নভেম্বর ২০, ২০১৭ ১২:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! স্বাগত জানাচ্ছি ২০ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • মোবাইলে প্রেম, দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার-দৈনিক ইত্তেফাক
  • দোষ চাপানো হচ্ছে আমাদের ওপর: ফখরুল-প্রথম আলো
  • ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হাইকোর্টের রুল-দৈনিক যুগান্তর
  • রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমানসহ চারজনের বিচার শুরু-দৈনিক মানবজমিন
  • আলুতে ১০ হাজার ২শ কোটি টাকা লোকসানের আশঙ্কা-দৈনিক নয়া দিগন্ত
  • তহবিল সঙ্কটে ব্যাংক-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • জিএসটিতে কম আয়, চিন্তায় জেটলি -দৈনিক আনন্দবাজার
  • আস্থা মোদিতেই, বিশ্বাসযোগ্যতার নিরিখে বিশ্বে তৃতীয় ভারত সরকার-সংবাদ প্রতিদিন
  • মমতার কথাই সত্যি হল: পার্থ-দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

দোষ চাপানো হচ্ছে আমাদের ওপর: ফখরুল-দৈনিক প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘এই সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। কিন্তু দোষ চাপানো হচ্ছে আমাদের ওপর।’

আজ রংপুরের হরকলি ঠাকুরপাড়ায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর পরিদর্শন করেন বিএনপির নেতা ফখরুল। পরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে ১০ হাজার করে টাকা, একটি শাড়ি, একটি লুঙ্গি, সংঘর্ষে নিহত হাবিবুর রহমানের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়। 

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করতে হাইকোর্টের রুল-দৈনিক যুগান্তর

বাংলাদেশের হাইকোর্ট

বাংলাদেশের স্বাধীনতা বেগবান করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রদান উপলক্ষে ৭ মার্চকে কেন জাতীয় দিবস ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

 এ ছাড়া রুলে সোহরাওয়ার্দী উদ্যানের যেসব মঞ্চে ৭ মার্চ বঙ্গবন্ধু ভাষণ দেন, পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে ও ইন্দিরা গান্ধীকে সংবর্ধনা দেয়া হয়- সেই সব মঞ্চ পুনর্নির্মাণ এবং বক্তব্যরত বঙ্গবন্ধুর আঙুল উঁচানো ভাস্কর্য কেন নির্মাণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

 সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এ রুলের বিষয়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা ১২ ডিসেম্বর আদালতকে জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

রাষ্ট্রদ্রোহের মামলায় তারেক রহমানসহ চারজনের বিচার শুরু-দৈনিক মানবজমিন/যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনাম

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান

রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তেজগাঁও থানায় দায়ের করা এ মামলার অন্য আসামিরা হলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, সাবেক প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী ও জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সারওয়ার। 

আজ (সোমবার) সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ গঠন করেন। আগামী ১৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে –প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব

রাখাইনে যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে -মার্কিন প্রতিনিধি দল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের সিনেটর দলের প্রধান

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা গ্রামগুলোতে ব্যাপক নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলে সেদেশটির সরকার ও সেনাবাহিনী দাবি করলেও বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের সিনেটরদের একটি প্রতিনিধি দল মনে করে, সেখানে ‘যুদ্ধাপরাধের মতো’ ঘটনা ঘটেছে।

মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস নির্যাতনে জীবনের ভয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন শেষে গতকাল রবিবার প্রতিনিধি দলটি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করার সময় এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমার ফিরিয়ে নেবে। তিনি বলেন, মিয়ানমার আমাদের নিকট প্রতিবেশী। আমরা চাই তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে।

মোবাইলে প্রেম, দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার-দৈনিক ইত্তেফাক

ধর্ষিত কিশোরী

মোবাইল প্রেমে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী শিক্ষার্থী। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদী হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় রোববার রাতে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার মূল অভিযুক্ত দেবাশীষ বাড়ৈকে (৩২) গ্রেফতার করেছে।

গত শনিবার রাতে ( ১৮ নভেম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের মনির পাগলের আশ্রমে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী খুলনা জেলার তেরখাদা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, ঘটনাস্থল  থেকে দেবাশীষকে হাতেনাতে আটক করা হয়। তবে এ সময় তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়।

সৌদি আরবে ২৪ হাজার বিদেশি আটক-ইত্তেফাক

সৌদি আরবে গ্রেফতার ২৪ হাজার বিদেশি

ভিসা, বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে তিনদিনে ২৪ হাজার বিদেশিকে আটক করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, ভিসার শর্ত ভঙ্গ হয়েছে এমন ২৪ হাজার ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে। 

 সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ হাজার ৭০২ জনকে আটক করা হয়েছে বসবাসের আইন (আকামা) লঙ্ঘন করেছেন। তিন হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৪২ শতাংশকেই মক্কা নগরী থেকে আটক করা হয়।

হাসপাতাল-ক্লিনিকে টাকার জন্য লাশ জিম্মি রাখা যাবে না: হাইকোর্ট-দৈনিক যুগান্তর

চিকিৎসা খরচ দিতে না পারলেও কোনো ক্লিনিক কিংবা হাসপাতালে রোগীর লাশ জিম্মি করে রাখা যাবে না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এক্ষেত্রে রোগীর চিকিৎসা খরচ বহন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটি তহবিল গঠনের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ নির্দেশ দেন। ২০১২ সালে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন একটি নবজাতক মারা যায়। কিন্তু তার পরিবার গরিব হওয়ায় চিকিৎসা খরচ ৪১ হাজারের মধ্যে ১৫ হাজার পরিশোধ করলেও বাকি টাকা দিতে ব্যর্থ হয়। এ কারণে নবজাতকটির লাশ আটকে রাখে বেসরকারি সিটি হাসপাতাল।

এ বিষয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ওই বছরের ১০ জুন জনস্বার্থে তা আদালতের নজরে এনে রিট করে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস পিচ ফর বাংলাদেশ (এচআরপিবি)। ওই রিটটি গ্রহণ করে আদালত একই মাসের ১৪ তারিখে এ বিষয়ে রুল জারি করেন। পাঁচ বছর পর সোমবার ওই রুল নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট।

আলুতে ১০ হাজার ২শ কোটি টাকা লোকসানের আশঙ্কা-দৈনিক নয়া দিগন্ত

আলু চাষীরা বিপাকে

কৃষকদের কাছ থেকে আলু কিনে মৌসুমের শুরু থেকেই বেশ বেকায়দায় পড়েছেন সংরক্ষণকারীরা। গত ১৮ ও ১৯ নভেম্বর কুমিল্লার বিভিন্ন কোন্ড স্টোরেজ ঘুরে দেখা গেছে, বর্তমান মৌসুমে যে পরিমান আলু কোল্ড স্টোর থেকে বিক্রি হবার কথা তা অত্যন্ত হতাশাজনক। এ নিয়ে ১০ হাজার ২শ কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কুমিল্লার চান্দিনা ফার্মল্যান্ডে গিয়ে দেখা যায় কোল্ড স্টোর থেকে ১৪০ বস্তা আলু বারান্দায় ফেলে রেখে সেগুলো বাছাই চলছে।

তহবিল সঙ্কটে ব্যাংক-দৈনিক ইনকিলাব

তহবিল সংকটে ব্যাংক

সাড়ে ৮ শতাংশ সুদে তহবিল সংগ্রহ করছে বেসরকারি ব্যাংকগুলো : বেড়েছে ডলারের দাম, ব্যাংকিং চ্যানেলে বিক্রয়মূল্য ৮৪, খোলাবাজারে ৮৫ : ডিপোজিট রেট কমে যাওয়ায় গ্রাহকদের মধ্যে সঞ্চয়ের আগ্রহ কমেছে -ড. সালেহউদ্দিন আহমেদ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ফার্মার্স ব্যাংকে তাদের গচ্ছিত ৩৫ কোটি ৪৪ লাখ টাকা তুলতে যায়। টাকার জন্য ব্যাংকের গুলশান শাখায় চেক জমা দিলে টাকা নেই বলে ফেরত দেয়া হয়। একইভাবে দ্বিতীয়বার টাকা না পেয়ে চেক নিয়ে ফিরে আসে বিটিসিএল। নিজেদের গচ্ছিত টাকা তুলতে না পেরে ক্ষোভও প্রকাশ করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি এই ব্যাংকটিতে তীব্র আর্থিক সঙ্কট বিরাজ করছে। তাই কেবল বিটিসিএলকেই নয়, এরকম অনেক প্রতিষ্ঠানই তাদের গচ্ছিত টাকা তুলতে গিয়ে চেক নিয়ে ফিরে আসছে। 

সরকারি বন্ডে দীর্ঘমেয়াদে বিপুল অর্থ আটকে যাওয়া, সঞ্চয়পত্র ও শেয়ারবাজারে বিপুল অর্থ বিনিয়োগ, মূলধনী যন্ত্র আমদানি ও অফশোর ব্যাংকিংয়ের আড়ালে বিপুল অর্থ পাচারের কারণে তীব্র তহবিল সংকটে পড়েছে ফার্মার্স ব্যাংকসহ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

মমতার কথাই সত্যি হল: পার্থ-দৈনিক আজকাল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

মমতার কথাই সত্যি প্রমাণিত হল। তিনি যেসব অভিযোগ করেন, পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে সে‌সব মেনে নিতে হয়। তা না হলে, সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। সোমবার সকালে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি মিডিয়ার কাছে এভাবেই বক্তব্য পেশ করেন। উল্লেখ্য, সরকারি ওয়েবসাইটে আধার–তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর কেন্দ্র ও রাজ্যের প্রায় ২১০টি ওয়েবসাইটে আধার–প্রাপকদের নাম ও ঠিকানা বেরিয়ে পড়েছিল। পরে সে তথ্য সরিয়ে দেওয়া হয়। পার্থ বলেন, গায়ের জোরে কেন্দ্রীয় সরকার আধার কার্ড নিয়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিচ্ছিল। সমস্ত তথ্য এবার ফাঁস হয়ে গেছে। মমতা আগেই বলেছিলেন, মোবাইলে আধার নম্বর দেওয়া হবে না। তিনি প্রকাশ্যে এই মন্তব্য করেছিলেন। আরও বলেছিলেন, তিনি তাঁর নিজের মোবাইলে আধার নম্বর দেবেন না। চারিদিক থেকে মমতার সমালোচনা শুরু হয়েছিল। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সদস্য প্রদীপ ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমরাও আগে এ নিয়ে প্রতিবাদ করেছি। সর্বভারতীয় কংগ্রেস আধার নিয়ে তার অবস্থান জানিয়েছে। কেন্দ্র কোনও কথা শোনেনি। গায়ের জোরে সব কাজ করছে। গতকালই আধার–তথ্য ফাঁস হয়েছে। তা–ও আবার সরকারি ওয়েবসাইট থেকে।

আস্থা মোদিতেই, বিশ্বাসযোগ্যতার নিরিখে বিশ্বে তৃতীয় ভারত সরকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মোদিতেই আস্থা রয়েছে মানুষের। বিশ্বাসযোগ্যতার নিরিখে বিশ্বের মধ্যে তিন নম্বর স্থানে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। ‘ওইসিডি’ বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট নামের এক আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় উঠে এল এমনই তথ্য।

গুজরাট নির্বাচনের আগে এই সমীক্ষায় ফের চাঙ্গা মোদি সরকার। ভোঁতা বিরোধীদের জিএসটি ও নোট বাতিল ‘ব্রহ্মাস্ত্র’। উন্নয়ন ও কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এই সমীক্ষায় জোর ধাক্কা খেয়েছে তারা বলে মত বিশ্লেষকদের। ওই সমীক্ষার কথা উল্লেখ করে ডব্লুইএফ বা ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম বলেছে, “মোদি সরকারেই আস্থা রেখেছে দেশের চারভাগের মধ্যে তিনভাগ মানুষ।”

জিএসটিতে কম আয়, চিন্তায় জেটলি -দৈনিক আনন্দবাজার

জিএসটি বাবদ আয়ের ঘাটতি

অরুণ জেটলির কপালে ভাঁজ ফেলছে জিএসটি বাবদ আয়ের ঘাটতি। জুলাইয়ে জিএসটি চালু হয়, অগস্টে লাফিয়ে কমে মোট রাজস্ব আয়। সেপ্টেম্বরে তা সামান্য বাড়লেও প্রত্যাশার তুলনায় বৃদ্ধি অনেক কম। পাশাপাশি, প্রায় প্রতিটি রাজ্যই ক্ষতিপূরণের দাবি নিয়ে দ্বারস্থ হচ্ছে কেন্দ্রের। দু’শোটির বেশি পণ্যে জিএসটি কমানোয় এমনিতেও ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় কমার কথা। সব মিলিয়ে চাপে পড়েছেন অর্থমন্ত্রী জেটলি ও রাজস্ব দফতরের কর্তারা।

ভাবা হয়েছিল, জিএসটি চালু হলে যে সব রাজ্যে কলকারখানা বেশি সেখানে কর বাবদ আয় কমবে, কিন্তু পশ্চিমবঙ্গের মতো যে সব রাজ্যে পণ্য উৎপাদন হয় কম, ভোগ এবং লেনদেনই বেশি সেখানে আয় লাফিয়ে বাড়বে। কিন্তু দেখা যাচ্ছে জিএসটি জমানায় প্রায় সব রাজ্যেরই আয় হয়েছে প্রত্যাশার তুলনায় কম।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০