খুলে গেল মগবাজার-মৌচাক উড়ালসড়ক , প্রধানমন্ত্রী বললেন যানজট কমবে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- ইয়াবা পাচার বাড়ছে-দৈনিক ইত্তেফাক
- যানজট কমবে, কর্মচাঞ্চল্য বাড়বে: প্রধানমন্ত্রী--প্রথম আলো
- ভিআইপি কয়েদি হাসপাতাল লিমিটেড- দৈনিক প্রথম আলো
- সন্ত্রাসবাদের অভিযোগে ঢাকায় বৌদ্ধ এনজিও প্রধান আটক-দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা সংকট নিয়ে চাপে মিয়ানমার-দৈনিক যুগান্তর
- চালের দাম আর কমছে না-দৈনিক মানবজমিন
- চুরির অপবাদে শিশু নির্যাতন; গুমের অভিযোগ-দৈনিক মানবজমিন
- ব্যাংকিং খাতে বড় ধরনের অর্থসঙ্কটের আশঙ্কা-দৈনিক নয়া দিগন্ত
- প্রশাসনে নারীর দাপট-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- তাজমহলে যোগী আদিত্যনাথ –আনন্দবাজার
- ভিন্ রাজ্যের মশা ছড়াচ্ছে ডেঙ্গু! দাবি মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার
- গ্রেফতার গুরুং ঘনিষ্ট-দৈনিক আজকাল
- ছত্তিসগড়ে খতম ৩ মাওবাদী, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার-সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
যানজট কমবে, কর্মচাঞ্চল্য বাড়বে: প্রধানমন্ত্রী-প্রথম আলো
খুলে গেল মগবাজার-মৌচাক উড়ালসড়ক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই উড়ালসড়ক যানজট নিরসনে ভূমিকা রাখবে। সময় বাঁচাবে। কর্মচাঞ্চল্য বাড়বে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উড়ালসড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উড়ালসড়ক নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। উড়ালসড়কসহ সব সড়ক ব্যবহারে যত্নবান হতে ও ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানান।
ঢাকায় গাড়ির সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আধুনিক যুগে আর্থিক ক্ষমতা থাকলে মানুষ গাড়ি কিনছে। ফলে যানজট বাড়ছে। মগবাজার-মৌচাক উড়ালসড়কে গাড়ি দ্রুত চলবে। চলাচলের সুবিধার জন্য এই উড়ালসড়কের কিছু জায়গায় নকশা পরিবর্তন করা হয়েছে।
উড়ালসড়কটি তিন ভাগে করা হয়েছে। একটি অংশ সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি হাসপাতাল। এটা নির্মাণ করেছে নাভানা কনস্ট্রাকশন। গত বছরের মার্চে এই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। গত বছরের ১৫ সেপ্টেম্বর নিউ ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত উড়ালসড়কের এক দিক খুলে দেওয়া হয়। এই অংশ নির্মাণ করেছে তমা কনস্ট্রাকশন। তৃতীয় ধাপে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মোড় থেকে কারওয়ান বাজার অংশ যানবাহন চলাচলে খুলে দেওয়া হয় ১৭ মে। এই অংশও তৈরি করেছে নাভানা কনস্ট্রাকশন। এখন খুলে দেওয়া হলো উড়ালসড়কের মৌচাক-মালিবাগ-শান্তিনগর-রাজারবাগ-মগবাজার অংশ। এটা নির্মাণ করেছে তমা কনস্ট্রাকশন।
আপিলে খালেদা জিয়ার আবেদন বিষয়ে আদেশ সোমবার-দৈনিক ইত্তেফাক
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আনা আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী সোমবার আদেশ দেয়ার দিন ধার্য করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেয় (ফর অর্ডার অন ৩০ অক্টোবর)। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশীদ আলম খান। গত ২২ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের নয় সাক্ষীকে জেরা ও ২ সাক্ষীকে পুনরায় জেরা সংক্রান্ত বেগম খালেদা জিয়ার করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেয় হাইকোর্ট
জিয়া বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, এটিই তথ্যভিত্তিক সত্য: সিইসি-দৈনিক যুগান্তর
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাকারী, এটিই তথ্যভিত্তিক সত্য। বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিইসি এ মন্তব্য করেন।
সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, পর্যবেক্ষক সংস্থা, নারী নেত্রীসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অংশের সঙ্গে চলমান তিন মাসের সংলাপ শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কেএম নুরুল হুদা বলেন, চলমান সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপির সঙ্গে সংলাপকালে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছিলেন সিইসি।
সন্ত্রাসবাদের অভিযোগে ঢাকায় বৌদ্ধ এনজিও প্রধান আটক-দৈনিক যুগান্তর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বৌদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানকে সন্ত্রাসবাদের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এক প্রতিবেদনে উশিত মংকে গ্রেফতারের খবর জানায় বিবিসি বাংলা।
এতে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর মিয়ানমার যাওয়ার সময় বিমানবন্দর থেকে উশিতকে র্যাব আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সন্ত্রাসবাদ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার উশিত মং বাংলাদেশের নাগরিক। তবে তার স্ত্রী মিয়ানমারের নাগরিক এবং সেখানেই তিনি বসবাস করেন। তারা দুজনই রাখাইন জাতিগোষ্ঠীর সদস্য।
ইয়াবা পাচার বাড়ছে-দৈনিক ইত্তেফাক
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা বিতাড়িত হলেও মরণ নেশা ইয়াবা পাচার বন্ধ হয়নি বরং ইয়াবার পাচার এখন বেড়েছে। মিয়ানমারের ইয়াবায় বিষাক্ত হচ্ছে বাংলাদেশ। বলা হতো শুধু রোহিঙ্গারাই ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। মিয়ানমারের সীমান্তরক্ষীসহ তাদের আইন-শৃঙ্খলা বাহিনীই এখন ইয়াবা পাচারে সরাসরি জড়িত।
দমনপীড়ন ও নির্যাতনের হাত থেকে রক্ষা ও প্রাণে বাঁচতে বাংলাদেশে আসা অনেক রোহিঙ্গার নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাদের হাতে ইয়াবা দিয়ে মিয়ানমারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে দিচ্ছে, ‘ওপারে গিয়ে বিক্রি করে খাবি।’ অনুসন্ধানে জানা গেছে, মিয়ানমারের বাংলাদেশ সীমান্তে এবং সীমান্তবর্তী এলাকায় ৩৩টি ইয়াবা কারখানা রয়েছে। যেগুলো মিয়ানমারের সীমান্তরক্ষীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহায়তায় পরিচালিত হয়ে থাকে। আর এই ইয়াবা ব্যবসায়ীদের সহায়তা দিয়ে যাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে ইয়াবা পাচারে সরাসরি জড়িত
রোহিঙ্গা সংকট নিয়ে চাপে মিয়ানমার-দৈনিক যুগান্তর
রোহিঙ্গা সংকট নিরসনের জন্য যথেষ্ট চাপের মুখে পড়েছে মিয়ানমার। মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এবার রোহিঙ্গা সংকট নিরসনে ভারত ও চীনের সক্রিয় তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বড় দুই শক্তি অবশ্য দেশটির বিরুদ্ধে শক্তি প্রয়োগের পরিবর্তে নিজস্ব উপায়ে দ্বিপক্ষীয়ভাবে মিয়ানমারের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। সংকট নিরসনের লক্ষ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে কাজ করছে ভারত। অপরদিকে রোহিঙ্গা ইস্যুতে চীন কোনো পক্ষপাতমূলক অবস্থান নিচ্ছে না। তাদের (চীনের) কাছে উভয় দেশেরই গুরুত্ব রয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে চীন উদ্বিগ্ন।
ব্যাংকিং খাতে বড় ধরনের অর্থসঙ্কটের আশঙ্কা-দৈনিক নয়া দিগন্ত
আমানত বাড়লে ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা বাড়ে। আর বিনিযোগ বাড়লে কর্মসংস্থান বাড়ে। সহায়ক হয় কাক্সিত হারে জাতীয় প্রবৃদ্ধি অর্জন। কিন্তু গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমে যাচ্ছে এ আমানতের প্রবৃদ্ধি।
ব্যাংক ব্যবস্থায় আমানতের প্রবৃদ্ধি কমে নেমেছে ৮ দশমিক ৯ শতাংশে, যেখানে জুনে এ প্রবৃদ্ধি ছিল প্রায় ১১ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে মেয়াদি আমানতে। আর জুলাইয়ের তুলনায় আগস্টে প্রবৃদ্ধি কমে নেমেছে শূন্য শতাংশে।
ব্যাংকে আমানতের প্রকৃত সুদহার শূন্যের কোঠায় নেমে যাওয়ায় সাধারণ ব্যাংকে নতুন করে আমানত রাখার প্রবণতা কমে গেছে। ব্যাংকাররা জানিয়েছেন, বিনিয়োগ পরিস্থিতির উন্নতি না হলে, ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি আরো কমে যাবে। আর এতে ব্যাংকের নতুন করে টাকার সঙ্কটে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভিআইপি কয়েদি হাসপাতাল লিমিটেড- দৈনিক প্রথম আলো
সব মা কেন মাদার তেরেসা হয় না? আজিমপুরের একটি হাসপাতাল থেকে বিতাড়িত হয়ে রাস্তায় পারভীন বেগমের সন্তান প্রসব এবং সেই সন্তানের মৃত্যুর পর আমাকে অবিরত খোঁচাচ্ছিল এই প্রশ্ন।
দারিদ্র্যক্লিষ্ট মায়ের অপুষ্ট জরায়ু ছিঁড়ে ভদ্দরলোকের এই শহরে জন্ম নেওয়া এক নবজাতক সুতীব্র চিৎকারে ব্যক্ত করেছিল তার অধিকার। ‘খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত।’ তার সে ভাষা বোঝেনি কেউ। না ডাক্তার, না নার্স, না আমরা, না আমাদের কেউ। কথা ছিল, ‘এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।’ আমরা কেউ তা দেইনি। না উঠতে থেমে গেছে তুলতুলে জীবনের সুর।
রাজধানীর তিনটি হাসপাতালের কোথাও চিকিৎসা মেলেনি পারভীনের। পরপর দুটি হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত আজিমপুর ‘মাতৃসদন ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রে’ গিয়েছিলেন তিনি। লেবার রুমে নেওয়ার পর এক নারী চিকিৎসক এসে বলেন, সিজার করতে হবে। দেড় হাজার টাকা লাগবে। টাকা নেই জানার পর তাঁকে বের করে দেন এক আয়া। রাস্তায় লুটিয়ে পড়েন পারভীন। তাঁর আকাশবিদারী আর্তনাদ ছাপিয়ে সেখানেই পৃথিবীতে নতুন অতিথি আসে। নবজাতকের চেহারা নিয়ে আসা মেহমান চিৎকার করে বলে, ‘খোলো খোলো দ্বার ওগো গৃহস্থ, থেকো না থেকো না লুকায়ে।’ আমরা সম্ভ্রান্ত গেরস্ত। মস্ত কুলীন। আমাদের মানসম্মানের বিরাট তেজারতি। দেড় হাজার টাকা জোগাড় করার মুরোদ যার মায়ের নেই, সে আবার কিসের অতিথি? আমরা মুখ ঝামটা দিয়ে অতিথির মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছি। সেই অপমান অতিথি সইতে পারেনি।
হাসপাতালের গেটে ও দোতলার জানালার কাছে দাঁড়িয়ে কয়েকজন ডাক্তার, নার্স ও দারোয়ান রাস্তায় শোয়া পারভীনের প্রসবদৃশ্য দেখছিলেন। কেউ এগিয়ে আসেননি। কিছুক্ষণের মধ্যে নবজাতকের দেহ নিস্তেজ হয়ে যায়। নিদারুণ অপমানে নীল হওয়া শিশুটির এই অভিমানসিক্ত বিদায় আমাদের সম্মানবোধের কেশাগ্রও ছুঁতে পারেনি।
কেন পারেনি? পারেনি, কারণ ঢাকা শহরের সব রোগী এক নয়। সব হাসপাতাল তো নয়ই। এখানকার বহু হাসপাতালের মানবিক সিচুয়েশন এখনো আন্ডার কন্ট্রোলের মিনিমাম ৩ মিটার নিচে। অনেক চিকিৎসকই মারাত্মক মানবিক। দৃশ্যত, রোগবালাই না থাকলেও মানবিক বিবেচনায় তাঁরা অনেককে মাসের পর মাস হাসপাতালের কেবিনে ভর্তি করে রাখতে পারেন। পারভীনদের ঠেলে রাস্তায় ফেলে দিলেও এই রোগীদের অনিবার্য কারণে অনির্দিষ্টকাল ভর্তি রাখা হয়। এই রোগীদের রোগলক্ষণ অদৃশ্যমান। তবে অতি দুরারোগ্য। রোগটির নাম ডিএনএস [ডকট্রিন অব নেসিসিটি সিনড্রোম]। সম্ভ্রান্ত পয়সাপাতিওয়ালা কয়েদিরা এই রোগে আক্রান্ত হয় বেশি। প্রথম আলোয় গতকাল প্রকাশিত ‘অসুস্থতার ছুতোয় আবার তাঁরা হাসপাতালে’ শীর্ষক প্রতিবেদনে রোগটি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।
এই প্রতিবেদন থেকে জেনেছি, ডিএনএস রোগে সাজাপ্রাপ্ত খুনি, খুনের মামলার আসামি, চার হাজার কোটি টাকা আত্মসাৎ করা মামলার আসামি, লক্ষাধিক ইয়াবা বড়িসহ আটক হওয়া আসামির মতো গণ্যমান্য লোক আক্রান্ত হয়েছেন।
প্রশাসনে নারীর দাপট-দৈনিক ইনকিলাব
সচিব ১৩, অতিরিক্ত সচিব ৩৮৬, যুগ্ম সচিব ১০৫, উপসচিব ২৭০, ডিসি ৯ এবং ইউএনও ১৭২ জন
পুরুষশাসিত সমাজব্যবস্থায় দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন নারীরা। এটা পুরনো খবর। দেশের সর্ববৃহৎ দুই দল আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাঠের বিরোধী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাদের হাতেই রাজনীতির জীয়নকাঠি। এ ছাড়াও সংসদের স্পিকার, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় সংসদের উপনেতা সবাই নারী। আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্ব নারীদের হাতে থাকায় দেশের রাজনীতির নিয়ন্ত্রণ তাদের হাতেই। শুধু রাজনীতি নয়, বর্তমানে প্রশাসনেও নারীদের দাপট বাড়ছে। বর্তমান সরকারের আমলেই প্রশাসনে সচিব পদমর্যাদায় ৭৮ জন নারী কর্মকর্তা গুরুত্বপূূর্ণ দায়িত্ব পালন করছেন। অথচ উন্নত বিশ্বের দেশ আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে নারীদের এই সুযোগ-সাফল্য কল্পনাই করা যায় না। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি রোডহ্যাম ক্লিনটনের মতো প্রার্থীকে শুধু নারী হওয়ায় ভোটদানে বিরত থাকে লাখ লাখ ভোটার।
যাদের কর্মকান্ড ঘরকন্যার বাইরে কল্পনাই করা যেত না; সেই নারীরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাবে চাকরি করছেন। বিমান পরিচালনা এবং রেলগাড়িও চালাচ্ছেন পুরুষের সঙ্গে তাল মিলিয়ে। শুধু এই সব কঠিন কাজই নয়, প্রশাসনে নারীরা মর্যাদার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন।
চুরির অপবাদে শিশু নির্যাতন; গুমের অভিযোগ-দৈনিক মানবজমিন
বরিশালের মুলাদী উপজেলায় মোবাইল চুরির অপবাদ দিয়ে শাওন নামের এক শিশুকে অমানুষিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর শিশুটির কোন সন্ধান না মেলায় গুমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হলে পুলিশ ২ জনকে আটক করেছে।
দৈনিকটির অন্য একটি খবর-সেই ধর্ষক ছাত্রলীগ নেতা বহিষ্কার
স্কুল কমিটির দলীয় নেত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা হওয়ায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলকুচির রিয়াদ হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারন সম্পাদক এস. এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
গুরুং ঘনিষ্ঠ গ্রেফতার- দৈনিক আজকাল
বিমল গুরুংয়ের মূল পরামর্শদাতা ও গোর্খা জনমুক্তি মোর্চার দিল্লির সভাপতি মনোজ শঙ্করকে গ্রেপ্তার করল সিআইডি। বুধবার দিল্লির সফদরজং রোড থেকে তঁাকে গ্রেপ্তার করে গোয়েন্দাদের একটি বিশেষ দল। বুধবার রাতেই মনোজকে দিল্লি থেকে কলকাতার পথে রওনা দেন গোয়েন্দারা। দার্জিলিঙে ভানুভবন মামলায় অভিযুক্ত ধৃত মনোজের বিরুদ্ধে এর আগেই ওয়ারেন্ট জারি করেছিল আদালত।
এ ব্যাপারে সিআইডি–র এক আধিকারিক জানিয়েছেন, ‘পাহাড়ে গোলমাল শুরু হওয়ার পর মোর্চা নেতারা যখন দিল্লিতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন এই মনোজ শঙ্কর উল্লেখযোগ্য ভূমিকা নিতেন। তঁার মাধ্যমেই এই সাক্ষাৎগুলি হত। এছাড়া পুলিসের ভয়ে যখন মোর্চা নেতারা পাহাড়ছাড়া, তখন মনোজই তঁাদের দিল্লি ও দিল্লি সংলগ্ন এলাকায় থাকার ব্যবস্থা করেন।’
তাজমহলে যোগী আদিত্যনাথ-আনন্দবাজার
প্রতিশ্রুতি মতো আজ তাজমহল পরিদর্শনে গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যৌগী আদিত্যনাথ। আগ্রায় পৌঁছে তাজের পশ্চিমদিকের প্রবেশদ্বারে ঝাঁট দিয়ে রাস্তা সাফাই করেন মুখ্যমন্ত্রী। আদিত্যনাথের সফরকে ঘিরে ১৪,০০০ পুলিসকর্মী মোতায়েন হয়েছে আগ্রায়। আগ্রার খেরিয়া বিমানবন্দরে নেমে প্রথমে নাঙ্গলা পেইমা গ্রামে যান মুখ্যমন্ত্রী। তারপর কাছপুরা গ্রাম ঘুরে তাজে পৌঁছন। আগ্রা কেল্লা থেকে তাজমহল পর্যন্ত পর্যটকদের জন্য তৈরি রাস্তার শিলান্যাস করবেন যোগী আদিত্যনাথ। তাজের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। ঘুরে দেখবেন শাহজাহান এবং মমতাজের সমাধিস্থল। আগেই ১৭ শতকে তৈরি এই প্রেমের সৌধের উন্নয়নে ৩৭০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছিলেন আদিত্যনাথ।
ভিন্ রাজ্যের মশা ছড়াচ্ছে ডেঙ্গু! দাবি মুখ্যমন্ত্রীর-আনন্দবাজার
বৃষ্টি-বাদলার সময়ে রোগ বালাইয়ের প্রাদুর্ভাব, ডেঙ্গুর চরিত্র বদল এবং ভিন রাজ্য থেকে কলকাতায় আসা ‘জীবাণু’— এই তিনটি বিষয়ের ওপরই দাঁড়িয়ে আছে রাজ্যের এখনকার ডেঙ্গু পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ কথা মনে করছেন। তবে আশঙ্কার এই মধ্যেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তাঁর দাবি। পাশাপাশি তাঁর বক্তব্য, বিজেপি বা সিপিএম শাসিত রাজ্যে ডেঙ্গিুর দাপট অনেক বেশি।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘এ রাজ্যে মাত্র ১৯ হাজার আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩৪ জন মারা গিয়েছেন। বাকিরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন। আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পেরেছি। তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
ছত্তিসগড়ে খতম ৩ মাওবাদী, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার-সংবাদ প্রতিদিন
ফের গুলির লড়াইয়ে কেঁপে উঠল মাওসন্ত্রাসে জর্জরিত ছত্তিসগড়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়িয়ে পড়ে মাওবাদীরা। খতম হয় তিন জঙ্গি। উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্রভাণ্ডার।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে রাজধানী রায়পুর থেকে প্রায় ২০০ কিমি দুরে মাওবাদী অধ্যুষিত মানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ও আইটিবিপি-র একটি যৌথবাহিনী। ওই এলাকার অন্তর্গত কোপেনকাড়ক গ্রামের জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তারক্ষীরা। সঙ্গেসঙ্গেই ঘিরে ফেলা হয় এলাকা। শুরু হয় চিরুনি তল্লাশি। পুলিশ সুপার প্রশান্ত আগরওয়াল জানান, পালানোর পথ বন্ধ হওয়ায় পুলিশবাহিনীর উপর হামলা চালায় মাওবাদীরা। শুরু হয় প্রবল লড়াই। বেশ কিছুক্ষণ ধরে চলা সংঘর্ষের পর নিকেশ হয় তিন মাওবাদী। তবে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বেশ কয়েকজন জঙ্গি। ওই ডেরা থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬