নভেম্বর ২৬, ২০১৭ ১৩:৩১ Asia/Dhaka

একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর সুপ্রিয় পাঠক/শ্রোতা! স্বাগত জানাচ্ছি ২৬ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রাজনীতিকরা দুর্নীতিমুক্ত হলে দেশের দুর্নীতি অর্ধেক কমে যাবে :কাদের-দৈনিক ইত্তেফাক
  • টিআইবির গবেষণা প্রতিবেদন-স্বর্ণ খাতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই-দৈনিক প্রথম আলো
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে ১৯ দফার চুক্তিতে যা আছে-দৈনিক যুগান্তর
  • সাভারে নারী এসআই-এর আত্মহত্যা-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা আব্বাস-দৈনিক নয়া দিগন্ত
  • এত বড় কূটনৈতিক সফলতা আগে কখনো আসেনি -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • তৃণমূল অভিষেকের সম্পত্তি: মুকুল-দৈনিক আনন্দবাজার
  • ‘মন কি বাত’–এ মুম্বই হামলা স্মরণ মোদির ‌-দৈনিক আজকাল
  • ‘হিন্দু জনসংখ্যা বাড়াতে প্রত্যেক দম্পতিকে চার সন্তানের জন্ম দিতে হবে’-সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

পিলখানা হত্যা মামলা: রায় পড়তে সময় লাগবে কয়েকদিন-দৈনিক যুগান্তর

বিডিআর হত্যাকাণ্ড

পিলখানা হত্যা মামলার রায় পড়া শুরু হয়েছে রোববার সকাল থেকে। বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বৃহত্তর হাইকোর্ট বেঞ্চ এ রায় দিচ্ছেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।এদিকে ১০ হাজার পৃষ্ঠার এ রায় পড়তে কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন হাইকোর্ট। রায়ের সার সংক্ষেপ পড়ার সময় আদালত একথা জানান।

২০১৩ সালের ৫ নভেম্বর এই হত্যা মামলায় ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড, ১৬১ জনকে যাবজ্জীবন ও ২৭৭ জনকে বেকসুর খালাস দিয়ে রায় দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান।

‘সাজা নিয়ে তিন বিচারপতিই একমত’-দৈনিক প্রথম আলো

২০০৯ সালে পিলখানা হত্যা মামলায় কয়জন আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে, কয়জন আসামির যাবজ্জীবন বহাল থাকবে, কতজন খালাস পাবেন—এসব দণ্ডের ব্যাপারে তিন বিচারপতিই একমত হয়েছেন বলে আদালত জানিয়েছেন। পিলখানা হত্যা মামলার রায় নিয়ে আজ রোববার বেলা দেড়টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সে সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এই মামলায় এক বছরেরও বেশি সময় ধরে শুনানি হয়েছে। আজ এই মামলার রায় পড়ছেন আদালত।

এত বড় কূটনৈতিক সফলতা আগে কখনো আসেনি -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে বাংলাদেশ যে সফলতা অর্জন করেছে এর আগে এত বড় সফলতা আর আসেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। জাতির পিতার নীতি ছিল কারো সঙ্গে বৈরিতা নয়, সবার সঙ্গে ভাল সম্পর্ক রেখে চলা। আমরা জাতির পিতার নীতিতে পথ চলছি। মিয়ানমার থেকে ৬-৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ তাদের পাশে দাঁড়িয়েছে। সকল শ্রেণি পেশার মানুষ সর্বাত্মক সহযোগিতা করছে। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে তুলে ধরেছি। রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ^ই এখন বাংলাদেশের পাশে আছে।

সরকারের নির্দেশে গুমের ঘটনা ঘটেছে -খন্দকার মোশাররফ-দৈনিক ইনকিলাব

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুমের ঘটনা ঘটেছে। এটা আমাদের দুর্ভাগ্য। গত নয় বছরে ৪০০ গুমের ঘটনা ঘটেছে। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পৃথিবীর কোনও দেশে গুমের ঘটনা ঘটছে কেউ দেখাতে পারবে না।গুমের ঘটনায় প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে গুম, খুন ও নির্যাতন বন্ধের দাবিতে করণীয় শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের প্রধান স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে সরকার। প্রধান বিচারপতিকে পদত্যাগের মাধ্যমে নিম্ন আদালতও করায়ত্তে নিতে চায় সরকার।

রাজনীতিকরা দুর্নীতিমুক্ত হলে দেশের দুর্নীতি অর্ধেক কমে যাবে :কাদের-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিকরা দুর্নীতিমুক্ত থাকলে দেশের দুর্নীতি স্বয়ংক্রিয়ভাবে অর্ধেক কমে যাবে। যারা রাজনীতি করেন তাদের মধ্যে ক’জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সত্, আমি শতভাগ সত্ মানুষ। এখানেই সমস্যা।

গতকাল শনিবার সকালে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় ‘৭ই মার্চ:আলোকের ঝরনাধারা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি।

বঙ্গবন্ধুকে সততার আদর্শ হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের বলেন, ‘সততা ও সাহসিকতার বিরল দৃষ্টান্ত রেখে গেছেন বঙ্গবন্ধু। আমরা যারা রাজনীতি করি এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি। নিজ দলের তথ্য ও গবেষণা উপ-কমিটির অনুষ্ঠানে মন্ত্রীদের না আনার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী ছাড়া অনুষ্ঠান কেন হবে না। এতগুলো বিজ্ঞ মানুষ, এত ভালো কথা বলেন এরপরও মন্ত্রী বারবার কেন?’

খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা আব্বাস-দৈনিক নয়া দিগন্ত

বিএনপি নেতা মির্জা আব্বাস

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আজকে আওয়ামী লীগ জিয়া পরিবার ও জনগণকে সবচেয়ে বেশি ভয় পায়। এ জন্যই তারা আগামী নির্বাচন এবং খালেদা জিয়া ও তারেক রহমান নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু এ কথা স্পষ্টভাবে বলছি- এই সরকারে অধীনে এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবেনা।

রোহিঙ্গা প্রত্যাবাসনে ১৯ দফার চুক্তিতে যা আছে-দৈনিক যুগান্তর

রোহিঙ্গা

রোহিঙ্গা প্রত্যাবাসনে ঢাকা-নেপিদো স্বাক্ষরিত ১৯ দফার চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ। ২৩ নভেম্বর চুক্তিটি সই হয়। ‘অ্যারেঞ্জমেন্ট অন রিটার্ন অব ডিসপ্লেসড পারসনস ফ্রম রাখাইন স্টেট’ নামের ছয় পৃষ্ঠার এ চুক্তিতে ১৯টি দফা রয়েছে। চুক্তির কোথাও রোহিঙ্গা শব্দ উল্লেখ করা হয়নি। তাদের বাস্তুচ্যুত বলে উল্লেখ করা হয়েছে। চুক্তির শুরুতেই স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে বাস্তুচ্যুতদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যাচাই সম্পাদন করার কথা বলা হয়। চুক্তির প্রথম দফায় বলা হয়, রাখাইন থেকে বাস্তুচ্যুতদের দ্রুত ফেরত পাঠানো শুরু করতে হবে এবং দুই পক্ষের সম্মতিতে একটা সময়সীমা দিয়ে তার মধ্যে ফেরত পাঠানো সম্পাদন করতে হবে।

২য় দফা: বাস্তুচ্যুতরা যাতে বাংলাদেশে আসা বন্ধ করে, সেজন্য পদক্ষেপ নিতে রাজি হয়েছে মিয়ানমার।

৩ য় দফা: বলা হয়, রাখাইনে বর্তমানে বসবাসরতদের নাগরিকত্ব দেয়ার লক্ষ্যে পরিচালিত জাতীয় যাচাইয়ের চেয়ে পৃথকভাবে যাচাই সম্পন্ন করতে হবে। পালিয়ে আসা বাস্তুচ্যুতরা অতীতে সেখানে ছিলেন কিনা, তার প্রমাণই হবে যাচাইয়ের ভিত্তি।

৪র্থ দফা: দুই সরকারই প্রয়োজনমতো ইউএনএইচসিআরের সহায়তা নেবে। বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে ইউএনএইচসিআরের সহায়তা নেবে। মিয়ানমার যখন প্রয়োজন হবে, তখন উপযুক্ত সময়ে সহায়তা নেবে।

৫ম দফা:  সন্ত্রাসী কিংবা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে মিয়ানমার ফিরে যাওয়াদের অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার জন্য তাদের বিচার করবে না কিংবা শাস্তি দেবে না। 

 ৬ষ্ঠ দফা:, বাংলাদেশ ২০১৭ সালের ২৫ আগস্ট এবং ২০১৬ সালের ৯ অক্টোবরের পর মিয়ানমার থেকে আসা ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত দেবে।

চুক্তির ১১, ১২ ও ১৩ দফায় বলা হয়, চুক্তি সইয়ের তিন সপ্তাহের মধ্যে যাচাই সম্পাদনে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে হবে। যাচাইয়ের সময়সীমা, পরিবহন, গ্রহণের প্রক্রিয়া, পারস্পরিক যোগাযোগ প্রক্রিয়া দ্রুত সম্পাদন করতে হবে। চুক্তি সইয়ের দুই মাসের মধ্যে প্রথম ব্যাচের প্রত্যাবাসন সম্পাদনের মাধ্যম কাজটি শুরু করতে হবে।

 ১৪ দফা:  মিয়ানমারে ফিরে যাওয়াদের বসতি, জীবন ও জীবিকায়নে সহায়তার জন্য ইউএনএইচসিআর ও জাতিসংঘের অপরাপর সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের ফিরে যাওয়াদের সহায়তার জন্য বিভিন্ন পর্যায়ে আমন্ত্রণ জানানো হবে।

 ১৫তম দফা:  দুই সরকার সীমান্তে নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। 

১৬ দফায় বলা হয়েছে, উভয় সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ, চোরাচালান, মাদক পাচার, মানব পাচার প্রভৃতির বিরুদ্ধে কাজ করবে। সন্ত্রাসীদের একে অন্যের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। 

১৭ দফায় বলা হয়েছে, প্রত্যাবাসন সম্পন্ন হওয়ার পর কেউ যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে উভয় সরকার সহযোগিতা করবে। 

১৮তম দফায় বলা হয়েছে, একই ধরনের সমস্যার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে একটি বিস্তৃত সমাধানের লক্ষ্যে উভয় সরকারই কাজ করবে। মিয়ানমার সরকার কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে। 

১৯ দফায় বলা হয়েছে, উভয়পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের উন্নয়নে কাজ করবে।

রংপুর সিটি নির্বাচন স্বচ্ছ-নিরপেক্ষ হবে-সিইসি: দৈনিক প্রথম আলো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের মতো আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। সেই অনুযায়ী সব পদক্ষেপ নেওয়া হবে।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে সিটি করপোরেশন এলাকার স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেছেন, দুটি সিটি করপোরেশন নির্বাচন, ৪০৭টি স্থানীয় পর্যায়ে এবং দুটি জাতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। সে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ বা প্রতিক্রিয়া তৈরি হয়নি। তাই রংপুর সিটি করপোরেশন নির্বাচন প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

কিছু জটিলতার কারণে স্মার্ট কার্ড বিতরণে দেরি হয়েছে উল্লেখ করে সিইসি কে এম নূরুল হুদা বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বর নাগাদ আমরা ৯ কোটি ৪০ লাখ স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করতে পারব।’

টিআইবির গবেষণা প্রতিবেদন-স্বর্ণ খাতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই-দৈনিক প্রথম আলো

টিআইবির গবেষণা প্রতিবেদন

দেশে স্বর্ণ খাতের ওপর সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। স্বর্ণ ও স্বর্ণালংকারের মান ও বাজার নিয়ন্ত্রণ করেন ব্যবসায়ীরা। স্বর্ণ খাত জবাবদিহিহীন, হিসাব-বহির্ভূত, কালো বাজার নির্ভর। এই অবস্থায় স্বর্ণ খাতকে একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামোর আওতায় আনা জরুরি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। আজ রোববার সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি তুলে ধরা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশে দৈনিক ২৫ কোটি টাকার স্বর্ণ লেনদেন হয়। চাহিদার সিংহভাগ স্বর্ণ আসে চোরাচালানের মাধ্যমে। চোরাচালানের বিরুদ্ধে সম্প্রতি শুল্ক গোয়েন্দা বিভাগ সক্রিয় হয়েছে। কিন্তু বাস্তবে চোরাকারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির খুবই কম। তিনি বলেন, স্বর্ণ খাতের জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রয়োজন।

সাভারে নারী এসআই-এর আত্মহত্যা-দৈনিক মানবজমিন

পুলিশ কর্মকর্তা তাহমিনা আক্তারের আত্মহত্যা

সাভার মডেল থানায় কর্মরত এস আই তাহমিনা আক্তারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহতের স্বামী মোবারক হোসেন পাশের একটি কক্ষে নিজের সন্তানকে খাওয়াচ্ছিলেন। শনিবার রাত ৯ টার দিকে থানার ভেতরের পুলিশ কোয়ার্টারের নিজ কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। নিহত তাহমিনা আক্তার (৩০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জয়দা গ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামী মোবারক হোসেন বেসরকারী ডেভলপার কোম্পানিত চাকুরী করেন বলে জানা গেছে। তাদের তানভীর হোসেন (৫) ও মাহেরা নামে পাঁচ মাসের দুটি সন্তান রয়েছে। নিহত তাহমিনা আক্তার ৬ মাসের মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। আগামী ডিসেম্বরের ৮ তারিখে তার কর্মস্থল সাভার মডেল থানায় কাজে যোগদানের কথা ছিলো। তাহমিনার স্বামী মোবারক হোসেন জানান, তাহমিনা বেশ কিছুদিন ধরে অসুস্থ্য ছিলো। এদিকে তাহমিনার লাশ উদ্ধারের সময় নিহতের কক্ষ থেকে একটি সুইসাইডাল নোট জব্দ করেছে পুলিশ। তবে তাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা আত্মহত্যা। তবে কি কারনে সে আত্মহত্যা করেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

‘হিন্দু জনসংখ্যা বাড়াতে প্রত্যেক দম্পতিকে চার সন্তানের জন্ম দিতে হবে: হিন্দু নেতা-দৈনিক সংবাদ প্রতিদিন

হিন্দু নেতা গোবিন্দ দেব গিরি

দেশে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমছে। ফলে জনসংখ্যার ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তাই প্রত্যেক হিন্দু দম্পতির উচিত অন্তত চারটি করে সন্তানের জন্ম দেওয়া। এর ফলে হিন্দুদের জনসংখ্যা বাড়বে ও দেশের মোট জনসংখ্যার নিরিখে হিন্দুদের সংখ্যায় ভারসাম্য বজায় থাকবে। কর্নাটকের উড়ুপিতে বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথাই বললেন প্রবীণ হিন্দু নেতা গোবিন্দ দেব গিরি।

তিনি বলেন, ‘জনসংখ্যায় হিন্দুদের ভারসাম্য বজায় রাখতে প্রত্যেক দম্পতির উচিত চারটি করে সন্তানের জন্ম দেওয়া।’ দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়ার আগেই এই কাজ সেরে ফেলার পক্ষে সরব হন তিনি।

‘মন কি বাত’–এ মুম্বই হামলা স্মরণ মোদির ‌-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আট বছর আগে এই দিনেই রক্তাক্ত হয়েছিল মুম্বই। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার আক্রমণে ২০০৮ সালে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। আহত ৩০০–র বেশি। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই ঘটনাকেই স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদ মানবতার শত্রু, বিশ্বের বোঝা। তাঁর কথায়, ‘মুম্বইতে ২৬/‌১১ হামলায় যে সমস্ত সাহসী পুরুষ এবং মহিলা প্রাণ হারিয়েছেন তাঁদের কুর্নীশ করছি। যখন আমরা আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে সরব হয়েছিলাম কেউ তার গুরুত্ব দেয়নি।’ এখন অন্যান্য দেশও সন্ত্রাসের ধ্বংসাত্মক দিক নিয়ে উদ্বিগ্ন।

তৃণমূল অভিষেকের সম্পত্তি: মুকুল-দৈনিক আনন্দবাজার

মুকুল রায়

তৃণমূল আসলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে—শনিবার এই অভিযোগ করলেন সদ্য বিজেপি-তে যাওয়া একদা তৃণমূলের দু’নম্বর নেতা মুকুল রায়। তাঁর দাবি, তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ এবং ‘মা-মাটি-মানুষ’-এর ট্রেডমার্ক অভিষেক নিজের নামে নথিভুক্ত করিয়েছেন। তিনি ঘাসফুল প্রতীকের স্বত্বাধিকার চেয়েও আবেদন করেছেন। মুকুলের আরও দাবি, ‘‘অভিষেকের পক্ষ নিয়ে এক ব্যক্তি আলিপুরদুয়ারে মামলা করেছেন। সেই মামলায় হলফনামা দিয়ে অভিষেকই জানিয়েছেন, ট্রেডমার্ক ও লোগো বিষয়ে তিনি যা করেছেন, সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি নিয়ে। অভিযোগ খণ্ডনে নেমে পড়েছে তৃণমূলও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬