নভেম্বর ৩০, ২০১৭ ১২:৫৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বৈদেশিক সহায়তার বড় ২৮ প্রকল্পে ধীরগতি-দৈনিক ইত্তেফাক
  • বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়ায় আইনমন্ত্রীর স্বাক্ষর-দৈনিক যুগান্তর
  • বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালিত-দৈনিক যুগান্তর
  • মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাড়ছে-দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা- দৈনিক প্রথম আলো
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মূল নির্মাণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত
  • আগাম নির্বাচনে প্রস্তুত ইসি-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • এ কেমন বর্বরতা, ৮৮ ছাত্রীকে নগ্ন করে শাস্তি দিল শিক্ষকরা-আনন্দবাজার
  • অগ্নিমূল্য তরিতরকারি, চিন্তায় ক্রেতা–বিক্রেতা-দৈনিক আজকাল
  • অরুণাচল-কাশ্মীর ভারতের বাইরে, ভূগোলের ম্যাপ দেখিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপির-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা- দৈনিক প্রথম আলো

বিএনপি চেয়ারপরাসন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশিবাজারস্থ কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালত এ আদেশ দেন।

৩০ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন খালেদা জিয়া। কিন্তু আজ বিভিন্ন বাম সংগঠনের অর্ধদিবস হরতাল থাকায় আদালতে হাজিরা দিতে না পেরে সময়ের আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এ আবেদন না মঞ্জুর করে ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর এ মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন আদালত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মূল নির্মাণ কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর-দৈনিক নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের মূল নির্মাণ কাজের উদ্বোধন করেন। সকালে প্রধানমন্ত্রী উত্তর পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণস্থলে যে ভিতের ওপর পারমাণবিক চুল্লি তৈরী হবে তাতে কংক্রিট ঢালাই শুরু করে নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই বিদ্যুৎ কেন্দ্র ২০২৪ সালের মধ্যে জাতীয় গ্রিডে ২৪০০ মেগাওয়াট বিদ্যুতের যোগান দেবে। রোসাটামের মাধ্যমে রাশিয়ার আর্থিক, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ আণবিক শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ আণবিক শক্তি কমিশন ও জেএসসি অ্যাটমস্ট্রোক্সপোর্ট-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বৈদেশিক সহায়তার বড় ২৮ প্রকল্পে ধীরগতি-দৈনিক ইত্তেফাক

বৈদেশিক সহায়তানির্ভর বড় ২৮ প্রকল্পে কাঙ্ক্ষিত গতি নেই। এসব প্রকল্পে চলতি অর্থবছর বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটির পূর্ণাঙ্গ ব্যয় সম্ভব হচ্ছে না। প্রকল্প অনুমোদনের পরেও সময়মতো চুক্তি স্বাক্ষর না হওয়ায় এর একটি বড় কারণ।

 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন হলেও চীন এখনো চুক্তি স্বাক্ষর করেনি। ডিসেম্বর নাগাদ এই চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা থাকলেও চলতি অর্থবছরের বাকি সময়ে এ প্রকল্পে বরাদ্দের বড় অংশ খরচ করা সম্ভব নয়। ৫টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন প্রকল্পটি গত মার্চে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এ প্রকল্পেও চুক্তি স্বাক্ষর করেনি চীন।

আগাম নির্বাচনে প্রস্তুত ইসি-দৈনিক ইনকিলাব

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

সংবিধান অনুযায়ী ২০১৮ সালের শেষের দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা থাকলেও আগাম নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রার্থী ও ভোটারবিহীন নির্বাচন নিয়ে ‘বিতর্ক’ এখনো পিছু ছাড়েনি। দেশের সুশীলসমাজ ও বিশেষজ্ঞরা ছাড়াও জাতিসংঘ, প্রভাবশালী দেশ, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দূতিয়ালি করছে। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে ‘নির্বাচনী রোডম্যাপ’ অনুযায়ী অগ্রসর হচ্ছে নির্বাচন কমিশন। 

গতকালও প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। এর আগে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টিরিংকের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আলোচনার পর সিইসির সঙ্গে কথা হয় সাংবাদিকদের।

উল্লেখ্য, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর দশম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেক্ষেত্রে ২০১৯ সালের ২৮ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়ায় আইনমন্ত্রীর স্বাক্ষর-দৈনিক যুগান্তর

আইনমন্ত্রী আনিসুল হক

অধস্তন আদালতের বিচারকদের বহুল প্রতীক্ষিত চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেন তিনি। এর পর সেটি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। সেখান থেকে তা রাষ্ট্রপতির দফতরে পাঠানো হবে।

রাষ্ট্রপতি বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করলে তা আইন মন্ত্রণালয়ে পৌঁছলে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে কোর্ট সূত্র।

বুধবার রাতে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক যুগান্তরকে বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়া সুপ্রিম কোর্টে পাঠানো হয়।

সুপ্রিম কোর্ট থেকে গত সোমবার এটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনমন্ত্রীর স্বাক্ষর শেষে গেজেটটি প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির দফতরে যাবে। এর পর রাষ্ট্রপতির দফতর থেকে আইন মন্ত্রণালয়ে এলে সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাড়ছে-দৈনিক মানবজমিন

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বাড়ছে জাতীয় মানবাধিকার কমিশনে। কর্মকর্তারা বলছেন, মানুষ মানবাধিকারের বিষয়ে সচেতন হচ্ছে অভিযোগ বাড়া এটিও ইঙ্গিত করে। জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. শরীফ উদ্দীন বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘন বাড়ছে। সাধারণ মানুষ 

প্রায় মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। কেউ খুন হলে তো পরিবার তা নিশ্চিত হতে পারে। কিন্তু কেউ গুম হলে তার পরিবারের সদস্যরা যে কী চরম অনিশ্চয়তার কষ্টে নিপতিত হয়, তা বলে বোঝানোর নয়।

তিনি বলেন, অনেক ঘটনার বিষয়ে অভিযোগ আমাদের কাছে আসে না। তেমনি খুন-গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারাধীন ঘটনা বা বিষয়গুলোও আমরা আইনি সীমাবদ্ধতার কারণে এখতিয়ারে নিতে পারি না। তারপরও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অতীতের তুলনায় সম্প্রতি বেড়েই চলছে। বেশির ভাগ ক্ষেত্রে দেশে প্রশংসিত আইনি বিধান থাকা সত্ত্বেও আইনের শাসনের অভাব, বিচারহীনতার সংস্কৃতি ও বিচারে দীর্ঘসূত্রতার জন্যই মানবাধিকার লঙ্ঘন বাড়ছে বলে মনে করেন তিনি।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

এ কেমন বর্বরতা, ৮৮ ছাত্রীকে নগ্ন করে শাস্তি দিল শিক্ষকরা-দৈনিক আনন্দবাজার

৮৮ স্কুল ছাত্রীকে নগ্ন করে শাস্তি

এক টুকরো কাগজে প্রধান শিক্ষকের নামে কুরুচিকর মন্তব্য লিখেছিল কোন একজন ছাত্রী। সেই অপরাধে গোটা স্কুল-ছাত্রীদের সামনে নগ্ন করে চরম শাস্তি দেয়া হল ৮৮ জন ছাত্রীকে। শুধু জোর করে পোশাক খোলানোই নয়, সঙ্গে ওই ছাত্রীদের উদ্দেশ্য কুরুচিকর মন্তব্যও করা হয়। নির্মমতার শিকার ঐ ছাত্রীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

 গত ২৩ নভেম্বর ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলারসাগালি গ্রামের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে। অভিযোগ, ছাত্রীদের মধ্যে কে বা কারা স্কুলের প্রধান শিক্ষক ও এক ছাত্রীর নাম করে কুরুচিকর কথা লিখেছিল। সেই কাগজটি কোনওভাবে শিক্ষকদের হাতে পড়ে।

 কিন্তু কে এই কাজ করেছে তা জানাতে অস্বীকার করে ছাত্রীরা। তখনই বিদ্যালয়ের দু’জন অ্যাসিট্যান্ট শিক্ষক ও একজন জুনিয়র শিক্ষক ছাত্রীদের স্কুল ড্রেস খুলিয়ে শাস্তি দেন। সঙ্গে ছাত্রীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।

 ঘটনাটি জানাজানি হতেই নড়েচড়ে বসে ভারতের ‘অল সাগালি স্টুডেন্টস ইউনিয়ন (এএসএসইউ)। এরপর গত ২৭ নভেম্বর এএসএসইউ-এর তরফে স্থানীয় থানায় ওই তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

অগ্নিমূল্য তরিতরকারি, চিন্তায় ক্রেতা–বিক্রেতা-দৈনিক আজকাল

তরিতরকারীর মুল্যে আগুন

নরম, টকমিষ্টি, লাল টোম্যাটোয় এখন হাত ছোঁয়ানো যাচ্ছে না, সে এতোটাই গরম। পেঁয়াজ আগেই চোখে জল আনত, এখন তাকে দেখলে হাপুস নয়নে কাঁদতে ইচ্ছা করছে। কারণ ওই দুটি সবজিরই দাম এখন দেশের প্রায় সর্বত্র ঘোরাফেরা করছে ৬০–৮০ টাকার আশপাশে। শুধু পেঁয়াজ বা টোম্যাটোই নয়, অন্যান্য শাকসবজির দামও ক্রমবর্ধমান। সবজি বিক্রেতারা জানালেন, যেখানে শীতের শুরুতে সবজির দাম ক্রমশ নামতে থাকে, সেখানে এই বছর দাম ঊর্ধ্বমূখী। পেঁয়াজের সরবরাহ প্রায় প্রতি দিন কমছে। এজন্য শুধু সরবরাহে ঘাটতিই নয়, জিএসটি–কেও দুষছেন বিক্রেতারা।

অরুণাচল-কাশ্মীর ভারতের বাইরে, ভূগোলের ম্যাপ দেখিয়ে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ বিজেপির-দৈনিক সংবাদ প্রতিদিন

অরুণাচল-কাশ্মীর ভারতের বাইরে-ভূগোল ম্যাপ

রাজ্যের কয়েকটি জেলায় মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে যে ম্যাপ দেওয়া হয়েছে তাতে অরুণাচল প্রদেশ ও কাশ্মীরের কিছু অংশকে ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়েছে। এই অভিযোগ করে মধ্যশিক্ষা পর্ষদের কাছে তদন্তের দাবি তুলল বিজেপি। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির এ রাজ্যে কোনও জনভিত্তি নেই। তাই মিথ্যা মনগড়া অভিযোগ তুলে লোকজনকে খেপিয়ে তুলতে চাইছে বিজেপি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০