নভেম্বর ১৬, ২০১৭ ১২:৩৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রাজশাহী ও চট্টগ্রামে চামড়া শিল্প অঞ্চল গড়ে তুলব : প্রধানমন্ত্রীদৈনিক ইত্তেফাক
  • আমন নিয়ে কৃষকের উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে-দৈনিক ইনকিলাব
  • আজিমপুরে আ.লীগে সংঘর্ষ, ভাঙচুর-আগুন-প্রথম আলো
  • খুন হত্যা ধর্ষণ লেগেই আছেছাত্রলীগের উচ্ছৃঙ্খলায় বিব্রত আওয়ামী লীগ-দৈনিক নয়া দিগন্ত
  • আদালতে খালেদা জিয়া-আমার ৩৬ মামলাই রাজনৈতিক, কোনোটির আইনি ভিত্তি নেই--দৈনিক যুগান্তর
  • নির্বাচনকালীন সরকার নিজ অবস্থানে অনড় দু’দল-দৈনিক যুগান্তর
  • ৫২ বছর পর খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস শুরু-বাংলাদেশ প্রতিদিন
  • ফিল্মি স্টাইলে কোটি টাকার স্বর্ণ লুট-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • প্রার্থী বাছাই নিয়ে স্নায়ুযুদ্ধে মোদী-রাহুল-দৈনিক আনন্দবাজার
  • রাম মন্দিরে ১৪০০ কোটির দুর্নীতি!‌-দৈনিক আজকাল
  • আধারের ঝামেলা মিলল না রেশন, অনাহারে মহিলার মৃত্যুতে নিন্দার ঝড়-সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আদালতে খালেদা জিয়া-আমার ৩৬ মামলাই রাজনৈতিক, কোনোটির আইনি ভিত্তি নেই-দৈনিক ইত্তেফাক

আদালতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমার বিরুদ্ধে ৩৬ মামলার সবই রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা। এসবের কোনোটিরই আইনি ভিত্তি নেই। বৃহস্পতিবার আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য উপস্থাপনকালে তিনি এ দাবি করেন। এ সময় খালেদা এ মামলায় দুর্নীতির অভিযোগের বিষয়ে বলেন, আমি কোনো দুর্নীতি করিনি। জিয়াউর রহমানের নামে অনুদান দিয়েছিল কুয়েত। রাজধানীর বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে চতুর্থবারের মতো আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া। একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দেবেন এ সাবেক প্রধানমন্ত্রী।

রাজশাহী ও চট্টগ্রামে চামড়া শিল্প অঞ্চল গড়ে তুলব : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো -এর উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন। 

 শেখ হাসিনা বলেন, ‘চামড়া শিল্পের বিকাশে সাভারে পরিবেশসম্মত চামড়া শিল্প নগরী গড়ে তুলেছি। আমাদের আরো পরিকল্পনা আছে।  রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে নতুন দুটি  চামড়া শিল্প অঞ্চল গড়ে তুলব।, এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের চামড়া খাতে বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতাদের আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।

আওয়ামী লীগের সভা পণ্ড করতে ময়লার স্তূপ, সংঘর্ষ-অগ্নিসংযোগ-দৈনিক নয়া দিগন্ত

রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের একটি বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হন। ঘটনাস্থলে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও এতে অগ্নিসংযোগ করা হয়।

 বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আজিমপুর পার্ল হারবার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। এদিকে বর্ধিত সভা পণ্ড করতে সভাস্থলের প্রবেশপথে ময়লার স্তূপ ফেলে রাখা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী অ্যাডভোটেক কামরুল ইসলামের উপস্থিত থাকার কথা। তবে সভা শুরুর  আগে সকাল থেকেই নেতাকর্মীরা এসে ওই কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় ময়লার বড় স্তুপ দেখতে পান।

নির্বাচনকালীন সরকার নিজ অবস্থানে অনড় দু’দল-দৈনিক যুগান্তর

খালেদা জিয়া ও শেখ হাসিনা

নির্বাচনকালীন সরকার নিয়ে দেশের প্রধান দুই দল বিপরীতমুখী অবস্থানে অনড়। আওয়ামী লীগের দাবি, নির্বাচনকালীন যে সরকার ক্ষমতায় থাকবে, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সেই সরকারই এটি (বর্তমান সরকার)। একটি নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করাই সরকারের কাজ। ওই সময় সরকার শুধু ‘রুটিন ওয়ার্ক’ করবে। নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই হবে নির্বাচন। অন্যদিকে বিএনপির দাবি, নির্বাচনের সময় যদি বর্তমান প্রধানমন্ত্রী স্বপদে থাকেন এবং সংসদও বহাল থাকে, সেক্ষেত্রে প্রশাসনের সংশ্লিষ্টরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। কারণ তাদের পদোন্নতি থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে সরকার। আর ইসিও সরকারের আজ্ঞাবহ

আমন নিয়ে কৃষকের উদ্বেগ উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে-দৈনিক ইনকিলাব

নভেম্বরের মধ্যভাগে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সমগ্র দক্ষিণাঞ্চলসহ উপক‚লভাগ জুড়ে বৃষ্টিপাতের কারণে কৃষকের দুঃশ্চিন্তা ক্রমশ বাড়ছে। ১৯৭০-এর ১২ নভেম্বর-এর ‘হেরিকেন’ ও ২০০৭-এর ১৫ নভেম্বর রাতে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘সিডডর’র তান্ডবে সমগ্র উপক‚লভাগ লন্ডভন্ড হয়ে গিয়েছিল। গতকাল বুধবার সকাল থেকেই সমগ্র দক্ষিণাঞ্চলসহ উপক‚লভাগে মেঘলা আকাশ ও দুপুরের পর হালকা বৃষ্টিপাত শুরু হয়। দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টি অব্যাহত থাকলে উঠতি আমন ধানের ক্ষতির সম্ভবনা ক্রমশ বাড়বে।

খুন হত্যা ধর্ষণ লেগেই আছেছাত্রলীগের উচ্ছৃঙ্খলায় বিব্রত আওয়ামী লীগ

ছাত্রলীগ

বেপরোয়া হয়ে পড়েছে ছাত্রলীগ। টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ‘উচ্ছৃঙ্খল’ ও ‘ডোন্ট কেয়ার’ মনোভাব চরম আকার ধারণ করেছে। খুন-হত্যা ধর্ষণের অভিযোগ এখন সরকারি দলের এই ছাত্রসংগঠনের সাথে লেগে আছে।

সংগঠনটির নেতাকর্মীদের একটা বড় ও প্রভাবশালী অংশ সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ভর্তিবাণিজ্য, প্রশ্নপত্র ফাঁসসহ নানা কেলেঙ্কারিতে জড়িয়ে থাকায় প্রতিনিয়ত আলোচনা-সমালোচনার কেন্দ্র বিন্দুতে থাকে ছাত্রলীগ। এই সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলেও শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে। অনেক নেতাকর্মীকে বহিষ্কার করেও কোনোভাবেই তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না কেন্দ্রীয় ছাত্রলীগ। আওয়ামী লীগের হাইকমান্ড থেকে একাধিকবার সতর্ক করেও কোনো কাজ হচ্ছে না। ভ্রাতৃপ্রতীম এ সংগঠনটির নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডে আওয়ামী লীগও বিব্রতকর অবস্থায় পড়েছে। আগামী নির্বাচন সামনে রেখে ছাত্রলীগের লাগাম টেনে ধরা জরুরি বলে মনে করছে আওয়ামী লীগ।

৫২ বছর পর খুলনা-কলকাতা ট্রেন সার্ভিস শুরু-বাংলাদেশ প্রতিদিন

মৈত্রী এক্সপ্রেস

দীর্ঘ ৫২ বছর পর খুলনা-কলকাতার মধ্যে আবারও বাণিজ্যিকভাবে ট্রেন সার্ভিস শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি খুলনার উদ্দেশে রওনা হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছে। বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার জানান,  সূচি অনুযায়ী, বন্ধন এক্সপ্রেস ট্রেনটি প্রতি বৃহস্পতিবার খুলনায় আসবে ও কলকাতায় ফিরে যাবে। এই ট্রেনে থাকছে ৪৫৬টি আসন।   

ফিল্মি স্টাইলে কোটি টাকার স্বর্ণ লুট-দৈনিক মানবজমিন

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি

মানিকগঞ্জ শহরের প্রানকেন্দ্রে স্বর্ণকার পট্টির নাগ জুয়েলার্সে ফিল্মি ষ্টাইলে ককটেল ফাটিয়ে ও অস্ত্রের মুখে কয়েক’শ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে অস্ত্রধারী যুবকরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে বীরদর্পে একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সি করে পালিয়ে যায়। ডাকাতির পুরো ঘটনা দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

নাগ জুয়েলার্সের মালিক চন্দ নাগ জানিয়েছেন, তার উপস্থিতিতে বুধবার রাত সাতটার দিকে এই লুটপাটের ঘটনা ঘটে। তিনি জানান, তার দোকানে প্রথমে দুই নারী কাষ্টমার প্রবেশ করে। এরপরপরই ডিবি পুলিশের পরিচয় দিয়ে ৭/৮ জন অস্ত্রধারী প্যান্ট শার্ট পরিহিত যুবক তার দোকানে অতকির্ত হানা দেয়। অস্ত্রের মুখে  স্বর্ণালংকার লুট করে।সিসি টিভির ক্যামেরায় দেখা গেছে, ওই সশস্ত্র যুবকরা ফিল্মি ষ্টাইলে রিভলবার উচিয়ে দোকানে প্রবেশ করে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

প্রার্থী বাছাই নিয়ে স্নায়ুযুদ্ধে মোদী-রাহুল-দৈনিক আনন্দবাজার

নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী

লড়াই নরেন্দ্র মোদী বনাম রাহুল গাঁধীর। কিন্তু বিধানসভা ভোটে স্থানীয় স্তরে প্রার্থীও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই প্রার্থী বাছাই নিয়েই এ বার স্নায়ুযুদ্ধ শুরু হল কংগ্রেস ও বিজেপির মধ্যে। আজ সন্ধেয় দিল্লিতে মোদীর নেতৃত্বে বিজেপি ও রাহুলের নেতৃত্বে কংগ্রেস— উভয়েরই বৈঠক হল প্রার্থী বাছাই নিয়ে। কিন্তু ঘরোয়া ভাবে কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে, বিজেপির প্রার্থী দেখেই তারা নিজেদের প্রার্থী ঘোষণা করবে। এই কৌশল দেখে বিজেপিও স্থির করেছে, প্রার্থীদের নাম ধাপে ধাপে ঘোষণা করবে তারা। সে জন্য মোদীর আজকের বৈঠকের পরে এক জন প্রার্থীর নামও ঘোষণা করা হয়নি। কংগ্রেসও প্রার্থী বাছাই দলীয় বৈঠক এক দিন পিছিয়ে দিয়েছে। গুজরাতের প্রার্থী বাছতে শুক্রবার বৈঠকে বসবে কংগ্রেস।

আধারের ঝামেলা মিলল না রেশন, অনাহারে মহিলার মৃত্যুতে নিন্দার ঝড়-সংবাদ প্রতিদিন

আধার কার্ড ঝামেলায় মহিলার মৃত্যু

নিয়মের বেড়াজালে কি হারিয়ে যাচ্ছে বাস্তববুদ্ধি? রেশন না পেয়ে অনাহারে এক মহিলার মৃত্যুতে কিন্তু এই প্রশ্নটা উঠেই যাচ্ছে। ঘটনাটি উত্তরপ্রদেশের। বরেলিতে এক মহিলা অসুস্থ হওয়ায় স্থানীয় রেশনের দোকানে যেতে পারেননি। তাঁর স্বামী রেশন আনতে যান। কিন্তু রেশন দোকানদার সাফ জানিয়ে দেয়, ওই মহিলার আঙুলের ছাপ ছাড়া মিলবে না রেশন। কারণ, আধার নির্ভর বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন তুলতে সশরীরে আসতেই হবে তাঁকে। তাঁর স্বামী বারবার আকুতি জানান, যে ওই মহিলা অসুস্থ। খেতে না পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছেন।

কিন্তু কে শোনে কার কথা? মোদি সরকারের নয়া নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলতে গিয়েছিলেন ওই দোকানদার। যদিও কেন্দ্র সম্প্রতি আদালতের কাছে ধমক খেয়ে জানিয়েছে, খাদ্যের অভাবে কারও যেন মৃত্যু না হয়, সেটা নিশ্চিত করতে হবে। কিন্তু নির্দেশই সার! বাস্তবে ছবিটা যে ঢের আলাদা, সেটা এদিনের ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ফের একবার। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই ঘটনা নিয়ে টুইটারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ‘অনাহারে মৃত্যু যে কোনও সভ্য দেশ বা গণতন্ত্রের কাছে লজ্জা।

রাম মন্দিরে ১৪০০ কোটির দুর্নীতি!‌-দৈনিক আজকাল

রামমন্দির নিয়ে আর্থিক দুর্নীতি

অযোধ্যায় রামমন্দির ‌নিয়ে ‌এবার উঠল আর্থিক দুর্নীতির অভিযোগ। বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনল সন্তদের আর একটি সংগঠন নির্মোহী আখড়া। ওই আখড়ার সদস্য সীতারাম বলেছেন, ‘রামমন্দিরকে সামনে রেখে ১৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতির প্রমাণ আমাদের হাতে রয়েছে।’ সীতারামের বক্তব্য, ‘আমরা রামের সেবক। আমাদের সংগঠন অর্থের দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বড় দুর্নীতি করেছেন।’ কীভাবে হয়েছে এই দুর্নীতি? জবাবে সীতারাম বলেন,  বিশ্ব হিন্দু পরিষদ মন্দির গড়ার জন্য প্রত্যেক বাড়ি থেকে বাড়িতে গিয়ে একটা করে ইঁট চেয়েছিল। বেশিরভাগ  লোকেই ইঁট দেননি। পরিবর্তে অর্থ দিয়েছিলেন। সেখান থেকেই অর্থ সরানো হয়েছে। এই অর্থেই বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। যদিও বিশ্ব হিন্দু পরিষদ অবশ্য এই অভিযোগ খারিজ করে দিয়েছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬