অক্টোবর ২১, ২০১৭ ১২:২৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের বাড়িতে ভাতা পৌঁছে দেবে সরকার'-দৈনিক ইত্তেফাক
  • ঘাটতি নেই, তবু এলপি গ্যাসের দাম বাড়ছেই-দৈনিক প্রথম আলো
  • সংলাপের প্রস্তাব বিশ্লেষণে বিশ্লেষকদের অভিমত-গুরুদায়িত্ব ইসির মাথায়-দৈনিক যুগান্তর
  • ইভিএমে বিশেষজ্ঞদের ‘না’-দৈনিক ইনকিলাব
  • ‘তারা সব মহিলাকে উলঙ্গ করে, লাঠি দিয়ে যৌনাঙ্গে আঘাত করে, এরপর ধর্ষণ করে-দৈনিক নয়া দিগন্ত
  • টানা বৃষ্টিতে ভোগান্তিতে রাজধানীবাসী-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • পদ্মার ইলিশে উপচে যাচ্ছে ফরাক্কার গঙ্গা-দৈনিক আনন্দবাজার
  • নিষিদ্ধ বাজি ফাটানো ও অভব্য আচরণে শহরে গ্রেপ্তার ৭০০–র বেশি-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
  • যৌন হেনস্তার জন্য নারীরাও দায়ী, অভিনেত্রীর মন্তব্যে তোলপাড়-দৈনিক সংবাদ প্রতিদিন
  • এবার যোগীর রাজ্যেই গুলি করে খুন আরএসএস কর্মীকে-কোলকাতা ২৪ ডট কম

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সংলাপের প্রস্তাব বিশ্লেষণে বিশ্লেষকদের অভিমত-গুরুদায়িত্ব ইসির মাথায়-দৈনিক যুগান্তর

বাংলাদেশের  প্রধান নির্বাচন কমিশনার কেএম  নুরুল হুদা

আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও সবার জন্য গ্রহণযোগ্য সংসদ নির্বাচন আয়োজনের জন্য এখতিয়ারভুক্ত যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন তার সবই নির্বাচন কমিশনকে (ইসি) নিতে হবে। এ জন্য সরকারের কাছ থেকে যেসব সহযোগিতা নেয়া প্রয়োজন তা সময়মতো চাইতে হবে। সরকার বা নির্বাচনকালীন সরকার সহযোগিতা করতে গড়িমসি করলে কার্যকর চাপ সৃষ্টি করতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে জনআস্থা অর্জনের পরীক্ষায় ইসিকে উত্তীর্ণ হতে হবে। এটিই বড় চ্যালেঞ্জ। সে ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্প্রতি শেষ হওয়া সংলাপ এবং এ সংলাপ থেকে বেরিয়ে আসা প্রস্তাবগুলো ইসির পথচলার জন্য বড় পাথেয় হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপকে এভাবেই মূল্যায়ন করেছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধি। সংশ্লিষ্টরা বলেন, ইভিএম প্রবর্তনের বিষয়টি ইসির ওপর নির্ভরশীল। তবে বিশ্লেষকরা বলছেন, প্রধান দলগুলোর আস্থা অর্জনই ইসির জন্য কঠিন পরীক্ষা। অন্যান্য প্রস্তাব বাস্তবায়নের পথ বের করতে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি ফের সংলাপে বসতে পারে বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচন করাই ইসির গ্রহণযোগ্যতা ও দায়িত্ব পালনের একমাত্র মানদণ্ড। সংলাপের পর এবার বল ইসির কোর্টে। এমন পরিস্থিতিতে ইসির বলার অবকাশ নেই, এ প্রস্তাব আইনে নেই, ওই প্রস্তাব আমাদের এখতিয়ারে নেই, আমাদের করার কিছুই নেই। যেসব প্রস্তাব ইসির এখতিয়ারে রয়েছে, সেগুলোর বিষয়ে ইসিকে পদক্ষেপ নিতে হবে।

ঘাটতি নেই, তবু এলপি গ্যাসের দাম বাড়ছেই-দৈনিক প্রথম আলো

এলপি গ্যাসের দাম বৃদ্ধি

সারা দেশে আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলত রান্নার কাজে ব্যবহৃত এলপি (লিকুইডিফায়েড পেট্রোলিয়াম) গ্যাসের দাম বেড়েছে। গত সেপ্টেম্বরে এই দাম বাড়তে শুরু করে। চলতি মাসে সাড়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারে এই বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে অঞ্চলভেদে ২০০ থেকে ২৫০ টাকা।

গত আগস্ট মাস পর্যন্ত দেশের অনেক স্থানে যে সিলিন্ডার ৯০০ টাকায় পাওয়া যেত, চলতি মাসে তা কোথাও কোথাও ১ হাজার ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। তবে দেশের কোথাও এলপি গ্যাসের ঘাটতি নেই। চাইলেই সিলিন্ডার কিনতে পাওয়া যাচ্ছে।

আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে দুই মাস ধরে দাম বৃদ্ধির কারণেই দেশেও এর দাম বেড়েছে। দেশে প্রায় ৯৫ শতাংশ এলপি গ্যাস আমদানি করা। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও বাড়বে এটাই স্বাভাবিক।

রডের দাম বৃদ্ধি

এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, তেমন কোনো কারণ ছাড়াই রডের দাম বাড়ছে অস্বাভাবিকভাবে। এক মাসের ব্যবধানে এমএস রডের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। শীত মৌসুমের আগে এ ধরনের মূল্যবৃদ্ধি ব্যবসায়ীদের পরিকল্পিত কারসাজি বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এদিকে অন্যতম নির্মাণসামগ্রী রডের হঠাৎ এভাবে দাম বৃদ্ধির কারণে দেশের উন্নয়ন কাজে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে সার্বিকভাবে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে। এছাড়া আবাসন খাতেও ব্যয় বেড়ে যাবে। যার ভার বহন করতে হবে ক্রেতাদের।

জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধাদের বাড়িতে ভাতা পৌঁছে দেবে সরকার'-দৈনিক ইত্তেফাক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জানুয়ারি মাস হতে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ি বাড়ি পৌঁছে দেবে সরকার। আর কোন মুক্তিযোদ্ধাকে ব্যাংকে লাইনে দাড়িয়ে ভাতা উত্তোলন করতে হবে না। এজন্য সকল প্রকার প্রস্তুতি শেষ করা হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে নীলফামারীর ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি বলেন, 'আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ সব সময় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বতে বিশ্বাস করে। আর বিএনপি ও তার নেত্রী স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা পাকিস্তানের পোষা তোতা পাখি। পাকিস্তান যেভাবে বিবৃত্তি দেয় খালেদা জিয়াও সেভাবে কথা বলে।'

‘তারা সব মহিলাকে উলঙ্গ করে, লাঠি দিয়ে যৌনাঙ্গে আঘাত করে, এরপর ধর্ষণ করে’-দৈনিক নয়া দিগন্ত

রোহিঙ্গা নারী ( ফাইল ফটো)

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রমাণ পেয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যরা রোহিঙ্গা নারীদের ধর্ষণ করেছে। মংডুর মিন গিই গ্রাম, স্থানীয়ভাবে যার নাম তুলাতলী, এবং বুথিডং-এর কিউন পক গ্রামের কোন কোন নারীকে ধর্ষণ করা হয়েছে। অ্যামনেস্টি যৌন সহিংসতার শিকার সাতজন রোহিঙ্গা নারীর সাথে কথা বলেছে। তাদের মধ্যে চারজন নারী এবং ১৫-বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।

পরিচয় গোপন করে ‘এসকে’ নামে ৩০-বছর বয়সী এক নারীর সাক্ষ্য এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, ‘তারা বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের আলাদা করে ফেলে। আমরা পাঁচজন মহিলাকে চারজন সৈন্য আটকে রাখে। তারা আমাদের কাছ থেকে জোর করে টাকাপয়সা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। আমার দুই বছরের ছেলে শফিকে তারা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এক আঘাতেই শফি সাথে সাথে মারা যায়। আমার বাকি তিন ছেলেকেও খুন করা হয়।’

তিনি বলেন, ‘এরপর তারা সব মহিলাকে উলঙ্গ করে। তাদের হাতের লাঠি দিয়ে আমাদের মাথায় আঘাত করার পর আমরা দুর্বল হয়ে পড়ি। তারা লাঠি দিয়ে আমাদের যৌনাঙ্গেও আঘাত করে। এরপর তারা আমাদের ধর্ষণ করে।’ অ্যামনেস্টি প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারী ও শিশুদের ধর্ষণের পর রোহিঙ্গা বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয়া হয়।

অপ্রত্যাশিত ঝুঁকির মুখে বাংলাদেশ-দৈনিক যুগান্তর

রোহিঙ্গা মুসলিম

মানবিক আশ্রয়ে থাকা প্রায় ছয় লাখ রোহিঙ্গা নিয়ে অপ্রত্যাশিত ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। দীর্ঘ মেয়াদে তারা অবস্থান করলে অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এটি মোকাবেলা করাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

২৫ আগস্ট রাখাইনে তল্লাশিচৌকিতে হামলার অজুহাতে মিয়ানমারের সেনাবাহিনী সেখানে গণহত্যা ও নির্যাতন চালায়। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলমান। এর আগে পুরনো রোহিঙ্গা রয়েছে প্রায় ৪ লাখ। সব মিলিয়ে এ মুহূর্তে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে।

বাংলাদেশ প্রতিদিনের রোহিঙ্গা বিষয়ক একটি খবরের শিরোনাম- সু চিকে মুহাম্মদ ইউনূস-রোহিঙ্গা সংকট সমাধান না করতে পারলে পদত্যাগ করুন।

পুলিশে বাড়ছে ড্রপআউট-দৈনিক যুগান্তর

বাংলাদেশ পুলিশ

পুলিশে বাড়ছে ড্রপআউট। পুলিশ বিভাগের লোভনীয় ইউনিটে নিয়োগ পেয়েও অনেকে চাকরি করতে চাচ্ছেন না। যোগ দিয়েও অনেকে প্রশিক্ষণের পর কাজে যোগ দিচ্ছেন না। গত তিন বছরে বিসিএসে (পুলিশ) নিয়োগের জন্য গেজেট প্রকাশের পরও ১৬ চাকরি প্রত্যাশী এএসপি পদে যোগ দেননি। সার্জেন্ট, এসআই বা কনস্টেবল পদে ড্রপআউটের সংখ্যা অনেক বেশি। তাই নিয়োগের ক্ষেত্রে কোটা পূরণ করতে পারছে না পুলিশ সদর দফতর। পুলিশের সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য হল- দেশে মেধাবীদের সংখ্যা বাড়ছে। তারা পুলিশের বিভিন্ন পদসহ অন্যন্য সরকারি দফতরের নানা পদে আবেদন করেন। কাছাকাছি সময়ে যাদের একাধিক চাকরি হয়ে যাচ্ছে, তারা পছন্দসই চাকরিকেই বেছে নিচ্ছেন। এ কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

যৌন হেনস্তার জন্য নারীরাও দায়ী, অভিনেত্রীর মন্তব্যে তোলপাড়-দৈনিক সংবাদ প্রতিদিন

যৌন হেনস্তা

“যেসব নারী যৌন হেনস্তার দাবি তুলছেন, হেনস্তাকারীদের সঙ্গে তাঁরাও সমানভাবে দোষী। ” বিশ্বব্যাপী নারী সেলিব্রেটিরা যখন যৌন হেনস্তার বিরুদ্ধে মুখ খুলছেন, ঠিক তখনই বলিউড অভিনেত্রী টিসকা চোপড়ার এমন মন্তব্যে নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। টিসকা চোপড়া বলেন, “অত্যন্ত দায়িত্ব নিয়েই কথাটা বলছি যে, নারীদের যৌন হেনস্তার জন্য তাঁরা নিজেরাও ততটাই দায়ী যতটা হেনস্তাকারীরা। কারণ তাঁরা নিজেরাই নিজেদের এমন পরিস্থিতিতে ফেলেন।

এবার যোগীর রাজ্যেই গুলি করে খুন আরএসএস কর্মীকে-কোলকাতা ২৪ ডট কম অনলাইনের খবর

উত্তর প্রদেশে প্রকাশে আরএসএস কর্মী খুন

ফের সংবাদিক খুন৷ এবার ঘটনা উত্তর প্রদেশে৷ প্রকাশ্যে গুলি করে খুন করা হল সাংবাদিক রাজেশ মিশ্রকে৷ নিহত সাংবাদিক একজন আরএসস কর্মী৷ উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা করতেন৷ শনিবার গাজিপুরে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ মিশ্রের৷ সম্প্রতি কর্নাটকে খুন করা হয় বিশিষ্ট সাংবাদিক গৌরি লঙ্কেশকে৷ এরপরেই ত্রিপুরায় উপজাতি বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে খুন হন শান্তনু ভৌমিক৷ দুটি ঘটনাই দেশজুড়ে আলোড়ন ফেলেছে৷

নিষিদ্ধ বাজি ফাটানো ও অভব্য আচরণে শহরে গ্রেপ্তার ৭০০–র বেশি-দৈনিক আজকাল

নিম্নচাপের জেরে কালীপুজো থেকে শুরু করে দীপাবলি, ভাইফোঁটার দফারফা হয়ে গিয়েছে। তবে বৃষ্টি হলেও উৎসবপালনে কোনও ঘাটতি রাখেনি কলকাতাবাসী। যদিও নিষিদ্ধ বাজি ফাটানো এবং অভব্য আচরণের জন্য কলকাতায় প্রায় ৭০০–রও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে জানা গেছে অভব্য আচরণের জন্য ৪০০–র বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। ৩০০–র বেশি লোক গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ বাজি ফাটানোর দায়ে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩৬০ কেজি নিষিদ্ধ বাজি এবং ৫০ লিটার অ্যালকোহল। শুক্রবার গভীর রাত পর্যন্ত কলকাতার বিভিন্ন থানায় প্রায় ১২৫টি অভিযোগ দায়ের হয়েছে। বেশিরভাগ অভিযোগই নির্দিষ্ট ডেসিবেলের বাইরে গিয়ে বাজি ফাটানোর জন্য। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিস। এদিকে, শনিবার থেকেই কালীপ্রতিমা নিরঞ্জন শুরু। যার ফলে কলকাতার বিভিন্ন ঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারসঙ্গে বেআইনি শব্দবাজি রুখতে বিভিন্ন জায়গায় টহলদারি চলছে। লালবাজারে কন্ট্রোলরুমও খোলা হয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১