় ধরে নিয়ে যায়। এরপর পরিবারের কাছে দেড় লাখ টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে না পারায় ওই রাতে আমাকে গাড়িতে করে নির্জন স্থানে নিয়ে ‘স্ক্রু ড্রাইভার’ দিয়ে নির্মমভাবে খুঁচিয়ে ২ চোখ তুলে নেয় পুলিশ। গতকাল রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পুলিশ হেফাজতে দু’চোখ হারানো ক্ষুদ্র ব্যবসায়ী মো. শাহজালাল।
হতভাগ্য এই যুবক জানান, এ ঘটনার পরের দিন সুমা আকতার নামের একজন নারীকে দিয়ে খুলনা মহানগরীর খালিশপুর থানায় তার বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দেওয়া হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তবে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
তাজমহল ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক : বিজেপি নেতা-সংবাদ প্রতিদিন
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতির ওপর কলঙ্ক’ আখ্যায়িত করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইনপ্রণেতা সংগীত সোম বলেছেন, স্থাপনাটি নির্মাণ করেছে দেশদ্রোহীরা। স্থানীয় সময় শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্য সরকারের পর্যটন বই থেকে বিশ্বখ্যাত তাজমহলকে বাদ দেওয়া হয়। এ নিয়ে তুমুল তর্ক-বিতর্ক হয় দেশটিতে। এর রেশ না কাটতেই বিজেপির বিতর্কিত আইনপ্রণেতা সোম এই উত্তাপে নতুন করে ঘি ঢাললেন।উত্তর প্রদেশের পর্যটন বইয়ে ঐতিহাসিক স্থানের তালিকা থেকে তাজমহল বাদ পড়েছে বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
উত্তরপ্রদেশের সরধনা এলাকার বিধায়ক সংগীত সোম৷ বিতর্কিত মন্তব্য করার জন্য বেশ নাম রয়েছে তাঁর৷ মুজফ্ফরনগরের দাঙ্গার সময় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে৷ পরে অবশ্য ক্লিনচিট পেয়ে যান বিজেপি বিধায়ক৷
২০১৮ দিওয়ালির আগেই রামমন্দির: সুব্রহ্মণ্যম স্বামী-দৈনিক সংবাদ প্রতিদিন
ফের রামমন্দির নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বিতর্কিত এই স্থাপত্য নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ আর বছর খানেক সময় চেয়েছেন। তাঁর দাবি ২০১৮ সালে দিওয়ালির মধ্যেই অযোধ্যায় তৈরি হয়ে যাবে রামমন্দির।
রোববার পাটনায় ‘বিরাট হিন্দুস্তান সঙ্গম’অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বামী। সেখানেই তিনি দাবি করেন, আগামী দিওয়ালির মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে রামমন্দিরের নির্মাণ। মানুষ সেখানে পুজো দিতে পারবেন। একই সঙ্গে নাম না করেও কংগ্রেসকে একহাত নিলেন তিনি। তাঁর বক্তব্য, রামমন্দির তৈরি করতে অনেকেই বাধা দিয়েছিলেন। তবে এতকিছুর পরও সমস্যার সমাধান মিলেছে। এখন রামমন্দির কেউ রুখতে পারবে না।
ভক্তদের দক্ষিণার টাকায় ব্যবসা ফেঁদেছিল রাম রহিম-দৈনিক আজকাল
ভক্তদের অনুদান দিয়ে রীতিমতো ব্যবসা করত ধর্ষক বাবা গুরমিত রামরহিম। তথ্যের অধিকার আইনের এমনই তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। জানা গিয়েছে ২০১০–১১ আর্থিক বর্ষে ৫০ কোটি টাকা লাভ করেছিল ডেরা সচ্চা সৌদা। প্রতি বছরই ধর্ষক বাবা ভক্তদের দেওয়া আর্থিক অনুদান নিজের একাধিক ব্যবসায়িক কাজে ব্যবহার করত। একাধিক সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করে এই অর্থ সংগ্রহ করত বাবা। শাহ সতনামজি ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির একার সংগ্রহ ছিল বছরে ১ কোটি ৮০ লক্ষ টাকা। শাহ সতনামজি গ্রিন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সংগ্রহ ছিল ৩ কোটি টাকা। ভক্তরা বিশ্বাস করে যে অনুদান ধর্ষক বাবার ডেরাকে দিতেন, সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে নিজের একাধিক ব্যবসা চালাত রামরহিম।
হোয়াটসঅ্যাপে মোদিকে আক্রমণ, বহিষ্কৃত পুলিসকর্মী-দৈনিক আজকাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ। অভিযোগ পুলিসকর্মীর বিরুদ্ধে। মহারাষ্ট্রের আহমেদনগরে হোয়াটসঅ্যাপে নরেন্দ্র মোদিকে কটুক্তি করেছেন এই অভিযোগে সাসপেন্ড করা হল কনস্টেবল রমেশ শিন্ডেকে। তিনি আবার মহারাষ্ট্রের প্রাক্তন কংগ্রেস বিধায়ক বালাসাহেব থোরাটের দেহরক্ষী। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রমেশের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়। জেলা পুলিসের সাইবার সেল তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিস সুপার রঞ্জনকুমার শর্মা। তারপরেই তাকে সাসপেন্ড করা হয়েছে। একদিন আগেই বেঙ্গালুরুর এক পুলিসকর্মী ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে পোস্ট করায় সাসপেন্ড হয়েছেন।
বিজেপির শাঁখের করাত বিমল গুরুঙ্গ-দৈনিক আনন্দবাজার
বিমল গুরুঙ্গ এখন বিজেপির শাঁখের করাত। অমিতাভ মালিক নিহত হওয়ার পরে যে ভাবে পশ্চিমবঙ্গে গুরুঙ্গ বিরোধী জনমত তৈরি হয়েছে, তাতে বিমল সম্পর্কে নরম মনোভাব নিয়ে বিজেপি বেকায়দায়। গুরুঙ্গকে নিয়ে এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে রাজনাথ সিংহের কথা হয়েছিল। আলোচনা হয়েছিল রাজনাথ-অমিত শাহেরও। রাজনাথের বক্তব্য, গুরুঙ্গ এনডিএ শরিক কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট যা বলছে, তাতে কেন্দ্রীয় সরকার তাঁকে কোনও ভাবে সমর্থন করতে পারে না। রাজনাথ একাধিক বার গুরুঙ্গের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মূলত দলের চাপে। বিজেপির বক্তব্য ছিল, দার্জিলিং সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়ার জেতা আসন। তা ছাড়া, গুরুঙ্গের কার্যকলাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ব্যর্থতাকে তুলে ধরছে।
কিন্তু অমিতাভের মৃত্যুতে পরিস্থিতি ঘুরে গিয়েছে। সেটা এখন অমিত শাহরা বুঝছেন। গত কাল রাজ্য বিজেপির বৈঠকেও গুরুঙ্গ সম্পর্কে দলের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। চাপের মধ্যে তাই এখন অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়রা রাজ্য বিজেপিকে ধীরে চলার পরামর্শ দিয়েছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬