সবার মুখোশ উন্মোচন করা হবে: রংপুরে ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! স্বাগত জানাচ্ছি ১৯ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- সবার মুখোশ উন্মোচন করা হবে: রংপুরে ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
- ঢাকায় শিরায় মাদকসেবীদের ২২% এইচআইভি আক্রান্ত-প্রথম আলো
- সংখ্যালঘুদের ওপর হামলা সিটি নির্বাচনে প্রভাব ফেলবে না: সিইসি-দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা-দৈনিক যুগান্তর
- ভাড়াটে খুনিরা বেপরোয়া-দৈনিক নয়া দিগন্ত
- ইতিহাস বিকৃতিকারীরাই বড় গলাই কথা বলে -মোশাররফ-দৈনিক ইনকিলাব
- বাংলাদেশের রাজনীতি, বিকাশমান মধ্যবিত্ত এবং কয়েকটি প্রশ্ন-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- হয় জেল, না হয় যমের বাড়ি, অপরাধজগতকে হুঁশিয়ারি যোগীর-দৈনিক আনন্দবাজার
- বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে উধাও ছেলে-বউমা-সংবাদ প্রতিদিন
- ইন্দিরার জন্ম শতবর্ষেও মোদিকে কটাক্ষ সোনিয়ার-দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ভারতের সঙ্গে সুসম্পর্ক বিনষ্ট করতে ঠাকুরপাড়ায় হামলা-ওবায়দুল কাদের-প্রথম আলো/ইত্তেফাক
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি বর্বরোচিত হামলা করেছে। একটি সাম্প্রদায়িক শক্তি এ অপকর্মের অপচেষ্টা করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও লুটপাট করেছে। এরা চাইছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিনষ্ট করতে।’
আজ রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারদের দেখতে এসে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক বিনষ্ট করতে চায়, তারা বোকার স্বর্গে বাস করছে। এ হামলার সঙ্গে যারা জড়িত, যারা মঞ্চে ছিল, নেপথ্যে ছিল, তারা যতই প্রভাবশালী হোক, কেউ রেহাই পাবে না। প্রত্যককে বিচারের আওতায় আনা হবে। তদন্ত চলছে। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আরও গ্রেপ্তার হবে।’ ওবায়দুল কাদের আরও বলেন, নাসিরনগর-রামুর ঘটনা এবং রংপুরের ঠাকুরপাড়ার ঘটনা একই সূত্রে গাঁথা। এটি একটি ষড়যন্ত্রের অংশ।
ইতিহাস বিকৃতিকারীরাই বড় গলাই কথা বলে -মোশাররফ-দৈনিক ইনকিলাব
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইতিহাস বিকৃতিকারীরাই বড় গলাই কথা বলে। আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ গঠনের তারা মাওলানা ভাসানীকে ভুলে গেছে। যারা ইতিহাস বিকৃতি করে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করে না। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের রাজনীতি, বিকাশমান মধ্যবিত্ত এবং কয়েকটি প্রশ্ন-দৈনিক মানবজমিনের একটি নিবন্ধের শিরোনাম
অধ্যাপক আলী রিয়াজ তার নিবন্ধে বলেছেন, বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে গত কয়েক বছরের সংঘটিত ঘটনাবলি ও প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে দুটি বড় ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে বা হচ্ছে। এর একটি হচ্ছে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার সংকট, অন্যটি হচ্ছে রাজনীতি ও সমাজে ধর্মের ব্যাপক প্রভাব। এই ঘটনাবলির প্রেক্ষাপট হচ্ছে বাংলাদেশের গত কয়েক দশকের উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, যা দেশে একটি নতুন মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশে সাহায্য করেছে। অতীতে এ কথা তত্ত্বগতভাবে এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে বলা হতো যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মধ্যবিত্তের বিকাশ একাধিক্রমে গণতন্ত্রকে শক্তিশালী করে ও সমাজ ও রাজনীতিতে ধর্মের আবেদন হ্রাস করে। বাংলাদেশের অভিজ্ঞতা কি তার সঙ্গে সংগতিপূর্ণ?
সংখ্যালঘুদের ওপর হামলা সিটি নির্বাচনে প্রভাব ফেলবে না: সিইসি-দৈনিক যুগান্তর
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, রংপুরে সম্প্রতি ঘটে যাওয়া সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা রংপুর সিটি নির্বাচনকে প্রভাবিত করবে না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
আগামী নির্বাচন ঘিরে এমন কোনো সমস্যার আগাম তথ্য আইনশৃঙ্খলা বাহিনী, রিটার্নিং অফিসার ও গোয়েন্দা সংস্থার হাতে নেই। যে কারণে নির্বাচন ঘিরে সমস্যার আশঙ্কা করছি না।
রংপুর সিটি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
এ সময় সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত আছে কিনা, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো আলোচনা হয়নি। কোনো পক্ষ সেনা মোতায়েনের জন্য দাবিও করেনি।
ভাড়াটে খুনিরা বেপরোয়া-দৈনিক নয়া দিগন্ত
রাজধানীতে আবারো বেপরোয়া ভাড়াটে খুনিরা। আন্ডারওয়ার্ল্ডে আবারো তাদের চাহিদা তুঙ্গে। কাউকে হত্যা করতে এখন এই ভাড়াটে খুনিদের ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে পরিকল্পিত যে খুনগুলো তার প্রায় প্রতিটিই ঘটছে ভাড়াটে খুনিদের দ্বারা। একাধিক সূত্র বলেছে, আগে ভাড়াটে খুনি সম্পর্কে সংশ্লিষ্ট দফতরগুলোতে তথ্য থাকত। এখন আর ওই রকম কোনো তথ্য নেই। ফলে কোনো খুনের ঘটনা ঘটলে দিনের পর দিন অতিবাহিত হয়ে গেলেও ধরা পড়ে না খুনিরা।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, গত কয়েক দিনে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে যার সাথে ভাড়াটে খুনিরা জড়িত। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীতে অনেক ভাড়াটে খুনি সৃষ্টি হয়েছে যাদের সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো তথ্যই নেই।
দেশে ১ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত-দৈনিক যুগান্তর
কিডনি রোগ এখন বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সমস্যা। একুইট কিডনি ইনজুরিতে (একেআই) প্রতিবছর ১ কোটি ৩৩ লাখ লোক আক্রান্ত হচ্ছে। উন্নয়নশীল দেশে এর পরিমাণ ১ কোটি ১৩ লাখ।
এর মধ্যে বছরে ১৭ লাখ মারা যায়। বাংলাদেশে ১ কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রতিবছর ৩৫ থেকে ৪০ হাজার মানুষ মারা যায়।
শনিবার কিডনি ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী ১৩ম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অধ্যাপক হারুন অর রশিদ বলেন, ক্রনিক কিডনি রোগের প্রধান কারণ ডায়াবেটিস। এজন্য যথাযথ চিকিৎসা ও সচেতনতা জরুরি। কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করলে ৬০ ভাগ ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় সম্ভব।
তিনি বলেন, এ রোগ প্রতিরোধে ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা, অতিরিক্ত লবণ পরিত্যাগ করা এবং হরহামেশা ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা অবলম্বন করা।
ফাস্টফুড, চর্বি জাতীয় ও ভেজাল খাবারসহ ধূমপান বর্জন করা জরুরি। বছরে অন্তত একবার কিডনি ফাংশন পরীক্ষা করারও পরামর্শ দেন তিনি। সেমিনারে বক্তারা জানান, ডায়াবেটিসের কারণে ৪০ শতাংশ ও উচ্চরক্তচাপের কারণে ২০ শতাংশ এবং ক্রনিক নেফ্রাইটিসের কারণে ২০-৩০ শতাংশ রোগী কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। দেশে ৮০ লাখ লোক ডায়াবেটিসে এবং ২ কোটি লোক উচ্চরক্তচাপে ভুগছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
হয় জেল, না হয় যমের বাড়ি, অপরাধজগতকে হুঁশিয়ারি যোগীর-দৈনিক আনন্দবাজার
হয় জেল, না হয় এনকাউন্টার। রাজ্যের অপরাধ দমনে এমনটাই হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দিন দিন উত্তরপ্রদেশ অপরাধীদের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠেছিল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও অভিযোগ বহু বছর ধরে। ক্ষমতায় আসার পরই আদিত্যনাথ আইন শৃঙ্খলাকে শুধরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুক্রবার গাজিয়াবাদের রামলীলা ময়দানে গিয়ে তিনি স্পষ্ট বার্তা দেন, রাজ্যে দুষ্কৃতীরাজ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। বলেন, “অপরাধীদের জীবন দুর্বিষহ করে তুলব। ওদের জন্য দুটো জায়গা, হয় জেলে যাবে, না হয় পুলিশের এনকাউন্টারে যমের বাড়ি যাবে।”
পাশাপাশি তিনি দাবি করেন, ২০১৭-র মার্চের আগে পর্যন্ত অপরাধীদের তাণ্ডবে শিল্পপতি, ব্যবসায়ীরা রাজ্য ছেড়ে পালিয়ে যেত। ভয়ে কেউ রাজ্যে লগ্নির আগ্রহও দেখাতেন না। কিন্তু এখন রাজ্য প্রশাসন অনেক কঠোর।
ইন্দিরার জন্ম শতবর্ষেও মোদিকে কটাক্ষ সোনিয়ার-দৈনিক আজকাল
ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষ পালন না করা সারা দেশের পক্ষে লজ্জার। রবিবার মুম্বইয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে এমনটাই বললেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। এদিন সকালে ইন্দিরার সমাধিক্ষেত্র শক্তিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, সহ সভাপতি রাহুল, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেস নেতাকর্মী এবং দলীয় সদস্যরা। মোদি এবং বিজেপিকে কটাক্ষ করে এদিন সোনিয়া বলেন, কোনও স্বার্থ ছাড়াই দেশের জন্য কাজ করেছিলেন ইন্দিরা গান্ধী। যারা ধর্ম এবং শ্রেণির মাধ্যমে সমাজকে ভাগ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে লড়েছিলেন। প্রণব বলেন, সময় বদলে গেলেও ইতিহাসের পাতা থেকে কোনও দিন মুছে ফেলা যাবে না ইন্দিরা গান্ধীর নাম।
বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে উধাও ছেলে-বউমা-সংবাদ প্রতিদিন
এই বাসা ছেড়ে আমরা নতুন ভাড়া বাড়িতে চলে যাব। চলো! আজ সেটা দেখে আসি”। মাকে ডেকে এমনটাই বলেছিল ছেলে। নিজের ছেলে বলে কথা! তাই নিশ্চিন্তে বৃহস্পতিবার বিকেল হতে না হতেই ছেলে-বউমার সঙ্গে ‘নতুন বাড়ি’ দেখতে রিষড়ার বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ৭৬ বছরের বৃদ্ধা রেণুবালা দে।
কোন্নগর স্টেশনের কাছে এসে মাকে ছেলে বলেছিল “একটু বোসো, এক্ষুনি আসছি।” ব্যস! সেই যে গেল দু’জনে, আর ফিরে আসেনি। মাঝ নভেম্বরের রাতভর টানা বৃষ্টির মধ্যে রাস্তায় বসে ছিলেন অসহায় বৃদ্ধা। সঙ্গে টাকাপয়সা না থাকায় খাওয়াও জোটেনি। শুক্রবার সকালে আলো ফোটার পর ক্ষুধায়-তৃষ্ণায় কাতর, প্রায় অর্ধমৃত রেণুবালাদেবীকে দেখতে পান স্থানীয় মানুষজন। তাঁরাই খাবার ও জল দিয়ে প্রাণ রক্ষা করেন বৃদ্ধার। খবর যায় প্রশাসনের কাছে। ততক্ষণে খোঁজখবর করে জানা গিয়েছে রিষড়ার বাড়ি তালাবন্ধ। স্পষ্ট হয়ে যায়, বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে পালিয়েছে গুণধর ছেলে ও বউ। এ কেমন মানবিকতা!#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯