বাংলাদেশ কখনও পিছিয়ে যেতে পারে না: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! স্বাগত জানাচ্ছি ২১ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- চিকিৎসা নিতে এসে সন্তান হারালেন বাবা-মা-দৈনিক ইত্তেফাক
- ২০১৮ সাল হবে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির জন্য আতঙ্কের বছর-দৈনিক ইত্তেফাক
- অবৈধ রিকশার প্যাডেলে ১২ কোটি টাকা চাঁদা!-প্রথম আলো
- বাংলাদেশ কখনও পিছিয়ে যেতে পারে না: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান: খালেদা জিয়া-দৈনিক মানবজমিন
- প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি ঢাবি শিক্ষার্থীসহ আটক ৮-দৈনিক মানবজমিন
- মিয়ানমারে রোহিঙ্গারা ‘জাতিগত বৈষম্যের’ শিকার : অ্যামনেস্টি-দৈনিক নয়া দিগন্ত
- আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান -দুদু-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- তাজমহল নিয়ে সুপ্রিম খোঁচা এ বার যোগীকে-দৈনিক আনন্দবাজার
- মোদির দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে’-সংবাদ প্রতিদিন
- দিল্লির মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আশঙ্কা -দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বাংলাদেশ কখনও পিছিয়ে যেতে পারে না: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কখনও পিছিয়ে যেতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের রাষ্ট্রে উন্নীত করতে কাজ করে যাচ্ছে সরকার।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর মুক্তিযোদ্ধাদের আগামী জানুয়ারি থেকে বিশেষ ভাতা প্রদানের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। দেশ স্বাধীন হওয়ার পর ঐতিহাসিক দিবসটি প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে।
সশস্ত্র বাহিনী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান: খালেদা জিয়া-দৈনিক মানবজমিন
সশস্ত্র বাহিনীকে জাতির এক গর্বিত প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসে দেয়া এক বাণীতে তিনি বলেন, সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য এবং শৃঙ্খলা দিয়ে তৈরী জাতির এক গর্বিত প্রতিষ্ঠান। আমাদের মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর গৌরবোজ্জল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে। খালেদা জিয়া বলেন, বিশ্বশান্তি রক্ষায়ও তারা পালন করে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীতে কর্মরত আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মদক্ষতা ও উঁচুমানের পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশের সুনাম বয়ে আনছে।
চিকিৎসা নিতে এসে সন্তান হারালেন বাবা-মা-দৈনিক ইত্তেফাক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন মাস বয়সী এক শিশু চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত ১২টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম জুয়েল মিয়া ও মা সুমাইয়া আক্তার। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায়।
জানা গেছে, গত ৩১ অক্টোবর জুয়েল ওই হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকে অ্যাটেনডেন্ট হিসেবে শিশুসহ স্ত্রী সুমাইয়াও তার সঙ্গে ছিলেন। সোমবার পাশের ৪১ নম্বর বেডটি খালি থাকায় শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন সুমাইয়া। আর পাশের বেডেই ঘুমোচ্ছিলেন অসুস্থ স্বামী। রাতে ঘুম ভেঙে সুমাইয়া দেখেন সন্তান তার পাশে নেই! তার কান্নাকাটি শুনে অন্যান্য রোগী, রোগীর স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাও ছুটে আসেন। তবে অনেক খোঁজাখুঁজি করেও জিমকে কোথাও পাওয়া যায়নি।
প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি ঢাবি শিক্ষার্থীসহ আটক ৮-দৈনিক মানবজমিন
প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির ঘটনায় মূলহোতা তনয় ও আকাশসহ ৮ জনকে আটক করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। এদের মধ্যে ছয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তনয় ও আকাশ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরাসরি জড়িত। তারা দু’জন প্রশ্ন ফাঁসের ডিভাইস সরবরাহ করতেন। তাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষার্থীও ভর্তি হয়েছেন।
অবৈধ রিকশার প্যাডেলে ১২ কোটি টাকা চাঁদা!-দৈনিক প্রথম আলো
তিন চাকার বাহন রিকশা। স্বল্প ভাড়ায় রাজধানীবাসীর অন্যতম ভরসা। রাজধানীর প্রায় পৌনে সাত লাখ রিকশার মধ্যে ছয় লাখই অবৈধ। বিভিন্ন শ্রমিক সংগঠনের সহায়তা এগুলো রাজপথে চলছে। এ জন্য অবৈধ রিকশার মালিকদের প্রতি মাসে রিকশাপ্রতি ১৫ থেকে ২০ টাকা সংগঠনগুলোকে দিতে হয়। অবৈধ রিকশা উচ্ছেদে এই সংগঠনগুলোই মূল বাধা। প্রতিবছর এই সংগঠনগুলো রিকশা মালিকদের কাছ থেকে প্রায় ১২ কোটি টাকা চাঁদা আদায় করছে।
অন্যদিকে, রাজধানীতে বৈধ রিকশার সংখ্যা মাত্র ৮০ হাজার। ঢাকার দুটি সিটি করপোরেশন প্রতিবছর লাইসেন্স নবায়নের জন্য রিকশাপ্রতি ১০০ টাকা করে নিয়ে থাকে। অর্থাৎ, বিভিন্ন সংগঠন যেখানে অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণ করে বছরে ১২ কোটি টাকা আয় করছে, সেখানে লাইসেন্স নবায়নে করে দুই সিটি করপোরেশন বৈধ রিকশার কাছ থেকে বছরে আয় করছে মাত্র ৮০ লাখ টাকার কিছু বেশি।
রাজধানীতে এখন আর নতুন করে রিকশার লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু বিভিন্ন সংগঠনের নামে সাড়ে পাঁচ থেকে ছয় লাখ রিকশা চলছে। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা এসব রিকশা সংগঠন পরিচালনা করে থাকেন। এঁদের চাপের কারণে নগরী থেকে অবৈধ রিকশা উচ্ছেদ করা সম্ভব হয় না বলে জানান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
২০১৮ সাল হবে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির জন্য আতঙ্কের বছর-দৈনিক ইত্তেফাক
আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী। গত বছরের মত এবারও আগামী বছরের জন্য বিশেষ আভিযানিক টার্গেট ঠিক করেছে দুদক। ২০১৮ সাল হবে শিক্ষা দুর্নীতিকারীদের আতঙ্কের বছর বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
এ ব্যাপারে তিনি বলেছেন, ২০১৭ সালের শুরুতেই কমিশন থেকে বলা হয়েছিল বছরটি হবে ঘুষগ্রহণকারী কর্মকর্তাদের আতঙ্কের বছর। আমরা আমাদের কথা রাখার চেষ্টা করেছি। আজ পর্যন্ত ২৩টি ফাঁদ মামলা পরিচালনা করে ঘুষখোর কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। এখন প্রকাশ্যে ঘুষ খাওয়ার প্রবণতা কমে এসেছে। ২০১৮ সাল হবে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতিকারীদের আতঙ্কের বছর। কারণ দেশের জনগণ ক্যাপসুল শিক্ষা চায় না। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হলে দেশ ধ্বংসের দিকে চলে যাবে। এখনই সময় সেটাকে থামানো।
খালেদার গাড়িবহরে হামলার নেপথ্যে নায়ক নিজাম হাজারী’- প্রথম আলো
ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আজহারুল হক অভিযোগ করেছেন, সম্প্রতি ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। এই ঘটনার নেপথ্য নায়ক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
আজ মঙ্গলবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আজহারুল হক এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে আজহারুল হক বলেন, ‘সম্প্রতি ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে, সেটিও ছিল পূর্বপরিকল্পিত। কারণ, সেদিন বেছে বেছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টেলিভিশন ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারের গাড়ি ভাঙচুর করা হয়। এ পুরো ঘটনার “নেপথ্য” নায়ক নিজাম হাজারী। বিভিন্ন গণমাধ্যমেও এ–সংক্রান্ত সংবাদ এসেছে। মূলত তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই নিজাম হাজারী ক্যাডারদের দিয়ে ওই সব গাড়িতে হামলা চালায়।’
মিয়ানমারে রোহিঙ্গারা ‘জাতিগত বৈষম্যের’ শিকার : অ্যামনেস্টি-দৈনিক নয়া দিগন্ত
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ ‘জাতিগত বৈষম্যে’ রূপ নিয়েছে। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একথা জানিয়েছে। মিয়ানমার থেকে ৬ লাখ ২০ হাজার রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়ার মূল কারণ উদঘাটন করতে গিয়ে এ তথ্য বেরিয়ে এসেছে।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের করুণ অবস্থা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কথা শুনে বিভিন্ন দেশের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।
আর দৈনিক যুগান্তরের একটি খবরে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে লেখা হয়েছে- চলতি সপ্তাহেই বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেছেন মিয়ানমারের নেত্রী অং সান সু চি।
আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান -দুদু-দৈনিক ইনকিলাব
আগামী সংসদ নির্বাচনের আগেই বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল আয়োজিত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
তাজমহল নিয়ে সুপ্রিম খোঁচা এ বার যোগীকে-দৈনিক আনন্দবাজার
তাজমহল নিয়ে এত দিন বিতর্ক তৈরি হয়েছে উত্তর প্রদেশ সরকারের নানা কাজে এবং কথায়। এ বার সেই তাজমহল ইস্যুতেই যোগী আদিত্যনাথের সরকারকে সতর্কবার্তা দিল সুপ্রিম কোর্ট। স্পষ্ট ভাবে শীর্ষ আদালত জানিয়ে দিল, তাজমহল এক বার ধ্বংস হয়ে গেলে, তা আর ফিরে পাওয়া যাবে না।
ঘটনার সূত্রপাত একটি পার্কিং কেন্দ্রকে ঘিরে। এমনিতে আদালতের নির্দেশে আগে থেকেই তাজমহলের ৫০০ মিটারের মধ্যে পেট্রল-ডিজেলচালিত কোনও গাড়ি চলাচল করতে পারে না। একমাত্র ওই এলাকার বাসিন্দারা এই নিয়মের বাইরে। সম্প্রতি তাজের পূর্ব দিকের প্রবেশ পথ থেকে এক কিলোমিটার দূরে একটি বহুতল পার্কিং কেন্দ্র গড়ার কাজ শুরু করে উত্তরপ্রদেশ সরকার। তাদের মতে, পর্যটকদের অসুবিধার কথা ভেবেই ওই পার্কিং কেন্দ্র গড়া হচ্ছে। কিন্তু, আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় শীর্ষ আদালত সে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। সেই মামলারই শুনানিতে রাজ্য সরকারকে কড়া ভাষায় সতর্ক করে শীর্ষ আদালত।
মোদির দিকে আঙুল তুললে হাত কেটে নেওয়া হবে’-সংবাদ প্রতিদিন
ফের জাতীয় রাজনীতিতে কুকথার স্রোত, শাসানি, হুমকি। এবার বিতর্কে খোদ বিহারের বিজেপি রাজ্য সভাপতি। নিত্যানন্দ রায়ের হুঁশিয়ারি কেউ প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুললে তার হাত কেটে নেওয়া হবে।
পাটনার একটি সভায় নিত্যানন্দ যখন এই মন্তব্য করেন তখন সেখানে ছিলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি। নিত্যানন্দের হুমকির সুরে বলেন, ‘‘যারা নরেন্দ্র মোদির দিকে হাত দেখাচ্ছেন তাদের বলে রাখি হাত ভেঙে দেব। আর দরকার হলে হাত কিংবা আঙুল কেটে নেওয়া হবে।’’ এই নিয়ে রাজ্য জুড়ে সমালোচনায় ঢোঁক গিলতে বাধ্য হন নিত্যানন্দ। সাফাই দিতে গিয়ে তিনি জানান, ‘‘যারা দেশবিরোধী এবং গরিববিরোধী তারাই ছিলেন নিশানায়।
দিল্লির মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে আশঙ্কা -দৈনিক আজকাল
আধুনিক শিক্ষার ধারেকাছে নেই দিল্লির তিন হাজার মাদ্রাসার পড়ুয়া। এখনও তাদের পাঠ্য কেবল কোরান, উর্দু এবং ফার্সি। আর এভাবেই চাকরির বাজার থেকে শত হস্ত দূরে চলে যাচ্ছে সাড়ে তিল লক্ষ ছাত্র–ছাত্রী। এরজন্য মাদ্রাসাগুলোর কোনও গ্রহণযোগ্য সিলেবাস না থাকাকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সমাজকর্মী ফিরোজ বক্ত আহমেদ বলেছেন, তাদের এমনভাবে শিক্ষা দেওয়া হচ্ছে যাদের খুব কমই মূল স্রোতে আসতে পারে। উপযুক্ত সিলেবাসের অভাবে অষ্টাদশ শতকের লখনউ–এর স্কলার মুল্লা নিজামুদ্দিন যে দর্শ–ই–নিজামি ব্যাবস্থা চালু করেছিলেন তা মেনেই পড়ানো হয়। ফিরোজের মতে, সে সময়ে সরকারি চাকরি পেতে যা দরকার ছিল তাই চালু করেছিলেন মুল্লা। এখনকার চাহিদা পূরণে ব্যর্থ এই শিক্ষাব্যবস্থা। বৈপ্লবিক পরিবর্তন দরকার।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১