অক্টোবর ২৯, ২০১৭ ১৬:৩৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ ২৯ অক্টোবর রোববারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চট্টগ্রামে মির্জা ফখরুলের ব্রিফিং 'হামলাকারীরা সরকারি দলের চিহ্নিত ক্যাডার'-দৈনিক ইত্তেফাক
  • শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলা: ১১ জনের ২০ বছরের কারাদণ্ড-দৈনিক ইত্তেফাক
  • কক্সবাজারের পথে পথে বিএনপির শোডাউন-দৈনিক ইত্তেফাক
  • হামলার নেপথ্য নায়ক কাদের: রিজভী-দৈনিক প্রথম আলো
  • শেখ হাসিনা হত্যাচেষ্টার দুই মামলা-একটিতে ১১ জনের যাবজ্জীবন, অপরটিতে ২০ বছর করে দণ্ড-দৈনিক যুগান্তর
  • ছাত্রলীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা-দৈনিক মানবজমিন
  • চিকিৎসককে মারধরের অভিযোগে ঢামেকে সেবা কার্যক্রম বন্ধ-দৈনিক মানবজমিন
  • পেটে বাচ্চা রেখেই সেলাই : কুমিল্লার সিভিল সার্জনসহ তিনজনকে হাইকোর্টে তলব-দৈনিক নয়া দিগন্ত
  • রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে চীন-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • সেক্স ভিডিও কাণ্ডে তদন্ত করবে সিবিআই, জানালো ছত্তীসগঢ় সরকার-দৈনিক আনন্দবাজার
  • মোদির রাজ্যে একদিনে সরকারি হাসপাতালে ৯ সদ্যোজাতর মৃত্যু-দৈনিক সংবাদ প্রতিদিন
  • পাকিস্তানের ভাষা বলছে কংগ্রেস:‌ মোদি-দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

অবিচল খালেদা জিয়া : পথে পথে জনতার ঢল-দৈনিক নয়া দিগন্ত

Image Caption

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে কক্সবাজারে যাত্রা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি রবিবার বেলা সোয়া ১২ টায় চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের পথে রওনা হন। এদিকে, খালেদা জিয়াকে এক নজর দেখতে ও সংবর্ধনা জানাতে দক্ষিণ চট্টগ্রামের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ।

দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, গাড়িবহরে হামলা, পথে পথে বাধা কোনো কিছুই টলাতে পারেনি বেগম জিয়াকে। শনিবার বিকেলে যখন ফেনী শহরের অদূরে হামলার ঘটনা ঘটে, কেউ কেউ আরো হামলার আশঙ্কায় খালেদা জিয়া ঢাকা ফিরে যেতে পারেন এমন মন্তব্য করেছিলেন। কিন্তু খালেদা জিয়া তা করেননি। ফেনী সার্কিট হাউজ থেকে রাতের অন্ধকারেই পথ পাড়ি দেন চট্টগ্রাম অভিমুখে। অন্ধকার ওই পথেও হামলা হয়েছে। মিরসরাইতে বহরের মধ্যে থাকা দলের নেতা বরকত উল্লাহ বুলুর গাড়ি ভাংচুরের শিকার হয়। এরকম উত্তেজনা আর শঙ্কার মধ্যে বেগম জিয়া যখন চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান, তখন রাত ১১টা।

আজ রোববার চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে বের হন তিনি।

চট্টগ্রামে মির্জা ফখরুলের ব্রিফিং 'হামলাকারীরা সরকারি দলের চিহ্নিত ক্যাডার'-দৈনিক ইত্তেফাক

Image Caption

চট্টগ্রামে আসার পথে ফেনী ও চৌদ্দগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে চিহ্নিত হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে মিডিয়ার গাড়িতে হামলা করেছে সরকারি ক্যাডাররা। তারা মিডিয়ার কণ্ঠরোধ করতে চায়। গাড়িবহরে যারা হামলা করেছে তারা চিহ্নিত। প্রত্যেকের নাম-ঠিকানা গণমাধ্যমে চলে এসেছে যে, কারা কারা এ ঘটনা ঘটিয়েছে। তাদের ফুটেজ আছে। তারা কোন ইউনিয়নের ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারি সেগুলোও চলে এসেছে, ছবি এসেছে।'

হামলার নেপথ্য নায়ক কাদের: রিজভী-দৈনিক প্রথম আলো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নেপথ্য নায়ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি এই কাজ করেছেন।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা বিএনপির অন্তঃকোন্দল বলে আওয়ামী লীগ নেতারা গতকাল শনিবার মন্তব্য করেন। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলা: ১১ জনের ২০ বছরের কারাদণ্ড-দৈনিক যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রায় তিন দশক আগে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১১ আসামিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া হুমায়ুন কবির নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সেই সঙ্গে  আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রবিবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ রায় ঘোষণা করেন।

দক্ষিণ এশিয়া থেকে দারিদ্র্য নির্মূলে একসঙ্গে কাজ করুন-দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণের শিরোনাম

দারিদ্র্য দক্ষিণ এশিয়ার প্রধান শত্রু উল্লেখ করে প্রধানমন্ত্রী এই অঞ্চলের সকল দেশকে দারিদ্র্য নির্মূলে এক সঙ্গে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসুজর বিদায় সক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফিং এই কথা জানান। প্রেস সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার বিদায়ী হাইকমিশনারের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দুই দেশের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে সন্তোষ প্রকাশ করেন।

তদবির ছাড়া ফাইল নড়ে না : হাইকোর্ট-দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণের শিরোনাম

বাংলাদেশের হাইকোর্ট

শিশু আইনের অস্পটতা নিরসনে সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও ড্রাফটিং উইংয়ের সচিব মো. শহিদুল হক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমানকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১২ নভেম্বর তাদেরকে আদালতে হাজির হয়ে অগ্রগতির বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের ডিভিশন বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন।

ক্ষতিপূরণের জটে মৃত শ্রমিকের স্বজনেরা-দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের শিরোনাম

বিদেশে মারা যাওয়া শ্রমিকদের বেশিরভাগ ক্ষতিপূরণ পায় নি

বিদেশে কর্মরত অবস্থায় গত সাত বছরে যেসব শ্রমিক মারা গেছেন, তাঁদের ৭৫ শতাংশের পরিবারই কোনো ক্ষতিপূরণ পায়নি। বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির দুর্বলতা, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ওপর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরদারির অভাব এবং দূতাবাসগুলোর নিষ্ক্রিয়তা এর জন্য দায়ী বলে মনে করছেন অভিবাসী শ্রমিকেরা।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে বিশ্বের ১৬০টি দেশে ১ কোটি অভিবাসী শ্রমিক আছেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বিদেশ থেকে ১৮ হাজার ৪২৯ জন অভিবাসী শ্রমিকের মৃতদেহ এসেছে। কিন্তু বিদেশে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ পেয়েছে সাড়ে ৪ হাজার শ্রমিকের পরিবার।

চিকিৎসককে মারধরের অভিযোগে ঢামেকে সেবা কার্যক্রম বন্ধ-দৈনিক মানবজমিন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও চিকিৎসকদের হাতাহাতির ঘটনায় সেবা কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বেলা আড়াইটার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। নওশাদ নামের এক রোগীর মৃত্যুর পর দায়িত্বরত চিকিৎসক ও আনসার সদস্যদের মারধর করেন রোগীর স্বজনরা। এর প্রতিবাদে চিকিৎসকরা জরুরি বিভাগের গেট বন্ধ করে দিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেন। জরুরি বিভাগে রোগী ভর্তির কোন টিকিটও দেয়া হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন জরুরি বিভাগে আসা রোগীরা।

পেটে বাচ্চা রেখেই সেলাই : কুমিল্লার সিভিল সার্জনসহ তিনজনকে হাইকোর্টে তলব-দৈনিক নয়া দিগন্ত

জমজ সন্তানের একটি বের করার পর আরেকটিকে ভেতরে রেখেই নারীর পেট সেলাই করে দেয়ার ঘটনায় সেই চিকিৎসক ও কুমিল্লার সিভিল সার্জনসহ তিনজনকে তলব করেছে হাইকোর্ট।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ এ আদেশ দেয়।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

মোদির রাজ্যে একদিনে সরকারি হাসপাতালে ৯ সদ্যোজাতর মৃত্যু-দৈনিক সংবাদ প্রতিদিন

 মোদির রাজ্যে একদিনে হাসপাতালে ৯ শিশু মৃত্যু

বিধানসভা ভোটের মুখে বিপাকে গুজরাটের বিজেপি সরকার। মোদি রাজ্যের একটি সরকারি হাসপাতালে একদিনে মারা গেল ৯ সদ্যোজাত শিশু। অভিযোগ উঠেছে, শনিবার রাতে আমেদাবাদের ওই সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স ছিলেন না। তাতেই ঘটেছে বিপর্যয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে আমেদাবাদ সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ।

গুজরাটে হারবে বিজেপি:‌ রাজ ঠাকরে-দৈনিক আজকাল

গুজরাটে হারবে বিজেপি। এমনই ভবিষ্যৎবানী করে রাখলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। কেন্দ্রে সরকার গঠনের পর থেকেই শিবসেনা ও এমএনএসের সঙ্গে বিরোধ চলছেই বিজেপির। রাজঠাকরের আরও দাবি দেড়শোটি সিট পেলে বুঝবেন অলৌকিক কাণ্ড ঘটেছে। তাঁর দাবি সমীক্ষা বলছে গুজরাটে বিজেপির হার অবধারিত। মোদির রাজ্যেই মোদিকে পছন্দ করছেন না সাধারণ মানুষ। মোদি জনসভায় লোক হচ্ছে না। রাহুল গান্ধীর ব্যর্থতাই মোদিকে ২০১৪–র লোকসভা নির্বাচনে জয়ী করেছিল বলে দাবি করেছেন রাজ ঠাকরের। যদিও প্যাটেলদের সঙ্গে সরাসরি বিরোধিতায় নেমে বিজেপি এবার বেশ বেকায়দায় রয়েছে তাতে কোনও সন্দেহ নেই।

পাকিস্তানের ভাষা বলছে কংগ্রেস:‌ মোদি-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কাশ্মীরের আজাদি নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের মন্তব্য তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকে অনুষ্ঠানে শহিদ জওয়ানদের কথা স্মরণ করিয়ে মোদি বলেন, পাকিস্তানিদের ভাষায় কথা বলছে কংগ্রেস। কাশ্মীর নিয়ে পাকিস্তানি বা কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা এই ভাষাতেই কথা বলেন, যে ভাষায় কথা বলছেন কংগ্রেসের একজন শীর্ষ নেতা। আর সেই মন্তব্যকে সমর্থন করছে কংগ্রেসের অন্য নেতারাও। চিদম্বরমের মন্তব্যেই স্পষ্ট হয়েছে কংগ্রেসর ভাবনা চিন্তা কী?‌#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯