অক্টোবর ২২, ২০১৭ ১২:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • যানজটে আটকে গেল রাবিতে ভর্তির সুযোগ, পরীক্ষা দেয়া হয়নি হাজারো শিক্ষার্থীর-দৈনিক ইত্তেফাক
  • ঢাকায় এলেন সুষমা স্বরাজ-দৈনিক প্রথম আলো
  • মেডিকেল বর্জ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ-দৈনিক যুগান্তর
  • মা-বাবাকে হত্যা : মেয়ে ঐশীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ-দৈনিক নয়া দিগন্ত
  • অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আবেদন নাকচ হাইকোর্টে-দৈনিক ইনকিলাব
  • পর্যবেক্ষকদের সতর্ক করলেন সিইসি-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • হুমকি সরিয়ে বিতর্কে রাজি সিপিএম-বিজেপি-দৈনিক আনন্দবাজার
  • সোশ্যাল মিডিয়ায় কমছে জনপ্রিয়তা, চিন্তায় মোদি-দৈনিক আজকাল
  • ‌পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছেন ১১ কোটি অদৃশ্য মানু্ষ-দৈনিক আজকাল
  • গো-রক্ষায় আলাদা বাহিনী তৈরি করতে চলেছে উত্তরাখণ্ড সরকার-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ঢাকায় এলেন সুষমা স্বরাজ-দৈনিক প্রথম আলোসহ প্রায়সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের খবর

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় পৌঁছেছেন। বেলা পৌনে দুইটার দিকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে তাঁর ঢাকায় আসা। বিকেল সোয়া চারটায় পর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে জেসিসির সভায় তাঁর যোগ দেওয়ার কথা। এরপর দুই দেশের মধ্যে দুটি চুক্তি সই হওয়ার কথা। সন্ধ্যা ছয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর সৌজন্যে সোনারগাঁও হোটেলে নৈশভোজের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া রাত আটটায় সুষমা স্বরাজের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো গতকাল শনিবার প্রথম আলোকে জানিয়েছে, সুষমা স্বরাজের সফরের সময় দুই দেশের সম্পর্কের পর্যালোচনার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হবে। প্রায় দুই মাস ধরে বাংলাদেশে রোহিঙ্গা–ঢল অব্যাহত থাকায় খুব স্বাভাবিকভাবেই দুই পক্ষের আলোচনায় বিষয়টি গুরুত্ব পাবে।

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন-দৈনিক ইত্তেফাক

শেখ হাসিনাকে ফোন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের

রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শনিবার রাত সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন জাতিসংঘ মহাসচিব। তিনি জানান, এ সময় দুজনের মধ্যে প্রায় ২০ মিনিট আলোচনা হয়। দীর্ঘ আলোচনায় রোহিঙ্গা সংকটে বাংলাদেশের প্রতি একাত্মতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় ও অন্যান্য সেবা দেয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প‌ক্ষে জনমত : রিজভী-এনটিভিবিডি অনলাইন

রুহুল কবির রিজভী

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিরপেক্ষ সহায়ক সরকারের পক্ষে জনমত গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জাতীয় সংসদ ভেঙে দিয়ে সহায়ক ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। এ বিষয়ে নির্বাচন কমিশন কী করে, সেদিকে এখন জনগণ তির্যক দৃষ্টি রেখেছে। আজ রোববার সকা‌লে রাজধানীর নয়াপল্ট‌নের বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে এসব কথা ব‌লেন রুহুল কবির।

বিএনপির এই নেতা ব‌লেন, 'একদলীয় শাসনের ছাইপাশের সঙ্গে একত্র করে আর তাঁরা ভোটারবিহীন নির্বাচন করতে পারবেন না। নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর যে সংলাপ চলছে, সেখানে আওয়ামী মহাজোটের দু-তিনটি দল ব্যতিরেকে সবাই জাতীয় সংসদ ভেঙে দিয়ে সহায়ক ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে মত দিয়েছে। নিরপেক্ষ সহায়ক সরকারের পক্ষে জনমত গড়ে উঠেছে। নির্বাচন কমিশন কী করে. সে বিষয়ে এখন জনগণ তির্যক দৃষ্টি রেখেছে। প্রধান নির্বাচন কমিশনার অতীতে যাই করুন না কেন, এখন জনমতের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে পারলে ইতিহাসে তাঁর স্থান ইতিবাচক হিসেবে চিহ্নিত হবে।'

‘বিএনপি ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে, সিইসির বক্তব্যে বিএনপি নেতারা মহাখুশি হয়েছেন’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশে বলতে চাই, আপনার বক্তব্যেই প্রমাণিত হয় আপনারা নির্বাচন কমিশনকে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করার নীলনকশা আঁটছেন। কারণ, প্রধান নির্বাচন কমিশনার একটি ঐতিহাসিক সত্য উচ্চারণ করতেই আপনারা বিচলিত হয়ে পড়েছেন।'

অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আবেদন নাকচ হাইকোর্টে-দৈনিক ইনকিলাব

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৯ জন সাক্ষীকে পুনরায় জেরা এবং দুজনকে নতুন করে জেরার আবেদন নাকচ করে খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ আবেদন নাকচ করে এ নির্দেশ দেন।

যানজটে আটকে গেল রাবিতে ভর্তির সুযোগ, পরীক্ষা দেয়া হয়নি হাজারো শিক্ষার্থীর-দৈনিক ইত্তেফাক

যানজট (ফাইট ফটো)

‘আমার সব শেষ হয়ে গেছে। বাবা মায়ের এত দিনের স্বপ্ন যানজট শেষ করে দিলো। সকালের শিফটের পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারিনি। তবে বিকেলে আমার আরেকটা শিফটের পরীক্ষা আছে, সেটাও দিতে পারবো কিনা তা বলতে পারছি না। যানজটে আমার স্বপ্ন শেষ ভাই।’ এভাবেই মুটোফোনে বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অংশ নিতে আসা আরিফ নামের এক শিক্ষার্থী।

রবিবার সাড়ে আটটা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই-১’-এর পরীক্ষার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় অংশ নিতে শনিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা রাজশাহী পৌঁছাতে শুরু করেন। কিন্তু রাতে যারা ঢাকা বা অন্য জেলা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে রাজশাহীর পথে রওনা হয়েছেন, তাদের অনেকেই পড়েছেন বিপত্তিতে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের কারণে এমন হাজারো ভর্তিচ্ছু রাবির ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানা গেছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অব্যাহত বৃষ্টিপাত ও চলমান রাস্তা সংস্কার কাজ চলায় এ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে কিছুই করার নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘আমরা জেনেছি অসংখ্য শিক্ষার্থী রাস্তায় আটকে রয়েছে, কিন্তু আমাদের কিছুই করার নেই। আমাদের পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”

বিভিন্ন নদ-নদীর ৫৩ পয়েন্টে পানি হ্রাস পেয়েছে-দৈনিক ইত্তেফাক

দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৫৩টি পয়েন্টের পানি হ্রাস ও ২৪টির বৃদ্ধি পেয়েছে। রবিবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী একটি পয়েন্টের পানি বিপত্সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সাতটি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা-গঙ্গা, সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।

অপরদিকে মনু ও খোয়াই নদী সমুহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। যমুনা নদীর পানি সমতল হ্রাস আগামী ২৪ ঘন্টায় অব্যাহত থাকতে পারে। অপরদিকে ব্রহ্মপুত্র নদের পানি সমতল আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে।

মা-বাবাকে হত্যা : মেয়ে ঐশীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ-দৈনিক নয়া দিগন্ত

মালিবাগে নিজ ফ্ল্যাটে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে বিচারিক আদালতে দেয়া মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদন্ডের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করা হয়েছে।

৭৮ পৃষ্ঠায় দেয়া পূর্ণাঙ্গ এ রায়টি প্রকাশ করেন রায় প্রদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। যা আজ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ঐশী রহমানের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ড কমিয়ে গত ৫ জুন যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করে হাইকোর্ট। একইসঙ্গে বিচারকি আদালতের দেয়া জরিমানা ২০ হাজার টাকা থেকে কমিয়ে ৫ হাজার টাকা করা হয়।

ঐশীর মানসিক অসুস্থতা, মাদকাসক্ত, পারিবারিক ইতিহাস, সর্বোপরি বয়স বিবেচনা করে এ রায় দেয়া হয় বলে উল্লেখ করা হয়। আপিল শুনানিকালে এ মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত ঐশীর বক্তব্য শুনে হাইকোর্ট। গত ১০ এপ্রিল কারাগার থেকে হাইকোর্টে হাজির করে বিচারপতির খাসকামরায় তার বক্তব্য গ্রহণ করা হয়। পরে তাকে কারাগারে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ।

মেডিকেল বর্জ্যে ছড়িয়ে পড়ছে সংক্রামক রোগ-দৈনিক যুগান্তর

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মেডিকেলে বর্জ্যের মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে জনস্বাস্থ্যের প্রতি ঝুঁকি তৈরি হচ্ছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার একটি সেমিনারে তিনি এ কথা বলেন।ঢাকা উত্তর সিটি করপোরেশন এ সেমিনারের আয়োজন করে।

পর্যবেক্ষকদের সতর্ক করলেন সিইসি-দৈনিক মানবজমিন

দায়িত্ব পালনকালে সামগ্রিকভাবে ভোট কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে পর্যবেক্ষকদের সতর্ক করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আগারগাঁও নির্বাচন ভবনে রোববার সকালে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই সতর্কতার পরাশর্ম দেন। মতবিনিময় সভায় পর্যবেক্ষক সংস্থার ২৫ জন প্রতিনিধি উপস্থিত আছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

প্রশ্ন ফাঁসের অভিযোগের মুখেই ঢাবির ‘ঘ ইউনিটের ফল প্রকাশ-দৈনিক যুগান্তর

প্রশ্ন ফাঁসের অভিযোগের সুরাহা না করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল সবচেয়ে কম সময়ের মধ্যে প্রকাশ করা হয়েছে। রোববার বেলা দেড়টায় এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে দেখা যায় ‘ঘ’ ইউনিটে এবার ১৪.৩৫ শতাংশ কৃতকার্য হয়েছে। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগের মুখে ফল প্রকাশের ঘটনার প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। তারা এ ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবি তুলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেন ‘ঘ’ ইউনিটে। এটিকে বিভাগ পরিবর্তন ‘ইউনিট বলা হয়।

এদিকে দৈনিক নয়া দিগন্তের অনলাইন সংস্করণের একটি খবরে লেখা হয়েছে- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির মূল হোতা আওয়ামী লীগ ও তার দলের লোকেরা। এরা দেশকে পরনির্ভরশীল করতেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। দেশের একজন প্রথিতযশা বুদ্ধিজীবী বলেছেন, রাষ্ট্রকে ক্রিমিনাল স্টেটে পরিণত করেছে আওয়ামী লীগ। এছাড়া তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ১০/১৫ বছর যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে দেশের স্থলপথের নিশানা থাকবে কিনা সন্দেহ আছে। দেশ তখন ধ্বংসস্তূপে পরিণত হবে।

চীনের প্রভাব কমাতে ঢাকায় আসছেন সুষমা-দৈনিক মানবজমিন

কোনো রকম ঘোষণা ছাড়াই নাটকীয়ভাবে একদিন এগিয়ে এসেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর। কূটনৈতিক সূত্রগুলো বলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের দিল্লি সফরের কারণেই সাউথ ব্লক মন্ত্রীর ঢাকা সফরটি এগিয়ে এনেছে। অবশ্য ঢাকার সঙ্গে আলোচনা করেই সফরসূচির এ পরিবর্তন।টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ পলিসির মূল স্তম্ভ হলো বাংলাদেশ। ভারত মহাসাগরে নিজের এজেন্ডা সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে চীন। এর প্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী ও আঞ্চলিক সংযুক্তির ক্ষেত্রে বঙ্গোপসাগর অঞ্চলে ভারতীয় কৌশলের গুরুত্বপূর্ণ অংশীদার ও দেশ (এলিমেন্ট) হলো বাংলাদেশ। তাই ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তার দু’দিনের এ সফরে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে বড় ধরনের অর্থায়নের পরিকল্পনা করছে ভারত। নয়াদিল্লির অর্থায়নে ১৫টি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি এমনটাই আশা করা হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে- দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সম্পৃক্ততার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রতিবেশীই প্রথম’ নীতির অধীনে আঞ্চলিক ফ্রন্টলাইন অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। এক মাসের কম সময়ের মধ্যে তাই ঢাকা সফরে যাচ্ছেন ভারতের শীর্ষ স্থানীয় দ্বিতীয় মন্ত্রী হিসেবে সুষমা।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

সোশ্যাল মিডিয়ায় কমছে জনপ্রিয়তা, চিন্তায় মোদি-দৈনিক আজকাল

সব যেন হাতে আঁকা ছবির মতো ছিল। কিন্তু তিন বছর পেরিয়ে সবেতেই যেন ‘‌কেমন কেমন’‌ গন্ধ। মোদি বা অমিত শাহের মুখে এতদিন ছিল চওড়া হাসি, আর এখন চিন্তার ভাঁজ। কারণ, সোশ্যাল মিডিয়ায় গুরুত্ব হারিয়ে ফেলছে ‘‌মোদি ব্র‌্যান্ড’‌। সাধারণ মানুষ থেকে টিভিতে মুখ দেখানো বিশেষজ্ঞ, সকলেই জানে, সোশ্যাল মিডিয়ায় ভর করে ২০১৪ সালের নির্বাচনী বৈতরণী পার করেছিলেন মোদি। কিন্তু সে মার্কেটে এখন মোদির নাম শুনলেই নাকি তেলে বেগুনে জ্বলে উঠছে লোকে। একথা সবাই জানে, ভারতে সোশ্যাল মিডিয়া প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বিজেপি। খরচ করে দেদার। কিন্তু তাতেও যে বিশেষ লাভ হচ্ছে না ইদানিং। প্রিন্ট নিউজ ওয়েবসাইটের বার্তা সম্পাদক শেখর গুপ্তের একটি লেখায় প্রকাশিত হয়েছে, এখন ফেসবুক মোদির পক্ষে নয়, মোদির বিপক্ষে করা পোস্ট, মেমেতেই আলোচনার কেন্দ্রে রয়েছে বিজেপি। সেখানে হালকা হাসি ঠাট্টা থেকে শুরু করে জটিল অর্থনীতির সমস্যা, সব কিছুই চলছে। কিন্তু কেন এমন হল?‌

গো-রক্ষায় আলাদা বাহিনী তৈরি করতে চলেছে উত্তরাখণ্ড সরকার-দৈনিক সংবাদ প্রতিদিন

বনরক্ষী বাহিনীর ধাঁচে এবার গো-রক্ষা বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। গাড়োওয়াল ও কুমায়ন ডিভিশনে বেআইনি গরু পাচার রুখতে এই বাহিনীকে মোতায়েন করা হবে। একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। তিনি বলেন, উত্তরাখণ্ড প্রোটেকশন অফ কাউ প্রোগেনসি অ্যাক্ট, ২০০৭ কার্যকর করবে সরকার। সেই আইনে অনুসারে এই গো-রক্ষা বাহিনী তৈরি করা হবে। গত মে মাসে দেশের পশুহাট বা পশুবাজারে গবাদি পশু বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। আর এই নির্দেশিকা জারির পর দেশ জুড়ে যেমন স্বঘোষিত গো-রক্ষকদের তাণ্ডব বেড়েছে, তেমনি বিজেপিশাসিত রাজ্যগুলিতে গরুকে বাঁচাতে তৎপরতাও চোখে পড়ছে। বিজেপিশাসিত মধ্যপ্রদেশে ৯০ লক্ষেরও বেশি গবাদি পশুকে চিহ্নিত করতে নির্দিষ্ট নম্বর চালু করার সিদ্ধান্ত নিয়েছে শিবরাজ সিং চৌহানের সরকার। যোগীর রাজ্যে আবার গরুদের জন্য আলাদা অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হয়েছে।

হুমকি সরিয়ে বিতর্কে রাজি সিপিএম-বিজেপি-দৈনিক আনন্দবাজার

সংঘর্ষের জেরে দুই শিবিরেই বেড়ে চলেছে প্রাণহানি। সম্প্রতি বিজেপি নেত্রী সরেজ পাণ্ডে হুমকি দিয়েছেন, চোখ রাঙাতে এলে সিপিএম কর্মীদের চোখ উপড়ে নেওয়াই কেরলে ‘জনরক্ষা যাত্রা’র উদ্দেশ্য ছিল! তার জবাবে আবার কেরল সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণন বলেছিলেন, ‘‘আমাদের কর্মীদের কেশাগ্রও বিজেপি স্পর্শ করতে পারবে না!’’

এই হুমকি আর হানাহানির রাজনীতি আপাতত সরিয়ে রেখে উন্নয়ন নিয়ে বিতর্ক চালাতে রাজি হল লাল ও গেরুয়া, দুই শিবিরই। কেরলে রাজ্য নেতৃত্বকে উন্নয়ন নিয়ে বিতর্কের পথে নিয়ে যেতে নেপথ্যে ভূমিকা নিয়েছেন দু’দলের দুই শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি ও অমিত শাহ। কেরলে রেষারেষির রেশ এসে পড়েছিল জাতীয় রাজনীতিতেও। দিল্লিতে সিপিএমের সদর দফতর এ কে গোপালন ভবনে বিক্ষোভ দেখাতে চলে আসছিলেন বিজেপি-র কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা। আবার বিজেপি-র সদরে পাল্টা বিক্ষোভ মিছিল নিয়ে চলে যাচ্ছিলেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব। এই টক্করের পথ থেকে বেরিয়ে সুস্থ বিতর্কে বসতে রাজি হয়েছে দু’দলই। শাহের হস্তক্ষেপে কেরল বিজেপি যেমন জানিয়েছে মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া দিন ও স্থানে তারা আলোচনায় বসতে রাজি, তেমনই ইয়েচুরির পরামর্শে পিনারাই বিজয়নও রাজ্যের উন্নয়ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চেয়েছেন।

পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছেন ১১ কোটি অদৃশ্য মানু্ষ-দৈনিক আজকাল

পৃথিবীতে ১১ কোটি মানুষের কোনও পরিচয় নেই। নাম নেই ভোটার তালিকায়, নেই কোনও নাগরিকত্ব। সরকারি খাতায় কলমে তাঁরা অদৃশ্য। বিশ্বজুড়ে  মানুষের পরিচয় নিয়ে কাজ করতে করতে এমনই ভয়ঙ্কর তথ্য সামনে পেয়েছে রাষ্ট্রসংঘের একটি বিশেষ দল। সেখানে বলা হয়েছে, মূলত আফ্রিকা ও এশিয়ার একটা বড় অংশের মানুষের আজও কোনও সঠিক পরিচয় নেই। তাঁদের হাতে সরকারি কোনও পরিচয়পত্রও নেই যা দিয়ে পরিচয় জানা সম্ভব। এককথায় দেশের নাগরিকদের মধ্যে তাঁদের স্থান নেই। তাঁরা অদৃশ্য।

কিন্তু কেন এরকম ? রাষ্ট্রসংঘের পক্ষে জানানো হয়েছে, এশিয়া ও আফ্রিকায় এই ধরণের বহু মানুষের সন্ধান পাওয়া গিয়েছে। এর অন্যতম কারণ শিক্ষার অভাব। এই অংশের অসংখ্য দরিদ্র মানুষ এখনও জানেনই না, যে জন্মের পরে সরকারি খাতায় নাম তুলতেই হয়। এছাড়াও আছে রাজনৈতিক সমস্যা। বলা হয়, সরকারের পক্ষ থেকে অনেক সময়েই একটি বিশেষ গোষ্ঠী, ধর্মকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়। সেটি সরকারি স্বার্থেই। সেই জন্যই অন্য গোষ্ঠীর মানুষ আতঙ্কে নিজের নাম তালিকায় তুলতে চান না। এছাড়া, অপ্রাপ্তবয়ষ্ক মাতৃত্বের বিষয়টি তো আছেই। বলা হয়েছে, কম বয়সে যাঁরা মা হয়ে পড়ছেন, তাঁদের অনেকেই সন্তানের পরিচয় গোপন রাখার তাগিদে সরকারি খাতায় নাম তুলতে চান না। এছাড়া, প্রবল দারিদ্র‌্য, ধর্মীয় বেড়াজাল তো রয়েছেই। সবচেয়ে বড় কথা, এর ফলে এই বিপুল সংখ্যায় মানু্ষ সরাসরি সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন। যাঁর ফলে সামাজিক উন্নতিও বাধা প্রাপ্ত হচ্ছে। # ‌  ‌

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২