ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা: ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- গণতান্ত্রিক নিয়মে যেকোনো সময় নির্বাচন হতে পারে -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
- সংলাপ না হলে রাজপথে জবাব : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত
- ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা: ফখরুল-যুগান্তর/প্রথম আলো
- দুর্নীতিগ্রস্ত দেশ থেকে কখনো দরিদ্রতা যাবে না : গওহর রিজভী-দৈনিক ইত্তেফাক
- মৌলভীবাজারে ছাত্রলীগের দুই নেতা খুন-দৈনিক মানবজমিন
- ২০০ কোটি টাকার সার গায়েব-প্রথম আলো
ভারতের শিরোনাম:
- মহিলা কমিশনের সদস্যকে বিবস্ত্র ঘোরালো মাদক ব্যবসায়ীরা-আনন্দবাজার
- গুজরাট নির্বাচনের আগে কি বিজেপি দিশাহারা?-দৈনিক আজকাল
- ফেলো কড়ি নাও ডিগ্রি, ভুয়ো কলেজের ফাঁদ জেলায় জেলায়-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
গণতান্ত্রিক নিয়মে যেকোনো সময় নির্বাচন হতে পারে –প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা- দেশে আগাম নির্বাচন হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক নিয়মে দেশে যেকোনো সময় নির্বাচন হতে পারে। তিনি বলেন, দেশের এমন কোনো দৈন্যদশা হয়নি যে, এখনই আগাম নির্বাচন দিতে হবে। আমরা উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে চাই। নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনার কোনো ইচ্ছা নেই বলেও স্পষ্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা: ফখরুল-দৈনিক যুগান্তর
খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দুর্নীতিসংক্রান্ত বক্তব্য বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সৌদিতে খালেদা জিয়া ও তারেক জিয়ার বিশাল শপিংমল ও সম্পদ পাওয়ার খবর বিদেশ থেকে এসেছে। টাকা পাচার, মানিলন্ডারিং বিএনপি এবং খালেদা জিয়ার ছেলেরা করেছে। এসব বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে সংবাদ সম্মেলনে হুশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব।
প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল ছুড়বেন না। বেআইনি মিথ্যা তথ্য প্রচার বন্ধ করুন এবং এই মানহানিকর মিথ্যা তথ্য প্রচারের জন্য ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব।
ফখরুল বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কল্পিত পাচারকৃত সম্পদ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
তিনি বলেন, দুর্নীতির এসব কল্পকাহিনির মূল উদ্দেশ্য খালেদা জিয়া ও তার পরিবারের ভাবমূর্তি বিনষ্ট করা এবং রাজনৈতিকভাবে জনগণের কাছে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা।সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের নিন্দা জানান ফখরুল। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে ফিলিস্তিনিদের ন্যায্য দাবি মেনে নেয়ার দাবি জানান তিনি।
সংলাপ না হলে রাজপথে জবাব : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত
সরকার দেশের সংকট নিরসনে সংলাপ করতে বাধ্য হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংলাপ না হলে রাজপথে তার জবাব দেয়া হবে।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন। 'আন্তর্জাতিক মানবাধিকার দিবস' উপলক্ষে এই সভা হয় ।
জিয়া ‘চার নম্বর মীরজাফর’ : তথ্যমন্ত্রী-নয়া দিগন্ত
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী-রাজাকার এবং সাম্প্রাদয়িকতার বিষবৃক্ষ বিএনপিকে রোপন করে জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে ‘চার নম্বর মীরজাফর’ হিসেবে নিজের নাম লিখিয়েছেন।
আজ কুষ্টিয়ার মিরপুর পাকিস্তানী হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুর্নীতিগ্রস্ত দেশ থেকে কখনো দরিদ্রতা যাবে না : গওহর রিজভী
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, যে দেশে দুর্নীতি থাকে সে দেশ থেকে কখনও দরিদ্রতা যাবে না। দুর্নীতি সরাতে হলে মিডিয়াকে কাজ করার সুযোগ দিতে হবে।
বৃহস্পতিবার ধানমন্ডিতে টিআইবির মেঘমালা কনফারেন্স রুমে ‘অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০১৭’প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।গওহর রিজভী বলেন, ‘গণমাধ্যমকে হস্তক্ষেপ করার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে কাউকে দেয়া হয়নি। কেউ যদি গণমাধ্যমকে হস্তক্ষেপ করে থাকে, সেটা তার নিজ স্বার্থে করছে এবং এর দায়িত্ব তার নিজের।’
সরকারের কোনো একটি সুনির্দিষ্ট বিভাগ, অধিপ্তর বা এজেন্সির মাধ্যমে সংঘঠিত দুর্নীতির অভিযোগে পুরো সরকারের সমালোচনা করা উচিৎ নয় উল্লেখ করে ড. গওহর রিজভী অনুসন্ধানী সাংবাদিকতা বিকাশের জন্য সাংবাদিকদের প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন।
অ্যাটর্নি জেনারেলকে প্রাণনাশের হুমকি থানায় জিডি-দৈনিক ইত্তেফাক
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় অ্যাটর্নি জেনারেলের একান্ত সচিব কবীর আহমেদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে শাহবাগ থানায় একটি জিডি করেছেন।
জিডির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ডাকযোগে অ্যাটর্নি জেনারেলের কাছে একটি চিঠি আসে। চিঠিতে বলা হয়, ‘আপনার সময় ঘনিয়ে এসেছে। তৈরি থাকুন। এখন জাহান্নামে যাওয়ার জন্য তৈরি থাকুন।’
২০০ কোটি টাকার সার গায়েব-প্রথম আলো
পরিবহন ঠিকাদার ও গুদামের কর্মকর্তাদের যোগসাজশে কৃষকদের জন্য আমদানি করা প্রায় ২০০ কোটি টাকার সার আত্মসাৎ করা হয়েছে। পরিবহন ঠিকাদারদের দাবি, এই সার বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) সান্তাহারের আপৎকালীন বা বাফার গুদামে পৌঁছে দেওয়া হয়েছে। বাস্তবে গুদামে এই সারের অস্তিত্ব পাওয়া যায়নি। কৃষকদেরও দেওয়া হয়নি।
বিসিআইসির গঠিত তদন্ত কমিটি এই দুর্নীতির জন্য সান্তাহার গুদামের সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) নবীর উদ্দিন ও গুদামের হিসাব কর্মকর্তা মাসুদুর রহমানকে দায়ী করেছে। এদিকে সার গুদামে না ঢোকানোর জন্য দায়ী করা হয়েছে ছয়টি প্রতিষ্ঠানকে। বিসিআইসির একাধিক সূত্র বলছে, বিসিআইসির ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সঙ্গে প্রভাবশালী একটি চক্র মিলে বহুদিন ধরে সার পরিবহন ও গুদামে পৌঁছে দেওয়ার নামে এসব করে আসছে। ভুয়া ভাউচার বা রসিদ জেনেও তারা পরিবহন ঠিকাদারদের বিল পরিশোধ করছে। অন্যদিকে টাকার ভাগ পাওয়ায় সার গুদামে না ঢুকলেও তা নিয়ে কেউ মুখ খোলে না।
মৌলভীবাজারে ছাত্রলীগের দুই নেতা খুন-দৈনিক মানবজমিন
মৌলভীবাজারে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে একই গ্রুপের দুই ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ আলী সাবাব (২১)। তিনি শহরের পুরাতন হাসপাতাল এলাকার আবু বকর সিদ্দিকীর পুত্র ও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। অপরজন নাহিদ আহমদ মাহি (১৮)। নাহিদ কনকপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বিল্লাল মিয়ার পুত্র ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার পর শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
মহিলা কমিশনের সদস্যকে বিবস্ত্র ঘোরালো মাদক ব্যবসায়ীরা-আনন্দবাজার
বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় দিনে-দুপুরে খোদ রাজাধানী দিল্লির বুকে মহিলা কমিশনের এক সদস্যকে বেধড়ক পিটিয়ে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল এক দল দুষ্কৃতির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দিল্লির নারেলা এলাকায়।
দিল্লি মহিলা কমিশন সূত্রে খবর, ওই এলাকায় অনেক দিন ধরেই রমরমিয়ে বেআইনি মদের ব্যবসা চলছিল। খবরটা তাদের জানিয়েছিলেন নিগৃহীতা সদস্য। অভিযোগ, এর পরই ওই ব্যবসার সঙ্গে জড়িত জনা ২৫ দুষ্কৃতি মহিলার উপর চড়াও হয়। রড দিয়ে মেরে, বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হয়। গোটা ঘটনার ভিডিও করে দুষ্কৃতীরা। হামলাকারীদের মধ্যে বেশ কয়েক জন মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে।
ফেলো কড়ি নাও ডিগ্রি, ভুয়ো কলেজের ফাঁদ জেলায় জেলায়-দৈনিক সংবাদ প্রতিদিন
কী দাদা, আপনি কত দূর পড়েছেন? যদি বেশি দূর পড়াশোনা না করেন তাহলে পকেটে টাকা রাখুন। সহজেই সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন মানে ডিগ্রি কিনে রাখতে পারবেন। তাহলে চাকরির রাস্তাও বাধা। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শুধু নয় আপনি যা সার্টিফিকেট চাইবেন তাই পাবেন। পূর্ব মেদিনীপুর জুড়ে শুরু হয়েছে এমন চক্র।
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হলে ১০–১৫হাজার টাকা, গ্র্যাজুয়েট হতে চাইলে গুনতে হবে ২০–২৫ হাজার টাকা। আর মাস্টার ডিগ্রি কিংবা পিএইচডি, এমফিল কিংবা এলএলবি সার্টিফিকেট নিয়ে আপনি ওকালতিও করতে পারেন। মানে ট্যাঁকের কড়ি খসালে আপনি যা চাইবেন সেই ডিগ্রি পেয়ে যাবেন বাড়িতে বসেই। পরীক্ষা নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনার হয়ে অন্যজন পরীক্ষা দিয়ে দেবে। তার জন্যে শুধু খরচটা আপনাকে দিতে হবে। ব্যস, তাহলেই সার্টিফিকেট বাড়িতে চলে আসবে। এরকম সার্টিফিকেট কিনে কতজনই না চাকরি করছেন। শুধু ডিগ্রি চাই বললেই হল।
কোথায় পাওয়া যায় এমন সার্টিফিকেট? কেন আপনার পাড়ায় কিংবা শহরে কোথাও না কোথাও বড়বড় সাইনবোর্ড লাগানো করেসপন্ডেস কলেজ বা ডিস্টেন্স এডুকেশন সেন্টারের বোর্ড লাগানো ডিগ্রি বিক্রির দোকানে গেলেই পাবেন। তবে সাবধান, টাকা মার যাওয়ার ভয়ও আছে।
গুজরাট নির্বাচনের আগে কি বিজেপি দিশাহারা?-দৈনিক আজকাল
যতই শক্ত ঘাঁটি হোক, এবারের নির্বাচনী পরীক্ষা কি বিপাকে ফেলেছে বিজেপি–কে? গুজরাট ভোটের ঠিক আগে, এমনটাই মনে করছেন অনেকে। তার একটা বড় কারণ, গুজরাটে ২২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা বিজেপি সরকার এমন কোনও ইস্যু বা প্রতিশ্রুতি আমজনতার সামনে তুলে ধরতে পারেনি, যা দাগ কাটবে। উল্টে যে বিজেপি বরাবর জাতপাতের রাজনীতিকেই হাতিয়ার করেছে, পাতিদার ও অন্য অনগ্রসর ভোটারদের টানতে ব্যর্থ হয়ে জাতের ভিত্তিতে ভোট ভাগের রাজনীতির উল্টো সুর শোনা যাচ্ছে তাদের গলায়। এমনকী তাদের নির্বাচনী ইস্তাহারও খুবই সাদামাটা হয়েছে বলে খবর। গুজরাট বিজেপির অন্যতম প্রধানমুখের ঘনিষ্ঠ একটি সূত্র জানাচ্ছে, সম্ভবত কিছুটা বেশিই রক্ষ্মণাতক সুর শোনা যাচ্ছে বিজেপি হাইকম্যান্ডের গলায়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮