সংসদ ভেঙে নির্বাচন দেয়ার দাবি বিএনপির
সুপ্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ ২৮ অক্টোবরের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- পিঁয়াজের দাম বেড়েছে, সবজির দাম এখনো চড়া-দৈনিক ইত্তেফাক
- ছবিসহ পরিচয়পত্র পেল ৩ লাখ ১৪ হাজার রোহিঙ্গা-দৈনিক ইত্তেফাক
- উত্তরা গণভবনে গাছ কাটা-কর্মকর্তারা বাদ, শুধু ঠিকাদারের বিরুদ্ধে মামলা-দৈনিক প্রথম আলো
- কক্সবাজারের পথে খালেদা জিয়া, পথে পথে উষ্ণ অভ্যর্থনা-দৈনিক ইনকিলাব
- মিয়ানমারের কোনো আশ্বাসে আস্থা রাখছে না বাংলাদেশ-দৈনিক যুগান্তর
- মোবাইল চুরির অভিযোগে কিশোরীকে পুড়িয়ে হত্যা-দৈনিক মানবজমিন
- ঢাকার রাস্তায় ভয়ঙ্কর যৌন নিপীড়ন-দৈনিক মানবজমিনের প্রতিবেদন
- সম্পাদকীয় ও মন্তব্য-ভয়াবহ ব্যাধির বিস্তার-প্রশ্নপত্র ফাঁস-দৈনিক সমকাল
- সংসদ ভেঙ্গে সেনা মোতায়েন করে নির্বাচন দিতে হবে : মওদুদ -দৈনিক নয়া দিগন্ত
- বিডিআর হত্যা : ডেথ রেফারেন্স ও আপিলের রায় শিগগিরই-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- আইএস-যোগ আহমদ পটেলের! অভিযোগ গুজরাতের মুখ্যমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার
- গুলি চালিয়ে ভারতের ড্রোন নামানোর দাবি পাক সেনার-দৈনিক সংবাদ প্রতিদিন
- হিন্দুস্তান হিন্দুদের: মোহন ভাগবত-দৈনিক আজকাল
- দেশ জুড়ে বন্ধ হচ্ছে কয়েক’শ ATM -কোলকাতা ২৪ ডট কম অনলাইন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
কক্সবাজারের পথে খালেদা জিয়া, পথে পথে উষ্ণ অভ্যর্থনা-দৈনিক ইনকিলাব
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্রকরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সকাল ১০ টা ৪০ মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে নয়াপল্টনে পৌঁছালে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ঢল নামে। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় আশপাশের এলাকা। পরে বিএনপির নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, টিকাটুলি, যাত্রাবাড়ী, কাজলা, শনিআখরা, রায়েরবাগসহ রাজধানীজুড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের থানা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা দাড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায়।এ সময় বিএনপি চেয়ারপার্নস হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান।
খালেদা জিয়ার সফর সুষ্ঠু করতে সরকারের সহযোগিতা চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে কুমিল্লার পদুয়ার বাজারে অপেক্ষমান বিএনপি নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। আর দৈনিক মানবজমিনের শিরোনাম- গাছের গুড়ি ফেলে অবরোধ মহাসড়কে দাঁড়াতে পারছে না নেতা-কর্মীরা।
'ত্রাণ কার্যক্রম বাধাগ্রস্ত করতেই খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন-শামীম: বাংলাদেশ প্রতিদিন
এদিকে বাংলাদেশ প্রতিদিনের একটি খবরে লেখা হয়েছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার রোহিঙ্গাদের জন্য নূন্যতম দরদ নাই। তাদের প্রতি দরদ থাকলে বিনা কারণে ৩ মাস বিদেশ থাকতেন না।
মানবিক কারণে নয়, রাজনৈতিক কারণে খালেদা জিয়া রোহিঙ্গাদের কাছে যাচ্ছেন। ত্রাণ বিতরণের জন্য নয়, নেতাকর্মীদের গাড়ি নিয়ে ত্রাণ বিতরণ কাজের প্রতিবদ্ধকতা তৈরি করতেই সেখানে যাচ্ছেন।
সংসদ ভেঙ্গে সেনা মোতায়েন করে নির্বাচন দিতে হবে : মওদুদ -দৈনিক নয়া দিগন্ত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, অন্ততপক্ষে নির্বাচনের ৯০ দিন আগে বর্তমান সংসদ ভেঙ্গে দিতে হবে। আগামী নির্বাচনে সম্পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তাহলে দেশের মানুষ আশ্বস্থ হবে। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব বলেন।
উত্তরা গণভবনে গাছ কাটা-কর্মকর্তারা বাদ, শুধু ঠিকাদারের বিরুদ্ধে মামলা-দৈনিক প্রথম আলো
উত্তরা গণভবনে গাছ কাটার ঘটনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ পাঁচ কর্মকর্তাকে বাদ দিয়ে শুধুমাত্র ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসনের সহকারী নাজির মো. মমতাজ আলী বাদী হয়ে নাটোর সদর থানায় ঠিকাদারের নামে মামলা করেন। তবে জেলা প্রশাসনের তদন্ত কমিটি গণপূর্ত বিভাগের নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দ, উপবিভাগীয় প্রকৌশলী জিয়াউর রহমান ও বিভাগীয় কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ দুই তত্ত্বাবধায়ক ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পায়।
বিডিআর হত্যা : ডেথ রেফারেন্স ও আপিলের রায় শিগগিরই-দৈনিক নয়া দিগন্ত
বহুল আলোচিত ও ইতিহাসের কলঙ্কজনক বিডিআর হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শেষে যে কোন দিন রায় ঘোষণার (সিএভি) জন্য রয়েছে। শিগগিরই এ মামলায় হাইকোর্টে রায় ঘোষণার বিষয়ে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। গত ১৩ এপ্রিল সকল আসামীর ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিলের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ১৮ জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়েছিল।
মিয়ানমারের কোনো আশ্বাসে আস্থা রাখছে না বাংলাদেশ-দৈনিক যুগান্তর
রোহিঙ্গা সংকটে দ্বিপাক্ষিক আলোচনায় মিয়ানমারের কোনো আশ্বাসে বাংলাদেশ আস্থা রাখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। শনিবার নিজস্ব কার্যালয়ে দৈনিক যুগান্তরের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা জানান। পররাষ্ট্র সচিব জানান, আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ব্যাপারে আমাদের ভাবনা জানিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা তাদের জানিয়েছি, মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় কি ফলাফল আসবে তা নিশ্চিত নই। তাদের সঙ্গে আলোচনার ফলাফলে আমরা আস্থা রাখি না। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাই আমরা।
পিঁয়াজের দাম বেড়েছে, সবজির দাম এখনো চড়া-দৈনিক ইত্তেফাক
বাজারে ফিরেছে ইলিশ। রাজধানীর বাজারগুলোতে এখন ইলিশে সয়লাব। দামেও তুলনামূলক সস্তা। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, মজুত ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এখন নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলেরা মাছ ধরতে নদীতে নেমেছেন। প্রচুর ইলিশ ধরা পড়ছে। এর মধ্যে ডিমওয়ালা ইলিশও রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার যদি নিষেধাজ্ঞার সময় আরো কয়েকদিন বাড়িয়ে দিত তাহলে মা ইলিশগুলো ডিম ছাড়তে পারত। এতে ইলিশের উৎপাদন বাড়ত।
এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে পিঁয়াজের ‘ঝাঁজ’ বেড়েছে। এ ছাড়া কাঁচামরিচের ‘ঝাঁল’ কিছুটা কমলেও তা এখনো বেশি। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি আমদানিকৃত পিঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও দেশি পিঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়। যা এক সপ্তাহ আগেও কেজিতে ১০ থেকে ১২ টাকা কমে বিক্রি হয়েছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয় ১২০ টাকায়। এ ছাড়া সবজির দাম এখনো চড়া।
সম্পাদকীয় ও মন্তব্য-ভয়াবহ ব্যাধির বিস্তার-প্রশ্নপত্র ফাঁস-দৈনিক সমকাল
গত ২০ অক্টোবর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আগের রাতেই ফাঁস হয়ে যায়- এই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত-প্রচারিত হওয়ার পর ফের শঙ্কার সৃষ্টি করে। 'ঘ' ইউনিটের (ঢাবির) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় প্রায় তাৎক্ষণিক কয়েকজন অভিযুক্ত ব্যক্তি আটক হওয়ার পরও সংশ্নিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়টি অস্বীকার করার প্রবণতা আরও বেশি শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। যদি বিষয়টি এ রকমই হয় তাহলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদের আটক করলেন তাদের মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও পরীক্ষার্থীরা যে রয়েছে, তাদের ব্যাপারে কর্তৃপক্ষের বক্তব্য কী হবে? সচেতন মানুষ মাত্রই জানেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে।
২৩ অক্টোবর এ সংক্রান্ত সমকালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদভুক্ত 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে একটি কোচিং সেন্টারের সংশ্নিষ্টতা পেয়েছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।
এর আগেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা এবং নানা সংস্থার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধ সংঘটিত হয়েছে, তখনও নানা মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে; কিন্তু সুফল মেলেনি। গণমাধ্যমে ব্যাপক পর্যালোচনা হয়েছে, শিক্ষার সঙ্গে সংশ্নিষ্টরা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। কিন্তু খুব চিন্তার কারণ হলো, এরপরও এমন ন্যক্কারজনক ঘটনা রোধ করা যায়নি, যাচ্ছে না।
যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও এমন ঘটনা ইতিমধ্যে কম ঘটেনি। বড় লজ্জার কথা। অসদুপায়ে যে কোনো চাকরি লাভের চেষ্টা করাই নিন্দনীয় অপরাধ। আর সেই চাকরি যদি হয় শিক্ষকের চাকরি, তাহলে তা লাভের জন্য অসদুপায় অবলম্বন করা দ্বিগুণ নিন্দনীয় এবং শতগুণ লজ্জাজনক। বিশেষ করে শিশুদের হাতেখড়ি যারা দেবেন তারাই যদি অসদুপায় অবলম্বন করেন, তাহলে নিন্দার ভাষা খুঁজে পাওয়া যায় না। লজ্জায় হেঁট হয়ে আসে মাথা।
মোবাইল চুরির অভিযোগে কিশোরীকে পুড়িয়ে হত্যা-দৈনিক মানবজমিন
মোবাইল ফোন চুরি করেছে এমন অপবাদে নরসিংদীতে আজিজা খাতুন(১৪) নামের এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, শুক্রবার রাতে মোবাইল ফোন চুরির অপবাদে ওই কিশোরীর হাত-পা বেঁধে তার শরীরে আগুন দেয় তার চাচার শ্যালক। এরপর দগ্ধ অবস্থায় আজিজাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি বিভাগ সূত্র জানায়, আগুনে আজিজার শরীরের ৯৬ শতাংশ পুড়ে গিয়েছিল। যে কারণে বাঁচার সম্ভাবনা ছিল না।
এদিকে মানবজমিনের ঢামেক প্রতিনিধির সঙ্গে নিহত ওই কিশোরীরর স্বজনরা হত্যার কথা জানালেও নরসিংদী সদর থানা পুলিশ এটাকে আত্মহত্যা বলে দাবি করছে।
ঢাকার রাস্তায় ভয়ঙ্কর যৌন নিপীড়ন-দৈনিক মানবজমিনের প্রতিবেদন
‘গত সন্ধ্যায় আমি একটুর জন্য গ্যাং রেপড হওয়া থেকে বেঁচে গেছি। এর জন্য কৃতজ্ঞতা জানাই বনানী থানার পুলিশদের। তারা সময় মতো না এলে নিশ্চিত আমাকে গ্যাং রেপড করতো।’ কথাগুলো যৌন হয়রানির শিকার এক তরুণীর। এই তরুণীর মতোই প্রতিনিয়ত নানাভাবে যৌন হয়রানির শিকার হচ্ছেন ঢাকার নারীরা। শপিংমল-রাস্তায়-যানবাহনে জনসম্মুখে ঘটছে হয়রানির ঘটনা। যেন রাজধানীর পথে নিরাপত্তাহীন নারী।
বিষয়টি প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। বলা হচ্ছে, নারীর প্রতি যৌন সহিংসতা ও হয়রানির দিক দিয়ে বিশ্বের চতুর্থ খারাপ শহর হচ্ছে ঢাকা। থমসন রয়টার্স ফাউন্ডেশনের করা এক জরিপে এমনটিই প্রকাশ করা হয়েছে। এখানে সুযোগ পেলেই নারীদের উদ্দেশ্যে নোংরা বাক্য ছুড়ে দেয়া হচ্ছে। কাছাকাছি পেলে স্পর্শকাতর স্থানে হাত দেয়া হচ্ছে। জনসম্মুখে এ রকম ঘটনা ঘটলেও তেমন কেউ প্রতিবাদ করছেন না। তারপরও দৈনিক গড়ে চার থেকে পাঁচটি যৌন হয়রানি-নারী নির্যাতনের অভিযোগ আসছে পুলিশের কাছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্যানুসারে গত সেপ্টেম্বরে ঢাকায় নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪৯টি।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
আইএস-যোগ আহমদ পটেলের! অভিযোগ গুজরাতের মুখ্যমন্ত্রীর-দৈনিক আনন্দবাজার
কংগ্রেস নেতা আহমদ পটেলের বিরুদ্ধে সন্ত্রাস-যোগের অভিযোগ তুললেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। গুজরাতের আঙ্কলেশ্বর সর্দার পটেল হাসপাতাল থেকে এক জঙ্গি গ্রেফতার হওয়ার পরেই এমন অভিযোগ তুললেন বিজয়। আর এই অভিযোগকে ঘিরেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। শুরু হয়ে গিয়েছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। রূপানির অভিযোগ, ২০১৪ সাল পর্যন্ত ওই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন পটেল। আর সেই হাসপাতাল থেকেই এক আইএস জঙ্গি ধরা পড়েছে। সুতরাং এর দায় পটেলকেই নিতে হবে। যদিও রূপানির এই দাবিকে নস্যাত্ করে ধৃত জঙ্গির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নেওয়ার দাবি তুলেছে কংগ্রেস।
দেশ জুড়ে বন্ধ হচ্ছে কয়েক’শ ATM -কোলকাতা ২৪ ডট কম অনলাইন
ডিজিটালের দিকে জনগণকে ঠেলে দিয়ে কমান হচ্ছে নগদের ব্যবহার ৷ তারই জেরে ব্যাংক বিভিন্ন শহরে বন্ধ করে দিচ্ছে এটিএমের ৷ সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকে এমনই প্রতিবেদন৷ দেখা গিয়েছে জুন থেকে অগস্টে মোট এটিএমের সংখ্যা ৩৫৮টি কমে গিয়েছে ৷ শতকরা হিসেব অনুসারে তা সামান্য ০.১৬% মনে হলেও গত কয়েক বছর ধরে এটিএম বৃদ্ধির সাপেক্ষে এই তথ্যের অন্য মাত্রা রয়েছে৷ চার বছর ধরে ১৬.৪ % চক্রবৃদ্ধি হারে বাড়লেও গত বছর তা কমে যায় ৩.৬% ৷ আর এবারেই প্রথম এটিএমের সংখ্যা কমে গেল৷নোট বাতিলের পর বিভিন্ন শহরে এটিএম ব্যবহার কমে যাওয়ায় এটিএম প্রতি খরচ বেড়ে যাওয়ায় ব্যাংক বাধ্য হয়েছে এটিএম বন্ধ করতে৷
হিন্দুস্তান হিন্দুদের: মোহন ভাগবত-দৈনিক আজকাল
‘হিন্দুস্তান শুধু হিন্দুদের জন্য।’ এ ধরনের বিতর্কিত মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তবে তিনি এও জানান, হিন্দুদের জন্য হিন্দুস্তান হলেও, এখানে অন্য সম্প্রদায়ের মানুষ থাকতে পারবেন না এরকম নয়।
একটি অনুষ্ঠানে এসে মোহন ভাগবত বলেন, ‘জার্মানি কাদের দেশ? জার্মানদের। ব্রিটেন হল ব্রিটিশদের, আমেরিকা হল আমেরিকানদের, সেরকমই হিন্দুস্তান হল হিন্দুদের। তার মানে এটা নয় এই দেশে অন্য কারোর থাকার অধিকার নেই।
গুলি চালিয়ে ভারতের ড্রোন নামানোর দাবি পাক সেনার-দৈনিক সংবাদ প্রতিদিন
ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত এবার আরও তীব্র, আরও প্রবল। গুলি চালিয়ে ভারতের ড্রোন নামিয়েছি, দাবি করল পাক সেনা। পাক রেঞ্জার্সের অভিযোগ, নিয়ন্ত্রণরেখার ওপারে পাক সীমান্তের কাছে নজরদারি চালাচ্ছিল ভারতের একটি কোয়াডকপ্টার বাণিজ্যিক ড্রোন। পাক সেনা সেটি দেখতে পেয়ে গুলি চালিয়ে মাটিতে নামিয়ে আনে। পাকিস্তানের মেজর জেনারেল আসিফ ঘাফুর ড্রোনটির ছবিও পোস্ট করেছেন টুইটারে। তিনি দাবি করেছেন, অগাহি পোস্টের কাছে পাক সীমান্তের ভিতর প্রায় ৬০ মিটার পর্যন্ত ঢুকে এসেছিল চালকবিহীন ড্রোনটি। গুলি করে সেটিকে অগাহির কাছেই নামিয়ে আনা হয় ও দখল নেওয়া হয়।যদিও পাকিস্তানের তরফে আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনও বক্তব্য বা প্রতিবাদ পেশ করা হয়নি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮