প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচন দিতে পারেন: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- চার বছর আগে অপহৃত ১৯ জন আজও ফিরেনি-দৈনিক ইত্তেফাক
- বিএনপির প্রশ্ন: চুক্তির পরেও রোহিঙ্গা আসছে কেন-দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা নিয়ে বিপদে আছি, পোপের সফর গুরুত্ব বহন করে: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন
- বাংলাদেশে এইচআইভি প্রতিরোধে তিন লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না- দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার মামলায় রাজনৈতিক সম্পর্ক নেই : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
- প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচন দিতে পারেন -ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- চার বছরের ছাত্রীকে দু’জন শিক্ষক মিলে যৌন হেনস্থা!-আনন্দবাজার
- ভুয়ো ম্যাপ দেখাচ্ছে বিজেপি’-দৈনিক আজকাল
- তামিলনাড়ু ও কেরল উপকূলে তাণ্ডব সাইক্লোন ‘অক্ষি’র, মৃত বেড়ে ৯-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
'মানুষ হিসেবে আনিসুল হক সর্বমহলে সমাদৃত'-খালেদা জিয়া-ইত্তেফাক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র, বিজিএমইএ ও এফবিসিসিআই'র সাবেক সভাপতি আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, 'একজন সজ্জন মানুষ হিসেবে মেয়র আনিসুল হকের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আনিসুল হক তার জীবদ্দশায় নানামুখী কর্মকাণ্ডে যুক্ত রেখে সংশ্লিষ্ট সকলের নিকট নিজেকে ঘনিষ্ঠ করে তুলেছিলেন। সফল উদ্যোক্তা আনিসুল হকের সুনাম ছিলো সর্বজনবিদিত।'
তিনি আরো বলেন, 'আনিসুল হক তার উপর অর্পিত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন। একজন কর্মনিষ্ঠ এবং বিনয়ী মানুষ হিসেবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত।'
'আনিসুল হক সমাজ সেবার নানা কর্মকাণ্ডের মধ্যেও নিজেকে যুক্ত রেখে ছিলেন' উল্লেখ করে বেগম জিয়া আরো বলেন, 'না ফেরার দেশে চলে গেলেও সামাজিক-অর্থনৈতিক- রাজনৈতিক ক্ষেত্রে তার ভূমিকা দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
খালেদা জিয়ার মামলায় রাজনৈতিক সম্পর্ক নেই : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া বা কোন ব্যাক্তিই আইনের উর্দ্ধে নয়। আইন কানুন ও আদালতের বিধান অনুযায়ী বেগম জিয়ার মামলা পরিচালিত হচ্ছে। এর সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক নেই। তিনি আরো বলেন, আইন প্রয়োগে বাধাদানকারীদের জন্য অন্য আইন আছে। সুতরাং বেগম খালেদা জিয়া বা তার দোসররা যদি বিচার কার্যকে বাধাগ্রস্থ করে তাহলে আইন প্রয়োগের বাধাদানকারী হিসেবে তার আলাদা মামলা হতে পারে। আজ কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচন দিতে পারেন -ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আগাম নির্বাচন দিতে পারেন। তবে এ নিয়ে তার সঙ্গে আমার কোনও আলোচনা হয়নি।শুক্রবার ধানমণ্ডির দলীয় কার্যালয়ে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।বিজয় দিবস উদযাপন উপলক্ষে এর আগে যৌথ সভায় সভাপতিত্ব করেন ওবায়দুল কাদের।এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, আগাম নির্বাচন হলে ইসি সেজন্য প্রস্তুত রয়েছে।এর প্রেক্ষিতে সাংবাদিকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। প্রধানমন্ত্রী চাইলে আগাম নির্বাচন দিতে পারেন। এটা তিনি জানেন।
বিএনপির প্রশ্ন: চুক্তির পরেও রোহিঙ্গা আসছে কেন-দৈনিক যুগান্তর
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের স্বার্থ না দেখে সরকার মিয়ানমারের কাছে দেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন চুক্তির পরও প্রতিদিনই রোহিঙ্গারা কেন লাইন ধরে বাংলাদেশ আসছে তা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। আজ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জাতিসংঘসহ দেশি ও আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থাগুলো এ চুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘের ইউএনএইচসিআর প্রধান বলেছেন এ চুক্তি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশের বিশেষজ্ঞরাও এটাকে ব্যর্থ চুক্তি হিসেবে আখ্যায়িত করেছেন বলে উল্লেখ করেন রিজভী। রোহিঙ্গা ইস্যুতে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার বন্ধুহীন হয়ে পড়ে এখন আবোল-তাবোল বলছে। এতবড় কূটনীতিক পরাজয় দেশের ইতিহাসে আগে কখনও হয়নি।
রোহিঙ্গা নিয়ে বিপদে আছি, পোপের সফর গুরুত্ব বহন করে: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আমরা এখন খুব বিপদে আছি। ঠিক এমন সময়ে পোপ ফ্রান্সিস বাংলাদেশে এসেছেন। মিয়ানমার থেকে এখানে তার আসা অবশ্যই গুরুত্ব বহন করে।’ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ক্যাথলিক সমপ্রদায়ের নেতা হিসেবে তার কাছে আমরা তার মনোভাব জানতে পারবো। তিনি মিয়ানমারে যাওয়ার আগে আমাদের সমর্থন দিয়েছেন, রোহিঙ্গাদের ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করেছেন। কাজেই তিনি আমাদের পক্ষেই আছেন।’
বাংলাদেশে এইচআইভি প্রতিরোধে তিন লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না- দৈনিক প্রথম আলো
জাতিসংঘের এইচআইভি/এইডসবিষয়ক প্রতিষ্ঠান ইউএন এইডস বলছে, বাংলাদেশে এইচআইভি সংক্রমিত মানুষ ১২ হাজার। তাঁদের মধ্যে ৮৪ শতাংশ বা ১০ হাজার ৮০ জন এইডসের ওষুধ (এআরভি বা অ্যান্টি রেট্রোভাইরাল) পাচ্ছেন না। যে অল্পসংখ্যক মানুষ ওষুধ পাচ্ছেন, তাঁরা নির্ণয় যন্ত্রের অভাবে রক্তে ভাইরাসের উপস্থিতির মাত্রা সম্পর্কে জানতে পারছেন না।
সরকারের জাতীয় এইডস/এসটিডি কর্মসূচি ও ইউএন এইডসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ এইচআইভি/এইডসবিষয়ক বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে পিছিয়ে আছে। রোগী শনাক্ত করা, রোগীদের চিকিৎসা এবং ভাইরাস নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। বর্তমানে এআরভি সেবনকারীদের শারীরিক পরিস্থিতির তথ্য সরকারের কাছে নেই।
চার বছর আগে অপহৃত ১৯ জন আজও ফিরেনি-দৈনিক ইত্তেফাক
চার বছর আগে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া ১৯ জন এখনও ফিরে আসেননি। তাদের খোঁজে দায়ের করা জিডিগুলোর তদন্তেও কোন কুল-কিনারা হয়নি। তারা ফিরবে নাকি ফিরবে না-এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে এক ধরণের উত্কণ্ঠা বিরাজ করছে। স্বজনের খোঁজে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ধর্না দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন তারা। এদের কেউ সন্তানহারা, কেউ স্বামীহারা, কেউ ভাইহারা, কেউ বা পিতাহারা। ৫ জানুয়ারির নির্বাচনের আগে ২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এরা অপহূত হন।
মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের (আসক) হিসাব অনুযায়ী ২০০৭ সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ৫৪০ জনকে ধরে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে বিভিন্ন সময়ে ৭৮ জনের লাশ পাওয়া যায়। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৪৫ জনকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে ৩৪৭ জনকে এখনও পাওয়া যায়নি। এদের ভাগ্যে কি ঘটেছে কেউ বলতে পারে না।
এবার কোলকাতার কিছু খবরের বিস্তারিত
চার বছরের ছাত্রীকে দু’জন শিক্ষক মিলে যৌন হেনস্থা!-আনন্দবাজার
এক জন নয়, দুই পিটি শিক্ষক মিলে তার ‘যৌন নির্যাতন’ করেছে! অভিযুক্তকে সনাক্ত করতে ছাত্রীটিকে পাঁচ শিক্ষকের ছবি দেখানোর পরই উঠে আসে আসল তথ্য। এই ঘটনায় জড়িত দুই শিক্ষককে চিহ্নিত করে সে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে রানিকুঠীর ওই বেসরকারি স্কুল।
এ দিন বিষয়টি প্রকাশ্যে আসতেই অন্য পড়ুয়াদের অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। পাশাপাশি, অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তিরও দাবি তোলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকরা ছুটে আসেন। অভিভাবকদের শান্ত করার চেষ্টা করেন তাঁরা। কিন্তু খুব একটা লাভ হয়নি। এত নামী একটা স্কুল, যেখানে এত টাকা খরচ করে বাচ্চাদের পড়তে পাঠানো হয়, সেই স্কুলে এমন ঘটনা কী ভাবে ঘটল তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বর্বরোচিত কাজ। একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। পিটি টিচার জড়িত বলে জানা গিয়েছে। আমাদের বোর্ডের স্কুল নয়। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। কঠোর শাস্তি যাতে হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
দৈনিকটির অন্য একটি প্রতিবেদনে লেখা হয়েছে, কেন এমন ঘটল? ওই শিক্ষক কি মানসিক বিকারগ্রস্ত? কেন করলেন তিনি এ রকম? কী ভাবে রোখা সম্ভব? উত্তর খুঁজলেন মনোবিদ, মনোরোগ চিকিত্সকরা। শিশুদের দেখে যৌন ইচ্ছা হওয়া— এটা এমন এক ধরনের মানসিক বিকৃতি, যা সাধারণ ভাবে নিরাময়যোগ্য নয়। ওই শিক্ষক হয়তো এই ব্যাধিরই শিকার। শিশুদের সুরক্ষিত রাখার একমাত্র উপায় অভিভাবক এবং স্কুলের শিক্ষকদের অনেক বেশি সচেতন থাকা।
তামিলনাড়ু ও কেরল উপকূলে তাণ্ডব সাইক্লোন ‘অক্ষি’র, মৃত বেড়ে ৯-দৈনিক সংবাদ প্রতিদিন
তামিলনাড়ু ও কেরলের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়েছে সাইক্লোন ‘অক্ষি’। সাইক্লোনের তাণ্ডবে ইতিমধ্যেই ৯ জনের মৃত্যু হয়েছে। ৮০ জনেরও বেশি মৎসজীবীকে ও ৫০টিরও বেশি নৌকা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে বেসরকারি সূত্রে খবর। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, সাইক্লোনটি ক্রমশ পশ্চিমের দিকে সরে যাচ্ছে এবং নিম্নচাপের চেহারা ধারণ করছে।
কেরলের মৎসমন্ত্রী জে মার্সিকুট্টি জানিয়েছেন, প্রবল প্রতিকূল পরিস্থিতিতেও ভারতীয় নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী ৩৩ জন মৎসজীবীকে উদ্ধার করেছেন।
ভুয়ো ম্যাপ দেখাচ্ছে বিজেপি’-দৈনিক আজকাল
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পরীক্ষায় ম্যাপ–বিভ্রাট কাণ্ডে এবার মুখ খুললেন পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গাঙ্গুলি। কেন পর্ষদের পরীক্ষার ম্যাপে জম্মু ও কাশ্মীর এবং অরুণাচলপ্রদেশকে দেখানো হয়নি, সেই অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি করছে রাজ্য বিজেপি–র একাংশ। এবার সেই অভিযোগের জবাবে কল্যাণময় জানালেন, যে ম্যাপ দেখিয়ে বিজেপি বিক্ষোভের পথে হাঁটছে, পর্ষদ পরীক্ষায় সেই ম্যাপ মোটেও সরবরাহ করেনি। বিজেপি নেতৃত্ব যে ম্যাপ দেখাচ্ছে, তা ভুয়ো বলেও দাবি করেন কল্যাণময়। তাঁর বক্তব্য, ‘পর্ষদকে কলঙ্কিত করতে এবং নিজের অভিযোগকে জোরদারকে করতে মিথ্যার আশ্রয় নিচ্ছে বিজেপি নেতৃত্ব।’ ঘটনার তদন্তে নেমেছে পূর্ব বিধাননগর থানার পুলিশ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১