জাতীয় সংসদ নির্বাচন: টার্নিং পয়েন্ট ২০১৮
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বাড্ডায় জুয়ার আসর: নাসিম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার-দৈনিক ইত্তেফাক
- সংলাপের দরজা বিএনপি ওই দিনই বন্ধ করেছে : কাদের - এনটিভিবিডি অনলাইন
- দুর্বিষহ জীবনে কোটি মানুষ-দৈনিক ইনকিলাব
- সিডরের ১০ বছর: আমাদের ভুলভালের কত বছর?-প্রথম আলো
- চাঙা বিএনপিকে নিয়ে দুশ্চিন্তায় আ’লীগ-দৈনিক নয়া দিগন্ত
- প্রধান বিচারপতি নিয়োগে সময় নিয়ে বাধ্যবাধকতা নেই: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
- মুখোশধারীর গুলিতে ব্যবসায়ী নিহতের ঘটনা পরিকল্পিত-দৈনিক যুগান্তর
- টার্নিং পয়েন্ট ২০১৮-দৈনিক মানবজমিন
- নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে ইসি সিদ্ধান্ত নেয়নি : সিইসি-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- যা বলছেন, বুঝে বলছেন তো আদিত্যনাথ?-দৈনিক আনন্দবাজার
- রাহুলকে ‘পাপ্পু’ বলা যাবে না, বিজেপিকে সতর্ক করল নির্বাচন কমিশন-দৈনিক সংবাদ প্রতিদিন
- কেরল মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন চান্ডি-দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
সিডরের ১০ বছর: আমাদের ভুলভালের কত বছর?-দৈনিক প্রথম আলো
পণ্ডিতদের মতে, দুর্যোগ কোনো সংকট নয়, এটা একটা পরিস্থিতি। এহেন পরিস্থিতি তখনই সংকট আর সমস্যার আবর্তে ফেলে দেয়, যখন আমরা পরিস্থিতি অনুধাবনে ব্যর্থ হই। আনাড়ি ব্যবস্থাপনা, মানসিক দুর্নীতি, সংকীর্ণতা আর ন্যায্য পরিচালন-পদ্ধতির অনুপস্থিতিও যেকোনো পরিস্থিতিতে আমাদের ঘোল খাওয়াতে পারে।
সিডর তেমনই এক পরিস্থিতির সৃষ্টি করেছিল; আমরা যারা সেদিন বেঁচে গিয়েছিলাম আর সুযোগ পেয়েছিলাম নতুন করে গড়ার, নতুন কিছু করে দেখানোর। সুযোগ পেয়েছিলাম মানুষের বেঁচে যাওয়ার কৌশলগুলো জেনে নেওয়ার, শুধু উপযুক্ত পরিকল্পনা এবং নির্মাণকৌশলের কারণে স্থানীয় সামগ্রী ব্যবহার করেও কোনো কোনো বাড়ি টিকে যাওয়ার কার্যকারণ বিশ্লেষণের। ভেবে দেখার অবকাশ পেয়েছিলাম, কেন কোনো কোনো গাছ প্রথম ধাক্কাতেই শুয়ে পড়ল আর কোনো কোনো গাছ দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকল— মানুষকে পাহারা দিল চরম সংকটে। আমরা কি সিডর-পরবর্তী এই ১০ বছরে জানা-বুঝের দায়িত্বটা পালন করতে পেরেছি, না করার চেষ্টা করেছি? ততটা করিনি, যতটা নিজ নিজ প্রকল্প আর কল্পনাবিলাসের অগভীর জলে হাবুডুবু খেয়ে সন্তুষ্টির ঢেকুর উদ্গার তুলেই চলেছি।
প্রধান বিচারপতি নিয়োগে সময় নিয়ে বাধ্যবাধকতা নেই: আইনমন্ত্রী-দৈনিক যুগান্তর
- প্রধান বিচারপতি নিয়োগে কোনো সময় নির্ধারণ বা সময় নিয়ে বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাষ্ট্রপতি যখন চাইবেন তখনই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারবেন। এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। বুধবার দুপুরে রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি কোনো সমস্যা না। আমাদের সংবিধানেই (৯৭ অনুচ্ছেদ) বলা আছে, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন। মন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতি নিয়োগ যেহেতু রাষ্ট্রপতির এখতিয়ার, সেহেতু আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই।
মুখোশধারীর গুলিতে ব্যবসায়ী নিহতের ঘটনা পরিকল্পিত-দৈনিক যুগান্তর
রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে রিক্রুটিং এজেন্সির মালিক সিদ্দিক মুন্সী নিহত হওয়ার ঘটনাকে ‘পরিকল্পিত হত্যা’ বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার একাধিক দল। এরই মধ্যে তদন্তকারী পুলিশ ঘটনাস্থল ও আশপাশের বাড়ি এবং সড়কের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে।
উৎপল-সিজারকে উদ্ধারে চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
সাংবাদিক উৎপল দাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজারকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
টার্নিং পয়েন্ট ২০১৮-দৈনিক মানবজমিন
শেষ পর্যন্ত রাজনীতির চাকা ঘোরা শুরু হয়েছে। গুলশান থেকে বেরিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। রাজনীতিতে এক ধরনের ইতিবাচক পরিবর্তন দেখছেন পর্যবেক্ষকরা। অনেকটা সহনশীলতার পরিচয় দিচ্ছে সরকারও। যদিও এখন প্র্যাকটিস ম্যাচের মুডেই রয়েছেন রাজনীতির মাঠের খেলোয়াড়রা। তারা হিসাব কষছেন।
মূল পর্ব নিশ্চিতভাবেই ২০১৮ সালে
সংবিধান দুই ধরনের ব্যবস্থাই রেখেছে। ২০১৮-এর শেষ অথবা ২০১৯ সালের শুরুতে হবে আগামী নির্বাচন। তারিখ অবশ্য খুব বেশি মানুষ জানেন না। হয়তোবা কেউই জানেন না। কারণ রাজনীতির চিত্র আর গ্যারান্টির ওপর নির্ভর করে বহুকিছু। তবে নির্বাচন যখনই হোক রাজনীতির ফয়সালা ২০১৮ সালেই হয়ে যাবে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি চেয়ারপারসন নির্দলীয় সরকারের দাবি নতুন করে উত্থাপন করেছেন। বিএনপি নেতারা এর আগে সহায়ক সরকার নিয়ে নানা কথা বললেও খালেদা জিয়া তার বক্তব্যে সহায়ক সরকার কথাটি উচ্চারণ করেননি। তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মতো অনেকেই মনে করেন, শেষ পর্যন্ত বিএনপি নেত্রী নির্দলীয় সরকারের দাবির অবস্থানে অনড় থাকতে পারবেন না।
দুর্বিষহ জীবনে কোটি মানুষ-দৈনিক ইনকিলাব
বন্যার পানি চলে যাওয়ার দুই মাস পরও ৩৭ জেলার ক্ষতিগ্রস্ত এক কোটি পরিবারের পুনর্বাসন হয়নি। রোহিঙ্গা শরণার্থীদের দিকে সবার নজর। জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা এই শরণার্থীদের দুঃখ-দুর্দশা দেখতে বানের পানিতে ফসল হারানো লাখ লাখ বিপন্ন মানুষের কথা যেন সবাই ভুলেই গেছে। এতে বিপর্যয়কর অবস্থার মুখে পড়ে গেছে বন্যাকবলিত মানুষ। দুর্বিসহ জীবন যাপন করছেন প্রায় কোটি মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয়া হলেও বন্যার দুই মাস পরও ৩৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হয়নি। বন্যার পানি চলে যাওয়ার পর ওইসব গ্রামাঞ্চলে কৃষক, নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে দিনমজুর ও খেটেখাওয়া মানুষগুলো নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন।
নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে ইসি সিদ্ধান্ত নেয়নি : সিইসি-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন বিষয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের সোমবার সেনা মোতায়েন বিষয়ে বক্তব্য প্রসঙ্গে মঙ্গলবার বাসসকে একথা বলেন সিইসি। নুরুল হুদা বলেন, ‘বক্তব্যটি তার ব্যক্তিগত। এ ব্যাপারে কমিশন এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। তবে সেনাবাহিনী নির্বাচনে থাকতে পারে কি না এ ব্যাপারে কথা বার্তা হচ্ছে। ’
চাঙা বিএনপিকে নিয়ে দুশ্চিন্তায় আ’লীগ-দৈনিক নয়া দিগন্ত
রাজনীতিতে আবারো চাঙা হয়ে ওঠা বিএনপিকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির সাম্প্রতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি বেশ ভাবিয়ে তুলেছে সরকারের নীতিনির্ধারকদের। সেজন্য আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির লাগাম টানা হবে নাকি স্বাভাবিক গণতান্ত্রিক কর্মকাণ্ড পালনের সুযোগ দেয়া হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছেন সরকারের কর্তাব্যক্তিরা। দল ও সরকারের একাধিক সূত্র এমন তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ ও সরকারে দুই ধরনের মত রয়েছে। দলের কট্টরপন্থী নীতিনির্ধারকদের কেউ কেউ এখনই বিএনপির লাগাম টেনে ধরার পক্ষে। তাদের মতে, সাম্প্রতিক সময়ে বিএনপির কয়েকটি কর্মসূচিতে নেতাকর্মীরা যেভাবে সাড়া দিয়েছেন তা সরকারের জন্য এক রকম অশনিসঙ্কেত। তাদের এভাবে অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেয়া হলে তারা জনগণকে সরকারের বিপক্ষে ক্ষেপিয়ে তুলতে পারে। আগামী নির্বাচনে তা সরকারের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেজন্য খালেদা জিয়ার গতিবিধি ও দলের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে তারা।
বাড্ডায় জুয়ার আসর: নাসিম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার-দৈনিক ইত্তেফাক
বাংলাদেশ ক্রিকেট লীগের (বিপিএল) জুয়ার আসরকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় মানারত ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থী নাসিম আহমেদ হত্যা মামলার মূল আসামি আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী।
গত ৬ নভেম্বর সকালে পূর্ব বাড্ডার পোস্ট অফিস গলিতে নিজ বাড়ির সামনে নাসিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্বজনদের দাবি, বাড্ডায় জুয়ার আয়োজন চলছিলো। হত্যাকাণ্ডের আগের দিন সন্ধ্যায় নাসিম জুয়ার আসরে বাধা দিয়েছিলো। ওই সময় বেশ কয়েকজন যুবক ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন সকালে নাসিমকে বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নাসিমের বাবা বাদী হয়ে আসিফকে প্রধান আসামি করে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। বাড্ডা থানার ওসি জানান, গ্রেপ্তারের সময় আসিফের কাছ থেকে হত্যায় ব্যবহূত ছুরিটি উদ্ধার করেছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
যা বলছেন, বুঝে বলছেন তো আদিত্যনাথ?-দৈনিক আনন্দবাজার
বিস্ফোরক হয়ে উঠলেন যোগী আদিত্যনাথ আবার। স্বাধীনতা-উত্তর ভারতে সর্বাপেক্ষা বৃহত্ মিথ্যা কী, সে নিয়ে নিজের সুচিন্তিত মতামত প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ঐতিহাসিক বিষয় নিয়ে নিজস্ব মতামত জানানো যোগীর এই প্রথম বার নয়। মাঝেমধ্যেই ইতিহাস সংক্রান্ত বিষয়ে নিজের প্রজ্ঞা জাহির করে থাকেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু এই সব মতামত ব্যক্ত করে তিনি নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করান, যেখানে কোনও প্রগতিশীল বা কাণ্ডজ্ঞানসম্পন্ন মানুষের পক্ষে দাঁড়ানো সম্ভব নয়।
ধর্মনিরপেক্ষতা বলে কিছু হয় না, স্বাধীন ভারতের সবচেয়ে বড় মিথ্যা হল ধর্মনিরপেক্ষতা— মন্তব্য যোগী আদিত্যনাথের। এই কথার অর্থ কী? যোগী আদিত্যনাথ কী বলতে চাইলেন? ভারত ধর্মনিরপেক্ষ দেশ নয়? ভারতের সংবিধান কোনও ধর্মের প্রতি বিশেষ পক্ষপাত দেখায়? যোগীর মন্তব্যের অর্থ তো অন্তত তেমনই দাঁড়ায়। ধর্মনিরপেক্ষতা বলে কোনও কিছুর অস্তিত্বই যদি না থাকে, তা হলে ভারত নিশ্চয়ই কোনও নির্দিষ্ট ধর্মের দেশ। স্বাধীন ভারতের সবচেয়ে বড় মিথ্যা যদি ধর্মনিরপেক্ষতা হয়, তা হলে ভারতের সংবিধানটাই মিথ্যাচার দিয়ে শুরু হচ্ছে নিশ্চয়ই। তাই প্রশ্ন করতেই হচ্ছে, যা বললেন, তার অর্থটা বুঝে বললেন তো যোগী?
রাহুলকে ‘পাপ্পু’ বলা যাবে না, বিজেপিকে সতর্ক করল নির্বাচন কমিশন-দৈনিক সংবাদ প্রতিদিন
ভোটের ময়দানে ইঙ্গিতে কটাক্ষ নতুন কিছু নয়। কখনও ব্যক্তি আক্রমণ, কখনওবা একদলের নেতাদের ভাবমূর্তি নিয়ে অন্যদল ঠাট্টায় মেতে ওঠে। ভোটে প্রতিপক্ষকে কাবু করতে এ ধরনের জিনিস প্রায়শই হয়। কিন্তু কখনও তা বিধিভঙ্গের পর্যায়ে পৌঁছায়। আর তাই এবার আগেভাগেই সতর্ক নির্বাচন কমিশন। বৈদ্যুতিন মাধ্যমে ভোটপ্রচারে রাহুল গান্ধীকে টার্গেট করে পাপ্পু বলা যাবে না বলেই সতর্ক করা হয়েছে গুজরাট বিজেপিকে।
গুজরাট নির্বাচনে যুযুধান কংগ্রেস ও বিজেপি। তবে এ বারের নির্বাচনের মাত্রা বেশ আলাদা। নোট বাতিল ও জিএসটির পরে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে বিজেপিকে তুলোধোনা করছেন রাহুল গান্ধী। বেকার, গরিবদের ক্ষোভকে সুনিপুণ কৌশলে কাজে লাগাচ্ছেন বিজেপি বিরোধিতার পুঁজি বাড়াতে। অন্যদিকে গড় ধরে রাখতে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বিজেপি। তারাও পাল্টা আক্রমণ শানাচ্ছে।
কেরল মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন চান্ডি-দৈনিক আজকাল
এবার বিপাকে পড়ল কেরলের পিনারাই বিজয়নের সরকার। তাঁর মন্ত্রিসভার সদস্য থমাস চান্ডিকে পদত্যাগ করতে হচ্ছে বলে খবর। এই পদত্যাগের পিছনে রয়েছে জমি দুর্নীতি বলে খবর পাওয়া গিয়েছে। কেরলে বামফ্রট সরকারের পরিবহনমন্ত্রী থমাস চান্ডি। তিনি বেআইনিভাবে কৃষি জমি অধিগ্রহণ করে সেখানে রিসর্ট নির্মান করেছিলেন বলে অভিযোগ। এমনকী কেরল সরকারের সবচেয়ে ধনী মন্ত্রী বলে তিনি পরিচিত। তাঁর ৯২ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে।
তাঁর বিরুদ্ধে আদালতে জমা পড়া অপরাধমূলক রিপোর্টের চ্যালেঞ্জ করেন থমাস চান্ডি। যদিও এই রিপোর্টের সঙ্গে সহমত পোষণ করে কেরল হাইকোর্ট।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫