বিশ্বব্যাংকের প্রতিবেদন-রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগ কমেছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- সব স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় ইসি-দৈনিক ইত্তেফাক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়-হলের সামনে থেকে তুলে নেওয়া হলো ছাত্রীকে!-প্রথম আলো
- সমঝোতার পথ এখনো খোলা : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত
- বিশ্বব্যাংকের প্রতিবেদন-রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগ কমেছে-দৈনিক যুগান্তর
- নাগরিক সমাবেশ কোনও পাল্টাপাল্টি কর্মসূচি নয়: কাদের-বাংলাদেশ প্রতিদিন
- ফেসবুকেই দুজনের সখ্য-বন্ধুর ডাকে সাড়া দেন শিক্ষিকা, অতঃপর-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- আবার দিল্লি, ট্যাক্সি ডেকে উঠে গণধর্ষিতা মহিলা-দৈনিক আনন্দবাজার
- ‘মুডিজ’ রেটিংয়ে চাঙ্গা মোদি, চুপ বিরোধী শিবির-সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
রাজশাহী বিশ্ববিদ্যালয়-হলের সামনে থেকে তুলে নেওয়া হলো ছাত্রীকে!-প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহল থেকে বিভাগে পরীক্ষা দিতে যাওয়ার পথে এক ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়।
সব স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে চায় ইসি-দৈনিক ইত্তেফাক
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজেদের বিতর্কের ঊর্ধ্বে রাখতে সামনের সব স্থানীয় সরকারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব মহলের কাছে গ্রহণযোগ্য করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সকল মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এছাড়া এ নির্বাচনের মাঠ পর্যবেক্ষণে যাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ চার নির্বাচন কমিশনার।
বিশ্বব্যাংকের প্রতিবেদন-রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগ কমেছে-দৈনিক যুগান্তর
রাজনৈতিক অনিশ্চয়তাসহ বিভিন্ন সংকটের কারণে দেশে বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমেছে। টানা তিন বছর বাড়ার পর গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ছিল নিন্মমুখী ধারায়।
২০১৫ সালে যেখানে বিনিয়োগ এসেছিল ২৪৩ কোটি ৭২ লাখ ডলার,২০১৬ সালে সেটি নেমেছে ১৭০ কোটি ৬৪ লাখ ডলারে। এক বছরের ব্যবধানে এফডিআই কমেছে ৭৩ কোটি ৮ লাখ মার্কিন ডলার (৫ হাজার ৯০৪ কোটি টাকা)। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘আন্তর্জাতিক ঋণ পরিসংখ্যান ২০১৮’ শীর্ষক প্রতিবেদনটি বুধবার ওয়াশিংটন থেকে প্রকাশিত হয়। এতে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগ কমার মূল কারণ রাজনৈতিক অনিশ্চয়তা। বিদেশি বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছেন না।এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো খাতেও আশানুরূপ উন্নতি হয়নি।
সমঝোতার পথ এখনো খোলা : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত
সমঝোতার পথ এখনো খোলা রয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশে কোনো নির্বাচন সম্ভব নয়। নিবার্চনের ৯০ দিন আগে প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআউপি লাউঞ্জে মওলানা ভাসানীর মাগফিরাত ও দোয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব বলেন। ন্যাপ ভাসানীর উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
মওদুদ আহমদ বলেন, সরকার যে অনৈতিকতা দেখিয়েছে এর বিচার আগামী নির্বাচনের মাধ্যমে হবে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বেগম খালেদা জিয়া যে দৃষ্টান্ত দেখিয়েছেন শেখ হাসিনা সেরকম দৃষ্টান্ত দেখালে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
সহায়ক সরকারের অধীনেই সংসদ নির্বাচন হতে হবে: ফখরুল-বাংলাদেশ প্রতিদিন
বিএনপির দেওয়া প্রস্তাব অনুযায়ী সহায়ক সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। অন্যথায় নেতাকর্মীদের নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
নাগরিক সমাবেশ কোনও পাল্টাপাল্টি কর্মসূচি নয়: কাদের-বাংলাদেশ প্রতিদিন
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটির সমাবেশস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, ‘নাগিরক সমাবেশ’ বিএনপির সঙ্গে কোনও ধরনের পাল্টাপাল্টি সমাবেশ নয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ সামবেশ কোনও ধরনের পাল্টাপাল্টি সমাবেশ নয়। আওয়ামী লীগ বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো ধরনের কর্মসূচি পালন করে না। এ প্রোগ্রাম আগে থেকে ঠিক করা ছিলো। তারপর বিএনপি সেটি ফলো করে পাল্টপাল্টি সমাবেশ করে।
ফেসবুকেই দুজনের সখ্য-বন্ধুর ডাকে সাড়া দেন শিক্ষিকা, অতঃপর-দৈনিক মানবজমিন
যশোরে প্রতারক এক যুবকের ফাঁদে পড়ে চট্টগ্রামের আগ্রাবাদের এক স্কুলশিক্ষিকাকে হোটেলে আটকে রাখার ঘটনা ঘটেছে। তবে পুলিশের অভিযানে ওই যুবক ধরা পড়ে। তাকে আজ শুক্রবার সকালে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহ¯পতিবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানার মাইকপট্টি কেশব লাল রোডের একটি হোটেল থেকে ওই শিক্ষিকাকে উদ্ধার করে। গ্রেপ্তার করেন তারিকুল ইসলাম নামের ওই যুবককে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
আবার দিল্লি, ট্যাক্সি ডেকে উঠে গণধর্ষিতা মহিলা-দৈনিক আনন্দবাজার
মাথায় বন্ধুক ঠেকিয়ে এক মহিলাকে গণধর্ষণের পর তাঁর গয়না, টাকা, ফোন লুঠ করে নেওয়ার অভিযোগ উঠেছে এক ট্যাক্সিচালক ও তার সঙ্গীর বিরুদ্ধে। মঙ্গলবার গভীর ঘটনাটি ঘটে গ্রেটার নয়ডায়।
মহিলা পুলিশকে জানান, রোহিনিতে যাওয়ার জন্য দিল্লির হজ খাস এলাকা থেকে একটি ট্যাক্সিতে ওঠেন তিনি। ধৌলা কুঁয়া থেকে ট্যাক্সিতে আরও এক ব্যক্তিকে গাড়িতে তোলে চালক। কিছু দূর এগোতেই হঠাত্ই গাড়ির মুখ ঘুরিয়ে গ্রেটার নয়ডার পারি চক এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে যায় সে। কিছু বুঝে ওঠার আগেই চালক এবং গাড়িতে থাকা ওই ব্যক্তি তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।
‘মুডিজ’ রেটিংয়ে চাঙ্গা মোদি, চুপ বিরোধী শিবির-সংবাদ প্রতিদিন
গুজরাট নির্বাচনের আগে আন্তর্জাতিক সংস্থার রেটিংয়ে চাঙ্গা বিজেপি। দীর্ঘ ১৩ বছর পর মার্কিন সংস্থা মুডিজ-এর বিচারে রেটিং বাড়ল ভারতের। জিএসটি, নোট বাতিল-সহ কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এমনই পরিস্থিতিতে মার্কিন রেটিং সংস্থার রিপোর্টে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। ধাক্কা খেয়েছে বিরোধী শিবির।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭