এক বছরে বেড়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকাখেলাপি ঋণের পাহাড়
সুপ্রিয় পাঠক/শ্রোতা! স্বাগত জানাচ্ছি ২২ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে পরিবহন খাত-দৈনিক ইত্তেফাক
- দেশে মাতৃমৃত্যুর হার বেড়েছে-প্রথম আলো
- সরকার নিজের অপকর্মের দায় অন্যের ওপর চাপাচ্ছে: রিজভী-দৈনিক যুগান্তর
- যেভাবে পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করে চক্র-দৈনিক মানবজমিন
- এক বছরে বেড়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকাখেলাপি ঋণের পাহাড়-দৈনিক নয়া দিগন্ত
- ৫ হাজার একর জমি বেদখল-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- সব টাকা ফেরাবে অ্যালকেমিস্ট-দৈনিক আনন্দবাজার
- যোগীর সভায় বোরখা খুলে নেওয়া হল মহিলার, বিতর্ক তুঙ্গে-সংবাদ প্রতিদিন
- হাই–প্রোফাইল মুখ্যমন্ত্রীরা এবার জঙ্গি সংগঠনের নিশানায়-দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
তদন্তের অংশ হিসেবেই তনুর পরিবারকে ঢাকায় ডাকা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো/যুগান্তর/ইত্তেফাক
তদন্তের অংশ হিসেবেই হত্যাকাণ্ডের শিকার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী তনুর পরিবারের সদস্যদের ঢাকায় ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ‘তনুর আত্মীয়স্বজনকে কেন ঢাকায় নিয়ে আসা হয়েছে, এ নিয়ে প্রশ্ন উঠছে। এটি একটি তদন্তের অংশ। তদন্ত চলছে। আমি মনে করি, তদন্তে সত্যিকারের ঘটনা উদ্ঘাটিত হবে।’দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর পরিবারের পাঁচ সদস্যকে সিআইডির সদর দফতরে ডেকে পাঠানো হয়। সেখানে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মুখোমুখি হওয়ার কথা তাদের।
সরকার নিজের অপকর্মের দায় অন্যের ওপর চাপাচ্ছে: রিজভী-দৈনিক যুগান্তর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আওয়ামী ঐতিহ্যে আইনের শাসনের কোনো অস্তিত্ব নেই।বাস্তবে বেআইনি সরকার অপকর্মের ওপর নির্ভর করে নিজেদের টিকিয়ে রাখতে চেষ্টা করে। আর নিজেদের অপকর্মের দায় অন্যের ওপর চাপায় সরকার।বুধবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন তিনি।ব্রিফিংয়ে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে কথা বলেন রিজভী।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উখিয়া-টেকনাফে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ ও সহমর্মিতা জানাতে গেলে ফেনীতে তার গাড়িবহরে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। অথচ শত শত বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আটক করা হয়েছে বেশ কিছু নেতাকর্মীকে। তাদের ওপর বর্বর নির্যাতন চালিয়ে হামলার মিথ্যা নাটকও সাজানো হয়েছিল। কিন্তু সত্যকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা কখনই সফল হয় না- শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ফেনী জেলা আওয়ামী লীগের নেতারা সংবাদ সম্মেলন করে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন।
ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে পরিবহন খাত-দৈনিক ইত্তেফাক
সর্বনাশা মাদক ইয়াবা পাচারে জড়িত থাকা নিয়ে চট্টগ্রামের পরিবহন খাত আবারো প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে গত সোমবার চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন বাক্স থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনাটি পুরো পরিবহন খাতকে এই প্রশ্নের মুখোমুখি করেছে। চট্টগ্রামের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ দোষীদের শাস্তি দাবি করেছেন এবং নিজেরা বিব্রত বলে জানিয়েছেন।
পর্যবেক্ষক মহলের মতে ইয়াবা বিশেষ করে মাদক পাচারের সঙ্গে পরিবহন সেক্টরে জড়িত থাকার বিষয়টি নতুন কিছু নয়। তাদের মতে শুধু কাভার্ড ভ্যানই নয়, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, রেন্ট-এ কার, ট্রাকসহ বিভিন্ন গণপরিবহনে দীর্ঘদিন ধরে সুকৌশলে বিভিন্ন ধরনের মাদক পাচার করা হচ্ছে। তাদের মতে- এই পাচার প্রক্রিয়ায় মাদক পাচারকারীদের সঙ্গে এক শ্রেণির পরিবহন মালিক ও শ্রমিকদের নিবিড় যোগাযোগ রয়েছে।
যেভাবে পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি করে চক্র-দৈনিক মানবজমিন
প্রশ্ন নিয়ে কোনো দুশ্চিন্তা নেই! যেকোনো প্রশ্নের উত্তরই মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে পরীক্ষার্থীর কাছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে যেকোনো নিয়োগ পরীক্ষা। এই চক্রের সদস্যরা সহজেই পরীক্ষার্থীকে পাস করিয়ে দিতে পারে। এভাবে জালিয়াতির মাধ্যমে অনেক পরীক্ষার্থীকে পাস করিয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। চক্রের দুই হোতাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। হোতারা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাভিদ আনজুম তনয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এনামুল হক আকাশ।সিআইডি সূত্রে জানা গেছে, চক্রটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি এমনকি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করে।
এক বছরে বেড়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকাখেলাপি ঋণের পাহাড়-দৈনিক নয়া দিগন্ত
ব্যাংকিং খাতে অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে খেলাপি ঋণের পরিমাণ। বলা হয়, খেলাপি ঋণের পাহাড় জমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে ৮০ হাজার ৩০৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৬৫ হাজার ৭৩১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় সাড়ে ১৪ হাজার কোটি টাকা, বা ২২ দশমিক ১৮ শতাংশ। তবে ঋণ অবলোপনসহ পুঞ্জীভূত খেলাপি ঋণ বেড়ে সোয়া লাখ কোটিতে ঠেকেছে, যা এক বছর আগে ছিল এক লাখ সাত হাজার কোটি টাকা।
খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ব্যাংকের আয় দিয়ে বেশি হারে প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে। অনেক ব্যাংকের আয় দিয়েও এটা কুলায়নি। ফলে বেড়ে গেছে প্রভিশন ঘাটতি। এতে ব্যাংকের প্রকৃত আয় কমে গেছে।
দেশে মাতৃমৃত্যুর হার বেড়েছে-প্রথম আলো
বাংলাদেশে মাতৃমৃত্যুর হার বেড়েছে। সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি লাখে ১৯৬ জন মায়ের মৃত্যু হচ্ছে। ২০১০ সালে এই সংখ্যা ছিল ১৯৪।বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ ২০১৬’-এর প্রাথমিক ফলাফলে এ তথ্য দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে আজ বুধবার জাতীয় জরিপের তথ্য প্রকাশ করা হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল, জাতিসংঘ জনসংখ্যা বিভাগ ও বিশ্বব্যাংক যৌথভাবে এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়—গর্ভাবস্থায়, সন্তান জন্মদানের সময় এবং সন্তান জন্মের ছয় সপ্তাহের মধ্যে মায়ের মৃত্যু হলে সেটাই ‘মাতৃমৃত্যু’।
৫ হাজার একর জমি বেদখল-দৈনিক ইনকিলাব
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, কত একর জমি অবৈধ দখলে রয়েছে তার সঠিক পরিমাণ জানা নেই। তবে পানি উন্নয়ন বোর্ডের বন্যা প্রতিরোধ বেড়িবাঁধগুলোর উভয় পার্শ্বে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য কাজ চলছে।
সারাদেশের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ১০টি জোনে সরকারি অধিগ্রহণকৃত মোট ২ লাখ ৫৬ হাজার ৩৫ একর জমির মধ্যে ৫ হাজার একর জমি রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন প্রভাবশালীর দখলে। এসব জমির আনুমানিক মূল্য কমপক্ষে ২০ হাজার কোটি টাকা।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
যোগীর সভায় বোরখা খুলে নেওয়া হল মহিলার, বিতর্ক তুঙ্গে-সংবাদ প্রতিদিন
ফের বিতর্কে যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর জনসভায় বোরখা পরে গিয়েছিলেন এক মহিলা। এই অপরাধে তাঁকে ওই পোশাক খোলাতে বাধ্য করল পুলিশ।
বালিয়ায় ওই জনসভায় দেখা যায় দর্শক আসনে বসে রয়েছেন সায়রা নামের এক মুসলিম মহিলা। যাঁর গলায় গেরুয়া রঙের উত্তরীয় ছিল। তাঁকে বোরখা পরা অবস্থায় দেখে তিন মহিলা পুলিশকর্মী এগিয়ে যান। বোরখা খোলার জন্য সায়রাকে রীতিমতো চাপ দেওয়া হয়। কার্যত বাধ্য হয় ওই বিজেপি সমর্থক বোরখা খোলেন। পুলিশকর্মীদের ইঙ্গিতে ওই সভায় থাকা আরও এক দর্শক ওই মহিলার বোরখা খোলার ব্যাপারে হাত লাগান। বোরখা ছাড়ার পর পুলিশকর্মীরা নিশ্চিন্ত হন। পরে এক পুরুষ পুলিশকর্মী এসে ওই বোরখাটি নিয়ে যান। পরে সায়রা জানান, তিনি বিজেপি সমর্থক। গ্রাম থেকে প্রথাগত পোশাক পরেই ওই সভায় এসেছিলেন। খোদ মুখ্যমন্ত্রীর সামনে এমন ঘটনায় উত্তরপ্রদেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে।
সব টাকা ফেরাবে অ্যালকেমিস্ট-দৈনিক আনন্দবাজার
তছরুপে অভিযুক্ত অন্য কয়েকটি লগ্নি সংস্থার মতো টাকা ফেরতের রাস্তা ধরছে অ্যালকেমিস্টও। বেসরকারি ওই অর্থ লগ্নি সংস্থা মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানায়, তারা সব আমানতকারীরই ‘পুরো’ টাকা ফেরত দেবে। কত দিনের মধ্যে এবং কোন পদ্ধতিতে তা ফেরত দেওয়া হবে, সেটা ঠিক করার জন্য তারা কোর্টের কাছে তিন সপ্তাহ সময় চেয়েছে। কম সময়ে কয়েক গুণ টাকা ফেরতের আশ্বাস দিয়ে বেসরকারি অনেক লগ্নি সংস্থাই বাজার থেকে প্রচুর টাকা তুলেছে। তাদের অনেকের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ উঠছে। অনেক আমানতকারীরা টাকা ফেরত না-পেয়ে হাইকোর্টে মামলা করেছেন। সেই সব মামলার শুনানি চলছে বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস জানান, আমানতকারী সংগঠনের পক্ষ থেকে এ দিন আদালতে ৬৫০ কোটি টাকার হিসেব দাখিল করা হয়।
হাই–প্রোফাইল মুখ্যমন্ত্রীরা এবার জঙ্গি সংগঠনের নিশানায়-দৈনিক আজকাল
দেশের গোয়েন্দা বিভাগের কাছে খবর রয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং হাই–প্রোফাইল মুখ্যমন্ত্রীদের ওপর আঘাত হানতে বিশেষ দল গঠন করেছে জইশ–ই–মহম্মদ এবং লস্কর–ই–তৈবা। যা দেশের নিরাপত্তার কাছেও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আর তা ঠেকাতে পরিকল্পনা করছে গোয়েন্দা বিভাগও। গত সপ্তাহে এই বিষয়ে গোয়েন্দা দপ্তরে স্ট্র্যাটেজিক বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২