অভিযোগ মিথ্যা, এতিমখানার টাকা আত্মসাৎ করিনি : খালেদা জিয়া
সুপ্রিয় পাঠক/শ্রোতা! স্বাগত জানাচ্ছি ২৩ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিকাশের বিরুদ্ধে ডিজিটাল হুন্ডির প্রমাণ মিলেছে-দৈনিক ইত্তেফাক
- প্রশ্ন ফাঁসের সঙ্গে এবার ভুলভ্রান্তি-প্রশ্নবিদ্ধ পাবলিক পরীক্ষা-দৈনিক প্রথম আলো
- ছাড় দিয়ে নেপিদোর সঙ্গে ঢাকার সমঝোতা চূড়ান্ত-দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সই-দৈনিক মানবজমিন
- গণতন্ত্র ও জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও সেনাবাহিনী অবদান রাখবে : প্রধানমন্ত্রী- অভিযোগ মিথ্যা, এতিমখানার টাকা আত্মসাৎ করিনি : খালেদা-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- অধস্তনের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ভারতীয় সেনার কর্নেল-দৈনিক আনন্দবাজার
- ইলেকট্রিক শক দিয়েই স্বীকারোক্তি আদায় পুলিশের, প্রদ্যুম্ন কাণ্ডে বিস্ফোরক কন্ডাক্টর-সংবাদ প্রতিদিন
- গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কথার লড়াই মোদি চা-ওয়ালা, রাহুল বার-ওয়ালা-জি-নিউজ
- ফের কাশ্মীরের স্বাধীনতা চাইছে হাফিজ সাঈদ-দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
গণতন্ত্র ও জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও সেনাবাহিনী অবদান রাখবে : প্রধানমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দৃঢ় আশা প্রকাশ করে বলেছেন, দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘সেবা ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে সেনাসদস্যরা জনগণের শ্রদ্ধা, ভালোবাসা এবং সমগ্র জাতির আস্থা ও ভালবাসা অর্জন করেছে। দেশের জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে জন্য মিয়ানমারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
অভিযোগ মিথ্যা, এতিমখানার টাকা আত্মসাৎ করিনি : খালেদা-বাংলাদেশ প্রতিদিন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন খালেদা জিয়া। একই সঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আত্মপক্ষ সমর্থন করে আদালতে তিনি বক্তব্য তুলে ধরেন। এরপর আগামী ৩০ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেন আদালত। খালেদা জিয়া তাঁর বক্তব্যে বলেন,প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে এতিমখানার টাকা আত্মসাৎ করিনি। এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, এই মামলায় দু’জন ব্যক্তি দুটি তদন্ত করেছে। কিন্তু তদন্তের ভাষা পর্যালোচনা করলে দুটির ভাষা একই। তাতে প্রমাণ হয় এ রিপোর্টের তদন্ত সাজানো। তদন্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।
রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারক সই-দৈনিক মানবজমিন
নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরানোসহ এ ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ। আজ দুপুরে এ সমঝোতায় সই করেন দুই দেশের কর্মকর্তারা। এর আগে গতকাল এ বিষয়ে বৈঠক করেন তারা। মিয়ানমারের রাজধানী নেপিডোতে আজ সকালে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সুচির সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দীর্ঘ বৈঠক শেষে সমঝোতা স্মারক সই হয়। সমঝোতার বিস্তারিত প্রকাশ না হলেও কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতা অনুযায়ী দুই মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।
এ সম্পর্কে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম যে- অনেকটা ছাড় দিয়ে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সমঝোতা চূড়ান্ত করেছে বাংলাদেশ। মিয়ানমারের রাজধানী নেপিদোতে বুধবার দু’দেশের মন্ত্রী ও সচিবদের মধ্যে দফায় দফায় আলোচনার পর ‘অ্যারেঞ্জমন্ট’ নামের চুক্তিটি চূড়ান্ত হয়েছে।
বিকাশের বিরুদ্ধে ডিজিটাল হুন্ডির প্রমাণ মিলেছে-দৈনিক ইত্তেফাক
Image Caption
মানি লন্ডারিংয়ের অপরাধে এবার মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে শোকজ করলো বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ)। এছাড়া হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে এমন এজেন্টদের হিসাব স্থায়ীভাবে বন্ধ করার কর্মপরিকল্পনা পেশের জন্য নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, একজন গ্রাহকের একটিমাত্র ব্যক্তিগত হিসাব পরিচালনা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লংঘন করে বিপুল পরিমাণ হিসাব পরিচালনা করেছে বিকাশে অনেক গ্রাহক। এছাড়া এসব হিসাব হুন্ডিসহ অবৈধভাবে বেনামী গ্রাহকদের লেনদেন সুবিধা প্রদানে ব্যবহূত হওয়ার নজির পাওয়া গেছে। তাই, এজেন্টদের পরিচালিত একাধিক ব্যক্তিগত হিসাবের মধ্যে একটি সচল রেখে সংশ্লিষ্ট এজেন্টদের অন্যান্য হিসাব বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আরো কিছু হিসাবধারীর হুন্ডির সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এসকল হিসাবের তথ্য সিআইডির কাছে পাঠানো হয়েছে।
হুন্ডিতে জড়িত থাকার অপরাধে এর আগে সেপ্টেম্বর মাসে বিকাশের ২ হাজার ৮৮৭ টি এজেন্টের কার্যক্রম স্থগিত (বন্ধ) করতে নির্দেশ দিয়েছিল বিএফআইইউ
প্রশ্ন ফাঁসের সঙ্গে এবার ভুলভ্রান্তি-প্রশ্নবিদ্ধ পাবলিক পরীক্ষা-দৈনিক প্রথম আলো
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। এখন পরীক্ষার প্রশ্নপত্র তৈরিতেও ভুলভ্রান্তি হচ্ছে। পরীক্ষার হলে দেখাদেখি, শিক্ষকদের পক্ষ থেকে উত্তর বলে দেওয়া এবং পরীক্ষার আগমুহূর্তে কেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে পাঠিয়ে দেওয়ার মতো ঘটনাগুলো এত দিন চার দেয়ালের মধ্যে ঘটে আসছিল। এখন সামাজিক গণমাধ্যমসহ ছাত্রাবাসে ঢাকঢোল পিটিয়ে প্রশ্নপত্র কেনাবেচা হচ্ছে।
দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষার সংখ্যা একদিকে বেড়েছে, অন্যদিকে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যাও। চারটি পাবলিক পরীক্ষায় (প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) প্রায় পৌনে এক কোটি শিক্ষার্থী অংশ নিচ্ছে। এসব পরীক্ষায় বিভিন্ন ভুলত্রুটি ও অসংগতি সামাজিক অস্থিরতা তৈরি করছে। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। গতকাল বুধবার অনুষ্ঠিত প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্নও পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
বগুড়ার ‘তুফানের’ ছায়া রায়পুরে-দৈনিক প্রথম আলো
বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে দিয়েছিলেন বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। তিন মাস আগের বর্বর ওই ঘটনার প্রতিবাদে এখনো দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মানববন্ধন হচ্ছে। এর মধ্যেই লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা শ্রমিক লীগের নতুন সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার এক আসামিকে। সাধারণ সম্পাদক হয়েছেন অস্ত্র, মাদক, অপহরণসহ সাত মামলার আরেক আসামি।
গত বছর ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হন কমিটির নতুন সভাপতি আজাদ হোসেন চৌধুরী। সাধারণ সম্পাদক জহির সর্দার সর্বশেষ গত জুলাই মাসেও গ্রেপ্তার হন অপহরণের একটি মামলায়। গ্রেপ্তারের পর দুজনের ছবি তুলে তখন রায়পুর থানার নামে খোলা ফেসবুক পাতায় প্রচার করেছিল পুলিশ।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
অধস্তনের মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ভারতীয় সেনার কর্নেল-দৈনিক আনন্দবাজার
সহকর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন ভারতীয় সেনার কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা। পুলিশ জানিয়েছে, ৫৬ বছরের ওই অভিযুক্ত শিমলায় আর্মি ট্রেনিং কম্যান্ডে (এআরটিআরএসি) কর্মরত।
শিমলার সদর থানার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় এআরটিআরএসি-র এক লেফ্টেন্যান্ট কর্নেল তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে থানায় আসেন। সেই সময় ওই তরুণী বেহুঁশ অবস্থায় ছিল। লেফ্টেন্যান্ট কর্নেলের অভিযোগ, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন কর্নেল পদমর্যাদার এক ব্যক্তি। অভিযোগ দায়ের করার পর পুলিশকে সঙ্গে নিয়েই ওই তরুণীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর জ্ঞান ফিরলে পুলিশের কাছে একই অভিযোগ জানায় বছর একুশের ওই তরুণী। সে রাতেই অভিযুক্ত কর্নেলকে আটক করা হয়। পরের দিন তাঁকে গ্রেফতারও করে পুলিশ।
ফের কাশ্মীরের স্বাধীনতা চাইছে হাফিজ সাঈদ-দৈনিক আজকাল
ছাড়া পেয়েই ভারতের বিরুদ্ধে সুর চড়াল হাফিজ সাঈদ। ২৬/১১ মুম্বই হামলার প্রধান আসামী আজই ছাড়া পেয়েছে জেল থেকে। তারপরেই ফের ভারতের উদ্দেশে হুঙ্কার দিলেন সাঈদ। একটি ভিডিও বার্তায় সাঈদ বলেছেন, ‘আমাকে গ্রেপ্তার করিয়ে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন থামানো যাবে না। আমি কাশ্মীরের স্বাধীনতার পক্ষেই কথা বলে যাবো। ভারতের উদ্দেশে বিদ্রুপাত্মক সুরে সাঈদ বলেছে, ‘দিল্লি অনেক চেষ্টা করতে পারে। কিন্তু কিছুই করতে পারবে না। গোটা কাশ্মীরের মানুষ আমাকে সমর্থন করেন। আমার মুক্তি আসলে কাশ্মীরের জনতারই জয়।’কাশ্মীরের জন্য আগেও লড়েছি এখনও লড়ে যাবো। গোটা বিশ্বের দরবারে আমাকে এবং পাকিস্তানকে ছোট করে দেখানোর চেষ্টা চলছে। কিন্তু সেই উদ্দেশ্য সফল হবে না।’
ইলেকট্রিক শক দিয়েই স্বীকারোক্তি আদায় পুলিশের, প্রদ্যুম্ন কাণ্ডে বিস্ফোরক কন্ডাক্টর-সংবাদ প্রতিদিন
কী অন্যায় করেছিলেন জানতেন না। গারদের ওপারে চলে গিয়েছিলেন প্রশাসন-পুলিশ-প্রভাবশালী চক্রের জেরে। ৭৫ দিন পর প্রদ্যুম্ন হত্যাকাণ্ডের অভিযোগ থেকে জামিনে মুক্ত পেলেন কন্ডাক্টর অশোক কুমার। বাড়ি পৌঁছেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
হরিয়ানার রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র প্রদ্যুম্ন ঠাকুর হত্যাকাণ্ডে কন্ডাকটরকেই দোষী সাব্যস্ত করেছিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল অশোক কুমারকে। পুলিশের তরফে জানানো হয়েছিল, বয়ানে দোষ স্বীকার করে নিয়েছিলেন অশোক। কিন্তু যেভাবে সে বয়ান আদায় করা হয়েছিল তা অকল্পনীয়। সিবিআই তদন্তের সময় থেকেই তার কিছু আঁচ মিলেছিল। জামিনে মুক্ত হয়ে অশোক কুমার সে বিষয়ে মুখ খুলেছেন। পুলিশ যে তাঁর উপর অকথ্য অত্যাচার চালিয়েছে, তা জানাতে কসুর করেননি। তাঁর স্ত্রী জানাচ্ছেন, উলটোদিকে ঝুলিয়ে বেধড়ক মারধর তো করা হয়েইছে, এমনকী ইলেকট্রিক শকও দেওয়া হয়েছে। মাদক সেবন করিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল বলে অভিযোগ অশোক কুমারের স্ত্রীর।
পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে ভার যাওয়ার পর থেকেই তদন্তের গতিপ্রকৃতি বদলে গিয়েছিল। জানা যাচ্ছিল, কন্ডাক্টর দোষী নন। বস্তুত, পুলিশ অশোক কুমারের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল তার কোনও যৌক্তিকতাই খুঁজে পাচ্ছিলেন না কেন্দ্রীয় গোয়েন্দারা। দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে কী উদ্দেশ্যে একজন কন্ডাক্টর হত্যা করবেন, তার কোনও মোটিভ পাচ্ছিলেন না তাঁরা। এমনকী যৌনতার যে তত্ত্ব খাড়া করেছিল পুলিশ তাও ধোপে টেকেনি। তাঁদের তদন্তে উঠে আসে অন্য তথ্য। জানা যায়, প্রভাবশালীর পুত্রকে বাঁচাতেই পুলিশ নির্দোষ কন্ডাক্টকরের বিরুদ্ধে দোষ চাপিয়েছিল। পুরোটাই সাজানো গল্প। এরপরই অশোক কুমারের জামিন চান তাঁর আইনজীবী। অবশেষে তা মঞ্জুর হয়েছে। আবার নিজের পরিবারের কাছে ফিরেছেন নির্দোষ কন্ডাক্টর।
গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কথার লড়াই মোদি চা-ওয়ালা, রাহুল বার-ওয়ালা-জি-নিউজ
গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জয়ে উঠেছে ভারতের দুই শীর্ষ রাজনৈতিক দলের কথার লড়াই। এরই জের ধরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চা-ওয়ালা বলে খোঁচা দিয়ে বিতর্কিত ট্যুইট করেছিল কংগ্রেসের অনলাইন ম্যাগাজিন 'যুবাদেশ'।
তার পাল্টা জবাবে রাহুল গান্ধীর দলকে আক্রমণ করতে গিয়ে আমেদাবাদ পূর্বের বিজেপি সাংসদ পরেশ রাওয়াললের ট্যুইট, ''আপনাদের বার-ওয়ালার চেয়ে অনেক ভাল আমাদের চা-ওয়ালা। ''
জি নিউজের খবর, পরেশ রাওয়ালের ট্যুইটকে হাতিয়ার করে আবারও কথার লড়াইয়ে নামে কংগ্রেস। তাদের বক্তব্য, চা-ওয়ালার চেয়েও এটা অত্যন্ত কুরুচিকর ট্যুইট। সমালোচনার মুখে ক্ষমা চেয়ে পরে অবশ্য ট্যুইটটি মুছে দেন পরেশ রাওয়াল। ওদিকে, গোটা দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার পর 'যুবাদেশ'ও তাদের ট্যুইটটি মুছে দিয়েছে। গুজরাট ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় দুই দলের লড়াই জমে উঠেছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩