ঈমানদারীর ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোচ্ছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: প্রথম আলো
- রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জর্ডানের রানী। দুই লাখ রোহিঙ্গার দায়িত্ব নেওয়ার আশ্বাস তুরস্কের: ইত্তেফাক
- রাখাইনে ১৭৭০ কোটি কিয়াতের বিশাল কর্মপরিকল্পনা: ঈমানদারীর ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোচ্ছে: মানবজমিন
- উদ্বাস্তুদের নিরাপদে ফেরার সুযোগ দিতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান: নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- প্রতিবেশী আগে, কিন্তু বাংলাদেশ সবার আগে: সুষমা স্বরাজ, আনন্দবাজার পত্রিকা
- ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রি করতে রাজি হল আমেরিকা,ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে চাপে পাকিস্তান: বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান: প্রথম আলো। ভোলায় নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গ্যাসক্ষেত্রে প্রায় ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস আছে। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শফিউল আলম বলেন, ভোলার শাহবাজপুরে আগের গ্যাসক্ষেত্রটির পাশেই এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। আগের কূপ ও নতুনটি মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান সেখানে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি সুসংবাদ।
রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জর্ডানের রানী: ইত্তেফাক
মিয়ানমার সরকারের ইন্ধনে রাখাইনে সে দেশের সেনাবাহিনীর চালানো পাশবিকতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পৌঁছেছেন জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ। ক্যাম্পে পৌঁছে তিনি আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা পর্যবেক্ষণ এবং তাদের সাথে কথা বলছেন। এছাড়াও সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করছেন তিনি।
উল্লেখ্য, জর্ডানের রানী রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।
এদিকে পত্রিকাটি আরও জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে দুই লাখের থাকা, খাওয়াসহ সব ধরনের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। কক্সবাজারের কুতুপালংয়ে এক হাজার থেকে ১২০০ একর জমিতে ‘টার্কিশ জোনে’ এসব রোহিঙ্গাকে সহায়তা করার আশ্বাস দিয়েছে দেশটি।
সচিবালয়ে গতকাল রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক সাক্ষাত্ করে এ আশ্বাস দেন।
রাখাইনে ১৭৭০ কোটি কিয়াতের বিশাল কর্মপরিকল্পনা: মানব জমিন
রাখাইন প্রদেশে অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৯টি টিম গঠন করেছে মিয়ানমারের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ইউনিয়ন অব ফেডারেশন অব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএমএফসিসিআই)। ১৭৭০ কোটি কিয়াত (এক কোটি ৩০ লাখ ডলার) বিনিয়োগের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। অং সান সুচি চাইছেন রাখাইনে অর্থনৈতিক জোন ও কৃষি জোন তৈরি করতে। বৈঠকে উপস্থিত এক ধনকুবের ইউ খিন শয়ে বলেন, এসব প্রকল্প বাস্তবায়ন করা গেলে রাখাইন থেকে বাইরে যাওয়ার প্রবণতা কমবে। স্থানীয় মানুষরাই উল্টো সেখানে প্রবেশ করবে।
ঈমানদারীর ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোচ্ছে: মানবজমিন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ঈমানদারীর ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোচ্ছে। ভারতের বর্তমান সরকারের প্রতিবেশি অগ্রাধিকার (নেইবার ফাস্ট) নীতির মধ্যে বাংলাদেশ সবার আগে। সবার উপরে। আমাদের দুই দেশের সম্পর্ক কেবল প্রতিবেশিই নয়। আত্মীয়তার বন্ধনের মতো। দুই দেশের কোন সমস্যাই অমিমাংসিত থাকবেনা।ভারতের হাই কমিশন নতুন চ্যান্সারি কমপ্লেক্স ও ১৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সুষমা স্বরাজ বলেন, আমরা স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়নসহ বিবাদমান অনেক সমস্যাই মিটিয়ে ফেলেছি। এখনও যে সমস্ত সমস্যা রয়েছে তা বন্ধুত্বের ভিত্তিতেই সমাধান হবে।
উদ্বাস্তুদের নিরাপদে ফেরার সুযোগ দিতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান: নয়াদিগন্ত
রাখাইন রাজ্যে অবিলম্বে সহিংসতা বন্ধ করে উদ্বাস্তুদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সাথে ঘরে ফেরার সুযোগ দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দফতর থেকে দেয়া এক মিডিয়া নোটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আনান কমিশনের প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে রাখাইন রাজ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা আনতে মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। রাখাইন রাজ্যে মানবিক চাহিদা মেটাতে সহায়তা কর্মীদের অবাধ প্রবেশাধিকার দেয়া প্রয়োজন। সঙ্কট মোকাবেলায় দাতাগোষ্ঠিকে আরো আর্থিক সহায়তা দেয়ার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এবারে ভারতের বাংলা দৈনিকের কটি খবর বিস্তারিত:
প্রতিবেশী আগে, কিন্তু বাংলাদেশ সবার আগে: সুষমা স্বরাজ, আনন্দবাজার পত্রিকা
এমনিতেই ভারতের বিদেশ নীতিতে প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। সেই তালিকায় যে বাংলাদেশ সবার আগে রয়েছে, সে কথা জানিয়ে দিলেন ঢাকা সফররত ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।
দু’দিনের সফরে রবিবার ঢাকা পৌঁছন সুষমা। সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘‘পড়শি পহলে, লেকিন বাংলাদেশ সবসে পহলে।’’ এ দিন সকালে ঢাকার বারিধারা এলাকায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সে ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশমন্ত্রী এএইচ মাহমুদ আলি, স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন। আলি সম্পর্কে সুষমা এ দিন বলেন, ‘‘আমরা দু’জন ভাইবোনের সম্পর্ক পাতিয়ে ফেলেছি।’’
ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রি করতে রাজি হল আমেরিকা,ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে চাপে পাকিস্তান: বর্তমান
পাকিস্তানকে আরও চাপে ফেলে দিল আমেরিকা। আধুনিকীকরণের উদ্যোগের অংশ হিসাবে আমেরিকার কাছে সশস্ত্র ড্রোন কেনার যে আবেদন জানিয়েছিল ভারতীয় বায়ুসেনা, তাতে সবুজ সংকেত দিল হোয়াইট হাউজ। ট্রাম্প প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করতেই তিনি ভারতের হাতে তুলে দিতে চান অত্যাধুনিক সশস্ত্র ড্রোন। আর তাতে স্বাভাবিকভাবেই আরও চাপে ইসলামাবাদ। কারণ, সশস্ত্র ড্রোন প্রতিরোধ শক্তি আরও জোরদার করবে বলে দাবি ভারতীয় বায়ুসেনার।
পার্সটুডে/নাসির মাহমুদ/২৩