নভেম্বর ০৪, ২০১৭ ১৩:২২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ ৪ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • নির্বাচনী সংঘাত কমাতে সহায়তা দিতে চায় জাতিসংঘ-দৈনিক প্রথম আলো
  • খালেদার পর কাদেরের পাল্টা কর্মসূচি!-দৈনিক প্রথম আলো
  • বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা অস্ট্রেলিয়ার-দৈনিক ইত্তেফাক
  • কাকরাইলে মা-ছেলেকে হত্যা, প্রধান আসামি জনি গ্রেপ্তার-দৈনিক ইত্তেফাক
  • বাবাকে খুন করতে দেখে ফেলায় মেয়েকেও হত্যা-দৈনিক যুগান্তর
  • সমবায়ের মাধ্যমে প্রায় ৮ লাখ লোকের কর্মসংস্থান-দৈনিক মানবজমিন
  • প্রধানমন্ত্রীকে ছুটি দিন -আইনমন্ত্রীকে গয়েশ্বর-দৈনিক ইনকিলাব
  • আলোচনা করতে হলে যুদ্ধাপরাধীদের ত্যাগ করতে হবে : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • দুর্নীতিগ্রস্ত আমলাকে ব্ল্যাকমেল, গ্রেফতার প্রাইভেট গোয়েন্দা -দৈনিক আনন্দবাজার
  • আবারও কিশোরী ধর্ষণ মধ্যপ্রদেশে- দৈনিক আজকাল
  • জাতীয় পতাকা অবমাননার অভিযোগ যোগী আদিত্যনাথের বিরুদ্ধে-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

নির্বাচনী সংঘাত কমাতে সহায়তা দিতে চায় জাতিসংঘ-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘ সহায়তা দিতে চায়

নির্বাচনে দ্বন্দ্ব-সংঘাত কমাতে নির্বাচন কমিশনকে (ইসি) কারিগরি সহায়তা দিতে চায় জাতিসংঘ। পাশাপাশি ভোটারের বায়োমেট্রিক নিবন্ধন, তাঁদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহী করা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচন-সংশ্লিষ্টদের প্রশিক্ষণে ইসির সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের একটি নিডস অ্যাসেসমেন্ট মিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই প্রস্তাব দেওয়া হয়।

ইসি সূত্র জানায়, ইসি কয়েকটি ক্ষেত্রে কারিগরি সহায়তা চেয়ে গত ১৪ জুন জাতিসংঘকে চিঠি দেয়। তাতে নির্বাচন-প্রক্রিয়ায় ইসির সক্ষমতা ও ভোটারদের সচেতনতা বাড়ানো, নির্বাচনী প্রশিক্ষণ, অটো মার্কিং সিল, ব্যালট পেপার মার্কিং কলম, ব্যালট বক্স লক, অটো অফিশিয়াল সিল, ভোটিং স্ক্রিন ও ল্যাপটপসহ নির্বাচনী সরঞ্জাম কেনা, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে ভৌগোলিক তথ্যব্যবস্থা ব্যবহারসহ তথ্যপ্রযুক্তিভিত্তিক নির্বাচন ব্যবস্থাপনা এবং ভোটার নিবন্ধনের ক্ষেত্রে কারিগরি সহায়তা চাওয়া হয়।

ইসি সূত্র জানায়, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘ নির্বাচন কমিশনকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে এই কারিগরি সহায়তা নিয়ে আলোচনা চলছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে শুরু করে ২০১৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত প্রকল্পভিত্তিক কাজ করবে জাতিসংঘ।

বাবাকে খুন করতে দেখে ফেলায় মেয়েকেও হত্যা-দৈনিক যুগান্তর

আর্জিনা বেগম গ্রেফতার

পরকীয়া সম্পর্কের কথা জেনে যাওয়ায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামী জামিল শেখকে হত্যার পরিকল্পনা করেছিলেন আর্জিনা বেগম। এ হত্যা দৃশ্য দেখে ফেলেছিল আর্জিনার নয় বছরের মেয়ে নুসরাত। এ কারণে তাকেও হত্যা করেন মা এবং তার প্রেমিক শাহিন। পুলিশের হাতে ধরা পড়ার পর রাজধানীর বাড্ডায় আলোচিত বাবা-মেয়ে খুনের ঘটনায় এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন তারা। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ এ তথ্য জানান।পুলিশ জানায়, বাড্ডার হোসেন মার্কেটের ময়নারটেক এলাকার গোরস্থান রোডের ৩০৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় থাকতেন প্রাইভেট কার চালক জামিল শেখ। সেখানে তাদের সঙ্গে সাবলেট ভাড়া থাকতেন শাহিন। তার সঙ্গেই এক পর্যায়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন আর্জিনা। বৃহস্পতিবার সকালে বাসা থেকে জামিল ও তার মেয়ে নুসরাতের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর স্ত্রী আর্জিনা জানায়, ডাকাতরা তার স্বামী ও মেয়েকে খুন করে পালিয়ে গেছে।

প্রধানমন্ত্রীকে ছুটি দিন -আইনমন্ত্রীকে গয়েশ্বর-দৈনিক ইনকিলাব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী এক মাস ধরে দেশে ফিরেছেন কিন্তু তিনি অফিস আদালতে যাচ্ছেন না কেন? তিনি কি অসুস্থ। যদি তিনি (প্রধানমন্ত্রী) অসুস্থ হয়ে থাকেন তাহলে আইনমন্ত্রীকে বলতে চাই প্রধান বিচারপতিকে যদি অসুস্থতার কারণে ছুটি দিয়ে থাকেন তাহলে সেই কারণেই জনগণের স্বার্থে প্রধানমন্ত্রীকেও ছুটি দিন। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা করতে হলে যুদ্ধাপরাধীদের ত্যাগ করতে হবে : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে আগে যুদ্ধাপরাধীদের ত্যাগ করেই বিএনপিকে আলোচনায় আসতে হবে। তা না হলে বিএনপির সাথে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, নির্বাচন নিয়ে যেমন বির্তকের অবসান হওয়া উচিত তেমনি যুদ্ধাপরাধী ও তার দোসরদের নিয়ে যে বিতর্ক তার ও অবসান হওয়া দরকার।

সমবায়ের মাধ্যমে প্রায় ৮ লাখ লোকের কর্মসংস্থান’-দৈনিক মানবজমিন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সমবায়ের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আট লাখ ২৬ হাজার ৭২৮ জন লোকের কর্মসংস্থান হয়েছে।

তিনি বলেন, ৫৭ হাজার ১৪৫ টি সমবায়ী সংগঠনের ১ কোটি ৬ লাখ ৯০ হাজার ৭২৮ জন সদস্য রয়েছে।বর্তমানে সমবায় সমিতিগুলোর কার্যকরী মূলধন প্রায় ১৪ হাজার ৫৪ কোটি টাকা এবং মোট সম্পদের পরিমাণ প্রায় ৭ হাজার ৩২ কোটি টাকা। মন্ত্রী আরো বলেন, সমবায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি শক্তিশালী কৌশল। বর্তমান পুঁজিবাজার অর্থনীতির গুরুত্ব বিবেচনায় নিয়ে সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যবস্থা নিতে হবে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ যোগী আদিত্যনাথের বিরুদ্ধে-দৈনিক সংবাদ প্রতিদিন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে পতাকা অবমাননার অভিযোগ

তিনি হিন্দুত্বের স্বঘোষিত পোস্টার বয়। দেশপ্রেম নিয়ে দীর্ঘ ভাষণ দিতে পারেন যে কোনও সভায়। অথচ খোদ তাঁর টেবিলেই জাতীয় পতাকা রয়েছে উলটো অবস্থায়। দেখতেও পেলেন না মুখ্যমন্ত্রী। কিন্তু নেটিজেনদের চোখ এড়িয়ে যাওয়া যে বড়ই শক্ত! ইন্টারনেটে এক ছবিতে ধরা পড়ে গেল এই দৃশ্য। ব্যাস! শুরু বিতর্ক। একের পর এক টুইট-রিটুইট। সবমিলিয়ে শনিবার প্রবল সমালোচনার মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অভিযোগ, দেশপ্রেম নিয়ে বড়াই করেন যে মুখ্যমন্ত্রী, তিনি কী করে এমনটা ঘটতে দিলেন?

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এখন মরিশাস সফরে ব্যস্ত। এতটাই তিনি কাজ নিয়ে রয়েছেন যে নিজের রাজ্যে NTPC-র বয়লারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হলেও ফিরে আসেননি রাজ্যে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংও সেখানে উপস্থিত। উত্তরপ্রদেশের জন্য মার্কিন লগ্নি আনতে তাঁরা মরিশাস গিয়েছেন বলে খবর। আর এবার সেই মরিশাস সফরকে ঘিরে বিতর্ক বাড়ালেন মুখ্যমন্ত্রী। মরিশাসে একটি নথিতে সই করছেন মুখ্যমন্ত্রী, তখন তাঁর টেবিলে জাতীয় পতাকা রাখা উলটো অবস্থায়। খোদ মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট হয়।

দুর্নীতিগ্রস্ত আমলাকে ব্ল্যাকমেল, ধৃত প্রাইভেট গোয়েন্দা-দৈনিক আজকাল

Image Caption

এতো রীতিমতো চোরের ওপর বাটপাড়ি করা। দুর্নীতিগ্রস্ত আমলার থেকেই সাত কোটি টাকা চেয়ে বসল প্রাইভেট গোয়েন্দা ও তার স্ত্রী। তবে পুলিসের হাত থেকে রেহাই মেলেনি। ফাঁদে ফেলে সেই গোয়েন্দাকে গ্রেপ্তার করেছে থানে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগে সাসপেন্ডেড মহারাষ্ট্রের শীর্ষ আএএস আধিকারিক রাধেশ্যাম মোপালওয়ারের কাছ থেকে ব্ল্যাকমেল করে ৭ কোটি টাকা টাকা দাবি করে সতীশ মঙ্গল নামে এক গোয়েন্দা। টাকা না দিলে রাধেশ্যামের গোপন তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেবে বলেও হুমকি দেয় সে। রাধেশ্যাম এরপর পুলিসের কাছে গোটা বিষয়টিই জানায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪