অক্টোবর ৩১, ২০১৭ ১৩:২৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ ৩১ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল: ইউনেসকো-দৈনিক প্রথম আলো
  • রেলক্রসিং, যানজট এবং মাঠে সন্তান প্রসব-দৈনিক প্রথম আলো
  • হামলা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
  • ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়ার দল কখনোই জয়ী হবে না : নাসিম-দৈনিক নয়া দিগন্ত
  • গাড়িবহরে হামলার জবাবের জন্য প্রস্তুত হন -আ.লীগকে রিজভী-দৈনিক ইনকিলাব
  • মুক্তিযুদ্ধের বিকৃত ভিডিও পোস্ট, পাকিস্তানি হাইকমিশনারকে তলব-দৈনিক যুগান্তর
  • বিমান নিয়ে নাশকতার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • যন্ত্রণার এই আর্তনাদ সরকারের কানে পৌঁছচ্ছে না? -দৈনিক আনন্দবাজার
  • দেশের নিরাপত্তায় বড় বিপদ আধার, বিজেপির অস্বস্তি বাড়ালেন স্বামী-দৈনিক সংবাদ প্রতিদিন
  • যাঁরা জাতীয় সঙ্গীত গাইতে চান না তাঁরা পাকিস্তানে যান’‌-দৈনিক আজকাল
  • গুজরাটে বিজেপি’‌র টিকিট চাইছেন মুসলিমরা -দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক দলিল: ইউনেসকো-দৈনিক প্রথম আলো

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ

বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিল ইউনেসকো। গতকাল সোমবার ইউনেসকোর ওয়েবসাইটে দেওয়া একটি তালিকায় এ তথ্য রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির অধীনে আন্তর্জাতিক তালিকায় (ইন্টারন্যাশনাল রেজিস্টার) মোট ৭৮টি দলিলকে মনোনয়ন দিয়েছে। এ তালিকায় ৪৮ নম্বরে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণটিকে স্থান দেওয়া হয়েছে।

বিশ্ব ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ঘটনার আন্তর্জাতিক তালিকাই মূলত মেমোরি অব দ্য ওয়ার্ল্ড। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন অংশের ঘটনার সংরক্ষণ ও সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছে ইউনেসকো। এই তালিকায় ঠাঁই পেতে হলে পর্যাপ্ত গ্রহণযোগ্যতা ও ঐতিহাসিক প্রভাব থাকতে হয়।

ডিসেম্বরের নির্বাচনে খালেদা জিয়ার দল কখনোই জয়ী হবে না : নাসিম-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধানের বাইরে কোনো অবস্থাতেই নির্বাচন হবে না। নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। আগামী বছরের ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বর বিজয়ের মাস, সেই বিজয়ের মাসে প্রগতিশীল, স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগই জয় হবে। তিনি বলেন, ‘বিজয়ের মাসে জঙ্গি লালন-পালনকারী, দেশবিরোধী শক্তি খালেদা জিয়ার দল কখনোই জয়ী হবে না।

হামলা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চট্টগ্রাম থেকে আজ দুপুর সোয়া ২টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি। এদিকে চট্টগ্রামের সিনিয়র নেতাদের সাথে বৈঠক শেষে ফেনীতে খালেদা জিয়ার গাড়ির বহরের হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই আক্রমনে আমাদের গাড়ি ভাংচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাংচুর করা হয়ে্ছে, তারা(সাংবাদিকরা) হামলার শিকার হয়েছেন।

এদিকে দৈনিক ইনকিলাবে লেখা হয়েছে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য আওয়ামী লীগকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মুক্তিযুদ্ধের বিকৃত ভিডিও পোস্ট, পাকিস্তানি হাইকমিশনারকে তলব-দৈনিক যুগান্তর

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ভিডিও পোস্ট করার অভিযোগে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। সূত্র জানায়, মঙ্গলবার বিকাল ৩টার সময় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়। জানা যায়, পাকিস্তান অ্যাফেয়ার্স নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত ১৩ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিও গত বৃহস্পতিবার পাকিস্তান হাইকমিশন তাদের ফেসবুক পেজে শেয়ার করে। ওই ভিডিওতে দাবি করা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক!’ ভিডিওতে আরও দাবি করা হয়, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতাই চাননি; তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন।

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনা, পাইলটসহ গ্রেফতার ৪-বাংলাদেশ প্রতিদিন

বিমান নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে আত্মঘাতী জেএমবি সদস্য আবদুল্লাহর চার সহযোগীকে র‌্যাব গ্রেফতার করেছে। এদের মধ্যে ওই  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কো-পাইলট (ফার্স্ট অফিসার) সাব্বির আমামও রয়েছেন। সেপ্টেম্বরের শুরুতে সাব্বির আমামের বাবার ঢাকার দারুসসালামের মালিকানাধীন বাড়িতে জঙ্গি আস্তানার খোঁজ মেলার পর তাকে দায়িত্ব থেকে বিরত রাখা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সোমবার রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরসহ চারজনকে তারা গ্রেফতার করেন।

ঢাকা মেডিকেলে চিকিৎসা বন্ধ রেখে ইন্টার্নদের বিক্ষোভ, দুর্ভোগে রোগীরা-দৈনিক যুগান্তর

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক রোগীর মৃত্যুর ঘটনায় স্বজনদের হামলার জেরে জরুরি বিভাগের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ফলে প্রচণ্ড দুর্ভোগের মুখে পড়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা শত শত রোগী।

চিকিৎসক ও নার্সদের ওপর রোগীর স্বজনদের হামলার বিচার ও নিরাপত্তা চেয়ে মঙ্গলবার সকালে বহির্বিভাগের সামনে বিক্ষোভ শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। ফলে জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। এ সময় সেখানে অনেক রোগীকে অপেক্ষা করতে দেখা যায়। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত পুরান ঢাকার নওশাদ আহমেদকে হাসপাতাল ভবন-২-এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ভাইস প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর ৩৯তম সাধারণ সম্মেলনের জন্য পুনরায় ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি ইউনেস্কো সাধারণ সম্মেলনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০১৭-২০১৯ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন। ৩৯তম সাধারণ সম্মেলনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মরক্কোর জহুর আলাওই। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউনেস্কো’র ৩৮তম সাধারণ সম্মেলনেও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যার মেয়াদকাল ছিল ২০১৫-২০১৭। গতকাল প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মন্ত্রী নাহিদ চলমান সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলনে ১৯৫টি সদস্য রাষ্ট্র ও ১০টি সহযোগী রাষ্ট্রের মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সংবাদমাধ্যম এবং এনজিও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

রেলক্রসিং, যানজট এবং মাঠে সন্তান প্রসব-দৈনিক প্রথম আলোর প্রতিবেদন

প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন এক নারী। কিন্তু তাঁকে বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশা আটকে পড়ে রেলক্রসিংয়ের সিগন্যালে। সেখানে প্রায় আধা ঘণ্টা আটকে থাকে সব যানবাহন। সুস্থ-স্বাভাবিক মানুষের জন্যই এই অপেক্ষা অসহনীয়। আর অন্তঃসত্ত্বা মা? বেদনায় নীল হয়ে যাওয়া প্রসূতিকে নিয়ে অটোরিকশা থেকে নেমে পড়েন স্বজনেরা। সাহায্যে এগিয়ে আসেন আশপাশের নারীরা। পাশের মাঠে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা দেড়টায়; নরসিংদী শহরের আরশীনগর রেলক্রসিংয়ে। নবজাতক ও মা—দুজনই সুস্থ আছে। আরশীনগর রেলক্রসিংয়ের গেটম্যান আমিনুল হক প্রথম আলোকে বলেন, ঘটনার সময় ওই পথ দিয়ে সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল জয়ন্তিকা এক্সপ্রেস। এ সময় ক্রসিংটি প্রায় ৩০ মিনিট বন্ধ রাখতে হয়। কারণ, অনেক যানজট লেগে গিয়েছিল।’ ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্য কাজী রফিকুর রহমান। তিনি বলেন, ‘ঘটনা শুনেছি। তবে সে সময় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলাম।’

কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যায় চাচি গ্রেপ্তার-দৈনিক প্রথম আলো

কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যা 

নরসিংদীতে কিশোরী আজিজাকে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বিউটিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এই দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব-৯–এর একটি দল। অন্যজন হলেন বিউটির মা হোসনে আরা।

র‍্যাব-৯–এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ প্রথম আলোকে বলেন, সিলেটের বিশ্বনাথের একটি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজিজাকে মোবাইল ফোন চুরির অভিযোগে পুড়িয়ে হত্যার অভিযোগ পরিবার থেকে করা হলেও পুলিশ বলছে ভিন্ন কারণ। পুলিশ বলছে, পরিবারের ওই অভিযোগের সত্যতা মিলছে না। চাচি বিউটির অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় আজিজার ওপর ভয়ংকর নিষ্ঠুরতা নেমে এসেছিল। প্রাণ দিতে হয়েছে তাকে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

যাঁরা জাতীয় সঙ্গীত গাইতে চান না তাঁরা পাকিস্তানে যান’‌-দৈনিক আজকাল

যাঁরা জাতীয় সঙ্গীত গাইতে চান না তাঁরা পাকিস্তানে যান। এমনই বিতর্কিত মন্তব্য করলেন জয়পুরের মেয়র অশোক লাহোটি। সম্প্রতি জাতীয় সঙ্গীত নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে জয়পুর পুরনিগমে। মেয়রের জারি করা এই নির্দেশ অনুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ৯টায় পুরনিগমের সব আধিকারিক ও কর্মীদের জনগণমন গাইতে হবে। এবং বিকেল ৫টা ৫৫য় গাইতে হবে বন্দে মাতরম। কেই এই নিয়ম অমান্য করলে তাঁদের উপস্থিতি গ্রাহ্য হবে না এমনকী বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সও গ্রাহ্য করা হবে না। কর্মী এবং আধিকারিকদের দেশাত্মবোধ জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশাত্মবোধ জাগলে নাকি কাজও ভাল করবেন তাঁরা এমনই যুক্তি দিয়েছেন মেয়র।

দেশের নিরাপত্তায় বড় বিপদ আধার, বিজেপির অস্বস্তি বাড়ালেন স্বামী-সংবাদ প্রতিদিন

বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী

ন্যাশনাল হেরাল্ড’ মামলায় সোনিয়া ও রাহুল গান্ধীকে আদালতে যেতে বাধ্য করেছিলেন তিনি। তাঁর করা মামলার জেরেই এখনও গারদে শশীকলা। এবার সেই ‘ঘরের ছেলে’ সুব্রহ্মণ্যম স্বামীর নিশানায় খোদ বিজেপি। দলের অস্বস্তি বাড়িয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প আধারকেই দেশের পক্ষে বড় বিপদ বলে বিস্ফোরক অভিযোগ আনলেন ওই দুঁদে আইনজীবী।ইউপিএ আমলে তাঁকেই ট্রাম্প কার্ড করে ‘দুর্নীতি’ ইস্যুতে কংগ্রেসকে প্রায় কোণঠাসা করে ফেলে গেরুয়া শিবির। তবে এবার সেই চালই ‘ব্যুমেরাং’ হয়ে ফিরে এসেছে। মঙ্গলবার মোদির স্বপ্নের প্রকল্প আধারকেই জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ বলে একটি টুইট করেন স্বামী। তাঁর দাবি, দেশের সুরক্ষায় ছিদ্র তৈরি করছে আধার। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠাবেন তিনি।

যন্ত্রণার এই আর্তনাদ সরকারের কানে পৌঁছচ্ছে না? -দৈনিক আনন্দবাজার

আতঙ্ক ছড়ানো কখনওই উচিত নয়। অহেতুক আতঙ্ক ছড়ানো তো আরওই নয়। কিন্তু আতঙ্কের যদি কোনও হেতু থাকে তা হলে কী করণীয় হয়? আপাতত এই ফাঁপড়ে এ রাজ্যের আপামর মানুষ। দ্বিধা-দোলাচল নেই একমাত্র সরকারের। কারণ তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, ডেঙ্গি নিয়ে যাবতীয় চর্চা মূলত বিরোধীদের চক্রান্ত। অস্যার্থ, হে নাগরিক, আপনি নিশ্চিন্তে পাশ ফিরে ঘুমোতে পারেন।

মুশকিলটা হল এই মাভৈ বাণী নাগরিকের কর্ণকুহরে ঠিক মতো প্রবেশ করছে না যেন। না হলে সর্বোচ্চ পর্যায় থেকে এমন আশ্বাসের পরেও কানে মশারই গুনগুন ধ্বনিত হয় কেন?#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১