অক্টোবর ২৪, ২০১৭ ১৩:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ইসির সঙ্গে সাবেক সিইসি ও কমিশনারদের সংলাপ -দৈনিক ইত্তেফাক
  • সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু ইসির নয়: এ টি এম শামসুল হুদা-দৈনিক প্রথম আলো
  • ‘জুলুম-নির্যাতন আর এমকে আনোয়ারকে স্পর্শ করবে না’মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • সরকারি কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়’-দৈনিক মানবজমিন
  • মির্জা ফখরুলের বিরুদ্ধে আরেক মামলা স্থগিত-দৈনিক নয়া দিগন্ত
  • প্রশ্ন ফাঁস-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • এ বার নতুন মৃত্যুদূত রূপে হাজির লালপোকা-দৈনিক আনন্দবাজার
  • আধার কার্ড নেই, গর্ভবতীকে ধাক্কা-দৈনিক আজকাল
  • জরুরি অবতরণের মহড়া, বায়ুসেনার সুখোই-মিরাজ দেখতে ভিড় বাসিন্দাদের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • রেলের খাবারে পোকা? পেতেই পারেন ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ-সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

‘জুলুম-নির্যাতন আর এমকে আনোয়ারকে স্পর্শ করবে না’-দৈনিক যুগান্তর

বিএনপি নেতা এমকে আনোয়ারের জানাজা

এমকে আনোয়ার ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের ‘আপসহীন সৈনিক’। বর্তমান সরকারের কোনো নির্যাতন ও জুলুম এখন আর তাকে স্পর্শ করবে না। এভাবেই চিরবিদায় জানানোর আগে দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে স্মরণ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,  ‘এমকে আনোয়ার ছিলেন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। বর্তমান সরকারের কোনো নির্যাতন ও জুলুম তাকে দমাতে পারেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তিনি আরও বলেন, তার মৃত্যু চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য এটি বড় ক্ষতি। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।  তার চলে যাওয়ার শোক যেন তার পরিবার ও আমরা সহ্য করতে পারি সে প্রার্থনা করছি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমকে আনোয়ারের দ্বিতীয় জানাজার আগে দেয়া বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

জানাজার পর ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এমকে আনোয়ারকে চিরবিদায় জানান বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এমকে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন।

তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসরগ্রহণের পর রাজনীতিতে জড়িয়ে তিনি পরবর্তী সময় ৫ বার জাতীয় সংসদ সদস্য ও দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা-আপন জুয়েলার্সের তিন মালিক কারাগারে-এনটিভিবিডি অনলাইন

আপন জুয়েলার্সের তিন মালিক কারাগারে

রাজধানীর রমনা, গুলশান, ধানমণ্ডি ও উত্তরা পূর্ব থানায় করা মুদ্রা পাচারের পাঁচ মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তাঁর দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিমের পৃথক দুই বিচারক এ আদেশ দেন।

এর আগে দুপুর ১টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান আপন জুয়েলার্সের এই তিন মালিক।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আসামি দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিন বাতিল হওয়ায় তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিকেল ৩টায় তাঁদের জামিন শুনানি শেষে আসামি দিলদার আহমেদকে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এবং আসামি গুলজার আহমেদ ও আজাদ আহমেদের জামিন ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইসির সঙ্গে সাবেক সিইসি ও কমিশনারদের সংলাপ-দৈনিক ইত্তেফাক

নির্বাচন কমিশনের সঙ্গে সাবেক ইসি ও কমিশনারদের সংলাপ

একাদশ সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনারসহ নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সংলাপে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, এটিএম শামসুদ হুদা, ছহুল হোসাইন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আব্দুল মোবারক, আবু হাফিজ, শাহ নেওয়াজসহ সাবেক নির্বাচন কমিশনার, সাবেক ইসি সচিব, সাবেক স্বরাষ্ট্র সচিব, সাবেক আইজিপি, সাবেক বিভিন্ন গোয়েন্দা প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও চারজন নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংলাপের শুরুতেই সিইসি বলেন, এতোদিন আমরা ভারি বক্তব্য শুনেছি। আজ আপনাদের কাছে পেয়ে হালকা অনুভব করছি।আজ নির্বাচন বিশেষজ্ঞদের এই সংলাপের মধ্যদিয়ে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হচ্ছে।

‘সরকারি কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়’-দৈনিক মানবজমিন

বিচারপতি আবদুর রউফ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ বলেছেন, বর্তমান ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষতার প্রমাণ করা। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ লোকদের ভোটের কাজে নিয়োজিত করা দরকার। সরকারি কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তিনি আরো বলেন, জনগণ হচ্ছে ভোটের মালিক।

তারাই নির্বাচন করবে। সেখানে ডিসিও থাকবে না, এসপিও থাকবে না৷ তৃণমূল পর্যায়ে ভোটাররা যদি ভোট পরিচালনা করেন, তারাই যদি আইন শৃঙ্খলার দায়িত্ব নেয় তবে সেটাই ভালো। এজন্য প্রতি ৫০০ জন ভোটারের জন্য একটি করে স্থায়ী ভোটকেন্দ্র স্থাপন করতে হবে৷ কারণ গণতন্ত্র ছাড়া আমাদের বাঁচার উপায় নাই।

সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব শুধু ইসির নয়: এ টি এম শামসুল হুদা-প্রথম আলো

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেছেন, সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের একার নয়। রাজনৈতিক দলগুলোরও নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে দায়িত্ব আছে। তিনি আশা করেন, সব দলই এবার নির্বাচনে আসবে আর নির্বাচন কমিশন (ইসি) কথায় বা কাজে এমন কিছু করবে না, যাতে কমিশনের আস্থা নষ্ট হয়।

পুলিশের বিরুদ্ধে ঝুলে আছে দেড় শতাধিক অভিযোগ-দৈনিক যুগান্তর

পুলিশের বিরুদ্ধে অভিযোগ

গুম, নির্যাতন, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ। এসব অপরাধে জড়িত কিছু সদস্যের শাস্তি হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় মানবাধিকার কমিশনে পুলিশের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে কিছু অভিযোগের সুরাহা হলেও পাঁচ বছর ধরে ঝুলে আছে ১৫৬টি অভিযোগ। তবে পুলিশ সদর দফতরের দাবি, অভিযোগের তালিকা ধরে তদন্তের কাজ শুরু হয়েছে। চলতি বছরের মধ্যেই এগুলো নিষ্পত্তি করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি নিষ্পত্তি না হওয়া অভিযোগের একটি তালিকা কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। কমিশন সচিব স্বাক্ষরিত ওই তালিকায় ১৫৬টি অভিযোগের মধ্যে ২০১২ সালের চারটি, ২০১৩ সালের ১০টি, ২০১৪ সালের ৫৩টি, ২০১৫ সালের ৭৩টি এবং ২০১৬ সালের ১৬টি অভিযোগ রয়েছে।

তালিকা বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চসংখ্যক অভিযোগ রয়েছে গুমের। এর সংখ্যা ২৭টি। ২৪টি অভিযোগ পুলিশ হেফাজতে নির্যাতনের। পুলিশি হয়রানির অভিযোগ রয়েছে ২০টি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ক্রসফায়ারের অভিযোগ রয়েছে ১২টি। ৭টি অভিযোগ রয়েছে পুলিশ হেফাজতে মৃত্যুর। সঠিক তদন্ত না হওয়ার অভিযোগ রয়েছে ৪টি। জমি ও সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে ৪টি। ৪টি অভিযোগ রয়েছে চাঁদাবাজির। ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার অভিযোগ রয়েছে ২টি করে। এ ছাড়া ঘুষ, অর্থ লুটপাট, গ্রেফতারের পর অস্বীকার ও ভূমি দখলের অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক যুগান্তরকে বলেন, পুলিশ কর্মকর্তাদের জন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে তাদের বিরুদ্ধে নিষ্পত্তি না হওয়া অভিযোগের বিষয়ে জানানো হয়। তখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিষ্পত্তি না হওয়া অভিযোগের একটি তালিকা দেয়ার অনুরোধ জানান। এরপরই অভিযোগগুলোর একটি তালিকা দেয়া হয়।

তিন ব্যাংকে ৮ কোটি টাকা, এসপি ও স্ত্রীর নামে দুদকের মামলা-দৈনিক যুগান্তর

ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা

তিন ব্যাংকে অবৈধভাবে উপার্জিত ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা পাওয়ার ঘটনায় ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুদক। মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় মামলাটি  করেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী  পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

ওয়ান ব্যাংকের বংশাল শাখা, রাজধানীর এলিফ্যান্ট রোড শাখা ও যশোর শাখায় ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা রাখার দায়ে এ মামলা করা হয়েছে।

মো. আবদুল ওয়াদুদ জানান, ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রিনা চৌধুরীর নামে ২০১২ সালের মানিলন্ডারিং আইনে মামলাটি করা হয়।ব্যাংকে তাদের নামে এফডিআর করা ৮ কোটি টাকার বেশি পাওয়া যায়। দুদক তাদের জিজ্ঞাসাবাদ করলে এ টাকার উৎস তারা জানাতে পারেননি। এ টাকার বিষয়ে তারা কোনো সদুত্তরও দিতে পারেননি। পরে তাদের বিষয়ে দুদকের সভায় মামলার সিদ্ধান্ত নেয়া হয়। আজ মঙ্গলবার বংশাল থানায় মামলাটি করা হয়।

মামলা মোকদ্দমা সম্পর্কিত আজকের জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণের খবর তুলে ধরছি।

হাইকোর্ট

দৈনিক যুগান্তরের খবর-জন্মদিনের কথা বলে বনানীর বাসায় ডেকে তরুণীকে ধর্ষণ মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৪ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

দৈনিক নয়া দিগন্তের খবর-ঢাকাস্থ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় হাইকোর্টে রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর পুনরায় শুনানির দিন পিছিয়ে আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মলিবাগের চৌধুরী পাড়ার বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা একটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

রোহিঙ্গাদের মর্যাদার সাথে নিজ ভূমিতে ফিরিয়ে নিতে হবে: দীপু মনি-দৈনিক ইত্তেফাক

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি রোহিঙ্গা সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবন বাচাঁতে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে অবশ্যই নিরাপদে ও মর্যাদার সাথে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে হবে।

মিয়ানমারে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজিমন

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার সঙ্গে গেছে ১২ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল বেলা পৌনে ১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়ে দলটি। প্রতিনিধি দলে রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সফরে রোহিঙ্গা সংকট অবসানের বিষয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে আলোচনা করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর গত দুই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

নতুন গ্যাসকূপ সন্ধানের খবরে আনন্দের জোয়ারে ভাসছে ভোলাবাসী-ইত্তেফাক

জেলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসফিল্ডের নতুন গ্যাসকূপ সন্ধানের খবরে আনন্দের জোয়ারে ভাসছে ভোলাবাসী। আবিষ্কৃত নতুন গ্যাসকূপ শাহবাজপুর ইস্ট-১ থেকে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধানের খবরটি জানানোর পর উচ্ছ্বাস প্রকাশ করে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এতে করে গ্যাসসমৃদ্ধ এই জেলায় উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে বলে মনে করছেন তারা।

বিসিএসে দেখিয়ে দিলেন জগন্নাথের তিন শিক্ষার্থী-দৈনিক প্রথম আলো

Image Caption

বিসিএসে তিন ক্যাডারে প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষার্থী। এই কৃতিত্বের অধিকারী তিনজন হলেন প্রশাসনে প্রথম ইসমাইল হোসেন, তথ্য ক্যাডারে প্রথম সারাহ ফারজানা হক ও পরিসংখ্যানে প্রথম মোহাম্মদ কামাল হোসেন। ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন কৃতিত্বের ঘটনা এটাই প্রথম।

বিসিএসে এমন সফলতায় উচ্ছ্বসিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও সাবেক ডিন মো. রোজাউল করিম। তিনি বলেন, ‘এটি বিরাট এক অর্জন। আমরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে পারিনি। এরপরও তাদের এমন সাফল্যে খুব খুশি হয়েছি।’

ভর্তি পরীক্ষার পদে পদে টাকা আর ভোগান্তি-দৈনিক প্রথম আলো

ফরিদপুরের শিক্ষার্থী শরণ কুমার রায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম তুলেছেন। এ জন্য তাঁর খরচ হয়েছে প্রায় আড়াই হাজার টাকা। অনলাইনে ফরম পূরণের সময় কম্পিউটারের দোকানে প্রতিটি ফরমের পেছনে গুনতে হয়েছে ৫০ টাকা করে। শরণের হিসাবমতে, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতেই তাঁর পাঁচ হাজারের বেশি টাকা খরচ হবে। এর বাইরে আরও চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে তাঁকে।

প্রতিবছর ভর্তি পরীক্ষা এলেই এভাবে অর্থ খরচ করতে হয় শরণের মতো ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের। এর সঙ্গে থাকে ভোগান্তি আর মানসিক চাপ। সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে মেডিকেল কলেজের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনও (ইউজিসি) এই পদ্ধতির পক্ষেই সুপারিশ করে আসছে।

প্রশ্ন ফাঁস-দৈনিক ইনকিলাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস

জড়িত ছাত্রলীগ, সরকার সমর্থিত শিক্ষক-কর্মকর্তা : অস্বীকার করে দায় এড়াচ্ছে কর্তৃপক্ষ : মেধাহীনদের কারণে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ

পরীক্ষা হলেই প্রশ্ন ফাঁস হবে। এটিই যেন সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়, মেডিক্যালে ভর্তি পরীক্ষা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, সরকারি কর্মকমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা, এইচএসসি, এসএসসি, জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনী বাদ যাচ্ছে না কোনো পরীক্ষাই। একসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে অহঙ্কারের সাথে বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয় না। এখন সেই কালিমাও যুক্ত হলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে। ভর্তি পরীক্ষা, পাবলিক কিংবা নিয়োগ পরীক্ষা সবকটি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকছে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের কোনো কোনো নেতা, সরকার সমর্থিত শিক্ষক-কর্মকর্তারা। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে পরীক্ষার্থীদের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এর ফলে কিছু কিছু শিক্ষার্থী উপকৃত হলেও বঞ্চিত হচ্ছে প্রকৃত মেধাবীরা। পড়াশুনার পরও প্রশ্ন ফাঁসের কারণে কাক্সিক্ষত পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে হতাশ হয়ে পড়ছে তারা। মেধাহীনরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরিতে নিয়োগ পেয়ে কলুষিত করছে শিক্ষার পরিবেশ এবং ক্ষুন্ন করছে প্রতিষ্ঠানের মর্যাদা।

মাঝেমধ্যেই এসব চক্রের সঙ্গে সম্পৃক্ত পরীক্ষার্থীদের ধরে আইনের হাতে সোপর্দ করলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরেই। তবে শিক্ষা-সংশ্লিষ্ট অনেকেই বলছেন, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও পরীক্ষার সাথে সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া প্রশ্ন ফাঁস সম্ভব নয়। সময় এসেছে যে কোনো মূল্যে এই প্রশ্ন ফাঁসে সহায়তাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার। কারণ এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতারের পরই শেষ হয়ে যাচ্ছে প্রতিটি ঘটনা।

সংবাদ বিশ্লেষণ-ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তায়নের ছায়া-দৈনিক প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ ভারপ্রাপ্ত উপাচার্যকে। ধন্যবাদ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং প্রতিবাদ নাকচ করে দিয়ে কতিপয় অসাধু কিন্তু ছাত্রলীগের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত শিক্ষার্থীকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য। অস্বাভাবিক দ্রুততায় ঘ ইউনিটের বিতর্কিত পরীক্ষার ফল প্রকাশের ব্যবস্থা করার কৃতিত্বও তো কম কিছু নয়।

ফাঁস হওয়া প্রশ্ন কিনে যেসব ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞানের বিষয়সমূহ পঠন-পাঠনের সুযোগ করে নিয়েছেন, তাঁদেরও অভিনন্দন। নীতি-নৈতিকতা বিসর্জনের অনুশীলনটা আপনাদের ভালোই হবে। কেননা, প্রমাণিত হয়েছে দেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং তাঁর প্রশাসন অপরাধকে প্রশ্রয় দিতে কসুর করেন না। কয়েক বছর ধরে দেশের শিক্ষাব্যবস্থায় যে অধঃপতনের ধারা অনুসৃত হচ্ছে, তাঁরা তাকে আঁকড়ে থাকতে চান। পরীক্ষাপদ্ধতির দূষণ প্রতিরোধ বা প্রতিকারের ন্যূনতম ইচ্ছাও তাঁদের নেই।

দৈনিকটিতে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার ভর্তি পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁসের কথা জানতেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

নয় ছাত্রের বিরুদ্ধে শিশুকে যৌন হয়রানির অভিযোগ!-প্রথম আলো

পঞ্চম শ্রেণির ছাত্রী  ধর্ষণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা দিতে আসা এক ছাত্রী (১২) যৌন হয়রানির শিকার হয়েছে। ওই প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন দিলালপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির নয় ছাত্র পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিশুটিকে যৌন হয়রানি করে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার মেয়েটি যে বিদ্যালয়ে পড়ে, সেটির শিক্ষক, পাড়ার লোকজন, পরিবারের সদস্যরা মেয়েটিকে নিয়ে দিলালপুর উচ্চবিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক রুহুল আমীনের কাছে দোষী ছাত্রদের বিচার দাবি করেন।

স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার পরীক্ষা শেষে মেয়েটি বাড়ি ফেরার পথে ওই নয় ছাত্র মেয়েটিকে রাস্তায় আটকে যৌন হয়রানি করে। পরে মেয়েটি দুই সহপাঠীকে নিয়ে নিজের বিদ্যালয়ে গিয়ে এক শিক্ষককে ঘটনাটি জানায়। বিদ্যালয়-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, অভিযুক্ত নয় ছাত্র এলাকায় বখাটে হিসেবে পরিচিত। এর আগেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এদের মধ্যে চার-পাঁচজনকে বিদ্যালয় থেকে একাধিকবার বহিষ্কারও করা হয়। কিন্তু অভিভাবক ও এলাকাবাসীর চাপে আবার তাদের নিতে হয়েছে।

এদিকে অভিযুক্ত নয়জনের মধ্যে এলাকায় গিয়ে গতকাল শুধু আরিফুল ও রাকিবুল নামের দুজনকে পাওয়া যায়। তারা দুজনই অভিযোগ অস্বীকার করে জানায়, তারা শুধু ঘটনাটি দেখেছে। তবে বাকি সাতজন এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

এক্সপেসয়েতে বায়ুসেনার সুখোই -মিরাজ অবতরণ

জরুরি অবতরণের মহড়া, বায়ুসেনার সুখোই-মিরাজ দেখতে ভিড় বাসিন্দাদের-দৈনিক আনন্দবাজার/সংবাদ প্রতিদিন

বায়ুসেনার ফাইটার জেট নামবে রাস্তায়। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের দুপাশ তাই ভিড়ে থইথই। প্রত্যাশা পূরণ করে নামল বায়ুসেনার ফাইটার জেট। চোখের সামনে দেখা গেল সুখোই, মিরাজের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান।

জরুরি অবতরণের মহড়া হিসেবেই বায়ুসেনার এই বিমানগুলির অবতরণ। বেছে নেওয়া হয়েছিল লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েকে। বিকল্প রানওয়ে হিসেবেই এই এক্সপ্রেসওয়েকে বেছে নেওয়া হয়েছে। গত বছর এই এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সময়ও এই দৃশ্যের সাক্ষী থেকেছিলেন সাধারণ মানুষ।

এই মহড়ার উদ্দেশ্য ছিল দুটি। যদি কোনও কারণে যুদ্ধবিমানগুলি সঠিক জায়গায় অবতরণ করতে না পারে, তাহলে জরুরি ভিত্তিতে এরকমই কোনও এসক্সপ্রেসওয়েতে নামতে পারবে। দ্বিতীয়ত, শত্রুপক্ষ বিমানঘাঁটিগুলোকে কবজা করলেও যুদ্ধবিমানগুলি জরুরিভিত্তিতে অনত্র অবতরণের সুবাদে  নিরাপদ থাকতে পারবে। এই দুই লক্ষ্য পূরণেই চলল মহড়া।

এ বার নতুন মৃত্যুদূত রূপে হাজির লালপোকা-দৈনিক আনন্দবাজার

লাল রংয়ের পোকা

লাল রঙের ছোট্ট একটা পোকা এবং তার কামড়ের জেরে জ্বরের প্রকোপ নিয়ে স্বাস্থ্য দফতরে দিন কয়েক আগে আলোচনা শুরু হয়েছিল। রবিবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে সেই পোকার কামড় নিয়েই ভর্তি এক মহিলার মৃত্যু হয়েছে। নতুন ওই আতঙ্কের নাম স্ক্রাব টাইফাস ব্যাকটিরিয়া।

ডেঙ্গি যেমন এডিস মশার কামড়ে হয়, এই ব্যাকটিরিয়াটি তেমনই শরীরে ঢোকে ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের পোকার কামড়ে। এর জেরে প্রবল জ্বর এবং চিকিৎসা শুরু না হলে একে একে বিকল হতে পারে বিভিন্ন অঙ্গ।

বাইপাসের এক বেসরকারি হাসপাতালে দিন দশেক আগে জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন গড়িয়ার বছর ষাটেকের এক প্রৌঢ়া।

আধার কার্ড নেই, গর্ভবতীকে ধাক্কা-দৈনিক আজকাল

আধার কার্ড

আধার কার্ড নেই। এই ‘‌অপরাধে‌’‌ মুম্বইয়ের বৃহন্মুম্বই পুরনিগমের একটি প্রসূতিসদন থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। প্রসূতির নাম সানা খান। শেষে ওই মহিলার পরিচিতরা চাপ দেওয়ায় ভর্তি করা হয়েছে তাঁকে। সানা প্রথমবার মা হচ্ছিলেন। কিন্তু আধার কার্ড না থাকায় তাঁকে ভর্ৎসনা করা হয়।  মুম্বইয়ের কুর্লার বাসিন্দা গর্ভবতীকে সানাকে ধাক্কা দেওয়ারও অভিযোগ উঠেছে চুনাভাটির মীনাতাই ঠাকরে প্রসূতি সদনের বিরুদ্ধে। সানা জানিয়েছেন, চলতি মাসের ১০ তারিখে  তিনি ওই প্রসূতি সদনে গিয়েছিলেন। তখনও তাঁকে ফেরানো হয়েছিল কোনও কারণ না দেখিয়েই।

রেলের খাবারে পোকা? পেতেই পারেন ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ-সংবাদ প্রতিদিন

রেলের খাবারে তেলাপোকা

রেলের খাবার এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে যাত্রীদের। বিশেষ করে দূরপাল্লার ট্রেনে। আজ আরশোলা, কাল মরা টিকটিকি খাবারে মেলার পালা তো চলছিলই, এরই মধ্যে ঘটে গেল তেজস এক্সপ্রেসের ঘটনা। রেলের দেওয়া খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় পঁচিশজন যাত্রী। শোরগোল পড়ে যায় চারদিকে। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় রেলমন্ত্রকের তরফ থেকে। গঠন করা হয় তদন্ত কমিটি। কিন্তু তারপর? তারপর কী হবে? যাত্রীদের এ ক্ষতি কি পূরণ হবে? এই প্রশ্নের উত্তর কিছুটা হলেও মিলল সম্প্রতি। খাবারে পোকা থাকার জন্য ক্ষতিপূরণের আশ্বাস পেলেন এক যাত্রী। ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেলের ক্যাটারিং সংস্থা আইআরসিটিসি-কে। এমন নির্দেশ দিল ইউটি কনজিউমার ফোরাম।

প্রবল বিরোধিতার মুখে ধাক্কা খেল বসুন্ধরা রাজে সরকার, হিমঘরে নয়া বিল-সংবাদ প্রতিদিন

রাজস্তানের বসুন্ধরা রাজে সরকার ধাক্কা খেয়েছে 

বড়সড় ধাক্কা খেল রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার। প্রবল বিরোধিতার মুখে পড়ে আপাতত হিমঘরে রাজে সরকারের দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের আড়াল করতে আনা নয়া আইন।মঙ্গলবার, বিরোধী পক্ষ ও দলীয় নেতাদের একাংশের বিরোধিতায়, ‘দ্য ক্রিমিনাল ল’ অর্ডিন্যান্স, ২০১৭’ নামের এই আইনটিকে সিলেক্ট কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।  ১৫ সদস্যরে এই কমিটিকে নেতৃত্ব দেবেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচন্দ কাটারিয়া।  সেপ্টেম্বর মাসে এই অর্ডিন্যান্সটি বিধানসভায় পেশ করে রাজে সরকার। এই নয়া আইন মোতাবেক কোনও বিচারপতি, প্রাক্তন-বিচারপতি, সরকারি আমলার বিরুদ্ধে রাজ্য সরকারের অনুমতি ছাড়া দুর্নীতির অভিযোগে তদন্ত করা যাবে না। তারপরই দানা বাঁধে বিতর্ক।  বিরোধী দলগুলির অভিযোগ, নিজের দুর্নীতিগ্রস্ত আমলাদের আড়াল করতেই এই ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪