নভেম্বর ২৪, ২০১৭ ১২:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! স্বাগত জানাচ্ছি ২৪ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর আধা বেলা হরতাল-দৈনিক ইত্তেফাক
  • মধ্যবিত্তের খরচ বাড়ছে-দৈনিক প্রথম আলোতাজরীন ট্র্যাজেডি-১১৩ শ্রমিকের মৃত্যু, পাঁচ বছরেও মালিকের শাস্তি হয়নি-দৈনিক
  • যুগান্তর
  • বিএনপিকে ভোট দিয়ে অশান্তি ফিরিয়ে আনবে না জনগণ: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • সরকারই গুমকে স্বীকৃতি দিয়েছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
  • বাংলাদেশ-মিয়ানমার চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি বিএনপির-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • ‘হারামজাদা’ কারা? আপনি! মোদীকে বিঁধে বিতর্কে সূর্য-দৈনিক আনন্দবাজার
  • ঢুকেছে ২৫ আল কায়দা জঙ্গি-দৈনিক আজকাল
  • গুরুংয়ের সুরক্ষায় উদ্যোগী বিজেপি, ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তার সুপারিশ-সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

বিএনপিকে ভোট দিয়ে অশান্তি ফিরিয়ে আনবে না জনগণ: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন

সংসদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোটের কঠোর সমালোচনা করে বলেছেন, যারা জ্যান্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে, সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে, জনগণের টাকা চুরি করে বিদেশে পাচার করে, যাদের দুর্নীতিতে আগাগোড়া মোড়া। যাদের এত গুণ তাদের জনগণ কেন ভোট দেবে? তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কীভাবে? বাংলাদেশের মানুষের প্রতি আমার বিশ্বাস আছে, যাদের বিবেক আছে তারা অন্তত ওদের (বিএনপি-জামায়াত) কোনোদিন ভোট দেবে না, ভোট দিতে পারে না। তাদের ভোট দিয়ে আর অশান্তি টেনে আনবে না। এই আপদকে ফিরিয়ে আনবে না। তাই ওদের স্বপ্ন দেখে কোনো লাভ নেই, বড় বড় কথা বলেও লাভ নেই। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের সমাপনী ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষ শান্তি চায়, উন্নতি চায়।

বিশ্বে সৎ রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয়: কাদের- যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিশ্বের ১৭৩ দেশের সৎ রাজনীতিবিদদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তৃতীয় নম্বরে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সততার এই বিশ্বস্বীকৃতির কারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হওয়ার দৃঢ় আশাবাদ জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমি আস্থাশীল, দেশ উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে সততা, দক্ষতার কোনো বিকল্প নেই। আজকে বিশ্বস্বীকৃত সৎ রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭৩  দেশের সৎ রাজনীতিবিদ হিসেবে আমাদের প্রধানমন্ত্রীর অবস্থান তৃতীয় নম্বরে। কাজেই সততা-দক্ষতায় আজ যিনি বিশ্বস্বীকৃত, তার নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হব।

সরকারই গুমকে স্বীকৃতি দিয়েছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, গুমকে স্বীকৃতি দিয়ে তার দায় সরকার নিজেই স্বীকার করে নিয়েছে।

আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।পৃথিবীর অন্যান্য দেশেও তো গুম হয়- জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এর মানে তিনি স্বীকার করছেন, অন্য দেশে গুম হয়, আমার দেশেও হয়। সুতরাং গুমের দায় প্রধানমন্ত্রী নিজে স্বীকার করে নিলেন এবং গুমকে স্বীকৃতি দিলেন। রিজভী বলেন, গুম রাষ্ট্রের পক্ষে থেকে করা হয়। যাদের গুম করা হয়, তারা অধিকাংশ বিরোধী দলের নেতাকর্মী, চিকিৎসক, পেশাজীবী ও সাংবাদিক। কেউ বাদ নেই গুম থেকে। যদি কেউ কোনো কারণে সরকারের স্বার্থের বাইরে কাজ করেন তাহলে তিনি গুম হন। রিজভী বলেন, গুম রাষ্ট্রের পক্ষে থেকে করা হয়। 

গুম হয় আবার তো ছাড়াও পেয়ে যায়- প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, এর মানে উনি স্বীকার করে নিচ্ছেন, গুম করে রাখা হয়। স্বার্থের বিষয়টা একটা নির্দিষ্ট জায়গায় আসলে তখন ছেড়ে দেওয়া হয়। আর যখন স্বার্থের বিষয় মিলবে না তখন তিনি চির দিনের জন্য গুম হয়ে যাবে। যেমন বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সুমন চির দিনের জন্য গুম হয়েছে। সরকারের নির্দেশে গুম হয় উল্লেখ করে তিনি বলেন, সরকারের ইচ্ছায় অনেক দিন পর কেউ কেউ বের হয়ে আসে আবার চিরস্থায়ীভাবে কেউ কেউ গুম হয়। গতকাল সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী নিজের এটা স্বীকার করেছেন। এই দু:শাসন এদেশের আর চলবে না - বলে প্রধানমন্ত্রীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী

তাজরীন ট্র্যাজেডি-১১৩ শ্রমিকের মৃত্যু, পাঁচ বছরেও মালিকের শাস্তি হয়নি-দৈনিক যুগান্তর

আজ তাজরীন ট্র্যাজেডি দিবসের পাঁচ বছর পূর্ণ

আজ তাজরীন ট্র্যাজেডি দিবসের পাঁচ বছর পূর্ণ হচ্ছে। ২০১২ সালের এ দিন আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়।এতে ভেতরে আটকা পড়ে অন্তত ১১৩ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়া আহত ও দগ্ধ হন আরও দুই শতাধিক শ্রমিক। অভিযোগ আছে, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত সব শ্রমিককে ক্ষতিপূরণ দেয়া হয়নি। আর মালিক দেলোয়ার হোসেনের কোনো শাস্তি হয়নি। এদিকে এ দুর্ঘটনায় পঙ্গু সদস্যদের নিয়ে নিদারুণ কষ্টে আছে তাদের পরিবার।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক এ কে এম মহসিনুজ্জামান খান ২০১২ সালের ২২ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিজিএম) আদালতে তাজরীন ফ্যাশনের এমডি দোলোয়ারসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে দুর্ঘটনার প্রায় ৩ বছর পর বিচার কার্যক্রম শুরু হয়। অভিযোগ গঠনের দুই বছর পরেও বিচার না হওয়ায় নিহত শ্রমিকদের স্বজন ও শ্রমিক সংগঠনের মধ্যে ক্ষোভ রয়েছে।

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর আধা বেলা হরতাল-দৈনিক ইত্তেফাক

Image Caption

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার সারাদেশে আধা বেলা হরতাল ডেকেছে কয়েকটি বাম দল। ওই দিন সকাল ছয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে। বৃহস্পতিবার বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ডাক দেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চা। 

এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, গণশুনানিতে বিইআরসি, ভোক্তা সংগঠন ক্যাব ও বাসদসহ বামপন্থী দলগুলোর মূল্য বৃদ্ধির বিরুদ্ধে দেয়া বক্তব্যের বিপরীতে কোন যুক্তি দিতে পারে নাই। তার পরও রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে কতিপয় মুনাফালোভী ব্যবসায়ীর মুনাফার স্বার্থে বিদ্যুতের দাম বৃদ্ধির এই ঘোষণা বিইআরসির গণশুনানিকে আবারো গণতামাশা বলে প্রতীয়মান করলো।

 

গণতান্ত্রিক বামমোর্চা

বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই চাল, ডাল, তেল, নুন, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত। এর পর বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা মরার উপর খাড়ার ঘা’র সামিল।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১ মার্চ থেকে এ পর্যন্ত মোট আটবার বিদ্যুতের খুচরা দাম বাড়ানো হয়। এবার পাইকারি দাম বাড়ানোর আবেদন থাকলেও তা আমলে নেয়া হয়নি। পাইকারি দাম না বাড়িয়ে সরকার সেখানে ভর্তুকি দিবে। তাতে বছরে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

মধ্যবিত্তের খরচ বাড়ছে-দৈনিক প্রথম আলো

দাম কমানোর পক্ষে যেসব যুক্তি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছিল, তা কোনো কাজে লাগেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর আদেশ ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কারওয়ান বাজারে টিসিবি ভবনের কার্যালয়ের শুনানিকক্ষে এই আদেশ ঘোষণা করা হয়।

ঘোষিত আদেশ অনুযায়ী সারা দেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে গড়ে ৫ দশমিক ৩ শতাংশ। প্রতি ইউনিটে গড়ে ৩৫ পয়সা। আগামী ১ ডিসেম্বর থেকে এই বাড়তি দাম কার্যকর হবে। অর্থাৎ গ্রাহক ডিসেম্বর মাসে যে বিদ্যুৎ ব্যবহার করবেন এবং জানুয়ারি মাসে যে বিল দেবেন, সেই বিল দিতে হবে বর্ধিত দামে।

এবারের মূল্যবৃদ্ধির আর্থিক চাপ বহন করতে হবে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত গ্রাহকদের।

অরণ্যে রোদন-গণতন্ত্র নাকি উন্নয়ন? কেন নয় দুই–ই 

বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক তার নিবন্ধের শিরোনাম করেছে এমনটি আর ছাপা হয়েছে প্রথম আলো পত্রিকায়। সেখানে বলা হয়েছে

আনিসুজ্জামান স্যারের একটা কথা তাড়িয়ে ফিরছে। জীবনানন্দ দাশের কবিতার ভাষায় বলতে হয়, ‘আমি তাকে পারি না এড়াতে।’ ৮ নভেম্বর সংবিধান দিবসের আলোচনায় তিনি বলেন, ‘আজ মনে হয়, ১৯৭১ থেকে আমরা দূরে, বহু দূরে চলে এসেছি এবং ১৯৭১-এর পূর্ববর্তী ২৪ বছরের সংগ্রাম ও অর্জনের ধারার সঙ্গে তুলনা করলে তার পরবর্তী ৪৬ বছরের ধারাকে পশ্চাদপসরণ ও বিসর্জনের ইতিহাস বলতে হবে।’

আনিসুজ্জামান স্যারের কথা দুর্ভাবনা বাড়ায়। স্বাধীনতার ৪৬ বছরে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, বৈষম্যহীনতা, মানবাধিকার—এসব ক্ষেত্রে আমরা আসলেই এগোলাম, নাকি পেছালাম?

বাংলাদেশ-মিয়ানমার চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি বিএনপির-দৈনিক ইনকিলাব

বিএনপি

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।

শুক্রবার এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কী চুক্তি হয়েছে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।

এর আগে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বৃহস্পতিবার মিয়ানমারের প্রশাসনিক রাজধানী নেপিদোতে এ চুক্তি সই হয়।

রোহিঙ্গা ফেরতের চুক্তি ‘স্টান্ট’: এইচআরডব্লিউ-দৈনিক মানবজমিন

বিল ফ্রেলিক

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি হয়েছে সেটাকে ‘স্টান্ট’ বলে অভিহিত করেছেন হিউম্যান রাইটস ওয়াচের শীর্ষ এক কর্মকর্তা। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটির শরণার্থী অধিকার বিষয়ক পরিচালক বিল ফ্রেলিক বলেছেন, ‘রোহিঙ্গাদের ভস্ম হয়ে যাওয়া গ্রামগুলোতে বার্মা এখন তাদের উন্মুক্ত বাহুডোরে ফেরত নেবে এমন ধারণা হাস্যকর।’

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

ঢুকেছে ২৫ আল কায়দা জঙ্গি-দৈনিক আজকাল

আনসারুল্লা বাংলা টিম

আল কায়দার সহযোগী জঙ্গিগোষ্ঠী আনসারুল্লা বাংলা টিম (‌এবিটি)–এর ২০–২৫ জন সদস্য এখনও ভারতেই রয়েছে। এ রাজ্যে ধৃত দুই জঙ্গিকে জেরা করে সেরকম তথ্যই মিলেছে। উত্তরপ্রদেশ, হায়দারাবাদ এবং পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে ‘স্লিপার সেল’ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংগঠনটি। 

কাদের মদতে দেশের মাটিতে তারা জাল বিস্তার করছে, সে বিষয় খোঁজখবর করতে বৃহস্পতিবার লালবাজারে হাজির হন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (‌এনআইএ)‌–র দুই অফিসার। এসেছিলেন হায়দরাবাদ পুলিসের ‌এটিএস–এর অফিসাররাও। এমনকি, দেশের সীমানার সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ–ও‌ হাজির হয়ে যায় কলকাতা পুলিসের সদর দপ্তরে। দীর্ঘক্ষণ তারা দুই সন্দেভাজন জঙ্গি তানভির ওরফে সামসাদ এবং রিয়াজুলকে জেরা করে। নতুন নতুন তথ্যও উঠে এসেছে। কিন্তু এখনই এ সব বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছেন না গোয়েন্দারা।

গুরুংয়ের সুরক্ষায় উদ্যোগী বিজেপি, ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তার সুপারিশ-সংবাদ প্রতিদিন

গুরুংয়ের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করছে বিজেপি সরকার

রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত বিমল গুরুংয়ের জন্য বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তাঁর জন্য ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, গুরুং যাতে নিরাপত্তার ঘেরাটোপে বাইরে আসতে পারেন, সে জন্য মোর্চার তরফে ওই মর্মে আবেদন করা হয়। গুরুংকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব ও দার্জিলিংয়ের সাংসদ এস এস আলুওয়ালিয়া স্বরাষ্ট্রমন্ত্রকে মধ্যস্থতা করছেন বলে জানা গিয়েছে। এদিকে ওই সুপারিশের খবর জানাজানি হতেই চাঞ্চল্য চরমে। ইউএপিএ-তে অভিযুক্ত গুরুংকে কীভাবে এমন নিরাপত্তা দেওয়া সম্ভব, প্রশ্ন উঠছে তা নিয়েই। বিষয়টি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক মহলে পৌঁছেছে। তাঁরা বিষয়টিতে নজর রাখছেন।

‘হারামজাদা’ কারা? আপনি! মোদীকে বিঁধে বিতর্কে সূর্য-দৈনিক আনন্দবাজার

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র

উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে মাথা চাড়া দিয়েছিল যে বিতর্ক, তা-ই এ বার এল বাংলায়! সিপিএমের হাত ধরে!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে বিঁধতে গিয়ে বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ব্যবহার করলেন ‘হারামজাদা’ শব্দটি। ইউসিআরসি-র আয়োজনে এ দিন রানি রাসমণি অ্যাভিনিউয়ে উদ্বাস্তু সমাবেশে সূর্যবাবুর অভিযোগ, ক্ষমতায় আসার আগে থেকেই মোদীর দলের অবস্থান উদ্বাস্তু সমস্যা সমাধানের পক্ষে নয়। সেই সূত্রেই তাঁর মন্তব্য, ‘‘প্রধানমন্ত্রী এর মধ্যে অনেক বড় বড় কথা বলেছিলেন। রামজাদা-হারামজাদা, কত কথা শুনেছিলাম। আমরা বলছি, যদি হারামজাদা কেউ হয়ে থাকে, তা হলে আপনি! আপনারা! যাঁরা দিল্লিতে সরকার চালাচ্ছেন।’’

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪