নভেম্বর ০৭, ২০১৭ ১২:৪০ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৭ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন- দৈনিক মানবজমিন
  • বিএনপিকে ঠেকাতে ঘুঁটি সাজাচ্ছে আওয়ামী লীগ- দৈনিক যায়যায়দিন
  • জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি সরকার: ফখরুল- দৈনিক ইত্তেফাক
  • রোহিঙ্গা শিবিরে অভিযান: মুচলেকা নিয়ে ছাড়া হলো ৫ বিদেশি, আটক ২১- দৈনিক প্রথম আলো
  • বিমানের আকাশ ছোট হয়ে আসছে- দৈনিক যুগান্তর
  • ভেঙে পড়েছে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা- দৈনিক নয়াদিগন্ত
  • এশিয়ার সবচেয়ে বড় মানববর্জ্য পরিশোধন কেন্দ্র খুলনায়- দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • নোট বাতিলের পরে শুরু হয়েছে কর সন্ত্রাস:‌ মনমোহন
  • পুলওয়ামায় যৌথ অভিযান, সংঘর্ষে খতম মাসুদ আজহারের ভাইপো তালহা- দৈনিক আনন্দবাজার
  • আগাম ঘোষণা ছাড়াই ভাড়া বাড়ল ৪৮টি সুপারফাস্ট ট্রেনের- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন- দৈনিক মানবজমিন

২০১৮ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে ৭ দিন পড়েছে শুক্র ও শনিবার। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

এর আগে বৈঠকের শুরুতে অনির্ধারিত আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্থাৎ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মার্কিন সাময়িকী ফোর্বসে ১লা নভেম্বর সংখ্যায় ‘দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ার ফুল উইম্যান ইন ২০১৭’-এর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩০তম পাওয়ার ফুল উইম্যান (ক্ষমতাধর নারী) হিসেবে দেখানো হয়। সেই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীকে এর আগের বছর ৩৬তম অবস্থানে দেখানো হয়েছিল।

বিএনপিকে ঠেকাতে ঘুঁটি সাজাচ্ছে আওয়ামী লীগ- দৈনিক যায়যায়দিন

মুখে নানা প্রতিশ্রুতি দিলেও বিএনপিকে ফের মাঠে নামার সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। এমনকি আগামীতে তারা যাতে সাংগঠনিক কোনো কর্মসূচিও সফল করতে না পারে এবার সে দিকেও তীক্ষ্ণ নজর দিচ্ছে ক্ষমতাসীন এ দলটি। তবে এ জন্য পেশিশক্তি ব্যবহার না করে নানা কৌশল কাজে লাগাবে। তাই এখন থেকেই এ ব্যাপারে ঘুঁটি সাজানো হচ্ছে। আওয়ামী লীগের প্রথম সারির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে।

দলের দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন কোনঠাসা থাকা বিএনপি ফের রাজপথে নামার সুযোগ পেলে যে কোনো ইসু্যতে আন্দোলনের উত্তাপ ছড়াবে। যা সামাল দেয়া অনেক ক্ষেত্রেই স্থানীয় আওয়ামী লীগের পক্ষে কঠিন হবে দাঁড়াবে। বিশেষ করে যেসব বিভাগীয় শহর, জেলা-উপজেলা ও থানা এলাকায় নেতাকর্মীদের অভ্যন্ত্মরীণ কোন্দলে দলের সাংগঠনিক শক্তি ভঙ্গুর পর্যায়ে রয়েছে, সেখানে তাদের ভরাডুবি হবে। এ ছাড়া পদ-পদবি ও ক্ষমতাবঞ্চিত নেতারা দলের সুবিধাভোগী প্রতিপক্ষকে ঘায়েল করতে গোপনে বিএনপিকে সহায়তা করতে পারে-এমন শঙ্কাও রয়েছে। তাই ক্ষমতার শেষ সময়ে এসে দলীয় হাইকমান্ড এ ব্যাপারে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না।

জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে দেয়নি সরকার: ফখরুল- দৈনিক ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সুযোগ থেকে সরকার বিএনপিকে বঞ্চিত করেছে। সম্পূর্ণ শান্তিপূর্ণ এই দলীয় কর্মসূচীতে সরকার প্রতিহিংসাপরায়ণতা দেখালো ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, এই ৭ নভেম্বরে প্রতিবারই আমরা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু, অত্যন্ত দুর্ভাগ্য যে এবার সরকার আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। আমরা তার কবরে গিয়ে শ্রদ্ধা জানাতে পারিনি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমাদেরকে নতুন করে শপথ নিতে হবে। জনতা আজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে তাতে অপশক্তির পরাজয় হবেই। আগামী দিনে জনতার বিজয় হবে।

রোহিঙ্গা শিবিরে অভিযান: মুচলেকা নিয়ে ছাড়া হলো ৫ বিদেশি, আটক ২১- দৈনিক প্রথম আলো

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গাদের পাঁচটি আশ্রয়শিবিরে গতকাল সোমবার রাতে প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়েছে। সেখান থেকে রোহিঙ্গাসহ ২১ জনকে আটক করা হয়। পাঁচজন বিদেশি নাগরিককে প্রথমে আটক করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানে অংশ নেওয়া উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামানের ভাষ্য, রোহিঙ্গা আশ্রয়শিবিরের সার্বিক পরিস্থিতি ও সেখানে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চলছে কি না দেখতে তাঁরা অভিযান চালান। বিকেল ৫টার পর রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকার কোনো অনুমতি নেই। এরপরও সেখানে থাকায় চীনের একজন ও চারজন ব্রিটিশ নাগরিককে আটক করা হয়। তাঁরা যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই সেখানে ছিলেন। পরে থানায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। বিদেশি নাগরিকেরা পেশায় চিকিৎসক।

আটক করা ২১ জনের মধ্যে ১১ জন বাংলাদেশি ও ১০ জন রোহিঙ্গা। ইউএনও নিকারুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ১০ জনের মধ্যে ছয়জন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি। ত্রাণসামগ্রী মজুত করাসহ বিভিন্ন অপরাধে চার বাংলাদেশিকে সাজা দেওয়া হয়। বাংলাদেশি পাসপোর্ট রাখায় ছয় রোহিঙ্গাকে সাজা দেওয়া হয়। আটক করা অন্য ১১ জনকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বিমানের আকাশ ছোট হয়ে আসছে- দৈনিক যুগান্তর

বিমানের আন্তর্জাতিক রুট ক্রমশ কমে আসছে। ফ্রাঙ্কফ্রুট এবং রোমের রুট বন্ধ হয়েছে। নিউইয়র্কসহ বন্ধ রুটগুলো চালু হয়নি। এ অবস্থায় এবার কমছে ঢাকা লন্ডন ফ্লাইটের উইন্টার সিডিউলের স্লট। এ প্রথম বারের মতো ২ মাসের স্লট দিয়েছে যুক্তরাজ্য সিভিল এভিয়েশন। লোকসানের অজুহাতে রুট কমেছে। এরপরও আসন ফাঁকা রেখেই চলছে বিমান। নিরাপত্তার অজুহাতে কমেছে কার্গো পরিবহন। যাত্রী ও পণ্য পরিবহন কমে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটির আয় বাড়ছে না। এক সময় বিমানের রুট ছিল ২৮টি। এখন রুট চালু আছে ১৫। অধিকাংশ রুটই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। অত্যাধুনিক এয়ারক্রাফট এনেও নতুন রুট চালু করা যাচ্ছে না। এ অবস্থায় এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্সটির স্লোগান ছিল ছোট হয়ে আসছে পৃথিবী। এখন অনিয়ম-দুর্নীতিসহ নানা কারণে ক্রমশই ছোট হয়ে আসছে বিমানের আকাশ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন যুগান্তরকে বলেন, তার আমলে কোনো নতুন রুট বন্ধ হয়নি। ফ্রাঙ্কফ্রুট আর রোম বন্ধের সিদ্ধান্ত আগের। তিনি বলেন, অত্যাধুনিক উড়োজাহাজ থাকার পরও নতুন রুট চালু হয়নি এটা ঠিক। এ কারণে বিমানকে নতুন রুট চালু করার ব্যাপারে উদ্যোগ নিতে বলেছি। রুট বন্ধের পাশাপাশি যাত্রীও কমে যাচ্ছে। প্রতিদিন সিট ফাঁকা যাচ্ছে। উত্তরে মেনন বলেন, এটা ঠিক না, বিমানের যাত্রী কমেনি।

বিমানের ফ্লাইট অপারেশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল ইসলাম ঢাকা-লন্ডন রুটে ২ মাসের স্লট দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার্গো ফ্লাইট বন্ধ করার পর থেকেই তারা নিরাপত্তার কারণ দেখিয়ে স্লট কমিয়ে দেয়ার কথা বলে আসছিল। তিনি বলেন, এর আগে গত বছরের মার্চে বিমানের সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছিল।

ভেঙে পড়েছে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা- দৈনিক নয়াদিগন্ত

রাজধানীর ময়লা-আবর্জনার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), ফেন্সিং, ওয়েস্টবিনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করলেও তার সুফল পাচ্ছেন না নগরবাসী। নগরীতে স্থাপিত বেশির ভাগ ওয়েস্টবিন চুরি হয়ে গেছে। ফেন্সিংয়ের অবস্থাও একই রকম। রাস্তার ওপর রাখা কনটেইনারের আশপাশেও পচা দুর্গন্ধময় ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। নাকে রুমাল চেপে চলতে হচ্ছে পথচারীদের। রোগব্যাধি ছড়িয়ে পড়ারও আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় গত দুই বছরে শতাধিক এসটিএস, মিনি এসটিএস তৈরি করা হয়েছে। রাস্তার ওপর স্টিলের ফেন্সিং (বেড়া) দিয়ে ময়লা ওঠানো-নামানো হচ্ছে। এ ছাড়া বেশির ভাগ কনটেইনার (ময়লা রাখার স্টিলের ডাস্টবিন) মূল সড়ক থেকে সরিয়ে অলিগলিতে নিয়ে যাওয়া হয়। আবার যেসব কনটেইনার সড়কে ছিল, সেগুলোর ব্যবস্থাপনায়ও পরিপাটি ভাব ফিরে আসে। এতে সুফল পেতে শুরু করেন নগরবাসী। কিন্তু সম্প্রতি আবারো ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে যাচ্ছে রাজধানী। অনেক মূল সড়কে ফিরিয়ে আনা হয়েছে ময়লার কনটেইনার। এসব কনটেইনারে সারা দিনই ময়লা-আবর্জনা ওঠানো-নামানোর কাজ করা হচ্ছে। সম্প্রতি আদালত রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে ময়লা-আবর্জনা পরিষ্কার করার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছে না।

এশিয়ার সবচেয়ে বড় মানববর্জ্য পরিশোধন কেন্দ্র খুলনায়- দৈনিক সমকাল

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মানববর্জ্য পরিশোধনের জন্য খুলনায় গড়ে তোলা হয়েছে দেশের প্রথম মানববর্জ্য শোধনাগার। ইতিপূর্বে বাসা-বাড়ির সেপটিক ট্যাংক ও পিট থেকে মল সরাসরি নদী ও ড্রেনে ফেলে দেওয়া হতো, যা পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পরিবেশ রক্ষায় থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজি এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যৌথভাবে নির্মাণ করেছে এই মানববর্জ্য শোধনাগার।

প্রতি মাসে ১৮০ হাজার লিটার বর্জ্য পরিশোধন ক্ষমতাসম্পন্ন শোধনাগারটি তৈরি হয়েছে খুলনা নগরী থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে রাজবাঁধে পরিত্যক্ত স্যানিটারি ল্যান্ড ফিল্ডের ১ দশমিক ৩ একর জমির ওপর। ২০১৬ সালের জানুয়ারি মাসে কাজ শুরু হয়ে চলতি বছরের ৪ মার্চ চালু হয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় এই প্রাকৃতিক শোধনাগার। নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসএনভি) সহায়তায় মানববর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে অর্থায়ন করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

নোট বাতিলের পরে শুরু হয়েছে কর সন্ত্রাস:‌ মনমোহন

নোট বাতিলের ‘‌ব্যর্থতা’‌কে তুলে ধরতে এবার মনমোহন সিংকে রাজনৈতিক জনসভায় নামিয়ে দিল কংগ্রেস। মঙ্গলবার গুজরাটের জনসভায় নোট বাতিলের ব্যাপক সমালোচনা করে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। আমেদাবাদে মনমোহন বলেন, ‘‌সংসদে দাঁড়িয়ে যা বলেছিলাম, আবার তা বলছি। নোট বাতিল সাংগঠনিক লুঠ এবং বৈধ লুঠপাট ছাড়া কিছু নয়।’‌ প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের অর্থমন্ত্রী ছিলেন তিনি। তাঁর হাত ধরেই দেশে নতুন অর্থনীতি নীতির সূচনা হয়। তারও আগে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন মনমোহন সিং। তাই নোট বাতিল ব্যর্থ প্রমাণ করতে মনমোহনই ভরসা কংগ্রেসের। তিনি বলেন, ‘‌৮ নভেম্বর অর্থনীতি এবং দেশের গণতন্ত্রের পক্ষে কালো দিন হিসেবে চিহ্নিত হবে। বিশ্বের কোনও দেশ এমন চরম সিদ্ধান্ত নেয়নি যেখানে ৮৬ শতাংশ নগদ টাকা তুলে নেওয়া হয়েছে। আমি যখন নোট বাতিলের ঘোষণা শুনলাম ভাবলাম, কে প্রধানমন্ত্রীকে এমন বেপরোয়া পরামর্শ দিল।’‌ সরকার যদি নগদহীন অর্থনীতির কথা ভাবে তা হলেও নোট বাতিল সমর্থনযোগ্য নয়। নোট বাতিলের পরেই যে ‘‌কর সন্ত্রাস’‌ শুরু হয়েছে তা ব্যবসায়ীদের বিনিয়োগের আত্মবিশ্বাস কেড়ে নিয়েছেন। কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর মতকে সমর্থন করে মনমোহন বলেন, ‘‌নোট বাতিল এবং জিএসটি দেশের অর্থনীতিতে বিপর্যয় ডেকে এনেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই দুই সিদ্ধান্ত।’‌

পুলওয়ামায় যৌথ অভিযান, সংঘর্ষে খতম মাসুদ আজহারের ভাইপো তালহা- দৈনিক আনন্দবাজার

যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম জইশ প্রধান মাসুদ আজহারের ভাইপো-সহ তিন জঙ্গি। সংঘর্ষে নিহত হয়েছেন এক সেনা জওয়ানও। আহত এক গ্রামবাসী।

পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় অভিযান চালায় ভারতীয় সেনার ৪৪ রাইফেলস, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি), জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার কান্দি আগলার গ্রামে তল্লাশি শুরু করা হয়। এর পর ওই জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলা হয়। যৌথবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। শুরু হয় গুলির লড়াই। সেই সংঘর্ষে নিহত হয় জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাইপো আবু তালহা।

আগাম ঘোষণা ছাড়াই ভাড়া বাড়ল ৪৮টি সুপারফাস্ট ট্রেনের- দৈনিক বর্তমান

কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই ভাড়া বাড়ল ৪৮টি সুপারফাস্ট ট্রেনের। দেশের কয়েকটি ট্রেনকে সুপারফাস্ট করার ঘোষণা আগেই ছিল। কিন্তু ভাড়াবৃদ্ধির কোনও ইঙ্গিত ছিল না। কিন্তু এবার একধাক্কায় অনেকটাই ভাড়া বাড়ানো হল ৪৮টি সুপারফাস্ট ট্রেনের। এবার থেকে যাত্রীদের স্লিপার ক্লাসের জন্য ৩০ টাকা, এসি টু টিয়ার এবং থ্রি টিয়ারের জন্য ৪৫ টাকা এবং এসি ফাস্ট ক্লাসের জন্য বাড়তি ৭৫ টাকা করে দিতে হবে। জানা গিয়েছে, ভাড়া বাড়লেও যাত্রী পরিষেবায় তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। শুধুমাত্র সুপারফাস্ট ট্রেনগুলির গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটার করে বাড়ানো হয়েছে। বদল বলতে শুধু এটুকুই। যাত্রী স্বাচ্ছন্দ্যে তেমন কোনও পরিবর্তন নেই।

গত ১ নভেম্বরে প্রকাশিত রেলের টাইম টেবিল অনুযায়ী, ৪৮টি ট্রেনকে সুপারফাস্ট ঘোষণা করা হয়। একইসঙ্গে ট্রেনগুলির গতি ঘণ্টায় পাঁচ কিলোমিটার করে বেড়েছে। গতি বাড়লেও সুপারফাস্ট ট্রেনগুলি কতটা সময়ে চলবে? এই নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রাজধানী, শতাব্দী এবং দূরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেন চলতি বছরে ভালোই দেরিতে চলেছে।

প্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। আবারো কথা হবে আগামীকাল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭