কিছু কিছু সুশীল পার্বত্যবাসীকে উসকানি দেয়ার চেষ্টা করে -প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩ ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- জনদরদি সেজে মাদক ব্যবসায় ‘পঁচিশ’- দৈনিক প্রথম আলো
- আগাম নির্বাচনে প্রস্তুত বড় দুই দল-তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের শর্ত বিএনপির-দৈনিক ইত্তেফাক
- সত্য বলার জন্য তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ: খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
- গেজেট প্রকাশে আবারো এক সপ্তাহ সময় পেল সরকার-দৈনিক নয়া দিগন্ত
- কিছু কিছু সুশীল পার্বত্যবাসীদের উসকানি দেয়ার চেষ্টা করে -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
- পুলিশের বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ-এনটিভিবিডি অনলাইন
ভারতের শিরোনাম:
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে জি ডি বিড়লা স্কুল-আনন্দবাজার
- অমিত শাহ হিন্দু নন, দাবি আসাদুদ্দিন ওয়াইসির-দৈনিক আজকাল
- স্বামীকে খুন করতে বন্ধুদের সঙ্গে ছক স্ত্রীর? আইনজীবী খুনে নয়া মোড়-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
কম্বোডিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
তিন দিনের রাষ্ট্রীয় সফরে কম্বোডিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট নমপেনে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে এ সফরে গেছেন।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের নিযুক্ত মিনিস্টার ইন ওয়েটিং এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কম্বোডিয়ায় বর্তমানে অ্যাক্রেডিটেড সাদিয়া মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। তার এ সফরে এশিয়ার দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে ঢাকা আশা করছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে ১১টি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে উভয় দেশের জাতির পিতার নামে ঢাকা ও নমপেনের দুটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণের ঘোষণা দেয়া হবে। পরে শেখ হাসিনা ও হুন সেন যৌথ বিবৃতি দেবেন।
কিছু কিছু সুশীল পার্বত্যবাসীদের উসকানি দেয়ার চেষ্টা করে -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
মায়ের পোড়ে না মাসির বেশি পোড়ে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বলেছেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি হয়েছিল তার সিংহভাগ পূরণ করেছে সরকার। ২০০১ সালে ক্ষমতায় আসতে না পারায় এই চুক্তি বাস্তবায়ন কিছুটা বাধাগ্রস্ত হয়। ২০০৮ সালে আবার ক্ষমতায় এসে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দিকে আওয়ামী লীগ সরকার মনোযোগী হয়েছে এবং চুক্তির সিংহভাগ ইতোমধ্যে পূরণ হয়েছে। কিছু প্রক্রিয়াধীন আছে। আর সামান্য যে কয়েকটি বিষয় বাকি আছে তা ধীরে ধীরে বাস্তবায়ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। সুশীল সমাজের কিছু সদস্যের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তিতে একটা কথা স্পষ্ট লেখা আছে, সংবিধান অনুযায়ী সব হবে। কেউ কেউ অতি দরদ দেখায়। বিভ্রান্ত করার চেষ্টা করে। পার্বত্যবাসী সহজ সরল মানুষ। তাদেরকে উস্কানি দেয়ার চেষ্টা করে। এ ব্যাপারে পার্বত্যবাসীকে সতর্ক থাকতে হবে। সুশীলদের কড়া সমালোচনা করে তিনি বলেন, মায়ের পুড়ে না মাসির বেশি পুড়ে।
পুলিশের বাধায় পণ্ড বিএনপির বিক্ষোভ-এনটিভিবিডি অনলাইন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল পুলিশ পণ্ড করে দিয়েছে। আজ রোববার সকাল থেকেই পুলিশ ভোলা, মুন্সীগঞ্জ, নেত্রকোনা জেলায় দলীয় কার্যালয় ঘেরাও করে রাখে। এর ফলে নেতাকর্মীরা জেলা শহরে কোনো বিক্ষোভ করতে পারেননি। তবে কোথাও কোথাও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।
লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিচ্ছিলেন। খালেদা জিয়ার আইনজীবীরা বারবার তাঁর স্থায়ী জামিনের আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেন।
আগাম নির্বাচনে প্রস্তুত বড় দুই দল-তবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের শর্ত বিএনপির-দৈনিক ইত্তেফাক
আগাম জাতীয় সংসদ নির্বাচন হলে অংশ নিতে প্রস্তুত রয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, তাদের দল যে কোন সময় নির্বাচনে অংশ নিতে তৈরি। আগামী মাসেও যদি নির্বাচন হয় আওয়ামী লীগ তাতে অংশগ্রহণে প্রস্তুত রয়েছে। তবে বরাবরের মতোই নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বিএনপির রয়েছে শর্ত। দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ জানিয়েছেন, নিরপেক্ষ সরকারের অধীনে হলে যে কোন সময় বিএনপিরও নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে। অবশ্য নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হয় কী না- সেটাই মূখ্য বিষয়। গতকাল শুক্রবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে আগাম নির্বাচন সম্পর্কে নিজেদের দলীয় অবস্থান এভাবেই তুলে ধরলেন এই দুই নেতা। এর আগে আগাম নির্বাচন নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাও।
সত্য বলার জন্য তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ: খালেদা জিয়া
তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার সমালোচনা করে খালেদা জিয়া বলেছেন, ‘মাঝে মাঝে (তারেক রহমান) যে বক্তব্যগুলো দেয়, সেই বক্তব্য থেকে আপনারা বুঝতে পারেন যে তারেক রহমান কতটুকু সত্য কথা বলছে। তার এই সত্য কথার জন্য আজকে এই সরকার সেই সত্য কথা যাতে প্রচার না হয়, সেজন্য তার বক্তব্য প্রচার বন্ধ করে দিয়েছে।’ তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘কতগুলো পত্রিকা আছে অন্যায়ভাবে তারেকের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। যারা ওই পত্রিকাগুলো করছেন তারাই নিজেরা নিজেদের চরিত্রটা বিশ্লেষণ করে দেখবেন যে তারা কী জিনিস।
বিএনপিকে রাজনীতির বাইরে রাখতে হবে: ইনু-যুগান্তর
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে টেকসই রাজনীতি গড়তে হবে। আর টেকশই রাজনীতি গড়তে হলে রাজাকার, জামায়াত আর বিএনপি চক্রকে রাজনীতি ও ক্ষমতার বাইরে রাখতে হবে।
গেজেট প্রকাশে আবারো এক সপ্তাহ সময় পেল সরকার-দৈনিক নয়া দিগন্ত
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে আবারো এক সপ্তাহ দিয়েছেন আপিল বিভাগ।
আজ রোববার সকালে রাষ্ট্রপক্ষের দুই সপ্তাহের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো: আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগেও গেজেট প্রকাশে গত দুই বছরে কয়েক দফা সময় নেয় সরকার। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত বছরের ১২ ডিসেম্বর তলবও করেন আপিল বিভাগ।
গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
জনদরদি সেজে মাদক ব্যবসায় ‘পঁচিশ’- দৈনিক প্রথম আলো
তাঁর নাম মো. নাদিম হোসেন। কিন্তু এই নামে তিনি তেমন পরিচিত নন। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ৩১ বছর বয়সী এই যুবক পরিচিত ‘পঁচিশ’ নামে। ক্যাম্পের গরিব মানুষকে দান করে তাদের কাছে জনদরদি সেজেছেন। কখনো কখনো নেতৃত্ব দেন ক্যাম্পের মাদকবিরোধী প্রচারণায়। তবে এসবের আড়ালে তাঁর আসল পেশা মাদক ব্যবসা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পঁচিশ রাজধানীর শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে তালিকাভুক্ত। প্রতিদিন তিনি লাখ লাখ টাকা আয় করেন মাদক ব্যবসা থেকে। তবে পুলিশ সহজে তাঁর নাগাল পায় না। কখনো আত্মসমর্পণ করে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন; আবার কারাগার থেকে ছাড়া পেয়ে পুরোনো ব্যবসায় ফিরে যান। কেউ যদি তাঁর ব্যবসায় বাধা দেন, তাহলে হত্যা করতেও পিছপা হন না তিনি। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে পঁচিশের জন্ম। জন্মের পর মা-বাবা ছেলের নাম রাখেন মো. নাদিম হোসেন। প্রতিদিন বেতন ছিল ২৫ টাকা। হোটেলে কাজ করতে করতে গাঁজা বিক্রি শুরু করেন। সাদা কাগজে মোড়ানো এক পুঁটলি গাঁজা বিক্রি করতেন ২৫ টাকায়। হোটেলের বেতন আর গাঁজার দাম একই হওয়ায় নাদিমকে এলাকাবাসী ডাকতে শুরু করে ‘পঁচিশ’ নামে। একসময় নাদিম নিজেই ‘পঁচিশ’ নামে পরিচয় দিতে শুরু করেন।তার দাপট পুরো ক্যাম্প জুড়ে। রাজনৈতিক দল, প্রশাসন, জনপ্রতিনিধি—সবার ছত্রচ্ছায়ায় মাদকের ব্যবসা করে আসছেন পঁচিশ। অনেক অভিযোগের পরও জেলে মাত্র ১২ দিন থেকেছে। বিভিন্ন সময় গ্রেপ্তার এড়াতে নানা ফন্দি আটে সে। কখনও জনদরদি হয়ে যায়। তাই তাঁকে ধরতে গেলে বা তিনি ডাক দিলে ক্যাম্পের বহু লোক তাঁর পক্ষে দাঁড়ায়। এভাবেই মাদক ব্যবসার নিরাপদ বলয় গড়েছেন পঁচিশ।
এবার কোলকাতার কিছু খবরের বিস্তারিত
স্বামীকে খুন করতে বন্ধুদের সঙ্গে ছক স্ত্রীর? আইনজীবী খুনে নয়া মোড়-দৈনিক সংবাদ প্রতিদিন
একই সঙ্গে প্র্যাকটিস। কর্মসূত্রে পরিচিতর সুবাদে অন্য আইনজীবীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া। যা থেকে পারিবারিক অশান্তি। স্বাম-স্ত্রীর আলাদা থাকা। ডিভোর্সের জন্য স্ত্রীর ৫০ লক্ষ টাকা দাবি। শেষ পর্যন্ত স্বামীর রহস্যমৃত্যু। কাঁথি মহকুমা আদালতের তরুণ আইনজীবী প্রসূন দাসের মৃত্যুর ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। মৃতের ঘনিষ্ঠরা ঘটনার সিআইডির তদন্তের দাবি জানিয়েছেন। এমনকী তাদের অভিযোগ, মৃত্যু নিশ্চিত করতে বিষের মধ্যে পারদ মেশানো হয়েছিল। মৃতের পরিবারের দাবি, দিব্যি সুস্থ অবস্থায় প্রসূন গড়বেতা গিয়েছিলেন মামলার কাজে। সেখান থেকে কেন মেদিনীপুরে তিনি গিয়েছিলেন? মৃতের বাবা শান্তনু দাস পুলিশকে লিখিত অভিযোগ করে বলেন, বউমা অয়না মেদিনীপুরের তিনজন আইনজীবী বন্ধুকে দিয়ে পরিকল্পিতভাবে ছেলেকে খুন করিয়েছে। আর তা ধামাচাপা দিতে হৃদরোগে মৃত্যু ঘটেছে বলে চাউর করা হয়।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে জি ডি বিড়লা স্কুল-আনন্দবাজার
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে জি ডি বিড়লা স্কুল। রবিবার স্কুলের প্রিন্সিপাল প্রাথমিক ভাবে সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। অভিভাবকদের দাবি মানতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। জানান, অভিভাবকদের সমস্ত দাবি পূর্ণ হলে তবেই ফের স্কুল চালু করা হবে।
প্রিন্সিপালের এই সিদ্ধান্তে অবশ্য খুশি হতে পারছেন না অভিভাবকেরা। দাবি মেটানোর জন্য স্কুল বন্ধ রাখার প্রয়োজন নেই বলে অভিভাবকদের মত।গত বৃহষ্পতিবার নার্শাারীতে পড়ুয়া চার বছরের শিশু কন্যা স্কুলেরই দুই শিক্ষকের দ্বারা পাশবিক যৌন নির্যাতনের শিকার হয়েছে। এদিকে একরত্তি নির্যাতিত মেয়েটি বাকরুদ্ধ হয়ে গেছে। সে তার মাকে এক মুহূর্তও ছাড়ছে না।মায়ের কোলেই জড়িয়ে থাকছে সারাক্ষণ।এদিকে অভিযোগ অস্বীকার করছে দুই শিক্ষক।তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ উঠেছে সমাজের বিভিন্নমহল থেকে।দাবি উঠেছে এ ঘটনার মৌলিক প্রতিকার নিশ্চিত করা হোক।
অমিত শাহ হিন্দু নন, দাবি আসাদুদ্দিন ওয়াইসির-দৈনিক আজকাল
ধর্মীয় ইস্যু নিয়ে কংগ্রেস ও বিজেপিকে একহাত নিলেন সারা ভারত মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। গুজরাট নির্বাচনকে কেন্দ্র করে দু’দলই ধর্মকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছেন বলে দাবি করেন আসাদুদ্দিন। বিজেপি সভাপতি অমিত শাহকে কটাক্ষ করে আসাদুদ্দিন দাবি করে বলেন, ‘রাজনৈতিক ফায়দার জন্য হিন্দু না হয়েও নিজেকে হিন্দু বলে প্রচার করেন তিনি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপারেও বলতে ছাড়েননি আসাদুদ্দিন। তিনি বলেন, ‘যখন মোদি নিজেকে হিন্দু বলেন তখন সকলের কাছে তা ঠিক। কিন্তু যখন আমি নিজেকে মুসলিম বলি তখনই সেটা সকলের চোখে লাগে।’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩