নভেম্বর ০৩, ২০১৭ ১৩:৫১ Asia/Dhaka

সুপ্রিয়/শ্রোতা! ৩ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশাকরি সবাই ভালো আছেন। তো আসরের শুরুতেই ঢাকা কোলাকাতার বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • পারিবারিক সংকট থেকে রক্তপাত!-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়া রাজনীতির জন্য হুমকিস্বরূপ: ইনু-দৈনিক ইত্তেফাক
  • ইতিহাসের খলনায়কদের খেলা এখনও শেষ হয়নি: কাদের-দৈনিক ইত্তেফাক
  • যে কোনো প্রতিকূল অবস্থাতেও নির্বাচনে যাবে বিএনপি: মওদুদ-দৈনিক যুগান্তর
  • ঢাকায় জাতিসংঘের কর্মকর্তাদের জন্য নিরাপত্তা কড়াকড়ি-দৈনিক মানবজমিন
  • ফের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান -আ.লীগকে জয়নুল আবদীন-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • মমতা-উদ্ধবের কথায় নয়া ইঙ্গিত-দৈনিক আনন্দবাজার
  • হাওড়ায় ফের ‘‌স্টোনম্যান’‌ আতঙ্ক- দৈনিক আজকাল
  • আগামী বছর থেকে মিলবে না হজ যাত্রার ভরতুকি!-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ইতিহাসের খলনায়কদের খেলা এখনও শেষ হয়নি: কাদের-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের রাজনৈতিক ইতিহাসের খলনায়কদের খেলা এখনও শেষ হয়নি। তারা এখন ও সক্রিয় ষডযন্ত্র নিয়ে।তিনি বলেন, তবে তাদের জানা রাখা উচিত যে ’৭৫, ২০০৪ ও ২০১৭ এক নয়। তাঁদের ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। কাদের বলেন, ‘আওয়ামী লীগ আগের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেতন এবং শক্তিশালী। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা সব সময় প্রস্তুত।’

আজ সকালে ঐতিহাসিক জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক জেলহত্যা দিবস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর পাকিস্তানের দোসর স্বাধীনতা বিরোধী একটি চক্র বঙ্গবন্ধুর চার ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করে।

যে কোনো প্রতিকূল অবস্থাতেও নির্বাচনে যাবে বিএনপি: মওদুদ-দৈনিক যুগান্তর

বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ

বিএনপি যে কোনো প্রতিকূল অবস্থাতেও জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। মওদুদ বলেন, সরকার কোনো যড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না। তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে গণবিস্ফোরণ হবে।

পারিবারিক সংকট থেকে রক্তপাত!-দৈনিক প্রথম আলোর প্রতিবেদন

দেশে অব্যাহতভাবে খুনের পরিমাণ বাড়ছে

কাকরাইলের নিজেদের বাড়িতে গত বুধবার রাতে খুন হন ধনাঢ্য পরিবারের গৃহিণী ও তাঁর ইংরেজি মাধ্যম পড়ুয়া ছেলে। এর কয়েক ঘণ্টা পরই গতকাল বৃহস্পতিবার সকালে বাড্ডার ঘিঞ্জি একটি বাড়ির এক কামরার সংসারে গাড়িচালক বাবা আর তাঁর তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়ের লাশ পাওয়া যায়। দুটো পরিবারের বিত্তবৈভব আর সামাজিক মর্যাদার ব্যাপক পার্থক্য থাকলেও সংকটটা একই ধরনের। পুলিশ বলছে, দুটো ঘটনার মূলেই রয়েছে পারিবারিক সংকট।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাকা শহরে দু-দুটো জোড়া খুনের ঘটনা নগরবাসীকে উদ্বেগে ফেলেছে। পুলিশ বলছে, উদ্বেগের কিছু নেই, দুটি ঘটনাই ঘটেছে পৃথকভাবে। তবে বিশেষজ্ঞরা যা বলছেন তাতে উদ্বেগ কমছে না। তাঁরা বলছেন, সামাজিক ন্যায়বিচারের অভাব। এর প্রভাব পড়ছে ব্যক্তিজীবনে। মানুষ সম্পর্কগুলোকে পরোয়া করছে না। অস্থিরতা বাড়ছে, মানুষ দ্রুত হতাশ হচ্ছে। হতাশা চরমে পৌঁছালে মানুষ যুক্তি হারান, আবেগে ভাসেন। অপরাধ করেন।

একই ধরনের ঘটনা এ বছরই ঘটেছে বেশ কয়েকটি। এ বছরের ১০ জানুয়ারি দারুস সালামে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মা। একই দিনে রাজধানীর গুলশানে বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্প করেন স্বামী। ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগে স্ত্রীর হাতে স্বামী খুন হন। ৮ জুন রাত সাড়ে ১২টায় তুরাগের বাসা থেকে মাসহ তিন সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর মিরপুর পূর্ব মণিপুরে স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। ২৬ অক্টোবর বরিশালের চরবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে দুই ছেলে ও স্ত্রীর হাতে স্বামী খুন হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন মনে করেন, গ্রামভিত্তিক সমাজব্যবস্থা থেকে বাংলাদেশ ক্রমেই নগরায়ণের দিকে যাচ্ছে। মানুষে জীবনযাপনের ধরন, দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে আর স্বামী-স্ত্রীর সম্পর্কটা হালকা হয়ে যাচ্ছে। মানুষ কাউকে পরোয়া করছে না। প্রযুক্তি মানুষকে আরও বেশি অপরাধপ্রবণ করে তুলছে। প্রতিষ্ঠিত সম্পর্ক ভেঙে যাচ্ছে।

১০ মাসে ১০ লাখ মামলা ট্রাফিকের-দৈনিক মানবজমিন

রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে নানামুখী উদ্যোগ থাকলেও কার্যত এর তেমন সুফল মিলছে না। উদ্যোগের অংশ হিসেবে যানবাহনকে নিয়ম মানাতে মামলা ও জরিমানা আদায় চলছে জোরেশোরে। এক্ষেত্রে অনেকটা প্রতিযোগিতা হচ্ছে ট্রাফিক সার্জেন্টদের মধ্যে। যে যতো বেশি মামলা দিতে পারেন তিনই ঊর্ধ্বতনদের কাছে ততো ভালো কর্মকর্তা। তাই সকাল থেকে শুরু হয় ট্রাফিক সার্জেন্টদের মামলা দেয়ার প্রতিযোগিতা। ঢাকায় ট্রাফিক আইনে প্রতি মাসে জরিমানা করা হচ্ছে প্রায় সাড়ে চার কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সার্জেন্ট জানান, মামলা কম হলেই দুশ্চিন্তা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে করেন সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। দিনের পর দিন মামলার সংখ্যা বাড়ছে। জরিমানার বিপুল টাকা জমা হচ্ছে রাজস্ব খাতে। কিন্তু মামলা দিয়ে পরিস্থিতির উন্নতি হচ্ছে কি-না এ প্রশ্ন অনেকের।

সহসাই ফিরতে পারেন প্রধান বিচারপতি-দৈনিক মানবজমিন

বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহসাই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে পারেন। বিদেশ থাকার নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তিনি দেশে ফিরতে পারেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। যদিও ওই সূত্র একেবারে নিশ্চিত করে প্রধান বিচারপতির  ফেরার দিন-তারিখ সম্পর্কে কিছু বলতে পারেনি। এ ব্যাপারে জানতে চাইলে এটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এ নিয়ে তার কাছে কোন তথ্য নেই। এরআগে আইনমন্ত্রী আনিসুল হক ও এটর্নি জেনারেল জানিয়েছিলেন, প্রধান বিচারপতির দায়িত্বে ফেরার কোন সুযোগ নেই।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

হাওড়ায় ফের ‘‌স্টোনম্যান’‌ আতঙ্ক-দৈনিক আজকাল

কোলকাতায় স্টোন ম্যান আতঙ্ক

থেঁতলানো মুখ। পাশেই পড়ে রক্তমাখা বড় পাথর। আজ ভোরে রামকৃষ্ণপুর ঘাটের কাছে যুবককে এভাবে পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন প্রাতর্ভ্রমণকারীরা। খবর পেয়ে পুলিস এসে দেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কলকাতার কুখ্যাত ‘‌স্টোনম্যান’‌ যেভাবে খুন করত, এই যুবককে সেভাবেই মারা হয়েছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ায়। সেই সঙ্গে ফুটপাথবাসীদের মধ্যে ‘‌স্টোনম্যান’‌ আতঙ্ক ফিরে এসেছে। আটের দশকের শেষ দিকে স্টোনম্যান আতঙ্ক নাড়িয়ে দিয়েছিল রাতের কলকাতাকে। কে বা কারা কী কারণে সেই সব খুন করেছিল, তা আজও সবার অজানা।

আগামী বছর থেকে মিলবে না হজ যাত্রার ভরতুকি!-দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

ধর্মে নয়, বিনিয়োগ হোক শিক্ষায়। এই মন্ত্রেই ২০১৮ সাল থেকে হজে ভরতুকি তুলে দিতে চলেছে কেন্দ্র। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী বছরের জানুয়ারি মাস থেকেই হজ যাত্রার খরচ বহন করবে না সরকার।

ধর্মের নাম অপচয় বন্ধ হোক। পরিবর্তে বিনিয়োগ করা হোক শিক্ষা ও উন্নয়নে। ক্রমশই দেশজুড়ে জোরাল হচ্ছে এই দাবি। চলতি বছর জানুয়ারি মাসে হজ নীতি খতিয়ে দেখতে এক কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। সদ্য রিপোর্ট জমা দিয়েছে ওই কমিটি।

মমতা-উদ্ধবের কথায় নয়া ইঙ্গিত-দৈনিক আনন্দবাজার

এক

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে

একজন পূর্বে তো অপর জন পশ্চিমে। সাম্প্রতিক রাজনীতির অবস্থান সেই ভৌগোলিক দূরত্ব আগেই ঘুচিয়েছে। কারণ, এখন দু’জনেরই লক্ষ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল। সেই পূর্ব ও পশ্চিমের অবশেষে দেখা হল বৃহস্পতিবার আরব সাগরের তীরে। মুম্বই সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এবং রীতি ভেঙেই। যা নিয়ে দেশের রাজনীতি নয়া রসায়নের ইন্ধন পাচ্ছে। একান্ত আলাপের পর উদ্ধব বলেন, ‘‘অনেক কথাই হল। পুরোটাই সিরিয়াস রাজনীতির কথা হয়েছে, এমন ভাবার কারণ নেই।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩