নৌকার বিপক্ষে গেলে আজীবন আ.লীগের দরজা বন্ধ: কাদের
-
পত্রপত্রিকার পাতা
সুপ্রিয়/শ্রোতা! ১ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশাকরি সবাই ভালো আছেন। তো আসরের শুরুতেই ঢাকা কোলাকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- হঠাৎ পরিবর্তনে ব্যাংক খাতে অস্থিরতা-দৈনিক প্রথম আলো
- এই ৬০০০ নিয়োগের নিয়তি কী?-দৈনিক প্রথম আলো
- প্রেমিকের শোকে প্রেমিকার ‘আত্মহত্যা, নাতির শোকে দাদার মৃত্যু-দৈনিক ইত্তেফাক
- খালাফ হত্যা: সাইফুলের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন বহাল-দৈনিক ইত্তেফাক
- প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তায় ৭শ’ এসপিবিএন সদস্য-দৈনিক ইত্তেফাক
- সমঝোতার স্বার্থে কঠোর কর্মসূচি দিচ্ছে না বিএনপি-দৈনিক যুগান্তর
- ১০ মাসে নিহত ৩২৭, আহত তিনগুণ-লাইফলাইনে ‘ডেডলাইন’ মিরসরাই-সীতাকুন্ড-দৈনিক মানবজমিন
- ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি-জেএসসি পরীক্ষা দেয়া হলো না তাদের-দৈনিক মানবজমিন
- শীর্ষ ব্যক্তিদের বাড়িতে বিমান হামলার ছক’পাইলট সাব্বির সাময়িক বরখাস্ত-দৈনিক যুগান্তর
- রোহিঙ্গাদের ফেরত নেয়া নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারের উল্টো অভিযোগ!-দৈনিক নয়া দিগন্ত
- দুদক হোক পক্ষপাতহীন-দৈনিক ইনকিলাব
- নৌকার বিপক্ষে গেলে আজীবন আ.লীগের দরজা বন্ধ: কাদের-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- গুজরাত ভোটে ফল ভাল হবে, দাবি রাহুলের-দৈনিক আনন্দবাজার
- মাইনে বাড়ান, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট- দৈনিক আজকাল
- লোকসানের রুটেই কেন বুলেট ট্রেন, প্রশ্নের মুখে মোদির স্বপ্নের প্রকল্প--দৈনিক সংবাদ প্রতিদিন
- বর্ষণে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ৩০৮ কোটি টাকা ঘোষণা রাজ্যের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তায় ৭শ’ এসপিবিএন সদস্য-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের পর এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তায় মাঠে নামছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন)। এর আগে এই ইউনিটটি সোয়া চার বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে।
আজ সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসপিবিএনের প্রায় সাতশ’ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করবে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করে এ বাহিনী কাজ করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা দিতে পুলিশের নতুন বিশেষায়িত ব্যাটালিয়ন এসপিবিএন এর যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৫ জুলাই।
সমঝোতার স্বার্থে কঠোর কর্মসূচি দিচ্ছে না বিএনপি-দৈনিক যুগান্তর
সরকারের সঙ্গে সমঝোতার জন্য চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরও বিএনপি সংঘাতপূর্ণ কঠোর কর্মসূচিতে যাচ্ছে না। এ অবস্থায় সরকারও সংঘাতের পথ পরিহার করে সমঝোতার পথে আসবে বলে আশাবাদ জানিয়েছে দলটি। বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার পরও নেতাকর্মীরা শান্ত রয়েছে, তারা সংঘাতে যায়নি। আওয়ামী লীগই সংঘাতে জড়িয়েছে। খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী নেতাকর্মীরা হামলা চালালেও তাদের দলের সাধারণ সম্পাদক ও নেতারা উল্টো বিএনপির ওপরই দোষ চাপাচ্ছেন।
এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদের আগামীকাল বৃস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। একই ইস্যুতে আগামী শনিবার ঢাকা মহানগরে সব থানায় এ কর্মসূচি পালন করবে দলটির নেতাকর্মীরা। আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল
নৌকার বিপক্ষে গেলে আজীবন আ.লীগের দরজা বন্ধ: কাদের-দৈনিক ইনকিলাব
দলের কেউ নৌকার বিপক্ষে গেলে আওয়ামী লীগের দরজা তার জন্য আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে বলে দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এই সতর্ক করেন। ওবায়দুল কাদের বলেন, যারা আওয়ামী লীগ করেন। তারা যদি নৌকার বিপক্ষে যান। তাহলে দলে তাদের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে।
খালাফ হত্যা: সাইফুলের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন বহাল-দৈনিক ইত্তেফাক
সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীকে হত্যায় হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড এবং আল আমিন, আকবর আলী লালু ও রফিকুল ইসলাম খোকনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রয়েছে।
বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আপিলের পুনঃশুনানি শেষে রায়ের আজকের দিন ধার্য করেন।
শীর্ষ ব্যক্তিদের বাড়িতে বিমান হামলার ছক’পাইলট সাব্বির সাময়িক বরখাস্ত-দৈনিক যুগান্তর
বিমান নিয়ে ‘নাশকতার পরিকল্পনা’র অভিযোগে গ্রেফতার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির এনামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার সাব্বিরকে বরখাস্ত করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ। সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে সাব্বিরসহ চার জঙ্গিকে গ্রেফতার করেছিল র্যাব।
প্রেমিকের শোকে প্রেমিকার ‘আত্মহত্যা, নাতির শোকে দাদার মৃত্যু-দৈনিক ইত্তেফাক
‘প্রেমিকার’ বিয়ে হয়ে যাওয়ায় কিশোর রবিউল ইসলাম রাসেল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করে। এরই জের ধরে পরদিন আত্মহত্যা করে সেই ‘প্রেমিকাও’। অন্যদিকে নাতি ছেলের লাশ দেখে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাদা।
পাবনার সাঁথিয়া উপজেলাধীন বালিয়াকান্দি গ্রামের এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রাসেলের সঙ্গে একই গ্রামের আবু সাইয়িদের মেয়ে সাদিয়া আক্তার ঋতুর (১৬) প্রেমের সম্পর্ক ছিলো। তিন মাস আগে বিয়ে হয়ে যায় সাদিয়ার। সম্প্রতি সাদিয়া বাবার বাড়িতে বেড়াতে আসে। এরইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বিদেশ প্রবাসী সিদ্দীকুর রহমানের ছেলে ক্ষেতুপাড়া আব্দুর সাত্তার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাসেল (১৬) গলায় ফাঁস নিয়ে নিজ ঘরে ‘আত্মহত্যা’ করে। এ সংবাদে বুধবার সকালে সাদিয়া আক্তার ঋতু (১৬) বাবার বাড়িতে গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করে। অন্যদিকে রাসেলের লাশ দেখে অসুস্থ হয়ে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দাদা মাসুদ মোল্লা (৫০)।
সাদিয়া আক্তার ঋতুর মা জাবেদা খাতুন জানান, রাসেলের লাশ দেখার জন্য ভোরে আমি ঋতুকে বলি। সে তাতে রাজি হয় না। আমি বাইরে থেকে এসে দেখি ঋতু ঘরের আড়াঁর সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
হঠাৎ পরিবর্তনে ব্যাংক খাতে অস্থিরতা-দৈনিক প্রথম আলো
সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা ও ব্যবস্থাপনায় হঠাৎ পরিবর্তনে ব্যাংক খাতে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে সরকারি দলের বাইরে ভিন্নমত পোষণ করা পরিচালক ও পেশাদার ব্যাংক কর্মকর্তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। মুখ খুলতে চাইছেন না ব্যাংকের শীর্ষ নির্বাহীরা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকও সার্বিক পরিস্থিতি নিয়ে নিশ্চুপ। গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনায় হঠাৎ পরিবর্তন আসে। ২০১৬ সালের শুরুতে বাংলাদেশ কমার্স ব্যাংক, চলতি বছরের জানুয়ারিতে ইসলামী ব্যাংক এবং সব শেষ গত সোমবার এসআইবিএলে এমন পরিবর্তন আসে। তিনটি ব্যাংকেই শেয়ার কিনে মালিকানায় এসেছে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপ।
১০ মাসে নিহত ৩২৭, আহত তিনগুণ-লাইফলাইনে ‘ডেডলাইন’ মিরসরাই-সীতাকুন্ড-দৈনিক মানবজমিন
লাইফলাইন হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কিন্তু এ সড়কটির মিরসরাই ও সীতাকুন্ড অংশ এখন ডেডলাইনে পরিণত হয়েছে। এমন কোন দিন নেই চট্টগ্রামের এই দুই উপজেলার প্রায় ৭০ কিলোমিটার অংশে কোন না কোন দুর্ঘটনা ঘটছে না। হচ্ছে না প্রাণহানী। এমনকি এই অঞ্চলের রেলপথও বিপদজনক। যেখানে হর-হামেশাই কাটা পড়ছে শিশু-কিশোর-বৃদ্ধ ও নারীরা।
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি-জেএসসি পরীক্ষা দেয়া হলো না তাদের-দৈনিক মানবজমিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগরে নৌকা ডুবিতে মারা গেছে ২ জেএসসি পরীক্ষার্র্থী। এরা হলেন বীর গাঁও ইউনিয়নের দৌলত গ্রামের সোনিয়া ও আমতলী গ্রামের নাদিরা।
জানা গেছে- বীরগাও স্কুল এন্ড কলেজের এ-দুজন পরীক্ষার্থীসহ আরো ৫০/৬০ জন পরীক্ষার্থী থানাকান্দি থেকে নৌকায় করে পরীক্ষা কেন্দ্র কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে পাগলা নদীতে তাদের নৌকাটি কাত হয়ে ডুবে যায়।
এতে ছেলে পরীক্ষার্থীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও এই পরীক্ষার্থী ২ জনসহ আরো কয়েকজন মেয়ে পরীক্ষার্থী পানিতে তলিয়ে যায়। বীরগাও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য জহির রায়হান ২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। আরো একজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তিনি জানান- নৌকাটি কৃষ্ণনগর বাজার ঘাট থেকে একশো গজ দূরত্বের মধ্যে থাকতে ডুবে যায়।
রোহিঙ্গাদের ফেরত নেয়া নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিয়ানমারের উল্টো অভিযোগ!-দৈনিক নয়া দিগন্ত
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরতের ব্যাপারে বাংলাদেশ কালক্ষেপণ করছে বলে অভিযোগ করেছে মিয়ানমার। তাদের অভিযোগ রোহিঙ্গাদের উপলক্ষে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কোটি কোটি টাকা পাওয়ার জন্যই বাংলাদেশের এ অবস্থান।
মিয়ানমার নেত্রী অং সান সু চির মুখপাত্র জ্য হতেই বলেছেন, তারা যে কোনো সময় রোহিঙ্গাদের ফেরত নেয়ার ব্যাপারে প্রস্তুত আছেন। নব্বইয়ের দশকে যেভাবে রোহিঙ্গাদের ফেরত নেয়া হয়েছিল সে চুক্তি মোতাবেকই তারা কাজ শুরু করতে চান। কিন্তু বাংলাদেশ তাদের এ আহ্বানে সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। খবর রয়টার্সের।
দুদক হোক পক্ষপাতহীন-দৈনিক ইনকিলাব
দুর্নীতি দমন কমিশনকে কাজ করতে হবে পক্ষপাতহীনভাবে; কারো আঙ্গুলের নির্দেশে নয়। রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলা আপিল করে না, অন্যান্য গুরুত্বপূণ ব্যক্তির মামলা আপিল করে না, অথচ বিচারপতিদের মামলা নিয়ে ঁেখাজাখোঁজি শুরু করেছে। এমন পক্ষপাতিত্ব উচিত নয়। শুধু মাত্র বিরোধী দলকে টার্গেট করতে হবে এমনটা উচিত নয়। সরকারি দলের মধ্যে দুর্নীতির তদন্ত করতে হবে। আমাদের দেশে সাধারণত সরকারি দলের লোকেরাই বেশি দুনীতি করে অর্তীতেও দেখা বর্তমানে দেখা গেছে। সেই জন্য দুদক চেয়্যামানকে ভয় পেলে চলবে না।
আপনারা আগেই সাবধান হয়ে যান'-দৈনিক ইত্তেফাক
দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসিরুদ্দিন আহমেদ বলেছেন, আপনারা আগেই সাবধান হয়ে যান। আমরা কাউকে কষ্ট দিতে চাই না। অনেকের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছি। আমরা স্বাধীনভাবে কাজ করি। এমনকি মন্ত্রী, এমনি এবং প্রশাসনের বড় কর্মকর্তাদেরও আমরা কেয়ার করি না। নওগাঁয় দুর্নীতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এই ৬০০০ নিয়োগের নিয়তি কী?-দৈনিক প্রথম আলো
নিয়োগ জটিলতা থাকায় হাইকোর্টের স্থগিতাদেশ ও বিচারাধীন রয়েছে—এমন রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের ছয় হাজারেরও বেশি পদে নিয়োগ আটকে আছে। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে মামলা আদালতে বিচারাধীন থাকায় তাদের হাত-পা বাঁধা, এখানে কিছু করার নেই। নিয়োগপ্রার্থীরা বলছেন, তাঁরা অনেক অপেক্ষা করেছেন। বেকারত্ব সমস্যার সমাধানে ব্যাংকের চূড়ান্ত নিয়োগ হওয়া একান্ত জরুরি।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
গুজরাত ভোটে ফল ভাল হবে, দাবি রাহুলের-দৈনিক আনন্দবাজার
সংসদের সেন্ট্রাল হল থেকে বেরোতেই রাহুল গাঁধীকে প্রশ্ন করা হলো, কী হবে গুজরাতে? আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিলেন, ‘‘আমরা ভাল করব।’’
নরেন্দ্র মোদীর গড়ে থাবা বসাতে আগামিকাল থেকে তিন দিনের সফর শুরু করছেন রাহুল। যাবেন দক্ষিণ গুজরাতে। ফের মন্দির দর্শনও করবেন। গুজরাতের এ বারের ভোটে নরেন্দ্র মোদী-অমিত শাহকে কড়া চ্যালেঞ্জ দিতে তিনি যে প্রস্তুত— হাবেভাবে তা বুঝিয়ে দিলেন রাহুল। আর কংগ্রেস সহ-সভাপতির ঘনিষ্ঠ শিবির জানাচ্ছে, এ বার তাঁর এই আত্মবিশ্বাসের পুঁজি গুজরাতের তিন যুব নেতা— হার্দিক পটেল, অল্পেশ ঠাকোর ও জিগনেশ মেবানি। যেখানে এই নেতাদের প্রভাব বেশি, সেখানে তাঁদের জন্য আসনও ছেড়ে রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাইনে বাড়ান, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল
বিচারপতিদের বেতনবৃদ্ধির বিষয়টি কি ভুলে গিয়েছে কেন্দ্রীয় সরকার? কেন্দ্রকে অস্বস্তিতে ফেলে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পরে আমলাদের মাইনে অনেকটাই বেড়েছে। তাঁদের থেকে অনেক কম মাইনে পান বিচারপতিরা। মার্চ মাস থেকে বিচারপতিদের মাইনে বাড়ার বিষয়টি ঝুলে থাকায় বিরক্তি প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের আধিকারিক ও কর্মচারীদের ভাতা বৃদ্ধি নিয়ে একটি শুনানি চলাকালীন এই প্রশ্ন তোলেন বিচারপতি জে চেলামেশ্বর এবং বিচারপতি এস আবদুল নাজিরের ডিভিশন বেঞ্চ।
লোকসানের রুটেই কেন বুলেট ট্রেন, প্রশ্নের মুখে মোদির স্বপ্নের প্রকল্প--দৈনিক সংবাদ প্রতিদিন
বুলেট ট্রেন। নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প। আগামী ২০২৩ সালে মুম্বই-আমেদাবাদ রুটে পথ চলা শুরু করবে জাপানি প্রযুক্তির এই দ্রুতগতির ট্রেন। কিন্তু কেন এই রুটেই শুরুয়াত? সেই প্রশ্ন ওঠে রাজনৈতিক মঞ্চ থেকে নেটদুনিয়ায়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার সুপ্রিমো রাজ ঠাকরে এই সিদ্ধান্তকে হাস্যকর বলে ব্যাখ্যা করেন। অন্যান্য দলগুলিও এই রুটের বিরোধিতায় সরব হয়। সবারই যুক্তি, আরও দীর্ঘ কোনও রুটে শুরু করা যেতে পারে এই প্রকল্প। মুম্বই-আমেদাবাদ রুট একে স্বল্পদৈর্ঘর উপরন্তু কম গুরুত্বপূর্ণ বলে দাবি রাজ ঠাকরের। তবে বিরোধীদের কথা যে খুব ভুল নয় তার প্রমাণ মিলেছে ভারতীয় রেলওয়ের রিপোর্টেই।
বর্ষণে ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য ৩০৮ কোটি টাকা ঘোষণা রাজ্যের-সংবাদ প্রতিদিন
অতি বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত চাষিদের ৩০৮ কোটি ১০ লক্ষ টাকার কথা ঘোষণা রাজ্য সরকারের। এই অর্থ মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া , পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর-সহ ১৩ টি জেলার ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে। ইতিমধ্যেই ক্ষতিপূরণ বাবদ সেই টাকা পাঠিয়েও দেওয়া হয়েছে জেলায় জেলায়। রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ আগামী ১৫ নভেম্বরের মধ্যে সেই টাকা কৃষকদের হাতে পৌঁছে দিতে হবে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১