নভেম্বর ০৫, ২০১৭ ১২:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • শাহজালালে বিমানবন্দরে আবারো ‘স্বর্ণমানব’ আটক-দৈনিক ইত্তেফাক
  • কঠিন বাস্তবতার মুখে কঠিন সিদ্ধান্ত নিতে জানে আওয়ামী লীগ: কাদের-দৈনিক ইত্তেফাক
  • সংবিধানের ৪৫তম বার্ষিকীতে জাতীয় আত্মজিজ্ঞাসা--প্রথম আলো
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে সময় বাড়ল ৪ সপ্তাহ-দৈনিক যুগান্তর
  • ষোড়শ সংশোধনীর পুরো রায় বাতিল চেয়ে রিভিউ এ মাসেই-দৈনিক যুগান্তর
  • প্রধান বিচারপতির ফেরার আশা দেখছেন না অ্যার্টনি জেনারেল-দৈনিক মানবজমিন
  • চাল পেঁয়াজ সবজির মূল্যে মধ্যবিত্তের নাভিশ্বাস-দৈনিক নয়া দিগন্ত
  • অনির্বাচিত সরকার রাষ্ট্রের স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল-দৈনিক ইনকিলাব
  • রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • চাকরি দিন, না হলে গদি ছাড়ুন, মোদীকে আক্রমণ রাহুলের-দৈনিক আনন্দবাজার
  • কংগ্রেস নির্বাচনে জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে: ‌অরুণ জেটলি-দৈনিক আজকাল
  • ‘মমতা বাঘিনী, কারচুপি করে ওঁকে ভোটে জিততে হয়নি’-সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কঠিন বাস্তবতার মুখে কঠিন সিদ্ধান্ত নিতে জানে আওয়ামী লীগ: কাদের-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কঠিন বাস্তবতার মুখে কঠিন সিদ্ধান্ত দরকার। যা করে দেখিয়ে বাংলাদেশ সরকার ইতিমধ্যে বিশ্ববাসীকে জানান দিয়েছে। মিয়ানমারে জাতিগত যে নিপীড়ন চলছে তা গণহত্যার সামিল। জীবন বাঁচাতে পালিয়ে সীমান্ত পার হওয়া প্রায় সাড়ে ৬ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিকতার দ্বার উন্মোচন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার বেলা সাড়ে ১০টায় হোটেল কক্স-টু-ডেতে বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণ সামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অনির্বাচিত সরকার রাষ্ট্রের স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে : মির্জা ফখরুল-দৈনিক ইনকিলাব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনির্বাচিত সরকার রাষ্ট্রের স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে, আস্থা হারিয়েছে বলেই ক্ষমতায় টিকে থাকার জন্যই এমন করছে। সরকার যদি নিজেই জাতির সঙ্গে মিথ্যা কথা বলে, জাতির সঙ্গে প্রতারণা করে, সরকার যদি নিজেই একটা অসত্যকে সত্য প্রমাণিত করতে চায় তাহলে তো কখনও সেই সরকারের ওপর বিশ্বাস রাখা যায় না, আস্থা রাখা যায় না। সরকারের প্রতারণা থেকে মুক্ত হতে একটাই পথ, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

৫৩১ কোটি টাকা উদ্ধারে অবশেষে মামলা হচ্ছে!-দৈনিক যুগান্তরের প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা ফিরিয়ে আনতে মামলার প্রস্তুতি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৫৩১ কোটি টাকা (৬ কোটি ৬৪ লাখ ডলার) ফেরত আনতে অবশেষে মামলার প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রচলিত আইনের বিধান অনুযায়ী ঘটনা সংঘটিত হওয়ার ৩৬ মাসের মধ্যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে হবে বাংলাদেশকে। এরই মধ্যে অতিবাহিত হয়েছে ২১ মাস। এ সময়ে উদ্ধার করা হয়েছে প্রায় ১১৭ কোটি টাকা (১ কোটি ৪৬ লাখ ১০ হাজার ডলার)। এ ব্যাপারে আর তেমন কোনো অগ্রগতি নেই।সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলাটি করা হলে, সেটি ফিলিপাইনে করা হবে, নাকি যুক্তরাষ্ট্রে হবে- তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। তবে বিশেষজ্ঞদের অভিমত, ফিলিপাইনে মামলা করা হলে, রায় পেতে কমপক্ষে ১৫ থেকে ২০ বছর লেগে যেতে পারে। আর যুক্তরাষ্ট্রে এ মামলা দায়ের করা হলে তা নিষ্পত্তিতে এর চেয়ে কম সময় লাগবে।

বিদ্যমান পরিস্থিতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় টাকা ফেরত আনার উদ্যোগের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যেই মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ষোড়শ সংশোধনীর পুরো রায় বাতিল চেয়ে রিভিউ এ মাসেই-দৈনিক যুগান্তর

বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন চলতি মাসেই করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রিভিউ আবেদনে পুরো রায় বাতিল চাওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে রায় পুনর্বিবেচনার আবেদনসংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। সুপ্রিমকোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকটি বেলা পৌনে ১২টায় শুরু হয়ে ২টা পর্যন্ত চলে।

প্রধান বিচারপতির ফেরার আশা দেখছেন না অ্যার্টনি জেনারেল-দৈনিক মানবজমিন

অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশে ফিরে আসা সুদূর পরাহত বলে মনের করেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম। আজ রোববার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি হিসেবে উনার(সুন্দ্রের কুমার সিনহা) দায়িত্ব পালন করা সুদূর পরাহত।

বিশেষজ্ঞ মত-ফ্লাইওভার স্থায়ী সমাধান নয়-দৈনিক মানবজমিন

ফ্লাইওভার নির্মাণ যানজট নিরসনের স্থায়ী সমাধান নয়

শুধু ফ্লাইওভার নির্মাণই যানজট নিরসনের স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ঢাকায় নির্মিত ফ্লাইওভার ক্ষেত্রবিশেষে যানজট বাড়িয়ে দিচ্ছে। যানজট নিরসনে পরিকল্পিত ফ্লাইওভার নির্মাণের

পাশাপাশি বিকল্প ব্যবস্থাও নিতে হবে। নগরবিদ ও পরিকল্পনাবিদ অধ্যাপক ড. নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বলেন, উন্নত এই দেশটিতেও রয়েছে অনেক ফ্লাইওভার। সার্বিক পরিকল্পনা আর সমন্বিত ডিজাইনে তৈরি এসব ফ্লাইওভার অনায়াসে দূর করছে যানজট। বিশেষ করে যানজট পূর্ণ সিগন্যাল অংশগুলোকে জোর দিয়ে বহু ইন্টারসেকশনে ভাগ করে যানজটমুক্ত করা হয়েছে।অন্যদিকে ঢাকা শহরের ফ্লাইওভার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার আয়তন খুবই ছোট। এরমধ্যে মাত্রাতিরিক্ত ঘন জনবসতি। তাদের সবার আবার অভিন্ন চাহিদা। সেখানে এতো মানুষের যাত্রা চাহিদা পূরণ করা ফ্লাইওভারের পক্ষে সম্ভব না। তাই ঢাকা শহরের মতো মেগাসিটিতে ফ্লাইওভার যানজট নিরসনে যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। মগবাজার-মৌচাক ফ্লাইওভার বিষয়ে তিনি বলেন, রাস্তার তুলনায় গাড়ি বেশি হওয়ায় ফ্লাইওভার দিয়ে নিচে নামলেই সড়কে যানজট সৃষ্টি হবে। এতে সব মিলিয়ে আগের মতোই সময় নষ্ট হবে।

অন্যদিকে নগরবিদ অধ্যাপক মোবাশ্বের হোসেন বলেন, অসংখ্য গাড়ির সংকীর্ণ সড়কে ফ্লাইওভার কোনো সমাধান দিতে পারে না। তারপরও পরিকল্পনাবিদরা যেহেতু ফ্লাইওভার বানিয়েছেন। তাই তার পূর্ণ সক্ষমতা ও সফলতা দেখতে তাত্ত্বিকভাবে আরো কয়েক মাস পর্যবেক্ষণে সময় লাগবে। 

চাল পেঁয়াজ সবজির মূল্যে মধ্যবিত্তের নাভিশ্বাস-দৈনিক যুগান্তর

মাত্র ছয় মাস আগের কথা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। খুচরা বাজারে প্রতি কেজি মোটা চালের দাম ৩৮ থেকে ৪০ টাকা। নভেম্বরের প্রথম সপ্তাহে এসে একই চাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা কেজিদরে। মাঝে গুজবের তোড়ে আরো কিছুটা বেড়েছিল অত্যাবশ্যকীয় এই খাদ্যপণ্যের দাম। অথচ এটি কোনো পচনশীল পণ্য নয়। খাদ্যে স্বয়ংসম্পন্ন এই দেশে গরিবের খাদ্য মোটা চালের দাম বৃদ্ধির যুক্তিসঙ্গত কোনো কারণ নেই।

এ সময়ে অস্বাভাবিক দাম বেড়েছে সরু চালেরও। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যে চাল ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছিল, ছয় মাসের ব্যবধানে বর্তমান দর ৬২ থেকে ৭০ টাকা। সরকারের কড়া নজরদারি আর মজুদদারবিরোধী অভিযানে এই চালের দাম কিছুটা কমে এসেছে। কিন্তু স্বল্প এবং সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস কমছে না।

ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগ বেশি, সমাধান কম-দৈনিক প্রথম আলো

ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগ বেশি: টিআইবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে উপজেলা ভূমি অফিস ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ করা হয়েছে। মোট অভিযোগের ৬৭ শতাংশ ছিল এদের বিরুদ্ধে। আবার অভিযোগের সমাধানের ক্ষেত্রেও ভূমি অফিসগুলো পিছিয়ে।

আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে দুদক পরিচালিত গণশুনানি: কার্যকারিতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন দুদকের গবেষক মো. ওয়াহিদুল আলম, মো. রেযাউল করিম ও মো. শহীদুল ইসলাম।

দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত গণশুনানিতে যেসব অভিযোগ উঠে আসে তার মধ্যে ৭৩ শতাংশই সমাধান হয় না। বাকি ২৭ শতাংশ সমাধান হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

সংবিধানের ৪৫তম বার্ষিকীতে জাতীয় আত্মজিজ্ঞাসা-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের সংবিধান

গতকাল ছিল বাংলাদেশ সংবিধান প্রণয়ণের ৪৫তম বার্ষিকী। এদিনে সর্বাগ্রে স্মরণ করার বিষয় হলো, ১৯৭২ সালের ৪ নভেম্বরে প্রণীত সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদ নানা ঝড়ঝাপ্টা মোকাবিলা করে বেশির ভাগই টিকে আছে।

তবে সংবিধানের আত্মা ও প্রাণ কাগজে-কলমে কতটুকু এবং বাস্তবে দৈনন্দিন কর্মজীবনে তাকে কতটা জাগ্রত রাখতে পেরেছি, সেটা এক বিরাট প্রশ্ন। শুধু প্রশ্ন নয়, জাতীয় জীবনের সর্বস্তরের মানুষের মধ্যে এটি একটি প্রাণবন্ত আত্মজিজ্ঞাসার বিষয় হওয়া উচিত।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

 চাকরি দিন, না হলে গদি ছাড়ুন, মোদীকে আক্রমণ রাহুলের-দৈনিক আনন্দবাজার

রাহুল গান্ধী

গুজরাত নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে নিশানা করতে এ বার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করলেন রাহুল গাঁধী। রবিবার প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেস সহ সভাপতির টুইট, ‘‘গ্যাস দামি, রেশন দামি।... মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করুন, চাকরি নিশ্চিত করুন, না হলে প্রধানমন্ত্রীর পদ ছাড়ুন।’’

গুজরাত ভোটে বিজেপিকে হারাতে মরিয়া কংগ্রেস। ইতিমধ্যেই গুজরাত সফর করেছেন কংগ্রেস সহ সভাপতি। মোদীর রাজ্যে বিজেপি-কে ধাক্কা দিতে কংগ্রেস পটেল, মুসলমান এবং তফসিলি জাতি-উপজাতির ভোট ঘরে তুলতে মরিয়া। এই লক্ষ্যপূরণে আদায় করে নিয়েছেন হার্দিক পটেলের সমর্থন। আবার বিধানসভা ভোটে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে দলিতদের দাবি যুক্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এ বার মূল্যবৃদ্ধির পাশাপাশি বেকারত্ব ইস্যুতে মোদীকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সহ সভাপতি। দাবি তুললেন গদি ছাড়ার।

শৌচালয়কে ঘর বানিয়ে মাঠেই শৌচকর্ম সারেন এই দিনমজুর!-দৈনিক আনন্দবাজার

ছোটু শৌচালয়কে ঘর হিসেবে ব্যবহার করছে

ছোটু রাউতিয়া। ওডিশার সুন্দরগড় জেলার জালারা গ্রামের বাসিন্দা। পেশায় দিনমজুর বছর পঞ্চাশের ছোটু তাঁর কর্মকাণ্ডের জেরে গোটা জেলায় শোরগোল ফেলে দিয়েছেন।

কী এমন করলেন এই দিনমজুর?

প্রতিবেশীরা জানান, পৈতৃক ভিটেতে অনেক দিন ধরেই থাকছেন ছোটু। মাথা গোঁজার ঠাঁই বলতে এক চিলতে একটা ঘর। কিন্তু সে ঘরও যে বাস করার মতো তেমনটাও নয়। চালা ভাঙা, দেওয়াল থেকে পলেস্তরা খসে পড়ছে। দরিদ্র দিনমজুর ছোটুর আয় যা তাতে দিন গুজরান করে ঘর ঠিক করার সামর্থ্য নেই। এর পর গ্রামেরই এক ব্যক্তির কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা শোনেন ছোটু। দেরি করেননি তিনি। সঙ্গে সঙ্গে আবেদন করে দেন। অভিযোগ, কোনও সাড়া পাননি প্রশাসনের কাছ থেকে। বার বার প্রশাসনের এ দরজা ও দরজা চষে ফেলেও কোনও লাভ হয়নি। তাঁর অসুবিধার কথা শুনে প্রশাসনিক আধিকারিকরা বলেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তাঁকে ঘর দেওয়া যাবে না। তবে স্বচ্ছ ভারত প্রকল্পের মাধ্যমে ছোটুকে শৌচালয় বানিয়ে দেওয়া যাবে। শৌচালয় বানিয়েও দেওয়া হয়। কিন্তু তিনি সেটা শৌচকর্মের জন্য ব্যবহার করেন না। গোটা সংসারই তুলে নিয়ে গিয়েছেন ওই শৌচালয়ে। খাওয়া, থাকা, ঘুম— সবই এখন ওই শৌচালয়ে করেন ছোটু। তাঁর অভিযোগ, সরকার মাথা গোঁজার ছাদ বানিয়ে দেয়নি, তাই বাধ্য হয়েই শৌচালয়কে ঘর হিসাবে ব্যবহার করছেন। আর শৌচকর্ম? না, সেটা আর ‘ঘরের মধ্যে’ করেন না ছোটু। সে ক্ষেত্রে ভরসা মাঠ আর পুকুর পাড়।

‘মমতা বাঘিনী, কারচুপি করে ওঁকে ভোটে জিততে হয়নি’-সংবাদ প্রতিদিন

মমতা ব্যানার্জী ও উদ্ধব ঠাকরে

জাতীয় রাজনীতির কুশীলবরা তাঁকে চেনেন অগ্নিকন্যা হিসাবে। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম পর্ব। তাঁর ভূমিকার কথা নতুন করে বলার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের মানসিকতা কুর্ণিশ এবার শিব সেনার। সদ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান উদ্ধব ঠাকরে। তারপরই জানা গেল মুগ্ধতার কথা। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনীর সঙ্গে তুলনা করেছেন উদ্ধব।

শিব সেনার মুখপাত্র সামনার সম্পাদকীয়র ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর সংগ্রামের কথা। সেখানে উদ্ধব বলেন, কয়েকটি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিব সেনার মতভেদ থাকতে পারে। তবে তিনি নিজের রাজ্যে কমিউনিস্টদের অপশাসনের অবসান ঘটিয়েছেন। বামপন্থীদের সঙ্গে সবসময় লড়ে যাচ্ছে শিবসেনা। বাঘিনীর মতো তিনি যা করেছেন তা কংগ্রেস বা বিজেপির পক্ষে সম্ভব হয়নি। এখানেই থামেনি তৃণমূল সুপ্রিমোর প্রতি প্রশংসা।

কংগ্রেস নির্বাচনে জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে: ‌অরুণ জেটলি-দৈনিক আজকাল

অরুন জেটলি

গুজরাট নির্বাচনে ‘‌একজন’‌কে পরাজিত করার জন্য কংগ্রেস লস্কর–ই–তৈবা এবং অন্য জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করছে। শনিবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা গুজরাট নির্বাচনের প্রচারের দায়িত্ব থাকা অরুণ জেটলি।

শনিবার সাংবাদিক সম্মেলনে অরুণ জেটলি বলেন, ‘‌কংগ্রেসর অতীতের ইতিহাস একটু পর্যবেক্ষণ করলে এটা স্পষ্ট বোঝা যাবে কংগ্রেস তিনটি রাজ্যের নির্বাচনে শুধুমাত্র একজনকে (‌নরেন্দ্র মোদি)‌ পরাজিত করার জন্য সিবিআই সহ অন্য সরকারি সংস্থা এবং জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করেছে। কংগ্রেসের এই হাস্যকর উন্নতি দেখে মানুষ হাসাহাসি করছে।’‌ অরুণ জেটলি আরও বলেন, ‘গুজরাটের সমাজকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে ‌কংগ্রেস। বিজেপি এই সমস্ত কিছুর বিপক্ষে। নরেন্দ্র মোদি এবং তাঁর দল গুজরাটের উন্নয়ন চান। আমার বিজেপির আরও একটা জয় গুজরাটে দেখতে চাই।’‌ জিএসটি নিয়ে অরুণ জেটলি জানান, কংগ্রেস পরে জিএসটির উপকারিতা কী তা বুঝতে পারবে। এখনও তা বোঝার ক্ষমতা আসেনি তাঁদের মধ্যে।  

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫